ইমেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালিতে বুধবার শত শত স্কুল খালি করে দেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে একের পর এক ভুয়া হুমকির ঘটনার মধ্যে নতুন করে এই আতঙ্ক ছড়াল। এর আগে বিমান সংস্থা ও সম্প্রচারমাধ্যমগুলোও একই ধরনের হুমকির মুখে পড়েছিল।
ইতালির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ছয় হাজার ৩০০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছিল। তবে ঠিক কতটি স্কুল খালি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডেও হুমকি
একই ধরনের হুমকি পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি স্কুল। তবে এসব অঞ্চলে কোনো স্কুল খালি করার খবর পাওয়া যায়নি।
ইতালির রাজধানী রোমেও শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বুধবার স্কুল থেকে বের করে আনা শিক্ষার্থীদের ট্রাজানের ফোরামের আশপাশে অবস্থান করতে দেখা যায়।
বাস্তব হামলার আশঙ্কা দেখছে না সরকার
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, স্কুলগুলোতে হামলার কোনো বাস্তব বা সুনির্দিষ্ট আশঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। তাঁর মতে, এসব হুমকির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি করা।
ইতালির সংবাদমাধ্যমের হাতে আসা ইমেইলের কয়েকটি অনুলিপি অনুযায়ী, বেনামে পাঠানো ওই বার্তায় প্রধানমন্ত্রী মেলোনিকেও হুমকি দেওয়া হয়েছে। দেশটির সংবাদ সংস্থা লা প্রেসে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
আগের হুমকির সঙ্গে মিল
ইমেইলটি এমন একটি সংগঠনের নেতার নামে পাঠানো হয়েছে, যে সংগঠনের অস্তিত্ব সম্পর্কে আগে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। বার্তাটিতে সহিংসতার ভয়াবহ হুমকি ছিল। গত সপ্তাহে ইউরোপের কয়েকটি সম্প্রচারমাধ্যমকে পাঠানো হুমকিতেও একই নাম ব্যবহার করা হয়েছিল।
তবে এসব হুমকির পেছনে কোনো নির্দিষ্ট সংগঠন বা রাষ্ট্রের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। কোনো সরকারের সঙ্গে এসব ঘটনার যোগসূত্র রয়েছে, এমন প্রমাণও পাওয়া যায়নি।












