চাঁদে আবার মানুষ পাঠানোর স্বপ্ন বাস্তবায়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে চাঁদের মাটিতে নভোচারীদের নামানোর আগে তাদের পাড়ি দিতে হবে আরও একটি কঠিন পথ। আর্টেমিস-৩ অভিযানে চাঁদে অবতরণের জন্য তৈরি দুটি পৃথক মহাকাশযানের সক্ষমতা পরীক্ষা করা হবে পৃথিবীর কক্ষপথেই। প্রায় ১৭ দিন ধরে চলতে পারে এই অভিযান। এর সাফল্যের ওপর নির্ভর করবে ভবিষ্যতে কোন প্রতিষ্ঠানের তৈরি যান ব্যবহার করে নভোচারীদের চাঁদে নামানো হবে।
চাঁদে মানুষের প্রত্যাবর্তন শুধু একটি মহাকাশযান উৎক্ষেপণের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে একাধিক প্রযুক্তির সমন্বয়, মহাকাশে যানগুলোর নিরাপদ সংযোগ এবং চাঁদের মাটিতে অবতরণের সক্ষমতা। এসব বিষয় যাচাই করতেই নাসা আর্টেমিস-৩ অভিযানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এই অভিযানে চার নভোচারী পৃথিবীর নিম্ন কক্ষপথে গিয়ে দুটি চন্দ্রযানের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। দুই প্রতিষ্ঠান—স্পেসএক্স ও ব্লু অরিজিন—তাদের তৈরি অবতরণযানের প্রযুক্তি পরীক্ষার সুযোগ পাবে। পরীক্ষার ফলাফলই ভবিষ্যতের চন্দ্রাভিযানে কোন প্রযুক্তি বেশি কার্যকর হবে, তা নির্ধারণে ভূমিকা রাখবে।
কেন দুটি অবতরণযান নিয়ে পরীক্ষা?
নাসার সামনে বড় চ্যালেঞ্জের একটি হলো চাঁদের মাটিতে নিরাপদে অবতরণ করতে পারে—এমন মহাকাশযান তৈরি করা। অ্যাপোলো অভিযানের সময় ব্যবহৃত চন্দ্রযান ছিল তুলনামূলকভাবে খাটো ও চার পা-বিশিষ্ট। এর নিচু কেন্দ্রীয় ভারকেন্দ্র চাঁদের পৃষ্ঠে যানটিকে স্থিতিশীল রাখতে সহায়তা করত।
কিন্তু ২০২১ সালে নাসা নভোচারীদের চাঁদে নামানোর জন্য স্পেসএক্সের তৈরি স্টারশিপকে নির্বাচিত করে। প্রায় ১৬৫ ফুট উঁচু এই যানটি দেখতে অনেকটা লম্বা নলাকার কাঠামোর মতো। এর উচ্চতা ও গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে চাঁদের অসমতল পৃষ্ঠে অবতরণের পর যানটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়তে পারে—এমন আশঙ্কাও রয়েছে।
এ কারণে ২০২৩ সালে নাসা দ্বিতীয় আরেকটি প্রতিষ্ঠানকে চন্দ্রযান তৈরির দায়িত্ব দেয়। প্রতিষ্ঠানটি হলো জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন। তাদের তৈরি ব্লু মুন অবতরণযানের নকশা তুলনামূলকভাবে নিচু ও স্থিতিশীল কাঠামোর দিকে বেশি গুরুত্ব দেয়।
কীভাবে চলবে আর্টেমিস-৩ অভিযান?
অভিযানের প্রথম ধাপে ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেট কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। এতে থাকবে প্রতিষ্ঠানটির তৈরি ব্লু মুন চন্দ্রযান। প্রাথমিক পর্যায়ে যানটি চালকবিহীন অবস্থায় পৃথিবীর কক্ষপথে পৌঁছাবে।
এরপর নাসা উৎক্ষেপণ করবে স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস রকেট। এতে চার নভোচারী থাকবেন লকহিড মার্টিনের তৈরি ওরিয়ন মহাকাশযানে। কক্ষপথে পৌঁছানোর পর নভোচারীরা ব্লু মুনের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। তারা যানটির ভেতরে প্রবেশ করে বিভিন্ন ব্যবস্থা পরীক্ষা করবেন। পরীক্ষা শেষে আবার ওরিয়নে ফিরে আসবেন।
এরপর একই ধরনের পরীক্ষা হবে স্পেসএক্সের স্টারশিপ অবতরণযানের সঙ্গে। এই যানটিও চালকবিহীন অবস্থায় উৎক্ষেপণ করা হবে। নভোচারীরা ওরিয়ন থেকে স্টারশিপের সঙ্গে সংযোগ স্থাপন করবেন এবং মহাকাশে দুই যানের সংযোগপ্রক্রিয়া পরীক্ষা করবেন। সব পরীক্ষা শেষে তারা ওরিয়নে করে পৃথিবীতে ফিরে আসবেন।
অর্থাৎ, আর্টেমিস-৩ অভিযানে নভোচারীদের চাঁদে নামানো হবে না। বরং ভবিষ্যতের চন্দ্রাভিযানের জন্য প্রয়োজনীয় যান ও প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হবে।
দুই প্রতিষ্ঠানের সামনে প্রযুক্তিগত বাধা
স্পেসএক্স ও ব্লু অরিজিন—কোনো প্রতিষ্ঠানের পথই সহজ ছিল না। ২০২৩ সালের পর থেকে স্পেসএক্স একাধিকবার স্টারশিপ উৎক্ষেপণ করেছে। তবে দীর্ঘ প্রচেষ্টার পর ২০২৬ সালের সেপ্টেম্বরেই প্রথমবার পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর সাফল্য অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেট ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তিনবার উৎক্ষেপণ করা হয়। কিন্তু ২০২৬ সালের মে মাসে একটি পরীক্ষার সময় উৎক্ষেপণকেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকে প্রতিষ্ঠানটি আবার উড্ডয়ন সক্ষমতা ফিরিয়ে আনতে কাজ করছে।
নাসার কর্মকর্তারা ব্লু অরিজিনের অগ্রগতির প্রশংসা করেছেন। তবে সামনে তাদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে। বিশেষ করে মহাকাশে নভোচারীদের নিরাপদে প্রবেশ, যানগুলোর সংযোগ এবং জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা প্রমাণ করতে হবে।
সময়ের সঙ্গে পাল্লা
আর্টেমিস-৩ অভিযানের পরবর্তী ধাপের জন্য দুটি প্রতিষ্ঠানের হাতে প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করার সময় খুব বেশি থাকবে না। সর্বোচ্চ প্রায় ১৮ মাসের মধ্যে তাদের নকশা, নিরাপত্তাব্যবস্থা ও কার্যক্ষমতার ঘাটতি পূরণ করতে হবে।
স্পেসএক্সের ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা হলো, আর্টেমিস-৩ অভিযানে তাদের পূর্ণাঙ্গ কার্যকর চন্দ্রযান পরীক্ষা করা হবে না। বরং ওরিয়নের সঙ্গে স্টারশিপের সংযোগ স্থাপনের সক্ষমতাই মূলত যাচাই করা হবে। ব্লু অরিজিনের যানও পুরোপুরি কার্যকর অবস্থায় থাকবে না, তবে নভোচারীরা যাতে নিরাপদে এর ভেতরে প্রবেশ করতে পারেন, সেই ব্যবস্থা থাকবে।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান নির্ধারিত সময়সূচি বজায় রাখার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তাঁর মতে, অতীতেও নাসা অল্প সময়ের মধ্যে একাধিক সফল চন্দ্রাভিযান পরিচালনা করেছে। ১৯৬৮ থেকে ১৯৭২ সালের মধ্যে সংস্থাটি নয়টি ক্রু-চালিত চন্দ্রাভিযান পরিচালনা করেছিল।
তবে এবার চ্যালেঞ্জ আরও জটিল। কারণ, শুধু একটি মহাকাশযান তৈরি করলেই হবে না; একাধিক প্রতিষ্ঠানের প্রযুক্তিকে একই অভিযানে সমন্বিতভাবে কাজ করতে হবে। আর্টেমিস-৩ তাই কেবল একটি পরীক্ষামূলক মহাকাশযাত্রা নয়, বরং চাঁদে মানুষের প্রত্যাবর্তনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বাছাইপর্বগুলোর একটি।












