দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। বৈশ্বিক বাণিজ্যের নতুন বিন্যাস, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্র-চীনের ক্রমবর্ধমান কৌশলগত দ্বন্দ্ব এ অঞ্চলের দেশগুলোর সামনে নতুন বাস্তবতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে আন্তর্জাতিক প্রভাব প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রয়োজন কার্যকর কূটনীতি, শক্তিশালী আঞ্চলিক প্রতিষ্ঠান এবং অভিন্ন স্বার্থে সম্মিলিত অবস্থান নেওয়ার সক্ষমতা।
এই বাস্তবতায় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা দক্ষিণ-পূর্ব এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ গুরুত্ব পেতে পারে। ভিয়েতনামের দ্রুত সম্প্রসারিত অর্থনীতি, উৎপাদনশিল্প ও বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে সংযোগ একদিকে যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা এবং বহুপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের শক্তির এই সমন্বয় আসিয়ানকে আরও কার্যকর ও প্রভাবশালী প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ তৈরি করছে।
ভিয়েতনামের অর্থনৈতিক অগ্রগতি ইতোমধ্যে আন্তর্জাতিক পরিসরে তার অবস্থান বদলে দিয়েছে। ২০২৬ সালের প্রথম ১০ মাসে দেশটির মোট পণ্যবাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৩ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানির পরিমাণ প্রায় ৪৯ হাজার ৯০০ কোটি ডলার। বৈশ্বিক উৎপাদন ও সরবরাহব্যবস্থায় ভিয়েতনামের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রতিফলন এই পরিসংখ্যান।
তবে বাণিজ্যের আকার বড় হলেই আন্তর্জাতিক নীতিনির্ধারণে প্রভাব প্রতিষ্ঠিত হয় না। অর্থনৈতিক সক্ষমতাকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাবে রূপান্তর করতে হয়। আঞ্চলিক আলোচনার বিষয় নির্ধারণ, বহুপক্ষীয় প্রতিষ্ঠানে নেতৃত্ব এবং আন্তর্জাতিক অর্থনীতির নিয়ম প্রণয়নে ভূমিকা রাখার সক্ষমতা তৈরি করাই এখন হ্যানয়ের বড় চ্যালেঞ্জ।
বাণিজ্যিক শক্তি থেকে নীতিনির্ধারণী নেতৃত্ব
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেকের সঙ্গে ভিয়েতনামের সম্পৃক্ততা এই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ২০০৬ ও ২০১৭ সালে এপেক সম্মেলন আয়োজনের অভিজ্ঞতা দেশটিকে আঞ্চলিক বাণিজ্য, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের আলোচনায় সক্রিয় ভূমিকা রাখার সুযোগ দিয়েছে।
২০২৭ সালে আবারও এপেক সম্মেলনের আয়োজক হতে যাচ্ছে ভিয়েতনাম। এর আগে ২১ অক্টোবর দেশটি ২০২৭ সালের জন্য এপেক অর্থমন্ত্রী প্রক্রিয়ার সভাপতিত্ব গ্রহণ করেছে। পুঁজিবাজার সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে তথ্যনির্ভর অর্থায়ন, উন্নয়ন অর্থায়নের উৎস বহুমুখী করা এবং তরুণদের আর্থিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার মতো বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এসব উদ্যোগ শুধু ভিয়েতনামের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য নয়, পুরো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের অর্থায়ন এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর বিষয়গুলো আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য কমাতে সহায়ক হতে পারে।
তবে ভিয়েতনামের অর্থনৈতিক সাফল্যের ভেতরেও একটি কাঠামোগত দুর্বলতা রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মোট পণ্য রপ্তানির ৮০ দশমিক ৭ শতাংশ এসেছে বিদেশি বিনিয়োগনির্ভর প্রতিষ্ঠান থেকে।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভিয়েতনামের সাফল্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য। কিন্তু রপ্তানিতে বিদেশি প্রতিষ্ঠানের এত বড় অংশীদারত্ব স্থানীয় শিল্পের সক্ষমতা, নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন এবং দেশীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে।
দীর্ঘমেয়াদে অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে হলে শুধু বিদেশি প্রতিষ্ঠানের উৎপাদনকেন্দ্র হিসেবে থাকা যথেষ্ট নয়। স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে উচ্চমূল্যের পণ্য উৎপাদন, প্রযুক্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশের সুযোগ তৈরি করতে হবে। অন্যথায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও তার বড় অংশের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে থেকে যাওয়ার ঝুঁকি থাকবে।
যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতায় আসিয়ানের কঠিন পরীক্ষা
ভিয়েতনামের এই অর্থনৈতিক রূপান্তর ঘটছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা আন্তর্জাতিক বাণিজ্য, গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থাকে নতুনভাবে সাজাচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য চ্যালেঞ্জ এখন শুধু দুই পরাশক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা নয়। বরং নিজেদের কৌশলগত স্বাধীনতা অক্ষুণ্ন রেখে বাণিজ্যের উন্মুক্ত পরিবেশ এবং আঞ্চলিক শান্তি নিশ্চিত করাও জরুরি।
এখানেই আসিয়ানের গুরুত্ব সবচেয়ে বেশি।
সদস্য দেশগুলো যদি নিজেদের মধ্যে সমন্বিত অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে দক্ষিণ-পূর্ব এশিয়া বড় শক্তিগুলোর প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে পড়তে পারে। পৃথকভাবে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তি করে তাৎক্ষণিক সুবিধা পাওয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদে এতে আঞ্চলিক দর-কষাকষির ক্ষমতা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা কেবল ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না। এর জন্য প্রয়োজন কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো, নীতিগত ধারাবাহিকতা এবং সদস্য দেশগুলোর ভিন্ন ভিন্ন জাতীয় স্বার্থের মধ্যে সমঝোতা তৈরির রাজনৈতিক সদিচ্ছা।
এই সমন্বয় প্রতিষ্ঠায় ইন্দোনেশিয়ার দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আঞ্চলিক ঐক্যে ইন্দোনেশিয়ার কূটনৈতিক ভূমিকা
১৯৫০ সালে জাতিসংঘে যোগ দেওয়ার পর থেকে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখেছে। দেশটি চারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে এবং দীর্ঘদিন ধরে জোটনিরপেক্ষ কূটনীতির নীতি অনুসরণ করে আসছে।
ইন্দোনেশিয়ার ‘বেবাস দান আক্তিফ’ বা স্বাধীন ও সক্রিয় পররাষ্ট্রনীতি মূলত এমন একটি অবস্থানকে ধারণ করে, যেখানে কোনো বৃহৎ শক্তির ওপর নির্ভরশীল না হয়েও আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়া সম্ভব।
আঞ্চলিক কূটনীতিতেও দেশটি নেতৃত্বের পরিচয় দিয়েছে। ইন্দোনেশিয়ার উদ্যোগে ২০১৯ সালে গৃহীত আসিয়ান আউটলুক অন দ্য ইন্দো-প্যাসিফিক এ অঞ্চলে সংলাপ, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক সহযোগিতার ধারণাকে সামনে নিয়ে আসে। এর মূল লক্ষ্য ছিল, প্রতিদ্বন্দ্বী নিরাপত্তা জোটের পরিবর্তে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আঞ্চলিক কাঠামো গড়ে তোলা।
এই অভিজ্ঞতা দেখিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে প্রকৃত প্রভাব শুধু সম্মেলনে উপস্থিতি কিংবা দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তারের ওপর নির্ভর করে না। বরং বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে সমঝোতা তৈরি, আস্থার পরিবেশ সৃষ্টি এবং আলোচনাকে বাস্তব সিদ্ধান্তে রূপ দেওয়ার সক্ষমতাই একটি দেশের কূটনৈতিক অবস্থান নির্ধারণ করে।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নেতৃত্বে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণে আরও সক্রিয় হয়েছে। বিভিন্ন বৈশ্বিক অংশীদারের সঙ্গে যোগাযোগ এবং বহুপক্ষীয় প্ল্যাটফর্মে অংশগ্রহণ দেশটির আন্তর্জাতিক উপস্থিতি বাড়াচ্ছে।
তবে বৈশ্বিক প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে আঞ্চলিক নেতৃত্বকে উপেক্ষা করার সুযোগ নেই। বরং শক্তিশালী আসিয়ান ইন্দোনেশিয়াকে আন্তর্জাতিক আলোচনায় আরও বেশি কূটনৈতিক গ্রহণযোগ্যতা ও সমর্থন জোগাতে পারে।
দক্ষিণ চীন সাগর: আসিয়ানের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা
আঞ্চলিক ঐক্যের সীমাবদ্ধতা সবচেয়ে স্পষ্ট দক্ষিণ চীন সাগরকে ঘিরে চলমান বিরোধে। এ অঞ্চলে আচরণবিধি বা কোড অব কন্ডাক্ট প্রণয়নের আলোচনা দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু সদস্য দেশগুলোর ভিন্ন অবস্থান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বার্থের সংঘাতের কারণে সমঝোতা বারবার বিলম্বিত হয়েছে।
২০২৩ সালে ইন্দোনেশিয়ার আসিয়ান সভাপতিত্বের সময় যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তার মধ্যে আলোচনা শেষ করা সম্ভব হয়নি। পরে ২০২৬ সালের শেষ নাগাদ চুক্তি সম্পন্ন করার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি স্বাক্ষর করাই মূল সাফল্য হতে পারে না। চুক্তির আইনি ভিত্তি, বাস্তব প্রয়োগের সক্ষমতা এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বিশেষ করে ১৯৮২ সালের জাতিসংঘ সমুদ্র আইন সনদের নীতিমালা এ ক্ষেত্রে মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত হওয়া উচিত। কেবল রাজনৈতিক সমঝোতার জন্য আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ নীতিগুলো দুর্বল করা হলে এমন চুক্তি দীর্ঘমেয়াদে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
আসিয়ানের বিশ্বাসযোগ্যতা রক্ষায় তাই দ্রুত সমঝোতার চেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য সমঝোতাকে অগ্রাধিকার দিতে হবে।
ইন্দোনেশিয়া-ভিয়েতনাম সহযোগিতায় নতুন অর্থনৈতিক সম্ভাবনা
আসিয়ানের ভবিষ্যৎ শক্তিশালী করতে কূটনৈতিক সমন্বয়ের পাশাপাশি অর্থনৈতিক সংহতিও প্রয়োজন। আঞ্চলিক সরবরাহব্যবস্থা, প্রযুক্তিগত সহযোগিতা এবং ভূরাজনৈতিক পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিন্ন অবস্থান তৈরি করা জরুরি। এসব ক্ষেত্রে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের স্বার্থের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে।
২০২৫ সালের মার্চে দুই দেশের সম্পর্ক সর্বাত্মক কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয়। ২০২৬ সালের জুলাইয়ে গৃহীত ২০২৬-২০৩০ কর্মপরিকল্পনা এই সম্পর্ককে আরও সুসংহত করার ভিত্তি তৈরি করেছে।
২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ৭২০ কোটি ডলার। ২০২৮ সালের মধ্যে তা ১ হাজার ৮০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
তবে সহযোগিতার পরিধি এখন প্রচলিত বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে। সেমিকন্ডাক্টর, ডিজিটাল অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, কৃষি এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে দুই দেশের অংশীদারত্ব বাড়ছে।
বিনিয়োগের ক্ষেত্রেও এই সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ভিয়েতনামের প্রতিষ্ঠানগুলো ইন্দোনেশিয়ায় নিজেদের ব্যবসা সম্প্রসারণ করছে। পশ্চিম জাভার সুবাংয়ে ভিনফাস্টের বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকেন্দ্র এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। পাশাপাশি ডিজিটাল লজিস্টিকস ও বিমান চলাচল খাতেও ভিয়েতনামের ব্যবসায়িক উদ্যোগ বিস্তৃত হচ্ছে।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার জাতীয় বিনিয়োগ সংস্থা দানান্তারা পেট্রোভিয়েতনামের সঙ্গে কৌশলগত জ্বালানি সহযোগিতা নিয়ে কাজ করছে।
এই ধরনের বিনিয়োগ শুধু দুই দেশের বাণিজ্য বাড়ায় না, বরং উৎপাদন সক্ষমতা ভাগাভাগি এবং আঞ্চলিক শিল্প সরবরাহব্যবস্থা গড়ে তুলতেও সহায়তা করে। ফলে বাইরের কোনো অর্থনৈতিক বা ভূরাজনৈতিক সংকটের কারণে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব হতে পারে।
আসিয়ানের ভবিষ্যৎ নির্ভর করছে সম্মিলিত সিদ্ধান্তের ওপর
ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার সবচেয়ে বড় সম্ভাবনা তাদের ভিন্ন ধরনের সক্ষমতার সমন্বয়ে। ভিয়েতনাম দিতে পারে উৎপাদনশিল্পের গতি, প্রযুক্তিগত অগ্রগতি ও বাণিজ্যিক সম্প্রসারণের অভিজ্ঞতা। ইন্দোনেশিয়া দিতে পারে কূটনৈতিক নেতৃত্ব, বহুপক্ষীয় আলোচনার অভিজ্ঞতা এবং আঞ্চলিক ঐকমত্য তৈরির সক্ষমতা।
এই দুই শক্তিকে একত্র করা গেলে আসিয়ান অর্থনৈতিক সংহতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সুসংগঠিত অবস্থান নিতে পারে।
তবে এই উদ্যোগের লক্ষ্য দুই দেশের নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়া উচিত নয়। বরং তাদের সহযোগিতার মাধ্যমে আসিয়ানের অন্য সদস্যদেরও অভিন্ন কৌশলগত আলোচনায় যুক্ত করতে হবে। ছোট অর্থনীতির দেশগুলোর স্বার্থ ও উদ্বেগও যেন আঞ্চলিক সিদ্ধান্ত গ্রহণে যথাযথ গুরুত্ব পায়, তা নিশ্চিত করা প্রয়োজন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ভবিষ্যৎ কেবল পৃথক দেশের প্রবৃদ্ধির ওপর নির্ভর করবে না। বরং দেশগুলো নিজেদের স্বার্থের পাশাপাশি সম্মিলিত সক্ষমতা কতটা কাজে লাগাতে পারছে, সেটিই নির্ধারণ করবে আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান।
ইন্দোনেশিয়ার সামনে আঞ্চলিক নেতৃত্ব ও বৈশ্বিক প্রভাবের মধ্যে কোনো একটি বেছে নেওয়ার প্রয়োজন নেই। শক্তিশালী আসিয়ান গড়ে তোলার মধ্য দিয়েই দেশটি আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান আরও দৃঢ় করতে পারে। একইভাবে ভিয়েতনামও অর্থনৈতিক সাফল্যকে আঞ্চলিক নীতিনির্ধারণে নেতৃত্ব দেওয়ার সক্ষমতায় রূপান্তর করতে পারে।
যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা যত তীব্র হবে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য নিজেদের অবস্থান সুস্পষ্ট করা তত বেশি জরুরি হয়ে উঠবে। আসিয়ানকে তখন প্রমাণ করতে হবে, তারা শুধু বৃহৎ শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম নয়; নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তাগত ভবিষ্যৎ নির্ধারণেও তাদের কার্যকর ভূমিকা রয়েছে।
ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ঘনিষ্ঠ অংশীদারত্ব সেই সক্ষমতা তৈরির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।
লেখক: গদে সিরিয়ানা ইউসুফ, ইন্দোনেশিয়া ফিউচার স্টাডিজের নির্বাহী পরিচালক।












