বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে শারীরিক নিষ্ক্রিয়তা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন এক বৈশ্বিক গবেষণায় দেখা গেছে, ১১ থেকে ১৭ বছর বয়সী প্রতি চারজন কিশোর-কিশোরীর একজন গত সপ্তাহে কোনো দিনই পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করেনি। প্রতিদিন অন্তত ৬০ মিনিট মাঝারি থেকে উচ্চমাত্রার শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়াকে এ গবেষণায় সক্রিয় হিসেবে বিবেচনা করা হয়েছে।
দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি ১৪০টি দেশ ও অঞ্চলের ৩২০ কোটির বেশি কিশোর-কিশোরীর তথ্য নিয়ে পরিচালিত শত শত জনভিত্তিক জরিপের ওপর ভিত্তি করে তৈরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, এই চিত্র বিশ্বব্যাপী প্রায় ২৪ কোটি কিশোর-কিশোরীর ক্ষেত্রে প্রযোজ্য।
সপ্তাহে সাত দিন সক্রিয় মাত্র ১৪ শতাংশ
গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা গড়ে সপ্তাহে ২ দশমিক ৭ দিন শারীরিকভাবে সক্রিয় থাকে। মাত্র ১৪ শতাংশ জানিয়েছে, তারা সপ্তাহের সাত দিনই পর্যাপ্ত শারীরিক কর্মকাণ্ডে অংশ নেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, শারীরিক নিষ্ক্রিয়তা হৃদ্রোগ, টাইপ-২ ডায়াবেটিস এবং কয়েক ধরনের ক্যানসারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ।
সংস্থাটির মতে, জীবনের শুরুতেই শিশু-কিশোরদের মধ্যে নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের অভ্যাস গড়ে তোলা জরুরি। এটি ভবিষ্যতে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি এসব রোগের বৈশ্বিক ঝুঁকি কমাতেও ভূমিকা রাখবে।
শারীরিক সক্রিয়তায় পিছিয়ে মেয়েরা
কিশোর-কিশোরীদের শারীরিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান পেয়েছে গবেষণাটি। প্রায় সব দেশ ও অঞ্চলেই ছেলেদের তুলনায় মেয়েরা কম শারীরিকভাবে সক্রিয়।
গবেষণায় দেখা গেছে, ২৮ শতাংশ কিশোরী গত সপ্তাহে কোনো দিনই পর্যাপ্ত শারীরিক কর্মকাণ্ডে অংশ নেয়নি। ছেলেদের ক্ষেত্রে এই হার ২২ শতাংশ।
অন্যদিকে, প্রতিদিন শারীরিকভাবে সক্রিয় থাকার কথা জানিয়েছে মাত্র ১১ শতাংশ মেয়ে। ছেলেদের ক্ষেত্রে এই হার ১৭ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়েসুস বলেন, গত ১৫ বছরে তরুণদের শারীরিকভাবে সক্রিয় করে তুলতে বিশ্ব প্রায় কোনো অগ্রগতিই অর্জন করতে পারেনি। এ ক্ষেত্রে মেয়েরা সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে।
বাংলাদেশে চিত্র তুলনামূলক ভালো
দেশভেদে কিশোর-কিশোরীদের শারীরিক সক্রিয়তার হারে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। নামিবিয়া, নেপাল ও ফিলিপাইনের মতো দেশে প্রায় ৪০ শতাংশ কিশোর-কিশোরী জানিয়েছে, গত সপ্তাহে তারা কোনো দিনই পর্যাপ্ত শারীরিক কর্মকাণ্ডে অংশ নেয়নি।
অন্যদিকে, বাংলাদেশ ও সার্বিয়ার ৩০ শতাংশের বেশি কিশোর-কিশোরী প্রতিদিন শারীরিকভাবে সক্রিয় থাকার কথা জানিয়েছে।
শুধু সচেতনতা নয়, প্রয়োজন নিরাপদ পরিবেশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কিশোর-কিশোরীদের শারীরিকভাবে সক্রিয় রাখতে শুধু তাদের আরও বেশি ব্যায়াম করার পরামর্শ দিলেই হবে না। বরং এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে চলাফেরা, খেলাধুলা ও শরীরচর্চা নিরাপদ, সহজ এবং দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হয়ে ওঠে।
এ ক্ষেত্রে নিরাপদ যাতায়াতব্যবস্থা, হাঁটা ও সাইকেল চালানোর উপযোগী রাস্তা, খেলাধুলার জন্য উন্মুক্ত স্থান এবং নিরাপদ সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং পর্দানির্ভর জীবনযাপনের বিস্তারও কিশোর-কিশোরীদের শারীরিক কর্মকাণ্ডে প্রভাব ফেলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রতিটি দেশের এমন নীতি গ্রহণ করা প্রয়োজন, যাতে দৈনন্দিন জীবনে শারীরিক কর্মকাণ্ড সহজলভ্য, নিরাপদ ও সবার জন্য প্রবেশযোগ্য হয়।












