যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের একটি বিশ্ববিদ্যালয় গত মাসে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার অত্যাধুনিক এইচ২০০ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ কিনেছে। চীনের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির এই কেনাকাটা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশিত ক্রয়সংক্রান্ত নথি অনুযায়ী, গত ২১ অক্টোবর প্রতিষ্ঠানটি দুটি এইচ২০০ চিপ কিনতে ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ান ব্যয় করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ৪৯ লাখ টাকা। চিপ দুটি সরাসরি এনভিডিয়ার কাছ থেকে কেনা হয়নি। চীনের শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো সংগ্রহ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর কাছে এ ধরনের চিপ বিক্রির জন্য বিশেষ অনুমোদন প্রয়োজন। সাধারণত নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অনুমোদন দেওয়া হয় না।
সামরিক গবেষণায় যুক্ত বিশ্ববিদ্যালয়
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শিয়ানে অবস্থিত নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র ও কৃত্রিম উপগ্রহ নিয়ে গবেষণা করে। দেশটির প্রতিরক্ষা খাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সাতটি বিশ্ববিদ্যালয়ের একটি এটি।
২০০১ সালে ক্ষেপণাস্ত্র বিস্তার ও সামরিক গবেষণায় সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০১৯ সালে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। এর ফলে প্রতিষ্ঠানটিতে নিয়ন্ত্রিত মার্কিন প্রযুক্তি রপ্তানির অনুমোদন সাধারণত প্রত্যাখ্যান করার নীতি নেওয়া হয়।
তবে নতুন ক্রয়সংক্রান্ত নথিতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টি শুধু চিপ কিনেই থেমে থাকেনি। চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়া করা কম্পিউটিং সক্ষমতার মাধ্যমেও এনভিডিয়ার শক্তিশালী চিপ ব্যবহারের সুযোগ নিয়েছে।
ভাড়া করা সার্ভারেও এনভিডিয়ার চিপ
নথি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়টির সাইবার নিরাপত্তা বিভাগ আটটি করে এইচ২০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের জন্য দুটি সাত মাসের চুক্তি করে। চুক্তি দুটির মূল্য ছিল যথাক্রমে ৪ লাখ ৪১ হাজার ৭০০ এবং ৪ লাখ ৪১ হাজার ইউয়ান।
এসব সার্ভার ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল উন্নত করা এবং রিইনফোর্সমেন্ট লার্নিং প্রশিক্ষণের পরিকল্পনা ছিল।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি আটটি এনভিডিয়া এ১০০ এবং আটটি এ৮০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের সুযোগও ভাড়া নিয়েছে। এই দুটি চিপই চীনের কোনো প্রতিষ্ঠানের কাছে রপ্তানির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত।
অন্য বিশ্ববিদ্যালয়েও নিষিদ্ধ চিপ
শুধু নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি নয়, চীনের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতাভুক্ত এনভিডিয়া চিপ কিনেছে বা সেগুলো ব্যবহার করে কম্পিউটিং সেবা নিয়েছে।
ক্রয়সংক্রান্ত ২৬টি নথি পর্যালোচনা করে দেখা গেছে, শেনঝেন ইউনিভার্সিটি গত সেপ্টেম্বরে তিনটি এইচ১০০ চিপ কিনেছে। এর দাম ছিল ৭ লাখ ৬৯ হাজার ৮০০ ইউয়ান।
উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি জুনে এইচ১০০ চিপযুক্ত একটি সার্ভার কিনেছে ৩ লাখ ৫৫ হাজার ইউয়ানে। একই বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ৩ লাখ ৪৪ হাজার ইউয়ানে চারটি এ১০০ চিপও কিনেছে।
চীনের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বেইহাং ইউনিভার্সিটি এপ্রিলে চারটি এ৮০০ চিপ কিনেছে। এগুলোর দাম ছিল ৪ লাখ ৮৯ হাজার ইউয়ান।
এ ছাড়া চীনের ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের জন্য এনভিডিয়ার এইচ৮০০ ও এ৮০০ চিপ ব্যবহার করে কম্পিউটিং সেবা দেওয়ার চুক্তির তথ্যও পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণব্যবস্থায় সীমাবদ্ধতা
চীনে এনভিডিয়ার নিষিদ্ধ চিপ পৌঁছানোর ক্ষেত্রে স্থানীয় সরবরাহকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোনো প্রতিষ্ঠান সরাসরি চিপ কিনছে, আবার কোনো প্রতিষ্ঠান চিপযুক্ত সার্ভার ভাড়া নিয়ে প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা ব্যবহার করছে।
চীনের সরকারি ক্রয়সংক্রান্ত নিয়ম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে সরবরাহকারী নির্ধারিত পণ্য বা সেবা দিতে সক্ষম কি না, তা যাচাই করার কথা। তবে এসব চিপের প্রকৃত উৎস কিংবা ভাড়া দেওয়া সার্ভারগুলো কোথায় পরিচালিত হচ্ছে, সে বিষয়ে অনেক নথিতে বিস্তারিত তথ্য নেই।
গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নির্দিষ্ট শর্তে চীনে কিছু এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দেওয়া শুরু করে। তবে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের মতো নিষেধাজ্ঞার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগের বিধিনিষেধ বহাল থাকে।
এনভিডিয়ার প্রধান নির্বাহীকে ঘিরে বিতর্ক
চীনে এআই চিপ রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্কও বাড়ছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর যুক্তি, চীনে মার্কিন প্রযুক্তি বিক্রি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব বজায় থাকবে এবং চীনা ক্রেতারা মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকবেন।
তবে মার্কিন আইনপ্রণেতাদের একাংশ মনে করেন, এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী চিপ চীনের হাতে পৌঁছালে দেশটির সামরিক সক্ষমতা বাড়তে পারে। বিশেষ করে অস্ত্রের নকশা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং সামরিক আধুনিকায়নে উন্নত এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।
এ কারণে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতারা চীনে উন্নত এআই চিপের প্রবেশাধিকার আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। চিপের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা এবং রপ্তানির ওপর কংগ্রেসের নজরদারি বাড়ানোর প্রস্তাবও এসেছে।
এদিকে, তিনজন রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির চেয়ারম্যান আগামী ১৮ নভেম্বর জেনসেন হুয়াংয়ের সঙ্গে বৈঠক করে তাঁর কথিত চীন-সংশ্লিষ্ট যোগাযোগ নিয়ে ব্যাখ্যা চাইতে পারেন।
চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ চিপ কেনা এবং ভাড়ার মাধ্যমে ব্যবহারের এসব ঘটনা দেখাচ্ছে, রপ্তানি নিয়ন্ত্রণের পাশাপাশি তৃতীয় পক্ষের সরবরাহকারী ও কম্পিউটিং সেবা ব্যবহারের সুযোগও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।












