কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শেয়ারবাজারে দরপতন এবং চীনের বাধার মুখে জাপানের প্রযুক্তি বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংকের বিনিয়োগ কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা জানতে চাইছেন, এআই খাতে বড় অঙ্কের বিনিয়োগের ঝুঁকি সামাল দিতে সফটব্যাংকের পরিকল্পনা কী।
বিশেষ করে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের ১৩ শতাংশ মালিকানা অর্জনে ৬ হাজার ৪৬০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এআই খাতে সম্ভাব্য মন্দা দেখা দিলে সফটব্যাংক কতটা চাপ সামলাতে পারবে, সেটিই এখন বিনিয়োগকারীদের অন্যতম প্রশ্ন।
এআই খাতে অনিশ্চয়তা বাড়ছে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বড় সাফল্যের পর এআই খাতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে নতুন তথ্যকেন্দ্র নির্মাণে বিলম্বের আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে এআই শিল্পে বিনিয়োগের সম্ভাব্য মুনাফা নিয়েও সংশয় বাড়ছে।
গবেষণা প্রতিষ্ঠান ফিউচারাম গ্রুপের সেমিকন্ডাক্টর ও অবকাঠামো বিভাগের প্রধান রলফ বাল্কের মতে, তথ্যকেন্দ্র নির্মাণ, অর্থায়নের উৎস, বিদ্যুৎ সরবরাহ এবং কোথায় এসব অবকাঠামো স্থাপন করা হবে—এসব প্রশ্নের উত্তর ছয় মাস আগেও তুলনামূলক সহজ ছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেক বেশি জটিল।
এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠান, তথ্যকেন্দ্রের অবকাঠামো, সেমিকন্ডাক্টর ও রোবোটিকস—প্রযুক্তি খাতের প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই বিনিয়োগ রয়েছে সফটব্যাংকের। ফলে এআই শিল্পের ভবিষ্যৎ পরিস্থিতির ওপর প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থান অনেকটাই নির্ভর করছে।
ঋণের বোঝা বাড়ছে, শেয়ারে বড় পতন
এআই খাতে বড় বিনিয়োগের জন্য সফটব্যাংক উচ্চ সুদে ঋণ নিয়েছে। গত জুনের শেষে প্রতিষ্ঠানটির নিট সুদবাহী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ দশমিক ৮ ট্রিলিয়ন ইয়েনে, যা এক বছর আগে ছিল ৬ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েন। বর্তমান হিসাবে এই ঋণের পরিমাণ প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার।
এআই খাত নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারবাজারেও। গত শুক্রবার সফটব্যাংকের শেয়ারের দাম ১১ শতাংশ কমে যায়। একই সময়ে ঋণখেলাপির ঝুঁকির বিপরীতে বিমা সুরক্ষা নেওয়ার ব্যয় চার বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সোমবার শেয়ারটির দাম আরও ৪ দশমিক ২ শতাংশ কমেছে। চলতি বছরে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দর কমেছে ২৩ শতাংশ।
ঋণনির্ভর অর্থায়ন নিয়ে প্রশ্ন
সফটব্যাংকের আর্থিক ফলাফল সাধারণত বেশ ওঠানামাপূর্ণ। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের জরিপে অংশ নেওয়া তিন বিশ্লেষকের পূর্বাভাস অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২৩৩ বিলিয়ন ইয়েন থেকে শুরু করে ১১৩ বিলিয়ন ইয়েন লোকসান পর্যন্ত হতে পারে।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৩০ মিনিটে আর্থিক ফল প্রকাশের কথা রয়েছে। এর এক ঘণ্টা পর প্রধান আর্থিক কর্মকর্তা ইয়োশিমিৎসু গোটো বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবেন।
সফটব্যাংকের বড় বিনিয়োগগুলোর মধ্যে অন্যতম চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম। এই প্রতিষ্ঠানের শেয়ারকে জামানত হিসেবে ব্যবহার করে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে সফটব্যাংকের। কিন্তু আর্মের শেয়ারের দাম কমে যাওয়ায় নতুন করে ঋণ সংগ্রহের সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
গত শুক্রবার আর্মের শেয়ারের দাম দাঁড়ায় ১৭৫ ডলারে। গত জুনে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৬০ শতাংশ কমেছে।
বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান জেফরিজের বিশ্লেষক অতুল গোয়াল গত মাসে এক প্রতিবেদনে সতর্ক করেন, আর্মের শেয়ারের দাম ২০০ ডলারের নিচে থাকায় সফটব্যাংকের আর্থিক চাপ আরও বাড়তে পারে।
ফিউচারাম গ্রুপের রলফ বাল্কের ধারণা, পরিস্থিতির কারণে সফটব্যাংককে আরও সতর্ক অবস্থান নিতে হতে পারে। নতুন বিনিয়োগ বন্ধ করা, ঋণের পরিমাণ কমানো এবং কিছু বিনিয়োগ বিক্রি করে অর্থ সংগ্রহের পথেও হাঁটতে পারে প্রতিষ্ঠানটি।
চীনের বাধায় রোবোটিকস অধিগ্রহণও অনিশ্চিত
এদিকে সুইজারল্যান্ডভিত্তিক শিল্পপ্রযুক্তি প্রতিষ্ঠান এবিবির রোবোটিকস বিভাগ ৫৪০ কোটি ডলারে অধিগ্রহণের পরিকল্পনাও বাধার মুখে পড়েছে। চীন এই অধিগ্রহণে অনুমোদন না দেওয়ায় সফটব্যাংকের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, এবিবি ও সফটব্যাংক এখনো সমাধানের বিষয়ে আশাবাদী। এ নিয়ে সফটব্যাংক চীনা কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অধিগ্রহণের পথ সুগম করতে প্রতিষ্ঠান দুটি চীনে এবিবির ব্যবসা আলাদা করে রাখার বিষয়টিও বিবেচনা করছে।
সব মিলিয়ে এআই খাতে বিনিয়োগের ঝুঁকি, ঋণের চাপ এবং চীনের নিয়ন্ত্রক বাধা—তিন দিক থেকেই চ্যালেঞ্জের মুখে রয়েছে সফটব্যাংক। মঙ্গলবারের আর্থিক ফল প্রকাশের পাশাপাশি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ বিনিয়োগ ও ঋণ ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ তাই আরও বেড়েছে।












