গাজীপুরের কোনাবাড়ীতে বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের মধ্যে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। একই সময়ে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কারণ দেখিয়ে জেলার শিল্পাঞ্চলে অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে জড়ো হন। একপর্যায়ে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা
পুলিশ জানায়, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এরপর শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের ছত্রভঙ্গ করার পর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৩ পোশাক কারখানা
শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কারণে রবিবার (১৫ নভেম্বর) থেকে গাজীপুরের অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে ফার ইস্ট, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট এবং এপেক্স হোল্ডিংসের অধীন একাধিক প্রতিষ্ঠান। এগুলো হলো এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স টেক্সটাইলস প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেডের এক্সটেনশন, এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড ও এপেক্স ফ্যাশন ওয়্যার লিমিটেড। এ ছাড়া মৌচাক এলাকার মোয়াজ্জউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ আরও কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।
উৎপাদন ব্যাহত হওয়ার কথা জানাল কারখানা কর্তৃপক্ষ
কারখানাগুলোর বন্ধের নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে সরকারের ঘোষণার পর আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেও কর্তৃপক্ষ স্বাভাবিক উৎপাদন চালু রাখার চেষ্টা করেছে।
তবে শ্রমিকেরা নির্ধারিত কাজে অংশ না নেওয়ায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ কারণে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং একাধিক কারখানা বন্ধের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।












