অবৈধ মাদকের বাজার দ্রুত বদলে যাচ্ছে। একের পর এক নতুন কৃত্রিম মাদক ছড়িয়ে পড়ছে, আর সেগুলো শনাক্ত করার দ্রুত পরীক্ষাও তৈরি হচ্ছে। এসব পরীক্ষার ফল পাওয়া যায় কয়েক মিনিটের মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ময়নাতদন্তকারী চিকিৎসক, কর্মক্ষেত্র, সামাজিক সংগঠন এমনকি সাধারণ মানুষও এসব পরীক্ষা ব্যবহার করতে পারছেন। কিন্তু মাদকের অতিমাত্রাজনিত বিষক্রিয়ায় আক্রান্ত রোগীকে জরুরি বিভাগে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকেরা সেই সুবিধা পাচ্ছেন না।
এতে তৈরি হয়েছে বড় ধরনের অসংগতি। কোনো ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা কিংবা অপরাধ তদন্তে প্রমাণ সংগ্রহের কাজে যে পরীক্ষা ব্যবহার করা যাচ্ছে, জীবন বাঁচানোর চেষ্টা করা চিকিৎসকেরা সেই পরীক্ষাই পাচ্ছেন না।
নিয়মের জটিলতায় আটকে আছে দ্রুত পরীক্ষা
সমস্যার বড় অংশই নিয়ন্ত্রক অনুমোদনের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো পরীক্ষা ব্যবহারের আগে খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন প্রয়োজন। রোগীর শয্যার পাশে কিংবা কাছাকাছি স্থানে দ্রুত পরীক্ষা চালানোর ক্ষেত্রেও আলাদা শর্ত রয়েছে। পরীক্ষাটি কতটা সহজ এবং ঝুঁকিমুক্ত, তা যাচাই করে চিকিৎসা পরীক্ষাগারের মানসংক্রান্ত বিধিমালার আওতায় বিশেষ ছাড় পেতে হয়।
নতুন মাদক শনাক্তের অনেক পরীক্ষায় শুধু অপরাধ তদন্ত বা গবেষণার কাজে ব্যবহারের অনুমতি থাকে। ফলে প্রচলিত আইন ও সরকারি অর্থায়নের নিয়ম মেনে চলা হাসপাতালগুলোতে সেগুলো ব্যবহার করা যায় না।
চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষার ফল নির্ভুল ও নির্ভরযোগ্য হওয়া জরুরি। দ্রুত শনাক্তকরণ পরীক্ষাকে তাই চূড়ান্ত বিষতাত্ত্বিক পরীক্ষার বিকল্প হিসেবে দেখা যায় না। তবে প্রাথমিকভাবে কোন মাদক শরীরে রয়েছে, তা জানার সুযোগও চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফেন্টানিলের পর বদলে গেছে মাদকের বাজার
ফেন্টানিলের বিস্তার দ্রুত পরীক্ষার প্রয়োজনীয়তা স্পষ্ট করেছিল। হাসপাতালের বাইরে ফেন্টানিল শনাক্তের দ্রুত পরীক্ষা থাকলেও হাসপাতালগুলোকে নির্ভর করতে হতো ব্যয়বহুল যন্ত্রনির্ভর পরীক্ষার ওপর। কোনো কোনো ক্ষেত্রে এসব পরীক্ষার ফল পেতে এক ঘণ্টা বা তারও বেশি সময় লাগত। অনেক হাসপাতালে আবার প্রয়োজনীয় যন্ত্রও ছিল না।
হাসপাতালে ব্যবহারের অনুমোদন পাওয়া দ্রুত পরীক্ষাগুলো চালু হওয়ার আগেই অবৈধ মাদকের বাজারে নতুন পরিবর্তন আসে। ২০২০ সাল থেকে ফেন্টানিলের সঙ্গে জাইলাজিনের মিশ্রণ ছড়িয়ে পড়তে শুরু করে। এতে চিকিৎসার জটিলতা বেড়ে যায়।
নালোক্সোন ফেন্টানিলের মতো মাদকের প্রভাব কাটাতে সহায়তা করলেও জাইলাজিনের প্রভাব দূর করতে পারে না। এই পদার্থের কারণে ত্বকে গভীর ক্ষত তৈরি হতে পারে, যা থেকে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। একই সঙ্গে এর প্রত্যাহারজনিত উপসর্গও শুধু ওপিওয়েডজাতীয় মাদকের তুলনায় বেশি জটিল।
এরপর মাদকের সরবরাহে জাইলাজিনের জায়গা দখল করতে শুরু করে মেডেটোমিডিন। এটিও নালোক্সোনে সাড়া দেয় না। বরং গভীর অচেতনতা ও হৃদ্যন্ত্রের কার্যক্রমে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। মাদক গ্রহণ বন্ধ করার কয়েক ঘণ্টার মধ্যেই এর প্রত্যাহারজনিত উপসর্গ দেখা দিতে পারে। এতে রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়া এবং হৃদ্স্পন্দন অস্বাভাবিক দ্রুত হওয়ার ঝুঁকি থাকে। তরুণদের মধ্যেও এসব জটিলতার সঙ্গে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার সম্পর্ক পাওয়া গেছে।
রোগীকে শনাক্ত করার আগেই জানা যাচ্ছে মৃত্যুর কারণ
জাইলাজিন ও মেডেটোমিডিন শনাক্ত করার মতো রোগীর শয্যার পাশে ব্যবহারের উপযোগী দ্রুত পরীক্ষা এখনো নেই। নতুন আরও কিছু বিপজ্জনক কৃত্রিম মাদকের ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে।
ফলে চিকিৎসকদের নির্ভর করতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা মাদকের তথ্য, জনস্বাস্থ্য সতর্কবার্তা এবং কয়েক মাস আগের মৃত্যুর পরিসংখ্যানের ওপর। রোগীর শরীরে ঠিক কোন পদার্থ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানার সুযোগ সীমিত থাকছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ময়নাতদন্তের মাধ্যমে কোনো নতুন মাদকের উপস্থিতি শনাক্ত করা যাচ্ছে, কিন্তু জীবিত রোগীর চিকিৎসার সময় তা জানা যাচ্ছে না।
দ্রুত অনুমোদন ও সরকারি অর্থায়নের প্রস্তাব
এই পরিস্থিতি মোকাবিলায় নতুন ও বিপজ্জনক মাদক শনাক্তের চিকিৎসা পরীক্ষার জন্য দ্রুত অনুমোদনের বিশেষ ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র কিংবা মাদক নিয়ন্ত্রণবিষয়ক কেন্দ্রীয় সংস্থা কোনো পদার্থকে জনস্বাস্থ্যের জন্য বড় ও ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করলেই এ ব্যবস্থা সক্রিয় করা যেতে পারে।
একই সঙ্গে পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা যাচাইয়ে সরকারি অর্থায়নের প্রয়োজন রয়েছে। নতুন মাদক দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় বাজারে অন্য পদার্থের জায়গা ছেড়ে দেয়। ফলে বড় পরিসরে গবেষণা ও পরীক্ষা চালানোর খরচ বেসরকারি উৎপাদকদের কাছে লাভজনক মনে নাও হতে পারে। কিন্তু বাজার ছোট বলে জনস্বাস্থ্য ও জননিরাপত্তার প্রয়োজন ছোট হয়ে যায় না।
দ্রুত পরীক্ষার ফলকে প্রাথমিক ধারণা হিসেবে ব্যবহার করতে হবে। ফল ইতিবাচক হলে প্রয়োজন অনুযায়ী আরও নির্ভুল পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত করা যাবে। চিকিৎসকেরা এমনিতেই রোগীর বর্ণনা, শারীরিক পরীক্ষা, জীবনরক্ষাকারী শারীরিক পরিমাপ, পরীক্ষাগারের ফল এবং চিকিৎসায় সাড়া দেওয়ার ধরন মিলিয়ে সিদ্ধান্ত নেন। দ্রুত মাদক শনাক্তের পরীক্ষা সেই সিদ্ধান্ত গ্রহণে বাড়তি সহায়তা করতে পারে।
হাসপাতাল হতে পারে আগাম সতর্কবার্তার কেন্দ্র
দ্রুত পরীক্ষা ব্যবহারের সুফল শুধু একজন রোগীর চিকিৎসায় সীমাবদ্ধ থাকবে না। হাসপাতালের জরুরি বিভাগে সংগৃহীত তথ্য নতুন মাদকের বিস্তার সম্পর্কে আগাম সতর্কবার্তা দিতে পারে। এতে কোনো মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই জনস্বাস্থ্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
মাদকের অতিমাত্রাজনিত সংকট মোকাবিলায় জরুরি বিভাগগুলোই সামনের সারিতে থাকে। সেখানে চিকিৎসকদের হাতে দ্রুত শনাক্তের আধুনিক সরঞ্জাম থাকা প্রয়োজন। কারণ এমন পরিস্থিতিতে কয়েক মিনিটের ব্যবধানও রোগীর চিকিৎসা, সুস্থতা এবং জীবন-মৃত্যুর প্রশ্নে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।












