জন্মের পর থেকেই মানুষের বন্দিদশায় বেড়ে ওঠা জোজো নামের গরিলাটির জীবনে কখনো আসেনি নিজের প্রজাতির কোনো সঙ্গী। শৈশবে শিকারিদের হাতে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিল সে। এরপর কেটেছে দীর্ঘ সময় ছোট্ট একটি খাঁচায়, মানুষের কৌতূহল মেটানোর প্রদর্শনীর বস্তু হয়ে। একসময় খাঁচা থেকে মুক্তি মিলেছে, ঠাঁই হয়েছে বন্য প্রাণীদের অভয়ারণ্যে। কিন্তু কাটেনি একাকিত্ব। জীবনের দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও জোজোর পাশে নেই কোনো গরিলা বন্ধু, নেই পরিবার।
এবার তার জীবনে একজন সঙ্গী খুঁজে দেওয়ার উদ্যোগ নিয়েছেন গবেষক ও পরিচর্যাকারীরা। তাঁদের আশা, অন্য কোনো গরিলার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলে দীর্ঘদিনের মানসিক আঘাত ও একাকিত্ব কাটিয়ে উঠতে পারে জোজো। তবে বয়স, শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের নিঃসঙ্গতা—সব মিলিয়ে উদ্যোগটি সহজ নয়।
মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে খাঁচায় জীবন
২০১৫ সালে প্রথমবারের মতো ঘাসের ওপর পা রেখেছিল জোজো। তখন তার বয়স ১১ বছর। অথচ তার জীবনের প্রথম ১০ বছর কেটেছিল গ্যাবনের একটি বেসরকারি চিড়িয়াখানায় ছোট্ট খাঁচার মধ্যে।

শিশু অবস্থায় মায়ের গা আঁকড়ে থাকা জোজোকে বন্য পরিবেশ থেকে ধরে নিয়ে যায় শিকারিরা। তার পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়েছিল। পরে তাকে বিক্রি করে দেওয়া হয়। সেই থেকে নিজের প্রজাতির আর কারও সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ হয়নি তার।
বর্তমানে গ্যাবনের লেকেদি ফাউন্ডেশনের অভয়ারণ্যে রয়েছে জোজো। সেখানে পরিচর্যাকারীরা প্রায় প্রতিদিনই তাকে দেখাশোনা করেন। কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগের আগ্রহ থাকলেও অন্য গরিলার সঙ্গে বসবাসের অভিজ্ঞতা তার নেই।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সের অধ্যাপক গিলিয়ান ফরেস্টার জোজোর আচরণ ও মানসিক অবস্থা নিয়ে গবেষণা করছেন। তাঁর ভাষায়, বড় নরবানরের মধ্যে এতটা চরম সামাজিক বিচ্ছিন্নতার ঘটনা তিনি খুব কমই দেখেছেন।
অভয়ারণ্যের প্রধান পরিচর্যাকারী ম্যাক্সে আনাক্লে মাকাবার পর্যবেক্ষণ, জোজো মানুষের সঙ্গ খুব পছন্দ করে। কখনো সে পরিচর্যাকারীদের হাতে পাতা তুলে দেওয়ার জন্য সংগ্রহ করে। বিনিময়ে খাবার পেলে তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়।
আবার পরিচিত কোনো নারী দর্শনার্থী তার খাঁচার কাছে এসে চলে গেলে জোজো বিশেষ ধরনের ডাক দেয়। বন্য পরিবেশে পূর্ণবয়স্ক পুরুষ গরিলারা স্ত্রী গরিলাদের কাছে টানতে যে ধরনের শব্দ করে, তার আচরণের সঙ্গে সেটির মিল রয়েছে।
অভয়ারণ্যটির পরিচালক এরিক উইয়মের ধারণা, জোজো একাকিত্ব অনুভব করে।

বিচ্ছিন্নতা শুধু একা থাকা নয়, গভীর মানসিক ক্ষতও
জোজোর ঘটনা বিচ্ছিন্ন কোনো উদাহরণ নয়। আফ্রিকার বন্য প্রাণী পাচারের কারণে অসংখ্য নরবানর পরিবার ও সামাজিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হচ্ছে।
প্যান আফ্রিকান স্যাংচুয়ারি অ্যালায়েন্সের হিসাব অনুযায়ী, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বব্যাপী বন্য প্রাণী বাণিজ্যে ৬ হাজারের বেশি আফ্রিকান প্রাইমেট কেনাবেচার শিকার হয়েছে। এর বাইরে পোষা প্রাণী, মাংস এবং ঐতিহ্যগত চিকিৎসার উপকরণ হিসেবে ব্যবহারের জন্য আরও অনেক প্রাণী অবৈধভাবে পাচার হয়।
বিশেষজ্ঞদের মতে, শিশু বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া বড় নরবানরদের ওপর দীর্ঘস্থায়ী মানসিক আঘাত তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের হত্যা এবং পরিচিত পরিবেশ হারানোর অভিজ্ঞতা তাদের আচরণ ও স্বাভাবিক বিকাশে গভীর প্রভাব ফেলে।
ব্রিটিশ সংস্থা অ্যাসপিনাল ফাউন্ডেশনের সংরক্ষণ বিশেষজ্ঞ টনি কিং দুটি শিশু গরিলার উদ্ধারের অভিজ্ঞতা তুলে ধরেছেন। কঙ্গো অববাহিকায় উদ্ধার করা ওই দুই বোনকে যখন অভয়ারণ্যে আনা হয়, তখন তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে ছিল। প্রায় তিন দিন তারা এভাবেই গুটিসুটি মেরে ছিল।
কিংয়ের ধারণা, পরস্পরকে আঁকড়ে থাকার এই প্রবণতাই হয়তো তাদের বেঁচে থাকতে সাহায্য করেছিল।
জোজোর শরীরেও ধরা পড়ছে দীর্ঘস্থায়ী মানসিক চাপ
জোজোর মানসিক অবস্থা বোঝার জন্য অধ্যাপক ফরেস্টার ব্যবহার করছেন বিশেষ ধরনের তাপীয় ক্যামেরা। এর মাধ্যমে মুখের বিভিন্ন অংশের তাপমাত্রা এবং রক্তপ্রবাহ পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
গবেষণায় জোজোর নাকের তাপমাত্রা দীর্ঘ সময় ধরে অস্বাভাবিকভাবে কম থাকার লক্ষণ পাওয়া গেছে।
মানুষসহ বিভিন্ন প্রাইমেট প্রাণী মানসিক চাপে পড়লে শরীরের রক্তপ্রবাহে পরিবর্তন ঘটে। বিপদের আশঙ্কায় চোখ ও কানের দিকে রক্তপ্রবাহ বাড়তে পারে, অন্যদিকে নাক সাময়িকভাবে ঠান্ডা হয়ে যায়। সাধারণ পরিস্থিতিতে এই পরিবর্তন আবার স্বাভাবিক হয়ে আসে।
কিন্তু জোজোর ক্ষেত্রে নাকের তাপমাত্রা দীর্ঘ সময় ধরে কম থাকার প্রবণতা দেখা যাচ্ছে। গবেষকেরা একে দীর্ঘস্থায়ী মানসিক চাপের প্রতিক্রিয়ার সম্ভাব্য লক্ষণ হিসেবে বিবেচনা করছেন।
ফরেস্টারের মতে, সামাজিক সম্পর্ক বড় নরবানরদের মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য একটি গরিলার সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ পেলে জোজো তার দীর্ঘদিনের শোক ও মানসিক আঘাত সামলাতে কিছুটা সহায়তা পেতে পারে।

গরিলাদের জীবনেও বন্ধুত্বের গুরুত্ব
গরিলাদের সামাজিক জীবন মূলত দলকেন্দ্রিক। তারা একসঙ্গে চলাফেরা করে, খাবার খোঁজে, বিশ্রাম নেয় এবং রাত কাটায়। নিজেদের দলের সদস্যদের সঙ্গে পরিচিতি ও সম্পর্ক তাদের স্বাভাবিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জুরিখের গবেষক রবিন মরিসন পাহাড়ি গরিলাদের সামাজিক সম্পর্ক নিয়ে কাজ করছেন। তাঁর গবেষণায় দেখা গেছে, স্ত্রী গরিলারা বহু বছর দেখা না হলেও আগে পরিচিত অন্য স্ত্রী গরিলাদের খুঁজে নিতে পারে।
তাঁর মতে, গরিলাদের সামাজিক সম্পর্ক মানেই সব সময় সক্রিয় যোগাযোগ নয়। অনেক সময় পাশাপাশি নীরবে বসে থাকা, একই জায়গায় সময় কাটানোও তাদের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।
কিন্তু জোজোর জীবনে অন্য কোনো গরিলার পাশে এভাবে নীরবে বসে থাকার সুযোগ কখনো আসেনি।
আফ্রিকার গ্রেস সেন্টার নামে পরিচিত গরিলা পুনর্বাসন ও সংরক্ষণকেন্দ্র শিশু গরিলাদের পুনর্বাসনে বিশেষ পদ্ধতি অনুসরণ করে। পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা শিশু গরিলাদের যত দ্রুত সম্ভব অন্য গরিলাদের দলে যুক্ত করা হয়। এর মাধ্যমে তারা নিজেদের প্রজাতির আচরণ, যোগাযোগ ও সামাজিক জীবন শিখতে পারে।
কিন্তু জোজোর ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। সে এখন পূর্ণবয়স্ক। দীর্ঘদিনের একাকিত্ব তার আচরণ ও মানসিক অবস্থায় প্রভাব ফেলেছে।

নতুন সঙ্গী খুঁজে পাওয়া এত কঠিন কেন?
জোজোর জন্য অন্য একটি গরিলা খুঁজে বের করা গেলেই সমস্যার সমাধান হবে না। নতুন সঙ্গীর সঙ্গে তার শারীরিক ও আচরণগত সামঞ্জস্য, স্বাস্থ্য এবং জিনগত বৈশিষ্ট্য বিবেচনা করতে হবে।
কোনো স্বীকৃত চিড়িয়াখানা থেকে গরিলা স্থানান্তর করতে হলে আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট কমিটির অনুমোদনও প্রয়োজন হতে পারে।
এ ছাড়া দুই প্রাণীকে সরাসরি মুখোমুখি করার আগে ধীরে ধীরে পরিচিত করানোর পরিকল্পনা রয়েছে। প্রথমে একে অপরের গন্ধযুক্ত কোনো বস্তু দেওয়া হতে পারে। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে ধাপে ধাপে কাছাকাছি আনার চেষ্টা করা হবে।
অধ্যাপক ফরেস্টার ইতিমধ্যে কয়েকটি স্বীকৃত চিড়িয়াখানার সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।
তাঁর মতে, এক চিড়িয়াখানা থেকে অন্য চিড়িয়াখানায় গরিলা স্থানান্তরের নিয়ম থাকলেও বিশেষভাবে একাকী প্রাণীর জন্য সঙ্গী খুঁজে দেওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট আন্তর্জাতিক প্রক্রিয়া নেই।
অন্যদিকে টনি কিং মনে করেন, জোজোর বয়স ও দীর্ঘদিনের অভ্যাস বিবেচনায় নতুন গরিলার সঙ্গে তার সম্পর্ক তৈরি করা কঠিন হতে পারে। এমনকি নতুন প্রাণী পরিচয় করিয়ে দেওয়ার প্রক্রিয়াও তার জন্য বাড়তি মানসিক চাপ তৈরি করতে পারে।
একাকিত্ব কি জোজোর নিয়তি?

প্রকৃতিতে পূর্ণবয়স্ক পুরুষ গরিলাদের একা বসবাস অস্বাভাবিক নয়। গবেষক মরিসনের মতে, প্রায় এক-তৃতীয়াংশ পূর্ণবয়স্ক পুরুষ গরিলা একাকী জীবন কাটায়। কৈশোরে পৌঁছানোর পর অনেক পুরুষ গরিলা নিজেদের দল ছেড়ে বেরিয়ে যায়। পরে তারা স্ত্রী গরিলাদের নিয়ে নতুন দল গঠনের চেষ্টা করে।
কেউ সফল হয়, কেউ দীর্ঘ সময় একাই থাকে।
তবে জোজোর একাকিত্বের সঙ্গে বন্য পরিবেশে স্বাভাবিকভাবে একা থাকার পার্থক্য রয়েছে। অন্য পুরুষ গরিলারা অন্তত শৈশবে পরিবার ও দলের সঙ্গে বসবাসের অভিজ্ঞতা পায়। জোজো সেই সুযোগই পায়নি।
মরিসনের মতে, জোজো একই সঙ্গে মানসিক আঘাত ও একাকিত্বের শিকার হয়ে থাকতে পারে। বন্য পরিবেশে গরিলারা দলবদ্ধভাবে চলাফেরা করে, খাবার খোঁজে এবং ঘুমায়। জীবনের বড় একটি অংশ তারা নিজেদের দলের সদস্যদের সঙ্গে কাটায়।
জোজোর পরিচর্যাকারী, গবেষক এবং সংরক্ষণকর্মীদের চাওয়া তাই খুব সাধারণ—তার জীবনে একজন সঙ্গী আসুক। সেটি স্ত্রী গরিলা হতে পারে, আবার তার সঙ্গে মানানসই কোনো পুরুষ গরিলাও হতে পারে।
অভয়ারণ্যের প্রধান পরিচর্যাকারী মাকাবার কথায়, একা থাকা মানে যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। অনেকটা কারাগারে বন্দি থাকার মতো।
জোজোর জীবনের প্রথম অধ্যায় কেটেছে মানুষের তৈরি বন্দিদশায়। দ্বিতীয় অধ্যায়ে সে পেয়েছে তুলনামূলক নিরাপদ আশ্রয়। এখন তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন—নিজের প্রজাতির আরেকটি প্রাণীর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ কি শেষ পর্যন্ত মিলবে?
একটি সঙ্গী হয়তো জোজোর জীবনের সব ক্ষত মুছে দিতে পারবে না। তবে দীর্ঘদিনের নিঃসঙ্গ জীবনে নতুন কোনো সম্পর্কের শুরু হতে পারে সেটিই।












