কর্মক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে নতুন ধরনের বৈষম্য তৈরি হচ্ছে। এত দিন এই বৈষম্য বলতে বোঝানো হতো পুরুষদের তুলনায় নারীদের কম বেতন পাওয়া কিংবা সমান যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতিতে পিছিয়ে পড়া। কিন্তু এবার বৈষম্যের নতুন ক্ষেত্র হয়ে উঠেছে এআই। প্রযুক্তির ব্যবহারে পুরুষরা এগিয়ে থাকায় এআই ব্যবহারে পিছিয়ে নারীরা, আর তাতে কর্মজীবনের সুযোগ ও অগ্রগতিতেও পুরুষদের চেয়ে পিছিয়ে পড়ছেন তাঁরা।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শোরেনস্টাইন সেন্টার অন মিডিয়া, পলিটিকস অ্যান্ড পাবলিক পলিসির সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, নারী কর্মীরা পুরুষদের তুলনায় এআই প্রযুক্তি কম ব্যবহার করেন। একই সঙ্গে এআই ব্যবহারের দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং কর্মক্ষেত্রের অন্যান্য সহায়তা পাওয়ার সুযোগও নারীদের তুলনামূলকভাবে কম।
প্রতিষ্ঠানটির পরিচালক ন্যান্সি গিবসের মতে, এআই ব্যবহারে নারীদের সক্ষমতার ঘাটতি নেই। বরং আত্মবিশ্বাসের অভাব এবং কর্মক্ষেত্রে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার কারণে তাঁরা এই প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকছেন। এ ছাড়া এআইয়ের প্রতি নারীদের সামগ্রিক আস্থাও পুরুষদের তুলনায় কম। তবে এই সংশয়কে পুরোপুরি নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। গিবসের মতে, এআইয়ের নিরাপত্তা, ব্যবহারের সীমা, মূল্য ও কার্যকারিতা নিয়ে যে বৃহত্তর বিতর্ক চলছে, সেখানে নারীদের সতর্ক দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ।
এআই ব্যবহারে ব্যবধান কমছে, তবে ধীরগতিতে
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সোলেন দ্যলকোর্টের গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহারে নারী-পুরুষের ব্যবধান ধীরে ধীরে কমছে। তবে এই পরিবর্তনের গতি খুব বেশি নয়। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, কর্মক্ষেত্রে এআই যুক্ত করার বিষয়ে নারীরা এখনো তুলনামূলকভাবে বেশি দ্বিধা ও সতর্কতা প্রকাশ করেন। বিশেষ করে নতুন এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের অধিকাংশ ব্যবহারকারীই পুরুষ। দ্যলকোর্ট বলেন, অনেক নারী এআই নিয়ে একধরনের বিরক্তি প্রকাশ করছেন। তাঁদের মনে হচ্ছে, এই প্রযুক্তি কাজের আনন্দ ও সৃজনশীলতার কিছু অংশ কেড়ে নিচ্ছে।
সময়ের অভাবও পিছিয়ে দিচ্ছে নারীদের
এআই ব্যবহারে পিছিয়ে নারীরা, এর আরেকটি বড় কারণ সময়ের সংকট। দ্যলকোর্টের মতে, কর্মজীবী নারীরা ঘরে পুরুষদের তুলনায় বেশি গৃহস্থালির কাজ ও পরিবারের সদস্যদের দেখাশোনার দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রেও নিয়মিত দায়িত্বের বাইরে এমন অনেক কাজ তাঁদের করতে হয়, যেগুলো আলাদাভাবে স্বীকৃতি বা মূল্যায়ন পায় না। নতুন কোনো প্রযুক্তি শেখা ও কাজে প্রয়োগ করতে শুরুতে বাড়তি সময় ব্যয় হয়। ফলে যাঁদের হাতে আগে থেকেই অতিরিক্ত সময় কম, তাঁদের জন্য এআই শেখা কঠিন হয়ে ওঠে।
এআইনির্ভর পেশায় পুরুষদের কর্মসংস্থান বাড়ছে দ্রুত
এআই প্রযুক্তি মানুষের দক্ষতা বাড়াবে, নাকি একসময় বিপুলসংখ্যক কর্মসংস্থান বিলুপ্ত করবে, তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। তবে এরই মধ্যে কর্মক্ষেত্রে নারী-পুরুষের অগ্রগতির মধ্যে নতুন ব্যবধান তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এআইয়ের প্রভাব বেশি এমন পেশাগুলোতে নারীদের তুলনায় পুরুষদের কর্মসংস্থান দ্রুত বেড়েছে। সফটওয়্যার উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থাপনার মতো পেশা এর উল্লেখযোগ্য উদাহরণ।
বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহারের সুযোগ, প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এই ব্যবধান কমানো সম্ভব। ন্যান্সি গিবস মনে করেন, এআই প্রশিক্ষণ ও পরামর্শ কর্মসূচি তৈরির সময় নারীদের মতামতকে গুরুত্ব দিতে হবে। কারণ প্রশিক্ষণ, অভিজ্ঞদের পরামর্শ এবং প্রাতিষ্ঠানিক সহায়তা কর্মীদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করে। যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে নারীদের মতামত অনুপস্থিত থাকলে সেই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে।
এআইয়ের দ্রুত বিস্তারের সঙ্গে কর্মক্ষেত্রের ভবিষ্যৎও বদলে যাচ্ছে। এই পরিবর্তনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে এআই ব্যবহারে পিছিয়ে নারীরা, এই চিত্র আরও স্থায়ী হতে পারে এবং প্রযুক্তিগত অগ্রগতি নতুন করে কর্মসংস্থান ও পেশাগত বৈষম্য বাড়িয়ে তুলতে পারে।












