শীত এলেই পোশাক, নখের রং ও সাজসজ্জায় গাঢ় এবং সমৃদ্ধ রঙের প্রতি আকর্ষণ বাড়ে। সেই ধারাবাহিকতায় চুলের রংয়েও দেখা যাচ্ছে গাঢ় শেডের জনপ্রিয়তা। এবারের শীতের ফ্যাশনে বিশেষভাবে নজর কেড়েছে মোখা ব্রাউন চুলের রং। উষ্ণ, চকচকে ও চকলেটের মতো গভীর এই রং এখন তারকাদের মধ্যেও বেশ জনপ্রিয়।
মোখা ব্রাউনকে অনেকে মোখা চকলেট নামেও চেনেন। গাঢ় এসপ্রেসো রঙের সঙ্গে হালকা দুধচকলেটের মতো বাদামি শেডের মিশ্রণে তৈরি হয় এই বিশেষ রং। এতে চুলে একদিকে যেমন গভীরতা আসে, অন্যদিকে তৈরি হয় স্বাভাবিক উজ্জ্বলতা।
তারকাদের পছন্দের মোখা ব্রাউন
খ্যাতিমান চুলের রং বিশেষজ্ঞ জেনা পেরি এই রংকে জনপ্রিয় করে তোলেন। বেলা হাদিদ ও কাইয়া গারবারের মতো তারকারা তাঁর তৈরি বিভিন্ন ধরনের বাদামি শেডের ভক্ত। পরবর্তী সময়ে হেইলি বিবার ও ডেইজি এডগার-জোনসের মতো তারকাদের মধ্যেও মোখা ব্রাউন চুলের রং জনপ্রিয় হয়ে ওঠে। পেরির মতে, এই রঙের নামের সঙ্গে চকলেট মুস কিংবা সমৃদ্ধ চকলেট কেকের সৌন্দর্যের মিল রয়েছে। এর গভীর ও চকচকে বাদামি আভা চুলে আভিজাত্য যোগ করে। সূর্যের আলোয় এই রং উষ্ণ আভা ছড়ায়, ফলে চুলকে নিষ্প্রাণ বা বিবর্ণ দেখায় না।
কীভাবে পাবেন মোখা ব্রাউন
লন্ডনের বুলার অ্যান্ড রাইস স্যালনের প্রতিষ্ঠাতা স্টিফেন বুলার ও অনিতা রাইসের মতে, শীতের জন্য কোকো রঙের এই শেড বেশ আকর্ষণীয়। তবে এর সৌন্দর্য ধরে রাখতে চুলে একই ধরনের গাঢ় রং ব্যবহার না করে বিভিন্ন মাত্রার বাদামি শেডের সমন্বয় করা জরুরি। বিশেষ করে চুলের মাঝামাঝি অংশ থেকে আগা পর্যন্ত রঙের বৈচিত্র্য থাকলে আলো পড়লে চুলে আলাদা উজ্জ্বলতা তৈরি হয় এবং চুল একরঙা ও ভারী না দেখিয়ে স্বাভাবিক ও পরিশীলিত মনে হয়।
যাঁরা দীর্ঘদিন ধরে চুলে বালায়াজ পদ্ধতিতে হালকা রং করিয়েছেন, তাঁদের জন্যও মোখা ব্রাউন ভালো বিকল্প হতে পারে। এতে আগের রং পুরোপুরি ঢেকে না দিয়ে ধীরে ধীরে গাঢ় শেডে ফিরে আসার সুযোগ থাকে। সব মিলিয়ে মোখা ব্রাউন চুলের রংয়ের জনপ্রিয়তার মূল কারণ এর বহুমাত্রিক রং, উষ্ণ আভা এবং স্বাভাবিক চকচকে ভাব। শীতের সাজে নতুনত্ব আনতে যাঁরা চুলের রং পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের জন্য এই শেড হতে পারে আকর্ষণীয় একটি পছন্দ।












