শিশুদের বিপদের সময় শুধু উদ্ধার করাই যথেষ্ট নয়, তাদের ভয় ও মানসিক অস্বস্তি কমিয়ে নিরাপদ বোধ করানোও জরুরি। এই ভাবনা থেকেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নয় বছর বয়সী লেজার ম্যান শুরু করেছে ব্যতিক্রমী এক উদ্যোগ। অটিজমে আক্রান্ত শিশুদের জরুরি পরিস্থিতিতে মানসিক স্বস্তি দিতে সে তৈরি করছে বিশেষ ব্যাগ। ইতিমধ্যে ছয়টি অঙ্গরাজ্যে বিতরণ করা হয়েছে ৪৭৫টিরও বেশি ব্যাগ। এই উদ্যোগের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের বর্ষসেরা শিশু নির্বাচিত হয়েছে লেজার।
একটি ঘটনা বদলে দিল লেজারের ভাবনা
ঘটনার শুরু ভার্জিনিয়ার ডিনউইডি কাউন্টিতে। অটিজম ও সংবেদনগত সমস্যায় ভোগা এক শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। ঘন জঙ্গল, ঝোপঝাড় ও পানির প্রবাহ থাকা এলাকায় তাকে খুঁজতে পুলিশ, অগ্নিনির্বাপণ বিভাগের সদস্য, অনুসন্ধানী কুকুর ও চালকবিহীন উড়োজাহাজ ব্যবহার করা হয়।
পরে শিশুটিকে পাওয়া যায় নিজের বাড়ির পেছনের বারান্দায় থাকা গ্যাসের চুলার নিচের একটি সংরক্ষণ কেবিনেটে। সে সেখানে ঢুকে দরজা বন্ধ করে শান্তভাবে বসেছিল। বাইরের আলো, শব্দ ও অপরিচিত পরিবেশের চাপ থেকে নিজেকে আড়াল করতেই সম্ভবত সে এমন জায়গা বেছে নিয়েছিল।

শিশুটিকে উদ্ধারকারী দলের একজন সদস্য ছিলেন লেজারের বাবা জেটি ম্যান। বাড়ি ফিরে তিনি পরিবারের কাছে ঘটনাটি জানান। লেজারেরও অটিজম রয়েছে। ফলে অন্য শিশুটির ভয় ও অস্বস্তির বিষয়টি সে সহজেই বুঝতে পেরেছিল।
বাবা কীভাবে শিশুটিকে কেবিনেট থেকে বের করেছিলেন, তা শুনে লেজার বুঝতে পারে, জরুরি পরিস্থিতিতে শিশুদের শান্ত করার জন্য আরও কিছু প্রয়োজন। তার মনে হয়, উদ্ধারকারীদের কাছে এমন কিছু জিনিস থাকা উচিত, যা শিশুদের ভয় কমাতে এবং নিরাপদ বোধ করতে সাহায্য করবে।
স্বচ্ছ ব্যাগে থাকবে স্বস্তির নানা উপকরণ
লেজারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ব্যাগে থাকবে কম্বল, নরম খেলনা, বই, হাতে নাড়াচাড়া করার ছোট খেলনা, তারবিহীন হেডফোন এবং রোদ থেকে চোখকে সুরক্ষা দেওয়ার চশমা। যারা কথা বলতে পারে না, তাদের জন্য থাকবে সহজে মুছে আবার লেখা যায় এমন বোর্ড ও কলম।
ব্যাগগুলো স্বচ্ছ রাখার প্রস্তাবও দেয় সে। এতে শিশুরা ভেতরের জিনিস দেখতে পারবে এবং কথা বলতে না পারলেও নিজের পছন্দের জিনিসটি দেখিয়ে দিতে পারবে।
লেজারের মা আমান্ডার ভাষ্য অনুযায়ী, পুরো ধারণাটি মাত্র ১০ মিনিটের মধ্যে তৈরি করেছিল তার ছেলে। এরপর বাবা-মা, বড় ভাই পেটন এবং পরিবারটির বন্ধু, প্রতিবেশী ও স্বেচ্ছাসেবীরা উদ্যোগটি বাস্তবায়নে এগিয়ে আসেন।
নিজের জমানো টাকা দিয়েই শুরু
উদ্যোগটির প্রথম খরচ আসে লেজারের নিজের জমানো টাকা থেকে। সে সাধারণত টাকা খরচ করতে পছন্দ করে না। তার জমানো প্রায় ১০০ ডলার দিয়ে প্রথম চারটি ব্যাগ এবং সেগুলোর প্রয়োজনীয় উপকরণ কেনা হয়।

পরে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, পুলিশ সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠান অর্থ সহায়তা দিতে শুরু করে। ব্যাগে থাকা জিনিসগুলোর বেশির ভাগই কম দামে কেনা যায়। পরিবারের লক্ষ্য ছিল, ব্যয়বহুল উপকরণের বদলে সহজে পাওয়া যায় এমন জিনিস ব্যবহার করে যত বেশি সম্ভব ব্যাগ তৈরি করা।
লেজারের বাবা জানান, ব্যাগ তৈরির প্রতিটি ধাপে তার ছেলে খুব সতর্ক। কোন জিনিস কোথায় থাকবে, সবকিছু ঠিকভাবে সাজানো হয়েছে কি না—এসব নিজেই পরীক্ষা করে দেখে সে। তার কাছে প্রতিটি ব্যাগের কাজ নিখুঁত হওয়া জরুরি।
ছয় অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে উদ্যোগ
প্রথমে ডিনউইডি কাউন্টির পুলিশ ও অগ্নিনির্বাপণ বিভাগের বিভিন্ন কেন্দ্রে ব্যাগ দেওয়া হয়। পরে হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা দল, পুলিশ বিভাগ ও অগ্নিনির্বাপণ কেন্দ্রগুলোতেও তা পৌঁছে দেওয়া হয়। কাউন্টির বিভিন্ন এলাকায় যেন প্রয়োজনের সময় দ্রুত ব্যাগ পাওয়া যায়, সে অনুযায়ী স্থান নির্বাচন করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে উদ্যোগটির খবর প্রকাশিত হওয়ার পর অন্য অঙ্গরাজ্য থেকেও যোগাযোগ আসতে থাকে। ফ্লোরিডা, নিউইয়র্ক, মেরিল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনাসহ বিভিন্ন এলাকার মানুষ এবং উদ্ধারকারী দল ব্যাগ চায়। কেউ অর্থ সহায়তা দেয়, কেউ আবার নিজের এলাকায় ব্যাগ তৈরি ও বিতরণের দায়িত্ব নেয়।

এ পর্যন্ত ছয়টি অঙ্গরাজ্যে ৪৭৫টির বেশি ব্যাগ তৈরি ও বিতরণ করেছে ম্যান পরিবার। উদ্যোগটিকে আরও বড় করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ জন্য অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধনের উদ্যোগও চলছে।
শিশুর পছন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ
ব্যাগ পাওয়ার পর বিপদে পড়া শিশুরা সেখান থেকে নিজেদের পছন্দমতো একটি জিনিস নিয়ে রাখতে পারে। বাকি জিনিসসহ ব্যাগটি উদ্ধারকারীদের কাছে ফিরে যায়। পরে অনুপস্থিত উপকরণগুলো আবার পূরণ করে ব্যাগটি পরবর্তী ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়।
পরিবারটির অভিজ্ঞতায়, শিশুরা সবচেয়ে বেশি পছন্দ করে নরম খেলনা। পরিচিত ও আদরের কোনো খেলনা হাতে পেলে কঠিন পরিস্থিতিতেও শিশু কিছুটা স্বস্তি পেতে পারে।
লেজারের জন্য এই উদ্যোগ শুধু অন্যদের সহায়তা করার কাজ নয়, নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া একটি প্রয়োজনের সমাধানও। সে এখনো পড়াশোনা করে, খেলাধুলা করে এবং লেগো দিয়ে নানা কিছু তৈরি করতে ভালোবাসে। অঙ্ক তার প্রিয় বিষয়। বড় হয়ে পুলিশ কর্মকর্তা, নির্মাতা কিংবা রোবোটিকস নিয়ে কাজ করার ইচ্ছাও রয়েছে তার।
তবে আপাতত তার সবচেয়ে বড় স্বপ্ন, জরুরি পরিস্থিতিতে কোনো শিশুকে যেন ভয় ও অসহায়ত্ব নিয়ে একা থাকতে না হয়। লেজারের ভাষায়, সে চায় এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের সব জায়গায় পৌঁছে যাক।












