ডলারের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে অতিরিক্ত দামে বৈদেশিক মুদ্রা কেনার প্রতিযোগিতা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত ডলার কিনে মজুত না করা এবং প্রকৃত চাহিদার ভিত্তিতে লেনদেন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে ডলারের সরবরাহ বাড়াতে প্রয়োজনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ডলার বিক্রির প্রস্তুতিও রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।
রবিবার (১৫ নভেম্বর) ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গভর্নর সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডলারের বিনিময় হার, ব্যাংকগুলোর কেনাবেচার কৌশল এবং বাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে তার প্রভাব সরাসরি আমদানি ব্যয়ের ওপর পড়ে। এর ফলে আমদানি করা পণ্যের দাম বাড়ে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে।
ডলারের দাম বাড়লে আমদানি ব্যয়ে বড় চাপ
বাংলাদেশে বছরে গড়ে প্রায় ৭২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য এক টাকা বাড়লে আমদানি ব্যয় বেড়ে যায় প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা।
এই হিসাব তুলে ধরে ব্যাংকগুলোকে ডলার কেনাবেচায় আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৈঠকে একটি ব্যাংকের প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার বিদেশি একটি এক্সচেঞ্জ হাউস থেকে ১২৪ টাকা ৯০ পয়সা দরে ডলার কেনার প্রস্তাব দিয়েও তারা সফল হননি। অন্যদিকে আরেকটি ব্যাংক একই প্রতিষ্ঠান থেকে ১২৫ টাকা ১০ পয়সা দরে ডলার কিনেছে বলে তারা জানতে পেরেছেন।
এ ধরনের প্রতিযোগিতার কারণে বাজারে ডলারের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের বক্তব্য, মুক্তবাজার ব্যবস্থায় ব্যাংকগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী যেকোনো দরে ডলার কিনতে পারে। কিন্তু বেশি দামে কেনা ডলারের সঙ্গে ব্যাংকের পরিচালন ব্যয় ও মুনাফা যোগ করে আমদানিকারকদের কাছে বিক্রি করা হয়। ফলে বাড়তি ব্যয়ের চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ে।
রিজার্ভ থেকে বিক্রি ৪৭ কোটি ডলারের বেশি
বাজারে ডলারের সরবরাহ বাড়াতে সাম্প্রতিক পাঁচ দিনের নিলামে ৪৭ কোটি ৩৫ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর মধ্যে গত বৃহস্পতিবার ১২৪ টাকা ৮৫ পয়সা গড় দরে বিক্রি করা হয়েছে ২০ কোটি ডলার।
এর আগে ৪ নভেম্বর ১২৪ টাকা ৩০ পয়সা দরে ১২০ কোটি ডলার বিক্রি করা হয়। গত অক্টোবরে দুই দিনের নিলামে ১৪ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন প্রতি ডলারের দাম ছিল যথাক্রমে ১২৩ টাকা ৬১ পয়সা ও ১২৪ টাকা।
এ ছাড়া গত ১৫ সেপ্টেম্বর ১২২ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করা হয়েছিল ১ কোটি ১৫ লাখ ডলার।
কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার বিক্রি না করে উল্টো ৬৪১ কোটি ৬০ লাখ ডলার কিনেছিল। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে থাকে।
গত জুন শেষে দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৩৭ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে। তবে সাম্প্রতিক সময়ে বাজারে ডলার সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক বিক্রি শুরু করায় রিজার্ভে চাপ তৈরি হয়েছে।
রবিবার রিজার্ভ কমে ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
এর আগে ২০২৪ সালের জুন শেষে ডলার বিক্রির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমেছিল। অন্যদিকে ২০২১ সালের আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
প্রয়োজনের বেশি ডলার না কেনার পরামর্শ
বৈঠকে ব্যাংকগুলোর অতিরিক্ত ডলার কেনার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। একটি ব্যাংকের প্রতিনিধি বলেন, যেসব ব্যাংকের তাৎক্ষণিক ডলারের প্রয়োজন রয়েছে, শুধু তাদেরই কেন্দ্রীয় ব্যাংকের নিলামে অংশ নেওয়া উচিত।
ভবিষ্যতের আমদানি দায় বা পরিশোধের কথা বিবেচনা করে আগাম অতিরিক্ত ডলার কিনে মজুত করলে বাজারে চাহিদার চাপ আরও বাড়তে পারে।
এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিশেষায়িত ব্যাংকের বেশি দামে রেমিট্যান্স কিনে কম দামে বিক্রির কারণে লোকসানের অভিযোগও বৈঠকে আলোচনায় আসে। সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধি অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তদন্তের মাধ্যমে বিষয়টির প্রকৃত চিত্র বের করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ডলারের বিনিময় হার বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতেই নির্ধারিত হবে। এ ক্ষেত্রে সরাসরি দর নিয়ন্ত্রণের পরিকল্পনা নেই।
তবে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান কারসাজির মাধ্যমে ডলারের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ব্যাংকগুলোর মধ্যে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রিজার্ভ থেকে ডলার বিক্রিও অব্যাহত থাকবে।












