২০২৭ সালে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আরও বাড়ার ঝুঁকি তৈরি করতে পারে এল নিনো। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট এই আবহাওয়াগত পরিস্থিতি বিশ্বজুড়ে খরা, বন্যা ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা বাড়াচ্ছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের পণ্যমূল্যেও বড় ধরনের চাপ তৈরি হতে পারে। তবে একই সময়ে দেশটির কর্মসংস্থান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে এল নিনো।
গত ২ নভেম্বর প্রকাশিত সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভের এক গবেষণায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে। গবেষকদের মতে, এল নিনোর বর্তমান পরিস্থিতি ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে।
২০২৭ সালে মূল্যস্তর বাড়তে পারে ১ শতাংশ
সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভের গবেষণায় বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে এল নিনোর প্রভাবে যুক্তরাষ্ট্রের সামগ্রিক মূল্যস্তর ইতিমধ্যে প্রায় ০.৩ শতাংশ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, এই প্রাথমিক মূল্যবৃদ্ধির প্রভাব চলতি বছরের শেষ নাগাদ কমে আসতে পারে। তবে ২০২৭ সালে এল নিনোর কারণে মূল্যস্তর নতুন করে সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
গবেষণাটি প্রস্তুত করেছেন সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভের গবেষণা সহযোগী মলি আর্ডেন ও টবি গ্রাফ এবং জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ব্রিজিত রথ ট্রান।
শক্তিশালী এল নিনোর আশঙ্কা
বিশ্ব আবহাওয়া সংস্থার গত মাসের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান এল নিনো সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি হয়ে উঠতে পারে।
এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বিপরীতমুখী পরিস্থিতি দেখা দিতে পারে। কোথাও দীর্ঘস্থায়ী খরা, কোথাও অতিবৃষ্টি ও বন্যা, আবার অনেক অঞ্চলে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।
এ ধরনের আবহাওয়াগত পরিবর্তন কৃষি উৎপাদন, খাদ্য সরবরাহ, জ্বালানি বাজার ও আন্তর্জাতিক পণ্য পরিবহনব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। এসব ক্ষেত্রে ব্যয় বেড়ে গেলে তার চাপ শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়ের পণ্যমূল্যেও পড়তে পারে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপে ফেডারেল রিজার্ভ
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে চাপে রয়েছে। গত সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে দেশটির মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে।
মহামারির সময় সরবরাহব্যবস্থায় বিঘ্ন, ২০২৫ সালে শুল্কের বড় ধরনের বৃদ্ধি এবং চলতি বছরের শুরুতে ইরান যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধিসহ একাধিক কারণে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে।
এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি এবং তুলনামূলক শিথিল আর্থিক পরিস্থিতিও মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডিসেম্বর মাসে এবং আগামী বছর আবারও নীতিসুদ বাড়ানো হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঝুঁকি বাড়ছে
গবেষকদের মতে, উন্নত আবহাওয়ার পূর্বাভাসের কারণে বর্তমানে ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবার ও নীতিনির্ধারকেরা আগের তুলনায় প্রাকৃতিক দুর্যোগের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারছেন। তবে বিশ্ববাজারের পারস্পরিক নির্ভরশীলতা বেড়ে যাওয়ায় বিদেশের কোনো সংকটের প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আগের চেয়ে বেশি পড়তে পারে।
বিশেষ করে সার সরবরাহের বাজারে বিঘ্ন, জ্বালানি খাতের সরবরাহব্যবস্থায় সংকট এবং রেকর্ড গড়া আবহাওয়াগত ঘটনাগুলো এল নিনোর সঙ্গে মিলে অপ্রত্যাশিত অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে।
গবেষকদের মূল্যায়নে, এল নিনোর কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে ২০২৭ সালে মূল্যস্ফীতির ওপর এর সম্ভাব্য প্রভাবকে উপেক্ষা করার সুযোগ নেই।












