বিজ্ঞানীরা প্রায় ১১ কোটি ৫০ লাখ বছর আগের একটি ডাইনোসরের জীবাশ্মে লোহিত রক্তকণিকার মতো অতি ক্ষুদ্র কাঠামোর সন্ধান পেয়েছেন। ব্রাজিলে পাওয়া ডাইনোসরের পায়ের হাড়ের ভেতরে এসব কাঠামো শনাক্ত করা হয়েছে। গবেষকদের দাবি, এগুলোর মধ্যে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমের রাসায়নিক চিহ্ন পাওয়া গেছে। ফলে কোটি কোটি বছর ধরে জীবাশ্মের মধ্যে রক্তসম্পর্কিত জৈব উপাদানের কিছু অংশ টিকে থাকতে পারে—এমন ধারণার পক্ষে শক্তিশালী প্রমাণ মিলেছে।
গবেষণাটি সম্প্রতি বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে (পিএনএএস) প্রকাশিত হয়েছে। এতে অণুবীক্ষণিক পর্যবেক্ষণ ও রাসায়নিক বিশ্লেষণের সমন্বয়ে জীবাশ্মের ভেতরে পাওয়া কাঠামোগুলোর প্রকৃতি নির্ধারণের চেষ্টা করেছেন গবেষকেরা।
তবে বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন, এটি অক্ষত রক্ত বা সম্পূর্ণ লোহিত রক্তকণিকা আবিষ্কারের ঘটনা নয়। বরং জীবাশ্মের মধ্যে রক্তের সঙ্গে সম্পর্কিত কিছু রাসায়নিক উপাদান ও পরিবর্তিত জৈব অবশেষের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে।
ব্রাজিলের ডাইনোসরের হাড়ে অদ্ভুত কাঠামো
গবেষণায় ব্যবহৃত হাড়টি আরাতাসরাস নামের একটি মাংসাশী ডাইনোসরের। থেরোপড গোষ্ঠীর এই ডাইনোসরের কঙ্কাল ২০০৮ সালে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে আবিষ্কৃত হয়।
আগের গবেষণায় ধারণা করা হয়েছিল, মৃত্যুর সময় ডাইনোসরটির বয়স ছিল প্রায় চার বছর। এর দৈর্ঘ্য ছিল আনুমানিক ৩ দশমিক ১ মিটার এবং ওজন প্রায় ৩৪ কেজি।
গবেষকেরা জীবাশ্মটির পায়ের হাড়ের ভেতরে রক্তনালি চলাচলের জন্য তৈরি হওয়া ক্ষুদ্র নালির মধ্যে অসংখ্য ডিম্বাকৃতির কাঠামো দেখতে পান। এগুলোর গড় দৈর্ঘ্য প্রায় ২৩ মাইক্রোমিটার এবং প্রস্থ ২০ মাইক্রোমিটার।
আকৃতির দিক থেকে কাঠামোগুলো আধুনিক প্রাণীর লোহিত রক্তকণিকার সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। তবে শুধু আকৃতি দেখে এগুলোকে রক্তকণিকা হিসেবে চিহ্নিত করা সম্ভব ছিল না। কারণ, ভূতাত্ত্বিক পরিবর্তন কিংবা প্রাণীর মৃত্যুর পর অণুজীবের কার্যকলাপ থেকেও একই ধরনের কাঠামো তৈরি হতে পারে।
রাসায়নিক পরীক্ষায় মিলল হিমের উপস্থিতি
কাঠামোগুলোর প্রকৃতি নিশ্চিত করতে গবেষকেরা একাধিক অণুবীক্ষণিক ও রাসায়নিক পরীক্ষার আশ্রয় নেন। এসব পরীক্ষায় লোহা, কার্বন ও নাইট্রোজেনের উপস্থিতি পাওয়া যায়। উপাদানগুলো হিমের সঙ্গে সম্পর্কিত।
হিম হলো হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ লৌহসমৃদ্ধ অংশ। মানুষেরসহ বিভিন্ন প্রাণীর লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে।
আরও বিস্তারিত রাসায়নিক পরীক্ষায় গবেষকেরা হিম বি শনাক্ত করেন। পাশাপাশি এমন একটি যৌগের উপস্থিতিও পাওয়া যায়, যা ধারণা করা হচ্ছে, মাটির নিচে দীর্ঘদিন থাকার সময় হিমের রাসায়নিক পরিবর্তনের ফলে তৈরি হয়েছে।
জীবাশ্মের চারপাশে থাকা অণুজীবসমৃদ্ধ স্তরের রাসায়নিক উপাদানের সঙ্গেও এসব নমুনার তুলনা করা হয়। আশপাশের স্তরে ক্লোরোফিল থেকে তৈরি যৌগ পাওয়া গেলেও হাড়ের ভেতরের কাঠামোগুলোতে ভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্য দেখা যায়। এতে বাইরের পরিবেশ থেকে এসব উপাদান আসার সম্ভাবনা কম বলে মনে করছেন গবেষকেরা।
এ ছাড়া কাঠামোগুলো ছত্রাক বা অণুজীবের কলোনি কি না, সেটিও পরীক্ষা করা হয়। সেগুলোতে ছত্রাকের উপস্থিতির প্রমাণ মেলেনি। একইভাবে পাইরাইট নামের খনিজ কিংবা পলির কণাও পাওয়া যায়নি, যেগুলো অনেক সময় জীবকোষের মতো দেখতে হতে পারে।
কীভাবে এত বছর টিকে রইল রক্তের উপাদান?
গবেষকদের ধারণা, ডাইনোসরটির মৃত্যুর পর দেহাবশেষ যে পরিবেশে চাপা পড়েছিল, সেটিই জৈব উপাদান সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জীবাশ্মটির চারপাশে অণুজীবসমৃদ্ধ একটি স্তর ছিল এবং সেখানে অক্সিজেনের পরিমাণও সীমিত ছিল। এমন পরিবেশে জৈব পদার্থের স্বাভাবিক পচনপ্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। ফলে কিছু রাসায়নিক উপাদান দীর্ঘ সময় টিকে থাকার সুযোগ পেয়েছে।
গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ খনিজের সন্ধান পাওয়া গেছে, যার নাম হাউসম্যানাইট। এটি ম্যাঙ্গানিজসমৃদ্ধ একটি খনিজ। লোহিত রক্তকণিকার মতো দেখতে কাঠামোগুলোর ভেতরে এর উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা।
তাঁদের ধারণা, খনিজটি জৈব অবশেষের চারপাশে একধরনের সুরক্ষামূলক আবরণ তৈরি করে থাকতে পারে। এর ফলে অক্সিজেনের কারণে সৃষ্ট জারণপ্রক্রিয়া থেকে কাঠামোগুলো কিছুটা সুরক্ষা পেয়েছে এবং দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পেরেছে।
গবেষণার সীমাবদ্ধতাও রয়েছে
এত পুরোনো জীবাশ্মে রক্তসম্পর্কিত উপাদান শনাক্ত হলেও গবেষকেরা বলছেন, ডাইনোসরের সম্পূর্ণ রক্ত বা হিমোগ্লোবিনের প্রোটিন অংশ সংরক্ষিত থাকার প্রমাণ পাওয়া যায়নি। সময়ের সঙ্গে রাসায়নিক পরিবর্তনের কারণে মূল জৈব উপাদানের অনেকটাই নষ্ট হয়ে গেছে।
জীবাশ্মে পাওয়া কাঠামোগুলো আধুনিক পাখি ও কুমিরের লোহিত রক্তকণিকার তুলনায় কিছুটা গোলাকার এবং আকারে সামান্য বড়। মৃত্যুর পর কিংবা জীবাশ্মে পরিণত হওয়ার প্রক্রিয়ায় এগুলোর আকৃতি পরিবর্তিত হয়ে থাকতে পারে। ফলে জীবিত অবস্থায় ডাইনোসরটির রক্তকণিকা ঠিক কেমন ছিল, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এ ছাড়া গবেষণাটি একটি প্রজাতির একটি ডাইনোসরের জীবাশ্মের ওপর পরিচালিত হয়েছে। তাই এই ফলাফল সব ডাইনোসরের ক্ষেত্রে প্রযোজ্য কি না, তা এখনই বলা যাচ্ছে না। হিম উৎপাদনকারী অণুজীবের কোনো ভূমিকা ছিল কি না, সেটিও পুরোপুরি নাকচ করতে পারেননি গবেষকেরা।
তারপরও আবিষ্কারটি জীবাশ্মবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এটি দেখাচ্ছে যে উপযুক্ত পরিবেশে কোটি কোটি বছর পরও প্রাচীন প্রাণীর কিছু জৈব অণুর রাসায়নিক চিহ্ন সংরক্ষিত থাকতে পারে। একই সঙ্গে জীবাশ্মের মধ্যে পাওয়া কোনো কাঠামো সত্যিই জীবদেহের অংশ, নাকি ভূতাত্ত্বিক পরিবর্তন ও অণুজীবের কার্যকলাপের ফল—তা নির্ধারণে অণুবীক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি রাসায়নিক বিশ্লেষণের গুরুত্বও তুলে ধরেছে এই গবেষণা।












