সুন্দরবনে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনার পর সাতক্ষীরা রেঞ্জ থেকে তিন দিনের ভ্রমণ অনুমতিপত্র বা রাতযাপনের পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। তবে এক দিনের ভ্রমণ অনুমতি আগের নিয়মেই চালু থাকবে। বন বিভাগের এ সিদ্ধান্তে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলার মালিক ও ট্যুর গাইডরা। তাঁদের আশঙ্কা, দীর্ঘদিন তিন দিনের পাস বন্ধ থাকলে সাতক্ষীরা রেঞ্জকেন্দ্রিক পর্যটন ব্যবসা বড় ধরনের সংকটে পড়বে।
গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি সুন্দরবনে ভ্রমণে গিয়ে এক পর্যটক নিখোঁজ হওয়ার পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পর্যটক নিখোঁজের পর সিদ্ধান্ত
গত ৬ নভেম্বর ময়মনসিংহের ভালুকার বাসিন্দা রিয়াজ আহমেদ সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন। পরে ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি পর্যটকবাহী ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ।
পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাতযাপনের অনুমতি দেওয়া হবে না। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মে বহাল থাকবে। তিন দিনের পাস বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।
নিষেধাজ্ঞা কত দিন কার্যকর থাকবে, জানতে চাইলে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ঋণ নিয়ে ট্রলার তৈরি, বিপাকে ব্যবসায়ীরা
বন বিভাগের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও ট্রলার মালিকরা। তাঁদের বক্তব্য, পর্যটক পরিবহনের জন্য ঋণ ও দেনা করে অনেকেই বোট তৈরি করেছেন। তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ থাকলে তাঁদের বিনিয়োগ ও ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।
পর্যটকবাহী বোটের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ঋণ করে পর্যটকদের জন্য বোট তৈরি করেছেন তাঁরা। এখন অনুমতি বন্ধ হয়ে গেলে সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের পাস আবার চালুর দাবি জানান তিনি।
মুন্সীগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার জাহাঙ্গীর আলমের দাবি, প্রায় ৩৫ বছর ধরে মুন্সীগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন। এর আগে এ ধরনের দুর্ঘটনা ঘটেনি। তাঁর মতে, একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো এলাকার পর্যটন কার্যক্রম সীমিত করা উচিত নয়।
আগের দুর্ঘটনাগুলো নিয়েও প্রশ্ন
সুন্দরবনের ট্যুর গাইড জি এম মাসুম বিল্লাহও বন বিভাগের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, সাতক্ষীরা রেঞ্জে এ ধরনের দুর্ঘটনা এবারই প্রথম নয়। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালি বোট ডুবে গেলে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে একটি জালি বোট ডুবে যায়।
মাসুম বিল্লাহর অভিযোগ, আগের ঘটনাগুলোর পর বন বিভাগ এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। পর্যটকদের অসতর্কতার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার দায়ে সাতক্ষীরা রেঞ্জের তিন দিনের পাস বন্ধ করা অযৌক্তিক বলে মনে করেন তিনি।
তাঁর আশঙ্কা, এ সিদ্ধান্ত সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জকে ঘিরে গড়ে ওঠা পর্যটন সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে বন বিভাগ জানিয়েছে, আপাতত তিন দিনের অনুমতি বন্ধ থাকলেও এক দিনের ভ্রমণ আগের নিয়মেই চলবে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের ভ্রমণ ও রাতযাপনের পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে বন বিভাগ। সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও ট্রলার মালিকরা।












