উন্নয়নকাজের জন্য সড়কের পাশের পুরোনো গাছ কাটা হলে শুধু গাছই হারিয়ে যায় না, ধ্বংস হয় সেখানে গড়ে ওঠা অসংখ্য উদ্ভিদের আবাসস্থলও। বিশেষ করে গাছের কাণ্ড ও ডালে জন্মানো অর্কিডের মতো উদ্ভিদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। ভারতের কেরালায় এই ক্ষতি ঠেকাতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। সড়ক সম্প্রসারণের কারণে কেটে ফেলা গাছ থেকে ২৭ হাজারের বেশি দেশীয় অর্কিড সংগ্রহ করে অন্য জায়গায় প্রতিস্থাপন করেছেন গবেষকেরা। এক থেকে দুই বছর পর্যবেক্ষণের পর দেখা গেছে, উদ্ধার করা অর্কিডের ৭১ শতাংশের বেশি বেঁচে আছে। এর মধ্যে ৫ হাজার ২২৪টি গাছে ফুল ফুটেছে এবং ১ হাজার ৯৩৪টি গাছে ফলের মতো বীজধারী কোষ তৈরি হয়েছে।
এই উদ্যোগ শুধু বিরল উদ্ভিদ সংরক্ষণের একটি সফল উদাহরণ নয়, উন্নয়নকাজের সঙ্গে পরিবেশ রক্ষার সমন্বয় কীভাবে করা যায়, তারও একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠেছে।
অর্কিডের জন্য কেন গুরুত্বপূর্ণ কেরালা
অর্কিড পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় ফুলের উদ্ভিদগোষ্ঠী। অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সব মহাদেশেই এদের দেখা যায়। বিশ্বজুড়ে দেশীয় অর্কিডের প্রজাতি রয়েছে ২৯ হাজার ৫০০টির বেশি।
ভারতের উদ্ভিদ জরিপ বিভাগের প্রকাশিত ২০১৯ সালের ‘অর্কিডস অব ইন্ডিয়া: আ পিক্টোরিয়াল গাইড’ অনুযায়ী, ভারতে শনাক্ত ৩০৭টি স্থানীয় অর্কিড প্রজাতির এক-তৃতীয়াংশেরও বেশি রয়েছে কেরালায়। দেশটির এই রাজ্যে অর্কিডের বৈচিত্র্য এতটাই সমৃদ্ধ যে উদ্ভিদ গবেষকেরা একে দক্ষিণ আমেরিকার কোস্টারিকার মতো অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন।
কিন্তু বনভূমি কমে যাওয়া, আবাসস্থল বিচ্ছিন্ন হয়ে পড়া এবং অবকাঠামো নির্মাণের কারণে এসব উদ্ভিদের অস্তিত্ব ক্রমেই সংকুচিত হচ্ছে।
যুক্তরাজ্যের রয়্যাল বোটানিক গার্ডেনের গবেষণা-সংশ্লিষ্ট বিজ্ঞানী বিশ্বম্ভরন সারাসানের মতে, একসময় কেরালার বাড়ির উঠানে নারকেলগাছেও এসব অর্কিড দেখা যেত। এখন অনেক জায়গায় সেগুলো আর চোখে পড়ে না।
তাঁর মতে, উন্নয়ন প্রকল্পের কারণে যেসব উদ্ভিদের আবাসস্থল ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হয়, সেগুলো আগে থেকেই উদ্ধার করে অন্যত্র প্রতিস্থাপন করা গেলে জীববৈচিত্র্যের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
সড়ক সম্প্রসারণের আগে অর্কিড উদ্ধার
গত তিন বছর ধরে কেরালার মালাবার বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইনস্টিটিউট ফর প্ল্যান্ট সায়েন্সেসের একটি গবেষক দল এই কাজ করছে। সারাসানের নেতৃত্বে এবং প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানী এন এস প্রদীপের তত্ত্বাবধানে পরিচালিত প্রকল্পটির মূল লক্ষ্য ছিল সড়ক সম্প্রসারণের কারণে ধ্বংস হতে যাওয়া গাছে জন্মানো দেশীয় অর্কিড উদ্ধার করা।
প্রাথমিকভাবে রাজ্যের দক্ষিণাঞ্চলে অর্কিড সংগ্রহের পরিকল্পনা করা হলেও সেখানে প্রজাতির বৈচিত্র্য তুলনামূলক কম পাওয়া যায়। পরে গবেষকেরা উত্তরাঞ্চলের ওয়ানাড় ও কোঝিকোড় জেলায় কাজ শুরু করেন।
জাতীয় মহাসড়ক ৬৬ এবং রাজ্য মহাসড়ক ৫৯ সম্প্রসারণের সময় এসব এলাকার বহু পুরোনো গাছ কেটে ফেলা হচ্ছিল। ওই গাছগুলোর কাণ্ড ও ডালে কয়েক দশক ধরে জন্মানো অর্কিডও ধ্বংসের মুখে পড়ে।
গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, গাছ কাটার পর অনেক অর্কিড দিনের পর দিন অবহেলায় পড়ে থাকত। পরে কাঠ আসবাবপত্র তৈরি কিংবা জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হতো। ফলে গাছের সঙ্গে অর্কিডগুলোরও চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতো।
কেবল মহাসড়ক নয়, কোঝিকোড় পৌর এলাকার বিভিন্ন স্থান এবং ওয়ানাড়ের কফি বাগান থেকেও অর্কিড উদ্ধার করা হয়েছে। এসব জায়গায় গাছ কেটে ফেলা কিংবা গাছের ডালে জন্মানো অর্কিড নিয়মিত পরিষ্কার করে দেওয়ার কারণে উদ্ভিদগুলো ঝুঁকির মধ্যে ছিল।
গবেষণায় দেখা যায়, প্রকল্পটির আওতায় মোট ২৭ হাজার ৩২৪টি পূর্ণবয়স্ক দেশীয় অর্কিড উদ্ধার করা হয়েছে। এগুলো ২১টি প্রজাতির অন্তর্ভুক্ত। এর মধ্যে ১২টি প্রজাতি ওই অঞ্চলের নিজস্ব।
বাগান থেকে সমুদ্রসৈকতে নতুন আবাস
উদ্ধার করা অর্কিডগুলো প্রথমে মালাবার বোটানিক্যাল গার্ডেন এবং কোঝিকোড়ের সারোভরাম বায়োপার্কে প্রতিস্থাপন করা হয়।
সারোভরাম বায়োপার্ক একটি নগর জলাভূমি, যা জেলা পর্যটন উন্নয়ন পরিষদের অধীনে পরিচালিত হয়। প্রতি বছর পাঁচ লাখের বেশি দর্শনার্থী এখানে প্রবেশের জন্য টিকিট কেনেন।
পরবর্তী সময়ে জেলা পর্যটন উন্নয়ন পরিষদের সঙ্গে গবেষকদের সহযোগিতার ভিত্তিতে কিছু অর্কিড কপ্পাড সমুদ্রসৈকতে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এই সিদ্ধান্ত ছিল বেশ সাহসী। কারণ বোটানিক্যাল গার্ডেন কিংবা জলাভূমির তুলনায় সমুদ্রসৈকতের পরিবেশ সম্পূর্ণ আলাদা। সেখানে প্রবল বাতাস, লবণাক্ত পানির ছিটা এবং প্রতিকূল আবহাওয়ার মুখে পড়তে হয় উদ্ভিদকে।
সারাসানের ভাষায়, এ ধরনের অর্কিড সমুদ্রসৈকতে প্রতিস্থাপনের ঘটনা সম্ভবত প্রথম। উদ্দেশ্য ছিল প্রতিকূল পরিবেশেও এসব উদ্ভিদ কতটা টিকে থাকতে পারে, তা পরীক্ষা করা।
৭১ শতাংশের বেশি অর্কিড এখনো জীবিত
প্রতিস্থাপনের ১২ থেকে ২৪ মাস পর গবেষকেরা অর্কিডগুলোর অবস্থা পরীক্ষা করেন। ফলাফল ছিল আশাব্যঞ্জক।
উদ্ধার করা ২৭ হাজার ৩২৪টি অর্কিডের মধ্যে ১৯ হাজার ৫১১টি জীবিত ছিল। অর্থাৎ বেঁচে থাকার হার ৭১ দশমিক ৪ শতাংশ।
এ ছাড়া ৫ হাজার ২২৪টি অর্কিডে ফুল ফুটেছে এবং ১ হাজার ৯৩৪টি অর্কিডে বীজধারী ফল তৈরি হয়েছে। অর্থাৎ প্রতিস্থাপনের পর শুধু উদ্ভিদগুলো বেঁচে থাকেনি, অনেকগুলো স্বাভাবিক প্রজনন প্রক্রিয়াতেও ফিরে এসেছে।
তবে তিনটি প্রতিস্থাপনস্থলের ফলাফল এক রকম ছিল না।
সারোভরাম বায়োপার্কে অর্কিড টিকে থাকার হার ছিল সর্বোচ্চ ৮৭ শতাংশ। মালাবার বোটানিক্যাল গার্ডেনে এই হার ৪৭ শতাংশ এবং কপ্পাড সমুদ্রসৈকতে মাত্র ২৮ শতাংশ।
এই পার্থক্য থেকে বোঝা যায়, প্রতিস্থাপনের পর উদ্ভিদের টিকে থাকার ক্ষেত্রে নতুন পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই প্রজাতির অর্কিড এক জায়গায় ভালোভাবে বেড়ে উঠলেও অন্য জায়গায় প্রতিকূলতার মুখে পড়তে পারে।
বিরল প্রজাতি সংরক্ষণেও আশার আলো
গবেষকদের কাছে সবচেয়ে বড় উদ্বেগ ছিল কেরালার নিজস্ব বা আঞ্চলিকভাবে সীমাবদ্ধ অর্কিড প্রজাতিগুলোকে পশ্চিমঘাট পর্বতমালার বাইরে বাঁচিয়ে রাখা সম্ভব হবে কি না।
উদ্ধার করা অর্কিডের মধ্যে এমন আঞ্চলিক প্রজাতির সংখ্যা ছিল ৬ হাজার ১২৬টি। এর মধ্যে ৩ হাজার ৩৬৮টি নতুন পরিবেশে টিকে ছিল। ৫১০টিতে ফুল ফুটেছে এবং ২০৭টি বীজধারী ফল তৈরি করেছে।
এমনকি উঁচু পাহাড়, পাহাড়ি বন এবং কুয়াশাচ্ছন্ন বনের পরিবেশে জন্মানো অর্কিডের মধ্যেও টিকে থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের ৩ হাজার ১৪৬টি অর্কিড প্রতিস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৬৭১টি জীবিত ছিল।
তবে গবেষণায় একটি বড় দুর্বলতাও উঠে এসেছে। আঞ্চলিকভাবে নিজস্ব ১২টি অর্কিড প্রজাতির মধ্যে ১১টিরই আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএনের বিপন্ন প্রজাতির তালিকায় মূল্যায়ন নেই।
ফলে এসব প্রজাতির বিলুপ্তির ঝুঁকি কতটা, কোন প্রজাতিকে আগে সংরক্ষণ করা প্রয়োজন এবং তাদের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত—তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।
ভারতের উদ্ভিদ জরিপ বিভাগের বিজ্ঞানী জীবান সিং জালাল জানিয়েছেন, দেশজুড়ে স্থানীয় অর্কিড প্রজাতিগুলোর অবস্থা মূল্যায়নের কাজ চলছে। পশ্চিমঘাটের ৩০টি স্থানীয় অর্কিড প্রজাতির জন্য সম্প্রতি আইইউসিএনের তালিকাভুক্তির মূল্যায়নও প্রকাশ করা হয়েছে। এসব প্রজাতির কয়েকটি ভারত ও শ্রীলঙ্কা—দুই দেশেই পাওয়া যায়।
তাঁর মতে, পর্যাপ্ত অর্থায়ন ও প্রয়োজনীয় গবেষণা-সুবিধার অভাবের কারণে অনেক প্রজাতি সম্পর্কে এখনো প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
মাত্র আড়াই লাখ টাকায় বড় সাফল্য
এই প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর ব্যয়। সারাসান জানিয়েছেন, প্রায় ৩০ হাজার অর্কিড উদ্ধার, প্রতিস্থাপন এবং পরবর্তী পর্যবেক্ষণসহ এমন একটি প্রকল্প প্রচলিত পদ্ধতিতে পরিচালনা করতে গেলে আনুমানিক ২৫ থেকে ৫০ লাখ রুপি ব্যয় হতে পারত।
কিন্তু পুরো প্রকল্পে ব্যয় হয়েছে মাত্র ২ লাখ ৫৩ হাজার রুপি। অর্থাৎ তুলনামূলকভাবে খুব কম অর্থ ব্যয় করেই বড় ধরনের সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়েছে।
এ ক্ষেত্রে সবচেয়ে বড় বিনিয়োগ ছিল গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সময়, শ্রম এবং বৈজ্ঞানিক দক্ষতা।
জীবান সিং জালালও গবেষণাটির প্রশংসা করেছেন। তাঁর মতে, শুধু উদ্ভিদ সংগ্রহ করে অন্য জায়গায় বসিয়ে দিলেই সংরক্ষণ নিশ্চিত হয় না। প্রতিস্থাপনের পর নিয়মিত পরিচর্যা, পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রয়োজন। কেরালার প্রকল্পে এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
উন্নয়ন প্রকল্পে পরিবেশ সমীক্ষা বাধ্যতামূলক করার প্রশ্ন
কেরালার এই উদ্যোগ সফল হলেও গবেষকদের মতে, এটি একটি বড় নীতিগত ঘাটতিও সামনে এনেছে। অবকাঠামো নির্মাণের আগে জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।
বিশেষ করে সড়ক সম্প্রসারণ, নতুন অবকাঠামো নির্মাণ কিংবা বনাঞ্চলসংলগ্ন উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে সেখানে কী ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল রয়েছে, তা আগে থেকেই জানা জরুরি।
সারাসানের মতে, রাজ্যের জীববৈচিত্র্য বোর্ডকে বিভিন্ন সরকারি সংস্থা, গবেষক এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রতিটি অবকাঠামো প্রকল্পের আগে জীববৈচিত্র্য সমীক্ষা নিশ্চিত করতে হবে।
প্রকল্প শুরুর আগেই ক্ষতি কমানোর পরিকল্পনা তৈরি করা গেলে বিপন্ন উদ্ভিদ ও প্রাণী উদ্ধারের সুযোগ তৈরি হয়। এতে উন্নয়নকাজ বন্ধ না করেও প্রকৃতির ক্ষতি কমানো সম্ভব।
কেরালার অর্কিড সংরক্ষণ প্রকল্প দেখিয়েছে, উন্নয়নের প্রয়োজনে গাছ কাটতে হলেও সেখানে বসবাসকারী উদ্ভিদকে বাঁচানোর বিকল্প ব্যবস্থা রয়েছে। সামান্য অর্থ, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় থাকলে ধ্বংসের মুখে থাকা জীববৈচিত্র্যকে নতুন পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব।












