বিশ্বব্যবস্থা যখন ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো—কীভাবে নিজেদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করা যায়। এই প্রশ্নের উত্তর কোনো একক দেশের পক্ষে দেওয়া সম্ভব নয়। আঞ্চলিক সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্মিলিত উদ্যোগই হতে পারে এর কার্যকর পথ।
আন্তর্জাতিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। একই সঙ্গে আইনের শাসন ও আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠিত মুক্ত ও উন্মুক্ত বিশ্বব্যবস্থাও নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের মধ্যে খোলামেলা আলোচনা এবং বাস্তবভিত্তিক সহযোগিতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।
জাপানের কাছে এই অঞ্চলের ভবিষ্যৎ কেবল বাণিজ্য ও বিনিয়োগের প্রশ্ন নয়। এর সঙ্গে জড়িয়ে আছে প্রতিটি দেশের নিজস্ব পথ বেছে নেওয়ার স্বাধীনতা, সংকট মোকাবিলার সামর্থ্য এবং জনগণের জন্য টেকসই সমৃদ্ধি নিশ্চিত করার বিষয়টি।
মুক্ত ও উন্মুক্ত অঞ্চলের ধারণাকে নতুন বাস্তবতায় এগিয়ে নেওয়া
জাপানের ‘মুক্ত ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ বা এফওআইপি ধারণার এক দশক পূর্ণ হচ্ছে। এই সময়ে আন্তর্জাতিক পরিস্থিতি অনেক বদলেছে। ফলে ধারণাটিকে শুধু আগের অবস্থায় ধরে রাখলে চলবে না; নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
এ বছরের মে মাসে জাপান এফওআইপির হালনাগাদ রূপরেখা ঘোষণা করেছে। এর মূল লক্ষ্য হলো, এ অঞ্চলের প্রতিটি দেশ যেন নিজের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা ও প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে পারে। কোনো দেশ যেন বাইরের চাপ, অর্থনৈতিক দুর্বলতা কিংবা সরবরাহব্যবস্থার সংকটের কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে না ফেলে।
এই লক্ষ্য অর্জনে স্বাধীনতা ও সহনশীলতা পরস্পরের পরিপূরক। অর্থনৈতিকভাবে দুর্বল, জ্বালানির জন্য পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল কিংবা সংকটের সময় প্রয়োজনীয় পণ্য সংগ্রহে অক্ষম কোনো দেশের পক্ষে দীর্ঘমেয়াদে স্বাধীন অবস্থান বজায় রাখা কঠিন। তাই আঞ্চলিক সহযোগিতার ভিত্তি হতে হবে এমন সক্ষমতা তৈরি করা, যা প্রতিটি দেশকে নিজের স্বার্থ রক্ষার পাশাপাশি সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে।
জ্বালানি নিরাপত্তা ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা
এই সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র জ্বালানি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এশিয়ার জ্বালানি সরবরাহের ওপর যে প্রভাব ফেলতে পারে, তা আবারও স্পষ্ট হয়েছে। এশিয়া বিশ্বের অন্যতম জ্বালানিনির্ভর অঞ্চল। ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কিংবা সরবরাহপথে বিঘ্ন ঘটলে এখানকার অর্থনীতিগুলো দ্রুত চাপের মুখে পড়ে।
এ বাস্তবতা বিবেচনায় জাপান ‘পাওয়ার এশিয়া’ নামে একটি সহযোগিতা কাঠামো চালু করেছে। এর উদ্দেশ্য শুধু তাৎক্ষণিকভাবে অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য সংগ্রহে সহায়তা করা নয়; বরং দীর্ঘমেয়াদে জ্বালানি মজুতের ব্যবস্থা গড়ে তোলা এবং নির্ভরযোগ্য উৎস থেকে সরবরাহ নিশ্চিত করাও এর অংশ।
জ্বালানি নিরাপত্তাকে কেবল কোনো দেশের অভ্যন্তরীণ নীতির বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এক দেশের সরবরাহ সংকট অন্য দেশের উৎপাদন, পরিবহন ও বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে। তাই আঞ্চলিক পর্যায়ে জ্বালানি মজুত, সংগ্রহ ও সরবরাহের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। জাপান এই উদ্যোগের অর্থনৈতিক সহনশীলতাসংক্রান্ত অংশ আরও বিস্তৃত করতে চায়, যাতে অংশগ্রহণকারী দেশগুলোর বাস্তব প্রয়োজন পূরণ করা যায়।
একই লক্ষ্য সামনে রেখে এশিয়া জিরো এমিশন কমিউনিটি বা এজেডেক উদ্যোগকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা—এই তিনটি লক্ষ্যকে একসঙ্গে অর্জন করতে হবে। এজেডেক ২.০-এর মাধ্যমে অর্থনৈতিক ও জ্বালানি সহনশীলতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।
জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি: পরিবেশগত লক্ষ্য অর্জনের নামে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা জ্বালানি সরবরাহের স্থিতিশীলতাকে উপেক্ষা করা যাবে না। আবার স্বল্পমেয়াদি জ্বালানি চাহিদা মেটাতে গিয়ে দীর্ঘমেয়াদি পরিবেশগত দায়িত্বও এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠাই হবে আঞ্চলিক সহযোগিতার বড় পরীক্ষা।
আসিয়ানকে কেন্দ্র করেই আঞ্চলিক সহযোগিতার বিস্তার
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় আসিয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের সহযোগিতামূলক কাঠামো গড়ে তুলতে আসিয়ানের কেন্দ্রীয় অবস্থান ও ঐক্যকে সম্মান জানানো জরুরি।
আসিয়ানের ‘ইন্দো-প্যাসিফিক আউটলুক’ এবং জাপানের এফওআইপি ধারণার মধ্যে মৌলিক মিল রয়েছে। উভয় উদ্যোগেই উন্মুক্ততা, স্বচ্ছতা, অন্তর্ভুক্তি এবং আইনের শাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গত বছর জাপান-আসিয়ান সম্মেলনে এই অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে যৌথ ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সমন্বয় এগিয়েছে।
জাপান আশা করে, এবারের সম্মেলনে অর্থনৈতিক সহনশীলতাকে কেন্দ্র করে নতুন যৌথ ঘোষণা গ্রহণ করা সম্ভব হবে। এর মাধ্যমে এফওআইপি ও আসিয়ানের দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে।
২০২৭ সালে আসিয়ানের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ হবে। একই বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে জাপানের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ‘ফুকুদা নীতি’ ঘোষণার ৫০ বছরও পূর্ণ হবে। এই নীতির মূল দর্শন ছিল, জাপান ও আসিয়ান দেশগুলোর সম্পর্ক হবে সমমর্যাদার এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত—শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কেও।
অর্ধশতাব্দীর এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জাপান আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় অবস্থানকে সম্মান জানিয়ে সহযোগিতা আরও গভীর করতে চায়। আঞ্চলিক নেতৃত্বের প্রশ্নে কোনো দেশের একক আধিপত্য প্রতিষ্ঠা নয়, বরং অংশীদারত্বের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণই হওয়া উচিত মূলনীতি।
বাণিজ্য, প্রযুক্তি ও ক্ষুদ্র উদ্যোগের জন্য নতুন সুযোগ
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেকের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই অঞ্চলের প্রবৃদ্ধির সুফল যেন সব দেশ ও জনগণের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাই হওয়া উচিত আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য।
২০৩১ সালে জাপান এপেকের সভাপতির দায়িত্ব পালন করবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে মুক্ত ও ন্যায্য বাণিজ্য এবং নিয়মভিত্তিক বিনিয়োগব্যবস্থা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার, মানসম্মত অবকাঠামো উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সক্ষমতা বাড়ানোর বিষয়গুলোও জাপানের অগ্রাধিকারে থাকবে।
বর্তমান অর্থনীতিতে প্রযুক্তিগত পরিবর্তনও বড় বাস্তবতা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উৎপাদন, বাণিজ্য এবং কর্মসংস্থানের ধরন বদলে দিচ্ছে। এই পরিবর্তনের সুফল পেতে হলে দেশগুলোর মধ্যে প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে।
একইভাবে সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা এখন আর শুধু ব্যবসায়িক দক্ষতার বিষয় নয়। মহামারি, ভূরাজনৈতিক উত্তেজনা কিংবা জ্বালানি সংকটের সময় প্রয়োজনীয় পণ্য ও কাঁচামালের প্রবাহ সচল রাখা জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার অংশ হয়ে উঠেছে। তাই নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলা এবং একাধিক উৎস থেকে পণ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানো জরুরি।
শান্তিপূর্ণ অবস্থান ও সম্মিলিত নিরাপত্তা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে নিজের পথ অনুসরণ করে এসেছে। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার এই অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
এ বছরের শেষ দিকে জাপান জাতীয় নিরাপত্তা কৌশলসহ তিনটি গুরুত্বপূর্ণ কৌশলগত নথি সংশোধনের পরিকল্পনা করছে। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জাপানের লক্ষ্য কেবল নিজস্ব নিরাপত্তা জোরদার করা নয়; মিত্র ও অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী দেশগুলোর সঙ্গে কাজ করে আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখাও এর অংশ।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করবে দেশগুলো কতটা কার্যকরভাবে নিজেদের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে পারে, তার ওপর। শুধু নীতিগত ঘোষণা বা সম্মেলনের যৌথ বিবৃতি যথেষ্ট নয়। জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো ও নিরাপত্তার ক্ষেত্রে বাস্তব অগ্রগতি নিশ্চিত করতে হবে।
একটি মুক্ত ও উন্মুক্ত অঞ্চল গড়ার অর্থ হলো, প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে, অর্থনৈতিক সংকট মোকাবিলার সামর্থ্য থাকবে এবং উন্নয়নের সুফল ভাগ করে নেওয়ার সুযোগ থাকবে। এই লক্ষ্য কোনো একক শক্তির পক্ষে অর্জন করা সম্ভব নয়।
জাপান মনে করে, দীর্ঘদিনের সহযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এ অঞ্চলের দেশগুলো একসঙ্গে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হতে পারে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সেই সম্মিলিত পথেই এগোতে হবে।












