ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ। তাঁদের কারও কারও বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগ আনা হচ্ছে, আবার কাউকে আটক করে দেশ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটছে। অথচ তাঁদের অনেকের কাছে ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি রয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের নামও এখনো ভারতের ভোটার তালিকায় আছে।
গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাড়ি থেকে সবজি কিনতে বের হয়েছিলেন সাহিদা ফকির। ছোট ছেলেকে বলেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। ৩৮ বছর বয়সী এই নারী এখন বাংলাদেশের একটি গ্রামে অবস্থান করছেন। স্বামী ও দুই সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি।
সাহিদার ভাষ্য, সেদিন সাধারণ পোশাকে থাকা কয়েকজন কর্মকর্তা তাঁকে আটক করেন। তাঁর মুঠোফোনটিও নিয়ে নেওয়া হয়। ওই ফোনে নিজের পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল বলে দাবি করেন তিনি। পরে তাঁকে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়। আদালতের নথিতে দেখা গেছে, অভিযুক্ত কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্য ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্স যোগাযোগ করলেও পুলিশ বিভাগ কোনো জবাব দেয়নি।
বাংলাদেশের সাতক্ষীরায় বসে সাহিদা বলেন, ‘পেছন থেকে কেউ আমার হাত ধরে টেনে গাড়িতে উঠতে বলেছিল।’
ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে আটক, দেশছাড়া কিংবা জিজ্ঞাসাবাদের শিকার হওয়া ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে রয়টার্স। এসব পরিবারের সদস্যদের ভারতীয় পরিচয়পত্র বা পারিবারিক নথি রয়েছে। তাঁদের বাবা-মা, ভাইবোনসহ নিকটাত্মীয়দের অনেকের নামও ভারতের ভোটার তালিকায় আছে।

ঘটনাগুলো দেখাচ্ছে, ভারতের ভোটার তালিকা সংশোধনের বড় উদ্যোগ কীভাবে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া মানেই তিনি বিদেশি নাগরিক—এমন প্রমাণ প্রতিষ্ঠিত হয় না।
ইতিহাসের সবচেয়ে বড় ভোটার তালিকা সংশোধন
ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা সংশোধনের অংশ হিসেবে দেশজুড়ে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা গেছে, এই বাদ পড়ার ঘটনা তুলনামূলকভাবে বেশি প্রভাব ফেলেছে দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলমানদের ওপর।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও বঞ্চনামূলক নীতি বেড়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিরোধীদের অভিযোগ, নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী ভোটারদের তালিকা নতুন করে সাজানোর চেষ্টা করছে বিজেপি। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।

পশ্চিমবঙ্গে এই সংশোধন সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছে। চলতি বছরের রাজ্য নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আরও নিবিড় যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলমানদের। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলমান।
নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি।
সাবির ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ‘সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সির প্রভাব অস্বীকার করা যায় না। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনাও বড় ভূমিকা রেখেছে।’
ভোটার তালিকা থেকে বাদ, এরপর বহিষ্কারের ঘোষণা
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৫ নভেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার এক সমাবেশে ভোটার তালিকা সংশোধন এবং সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের বহিষ্কারের বিষয় দুটি সরাসরি যুক্ত করেন।
তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং এরপর একজন একজন করে খুঁজে বের করে দেশ থেকে বহিষ্কার করাই বিজেপির অঙ্গীকার।’
পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।
রাজ্যটিতে নাগরিকত্ব ও অভিবাসনের বিষয়টি ঐতিহাসিকভাবেই সংবেদনশীল। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ব্রিটিশদের টানা সীমান্তরেখা বাংলা অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে। দেশভাগের সময় লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে যায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময়ও ব্যাপক মানুষের স্থানান্তর ঘটে। এর ফলে বহু পরিবার ও সম্প্রদায়ের সদস্য দুই দেশের সীমান্তের দুই পাশে ছড়িয়ে পড়েন।

এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।
আদালতে লড়াই করছেন সাহিদার পরিবার
সাহিদা ফকিরের দাবি, রাত ১টার দিকে তাঁকে সীমান্তের একটি অরক্ষিত ও বেড়া না থাকা অংশ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। কাদায় মাখামাখি অবস্থায় কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাঁকে কাঁদতে দেখেন এবং আশ্রয় দেন।
তবে মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, আসাম সীমান্তে তাঁকে সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য চাওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
আদালতের নথি অনুযায়ী, ওই অভিযানে সাহিদাসহ মোট ১৪৯ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল।
সাহিদা বলেন, ‘আমি এক মুহূর্তের জন্যও ভাবিনি যে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমার বাড়ি, দাদা-দাদি এবং পরিবারের কয়েক প্রজন্মের শিকড় ভারতে।’

এখন তাঁর স্বামী জুম্মান আদালতে স্ত্রীর পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া অসংখ্য আবেদনের মধ্যে সাহিদার পরিবারের আবেদনও রয়েছে।
গত আগস্টে সাহিদার পরিবার ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করে। সেখানে বলা হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে কারও নাগরিকত্ব নির্ধারণ করা যায় না। যথাযথভাবে যাচাই না করা সরকারি দাবির ভিত্তিতে সাহিদাকে দেশ থেকে সরিয়ে দেওয়াও আইনসম্মত নয়।
রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিতে দেখা গেছে, ভারতের ১৯৫২ সালের প্রথম জাতীয় নির্বাচন থেকেই সাহিদার বাবা-মা ও দাদা-দাদির নাম পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার তালিকায় ছিল। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম পাওয়া গেছে। সর্বশেষ সংশোধনের ক্ষেত্রে এই সময়ের তালিকাকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ধরা হয়েছে। যাঁদের নাম ওই তালিকায় রয়েছে, তাঁদের অতিরিক্ত নথি জমা না দিয়েও ভোটার হিসেবে থাকার সুযোগ দেওয়ার কথা।
রয়টার্সের দেখা সাহিদার ভোটার পরিচয়পত্র অনুযায়ী, অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে।
তবে মুম্বাইয়ের বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণের মতো ‘বৈধ বা বিশ্বাসযোগ্য নথি’ দিতে পারেননি।

সাহিদা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কর্মকর্তারা মুঠোফোনটি নিয়ে নেওয়ায় সেখানে থাকা নথির কপি দেখানোর সুযোগ পাননি। ভারতের আইন অনুযায়ী, নাগরিকদের সব সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়।
‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’
কলকাতা হাইকোর্টে করা আরেকটি আবেদনে বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখসহ পাঁচজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়ার পর আটক করা হয়। অথচ নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁদের আপিল তখন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।
নাসিরুদ্দিন জানান, বাড়ি থেকে কয়েকশ কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাঁকে আরও ২২ জনের সঙ্গে আটক করে। তাঁদের মধ্যে ১৯ জনের নাম সংশোধিত ভোটার তালিকায় পাওয়া যাওয়ায় ১৪ দিন পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু নাসিরুদ্দিনসহ আরও তিনজনের নাম তালিকায় না থাকায় তাঁদের ৩২ দিন আটক রাখা হয়।
তিনি বলেন, ‘একজন পুলিশ সদস্য আমাকে বলেছিলেন, ভোটার তালিকায় আপনার নাম নেই। আপনি বাংলাদেশি।’

আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাঁকেও ছেড়ে দেওয়া হয়। নাসিরুদ্দিন জানান, তাঁদের আটককেন্দ্রে বড় একটি হলঘর ছিল, যেখানে ৬০ জনের বেশি মানুষের জন্য বিছানা রাখা ছিল। আটকের আগে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করা হয়।
তিনি বলেন, ‘সব অর্থেই সেটি ছিল কারাগার। আমরা বাইরে যেতে পারতাম না।’
তবে কলকাতা হাইকোর্টে পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্র নেই।
অন্যদিকে, মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য একটি অস্থায়ী কেন্দ্রে রয়টার্সের সাংবাদিকেরা ভেতরে কাপড় ঝুলতে এবং জানালা দিয়ে কয়েকজনকে বাইরে তাকিয়ে থাকতে দেখেছেন। কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই চত্বরে একটি অ্যাম্বুলেন্স ও ঢেকে রাখা পুলিশের একটি বাসও ছিল।
কেন্দ্রটির বিপরীতে বসবাসকারী মোসাম্মি রায় বলেন, দুই মাস আগে সেখানে কয়েকজনকে নিয়ে আসতে দেখেছেন তিনি। তাঁদের পরিবারের সদস্যদের বাইরে দাঁড়িয়ে কাঁদতেও দেখেছেন।
মানবাধিকারকর্মী কিরিটি রায় বলেন, ‘ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা রয়েছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছে। ট্রাইব্যুনালগুলো ধীরগতিতে কাজ করছে। যা ঘটছে, তাতে আমরা হতাশ।’















