বন্ধুত্বের সম্পর্ক শুধু ভালোবাসা, বিশ্বাস কিংবা একসঙ্গে সময় কাটানোর ওপর নির্ভর করে না। অনেক সময় অর্থনৈতিক সামর্থ্যের পার্থক্যও বন্ধুত্বের গভীরতা ও সম্পর্কের সমতা পরীক্ষা করে। কারও কাছে যে রেস্তোরাঁয় খেতে যাওয়া সাধারণ বিষয়, অন্য কারও কাছে সেই খরচ হতে পারে এক সপ্তাহের খাবারের বাজেট। তাই বন্ধুত্ব টিকিয়ে রাখতে অর্থ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
১৯৯৫ সালে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ফ্রেন্ডস’-এর একটি দৃশ্য এখনো অনেকের মনে আছে। সেখানে র্যাচেল, ফিবি ও জোয়ি তুলনামূলক কম বেতনের চাকরি করতেন। অন্যদিকে রস, মনিকা ও চ্যান্ডলারের আর্থিক অবস্থা ছিল ভালো। একদিন দামি রেস্তোরাঁয় দলবেঁধে খাওয়ার খরচ নিয়ে কথা ওঠে। রস বলেন, তিনি কখনো টাকা নিয়ে চিন্তা করেন না। তখন র্যাচেল উত্তর দেন, ‘কারণ তোমার টাকা আছে!’
তিন দশক পেরিয়ে গেলেও বন্ধুত্বের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের এই চিত্র খুব একটা বদলায়নি।
লেখকের নিজের অভিজ্ঞতাও বিষয়টি তুলে ধরে। গত বছর তাঁর এক বান্ধবী লন্ডনের অভিজাত রেস্তোরাঁ কারবোনে জন্মদিনের আয়োজন করতে চেয়েছিলেন। বান্ধবী একটি জাতীয় সাময়িকীতে কাজ করেন, আর লেখক স্বাধীনভাবে কাজ করেন। শেষ পর্যন্ত অন্যরা আসতে না পারায় দুজনকেই একসঙ্গে রাতের খাবার খেতে হয়। লেখক প্রায় ৭৫ ডলার খরচ করতে রাজি হয়েছিলেন। কিন্তু কয়েক মাস পর নিজের জন্মদিন আয়োজনের সময় বন্ধুদের কাছে একই পরিমাণ অর্থ খরচের প্রত্যাশা করতে পারেননি। তাই বাড়িতে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করেন এবং সবাইকে পিৎজা নিয়ে আসতে বলেন।
এমন ঘটনা শুধু একজনের অভিজ্ঞতা নয়। আরেক বন্ধুর গত এক বছরে বিভিন্ন দেশে বিয়ের অনুষ্ঠান ও বিয়ের আগের বিশেষ আয়োজনগুলোতে অংশ নিতে ১০ হাজার ডলারের বেশি খরচ হয়েছে। তিনি নিজের ইচ্ছায় এসব অনুষ্ঠানে অংশ নিলেও বুঝতে পেরেছেন, ব্যয়বহুল বিয়ের আয়োজনের সংস্কৃতি অনেক সময় বন্ধুদের মধ্যে নীরব অসন্তোষ তৈরি করে।
অর্থনৈতিক বৈষম্য যেভাবে দূরত্ব তৈরি করে
বন্ধুদের মধ্যে আয়ের পার্থক্য থাকলেই যে বড় ধরনের ঝগড়া হবে, এমন নয়। বরং দৈনন্দিন ছোট ছোট সিদ্ধান্তে এই ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে। কোথায় খেতে যাওয়া হবে, কোথায় ছুটি কাটানো হবে, হঠাৎ রাতে বাইরে যাওয়ার পরিকল্পনায় কে অংশ নিতে পারবেন—এসব বিষয়েই অর্থনৈতিক সামর্থ্যের পার্থক্য সামনে আসে।
অনেক সময় কম আয়ের বন্ধু নিজের সীমাবদ্ধতার কথা বলতে সংকোচ বোধ করেন। দামি কোনো আয়োজনের প্রস্তাব এলে সরাসরি না বলতে পারেন না। আবার বারবার অন্যদের পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে নিতে নিতে একসময় বন্ধুমহল থেকেই দূরে সরে যান।
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা তুলনামূলক সহজ হলেও বন্ধুত্বে এ নিয়ে খোলামেলা কথা বলার প্রবণতা কম। কে কত আয় করেন, কার আর্থিক অবস্থা কেমন—এসব বিষয় সাধারণত আলোচনায় আসে না।
এর ফলে যৌথ খরচের বিল পরিশোধ না করা, বন্ধুর কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত দিতে দেরি করা কিংবা অন্যের ওপর নিজের খরচ চাপিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে। আবার বন্ধুর বিয়ের আগের অনুষ্ঠানে অংশ নিতে অনেকে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে ঋণ পর্যন্ত করেন।
টাকা নিয়ে কথা বলতে অস্বস্তি কেন
মনোচিকিৎসক সিলভিয়া ডুটচেভিচির মতে, আমাদের সমাজে অর্থ নিয়ে আলোচনা এখনো একধরনের নিষিদ্ধ বিষয় হিসেবে বিবেচিত হয়।
তিনি তাঁর পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, মানুষ অনেক সময় নিজের গভীর ভয় কিংবা ব্যক্তিগত আকাঙ্ক্ষা নিয়ে সহজেই কথা বলতে পারেন। কিন্তু বেতনের পরিমাণ জানতে চাওয়া হলে অস্বস্তিতে পড়ে যান।
বাস্তবেও খুব কম মানুষ জানেন, তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা ঠিক কত টাকা আয় করেন বা তাঁদের আর্থিক সামর্থ্য কতটুকু।
কারণ টাকা শুধু কেনাকাটা বা খরচের মাধ্যম নয়। এর সঙ্গে স্বাধীনতা, সামাজিক মর্যাদা, ক্ষমতা ও নিয়ন্ত্রণের বিষয়ও জড়িয়ে আছে। সমাজে অনেক সময় আর্থিক সাফল্যকে ব্যক্তিগত যোগ্যতার মাপকাঠি হিসেবে দেখা হয়। আবার দারিদ্র্যকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হয়, যদিও এর পেছনে অনেক কাঠামোগত ও সামাজিক কারণ থাকে।
ফলে বন্ধুদের মধ্যে আর্থিক ব্যবধান থাকলে উভয় পক্ষই অস্বস্তিতে পড়তে পারেন। কম আয়ের বন্ধু নিজেকে ছোট বা অযোগ্য ভাবতে পারেন। অন্যদিকে বেশি আয়ের বন্ধু নিজের সামর্থ্য প্রকাশ করতে সংকোচ বোধ করতে পারেন। কেউ কেউ আবার ভাবেন, তাঁদের আর্থিক সুবিধার কারণে অন্য বন্ধুরা বিব্রত হচ্ছেন কি না।
এভাবে অর্থনৈতিক ব্যবধান শুধু খরচের বিষয় থাকে না; এটি বন্ধুত্বের মধ্যে অপরাধবোধ, লজ্জা ও মানসিক দূরত্বও তৈরি করতে পারে।
বন্ধুত্বে প্রয়োজন অর্থ নিয়ে নতুন আচরণবিধি
বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে অর্থনৈতিক সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। বিশেষ করে যেকোনো আয়োজনের পরিকল্পনা করার সময় দলের সবচেয়ে কম সামর্থ্যের বন্ধুটির অবস্থাও ভাবতে হবে।
এ বিষয়ে লেখক একটি সাম্প্রতিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর রেডিওলজি বিভাগে কর্মরত এক বন্ধু ৪০ ডলারের নির্ধারিত মূল্যের একটি সুশি রেস্তোরাঁ বেছে নেন। তবে যাওয়ার আগে তিনি লেখককে জিজ্ঞাসা করেন, ৪০ ডলার খরচ করা তাঁর জন্য ঠিক হবে কি না। সমস্যা থাকলে অন্য কোথাও যাওয়ার প্রস্তাবও দেন।
বন্ধুর এই ছোট্ট প্রশ্ন লেখকের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ এতে বোঝা যায়, তিনি শুধু নিজের পছন্দের কথা ভাবেননি, অন্য বন্ধুর সামর্থ্যের কথাও বিবেচনা করেছেন। এর ফলে তাঁদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়েছে।
একজন ভালো বন্ধু হওয়ার অর্থ শুধু আনন্দের সময় পাশে থাকা নয়। অন্যের সামর্থ্য ও সীমাবদ্ধতাকে সম্মান করাও এর অংশ। সবাই নিজের মতো করে খরচ করতে পারবেন—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ধার নেওয়া টাকা সময়মতো ফেরত দিতে হবে এবং কোনো আয়োজনের খরচ সবার ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
বন্ধুদের মধ্যে আয়ের পার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই পার্থক্য যেন সম্পর্কের মর্যাদা বা সমতা নষ্ট না করে, তা নিশ্চিত করা জরুরি।
শেষ পর্যন্ত অর্থনৈতিক ব্যবধানই বন্ধুত্বের আসল মূল্য নির্ধারণ করে না। বরং সেই ব্যবধানের মধ্যে একজন আরেকজনের সঙ্গে কেমন আচরণ করছেন, সেটিই প্রকাশ করে কে কতটা ভালো বন্ধু। টাকা শুধু মানুষের আর্থিক অবস্থাই দেখায় না, অন্যের প্রতি তার দায়িত্ববোধ ও বিবেচনাও সামনে নিয়ে আসে।












