রাজধানীতে আবারও হামলার শিকার হয়েছে এজেআর কুরিয়ার সার্ভিস। এবার প্রতিষ্ঠানটির হাজারীবাগের পুরোনো ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) রাত ১০টার কিছু পর হাজারীবাগের মেইন রোডে অবস্থিত এজেআর কুরিয়ার সার্ভিসের পুরোনো ওয়্যারহাউসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দেশীয় অস্ত্র নিয়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল ওয়্যারহাউসে হামলা চালায়। তারা কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় কার্যালয়ের সামনে রাখা দুটি গাড়িতেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলার একপর্যায়ে এক পথচারী দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
ছয় ঘণ্টার ব্যবধানে দুই শাখায় হামলা
এর আগে একই দিন বিকেল ৪টার দিকে মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের আরেকটি শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার প্রায় ছয় ঘণ্টার ব্যবধানে হাজারীবাগের ওয়্যারহাউসেও হামলা চালানো হয়।
এতে একই দিনে প্রতিষ্ঠানটির দুটি স্থাপনা হামলার শিকার হলো।
আগুন দেওয়া হয়েছে দুটি গাড়িতে
হাজারীবাগের ওয়্যারহাউসের সামনে থাকা যে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেগুলোর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ন ১৫-৯১৪৫ এবং ঢাকা মেট্রো-ন ২১-৭৩৬০।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরপর দুই শাখায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এজেআর কুরিয়ার সার্ভিসের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।












