ঢাকার উত্তরে আশুলিয়ায় হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় সকাল ১১টা। কারখানার প্রতিটি তলায় চলছে ব্যস্ত কর্মযজ্ঞ। যন্ত্রের সাহায্যে ডেনিম কাপড় কেটে তৈরি হচ্ছে নির্দিষ্ট মাপের অংশ। পাশেই শ্রমিকেরা সেলাই করে বানাচ্ছেন জিনস, স্কার্ট ও জ্যাকেট। এরপর কাপড় ধোয়া, ইস্ত্রি, বোতাম ও চেইন লাগানোর কাজ শেষে যুক্ত হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল। গ্যাপ, আমেরিকান ঈগল ও জেসি পেনি এই কারখানার বড় ক্রেতা। সবশেষে তৈরি পোশাক বাক্সে ভরে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।
হা-মীম গ্রুপের প্রায় ৯০ হাজার কর্মী প্রতি মাসে সম্মিলিতভাবে ৯৩ লাখ পোশাক তৈরি করেন। কিন্তু হঠাৎ কারখানার আলো কয়েকবার জ্বলে-নিভে ওঠে। কিছুক্ষণের জন্য অন্ধকার নেমে আসে উৎপাদন এলাকায়। এরপর চারটি ব্রিটিশ তৈরি ডিজেল জেনারেটর বিকট শব্দে চালু হয়। গ্যাসের সরবরাহ কমে গেলেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এসব জেনারেটর।
হা-মীম গ্রুপের বিদ্যুৎ, জ্বালানি ও পরিবেশগত টেকসই উন্নয়ন বিভাগের প্রধান তনুল চক্রবর্তী বলেন, বাংলাদেশে জাতীয় গ্রিডের বিদ্যুৎ নির্ভরযোগ্য নয়; ঘন ঘন সরবরাহে বিঘ্ন ঘটে। গ্যাসের পর ডিজেলই সবচেয়ে নির্ভরযোগ্য জ্বালানি। গ্রিডের বিদ্যুতের অবস্থান তৃতীয়। তাঁর ভাষায়, দেশের প্রায় পুরো অর্থনীতিই ডিজেলের ওপর নির্ভর করে চলছে।
বাংলাদেশের ৫১০ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য এই বাস্তবতা উদ্বেগজনক। দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি এখন তীব্র জ্বালানি সংকটে পড়েছে। ইউক্রেন ও ইরানের যুদ্ধ আমদানি করা জ্বালানির ওপর বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতার দুর্বলতা সামনে নিয়ে এসেছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে শিল্প খাতে গ্যাসের দাম বেড়েছে ১৫০ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৭০ শতাংশ।

জ্বালানির দামে চাপে পোশাকশিল্প
ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক সরবরাহের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম প্রায় তিন গুণ হয়েছে। বাংলাদেশের পোশাকশিল্পের জন্য এটি বড় ধাক্কা। কারণ এ শিল্পই দেশের সবচেয়ে বড় আনুষ্ঠানিক কর্মসংস্থানের উৎস। সরাসরি প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা এই খাত গত বছর ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি।
জ্বালানি সংকটের প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়। উন্নয়নশীল বিশ্বের বহু দেশ আমদানি করা জ্বালানির উচ্চমূল্যের চাপে রয়েছে। ফিলিপাইনে উপসাগরীয় অঞ্চল থেকে তেল আমদানির ওপর নির্ভরতার কারণে জরুরি জ্বালানি সাশ্রয় কর্মসূচি নেওয়া হয়েছে। চার দিনের কর্মসপ্তাহ, সরকারি ভ্রমণে বিধিনিষেধ এবং ফ্লাইট বাতিলের মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।
নাইজেরিয়ায় ডিজেলের দাম বেড়েছে ৮৬ শতাংশ। তানজানিয়া ও ইথিওপিয়ায় বেড়েছে ৫০ শতাংশের বেশি। এতে কৃষিকাজ, পণ্য পরিবহন ও জেনারেটরের বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়েছে। শেষ পর্যন্ত চাল ও ভুট্টার মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দামেও চাপ তৈরি হচ্ছে।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল এপ্রিলে সতর্ক করে বলেছিলেন, যেসব দরিদ্র পরিবার আয়ের বড় অংশ খাবার ও জ্বালানিতে ব্যয় করে, তারাই এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
অন্ধকারে ঢাকা, গ্রামেও দীর্ঘ লোডশেডিং
প্রায় চার কোটি মানুষের শহর ঢাকায় রাতের চিত্রও বদলে গেছে। জাতীয় পর্যায়ে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ায় সরকার ব্যাপক বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ কমানোর ব্যবস্থা নিয়েছে। হাসপাতাল ও ওষুধের দোকানের মতো জরুরি সেবাকে এর বাইরে রাখা হয়েছে।

ব্যস্ত বাণিজ্যিক এলাকার আলোকিত বিজ্ঞাপনফলক সূর্যাস্তের পরপরই নিভে যাচ্ছে। দোকানপাটও এক ঘণ্টা আগেই বন্ধ হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও কঠিন। সাম্প্রতিক সময়ে অনেক এলাকার মানুষ দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকছেন।
সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এখন জ্বালানি ও বিদ্যুতের হিসাব কষেই চলছে। ভোরে উঠে রান্নার চেষ্টা করতে হচ্ছে, কারণ তখন গ্যাসের চাপ কিছুটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। গরম ও আর্দ্রতার মধ্যে কতক্ষণ পাখা চালানো যাবে, কিংবা গ্যাস স্টেশনে কত দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে—এসবও প্রতিদিনের দুশ্চিন্তা।
ব্যবসা-বাণিজ্যে সংকটের পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বৈশ্বিক অপুষ্টি পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর আশঙ্কা, শিগগিরই বাংলাদেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন।
জ্বালানি সংকট রাজনৈতিক চাপও বাড়াচ্ছে
গত সেপ্টেম্বরে বিরোধী দলের হাজারো সমর্থক দীর্ঘ পদযাত্রা করেন। তাঁদের লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জ্বালানির লাগামহীন ব্যয় নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার চাপ সৃষ্টি করা। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পরই ইরান যুদ্ধ শুরু হয়।
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, নতুন সরকারের জন্য জ্বালানি সংকট সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠেছে। একই সঙ্গে এটি বিরোধী দলের আন্দোলনেরও একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।
বাংলাদেশের জ্বালানি সংকটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির সম্পর্কও গভীর। ২০২৪ সালে গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় দুই প্রতিবেশী দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।
বাংলাদেশ তার বিদ্যুতের প্রায় এক-ষষ্ঠাংশ ভারত থেকে আমদানি করে। এই নির্ভরশীলতা কূটনৈতিক চাপ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রূপপুর, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে জ্বালানি সমীকরণ
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ভারসাম্য রাখতে হচ্ছে। রাশিয়ার সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পে ব্যয় হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এর বড় অংশ এসেছে মস্কো-সমর্থিত ঋণ থেকে। রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান রোসাটম প্রকল্পটি নির্মাণ করেছে।
কেন্দ্রটির উৎপাদন ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে রুশ ব্যাংকে অর্থ পরিশোধ এবং আকাশ ও সমুদ্রপথে প্রয়োজনীয় সরঞ্জাম আনার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। ফলে প্রকল্পের কাজ বারবার পিছিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও পারমাণবিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। গত ২৫ সেপ্টেম্বর দুই দেশ ক্ষুদ্র মডুলার পারমাণবিক চুল্লি নিয়ে কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার একটি সমঝোতা স্মারক সই করে।
চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার করছে ঢাকা। জুনে মালয়েশিয়া ও চীন সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে দুই দেশ ১৭টি চুক্তি ও সমঝোতা দলিলে সই করে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার বিষয়ও রয়েছে। তবে চুক্তিগুলোর দুটিতে এমন কয়েকটি ব্যবসায়িক গোষ্ঠী যুক্ত ছিল, যাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এতে ওয়াশিংটনে উদ্বেগ তৈরি হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সূত্রগুলো জানিয়েছে।
সৌরবিদ্যুৎ বাড়ছে, কিন্তু কারখানার চাহিদা মেটাচ্ছে না
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে সরকার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা চালু করেছে। সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক ১৭ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। বিশেষ করে ব্যাটারি সংযুক্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে উৎসাহ দেওয়া হচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে। তবে পাঁচ বছরের উচ্চাভিলাষী লক্ষ্য পূরণ করতে হলে এই গতির ছয় গুণ সম্প্রসারণ প্রয়োজন।
বাড়ির জন্য ছাদে সৌরবিদ্যুৎ কার্যকর হলেও সার্বক্ষণিক উৎপাদন চালানো বড় কারখানার জন্য তা যথেষ্ট নয়। হা-মীম গ্রুপের কারখানার ছাদে ২৯ দশমিক ২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে, যা দেশের বেসরকারি খাতের অন্যতম বৃহৎ স্থাপনা। কিন্তু ২৪ ঘণ্টা চালু থাকা কারখানায় এটি দিনে মাত্র চার ঘণ্টার মতো কাজে আসে বলে জানান তনুল চক্রবর্তী।
গত তিন মাসে হা-মীম গ্রুপের দৈনিক জ্বালানি ব্যয় প্রায় ২ লাখ ডলার থেকে বেড়ে ৩ লাখ ডলারে পৌঁছেছে। অথচ বিদেশি ক্রেতারা পোশাকের দাম বাড়াতে রাজি নন। তাই ব্যয় কমাতে উৎপাদন দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। অন্যথায় অর্ডার ভিয়েতনাম, কম্বোডিয়া কিংবা পাকিস্তানে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশের বিশ্ব পোশাকবাজারে শীর্ষস্থান ধরে রাখাই যখন কঠিন হয়ে উঠছে, তখন অর্থনীতিতে বৈচিত্র্য আনা আরও বড় চ্যালেঞ্জ। ওষুধ ও চামড়াশিল্প সম্প্রসারণের পাশাপাশি গাড়ি, চিকিৎসা সরঞ্জাম ও সেমিকন্ডাক্টর উৎপাদনে প্রবেশের লক্ষ্য রয়েছে সরকারের। কিন্তু এসব খাতে আন্তর্জাতিক প্রতিযোগিতা তীব্র। বিদ্যুৎহীন পরিবেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করাও কঠিন।
আপাতত আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তির লক্ষণ কম। এর মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি বন্ধের উদ্যোগ নিয়েছে এবং সৌদি আরবের বিমানবন্দর, শহর ও তেল অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। এতে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান বলেন, বর্তমান সরকারের জন্য পরিস্থিতি কঠিন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ না থাকলে পরিস্থিতি অনেক ভালো হতো।












