যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উৎপাদন বেড়ে রেকর্ড ১ কোটি ৪৩ লাখ ব্যারেলে পৌঁছেছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির পূর্বাভাস, উৎপাদন বৃদ্ধি এবং বিশ্ববাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতির ফলে ২০২৭ সালে আন্তর্জাতিক বাজারে তেলের মজুত বাড়তে পারে। একই সঙ্গে কমতে পারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম।
ইআইএর নভেম্বর মাসের স্বল্পমেয়াদি জ্বালানি পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে তেলের উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পাশাপাশি আমদানি-রপ্তানির পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে। তেলের রপ্তানি বেড়ে যাওয়া এবং আমদানি কমে আসায় দেশটির বাণিজ্যিক অপরিশোধিত তেলের মজুত অক্টোবরে ২০১৪ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
তবে ২০২৭ সালে নিট আমদানি বাড়বে বলে ধারণা করছে সংস্থাটি। এর ফলে যুক্তরাষ্ট্রে তেলের মজুত আবারও বাড়তে পারে।
২০২৭ সালে কমতে পারে ব্রেন্টের দাম
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম নিয়ে ইআইএর পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে প্রতি ব্যারেল তেলের গড় দাম ১০৪ ডলার এবং ডিসেম্বরে ৯৯ ডলার হতে পারে।
তবে ২০২৭ সালে এই দাম কমে গড়ে ৮৬ ডলারে নেমে আসতে পারে। মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়া এবং বিভিন্ন দেশে জ্বালানি তেলের মজুত পুনর্গঠিত হওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে সংস্থাটি।
বিশ্ববাজারে সরবরাহ বাড়লে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জ্বালানি পরিবহনে জাহাজ চলাচল অব্যাহতভাবে বিঘ্নিত হলে স্বল্পমেয়াদে দামে বড় ধরনের ওঠানামা হতে পারে বলে সতর্ক করেছে ইআইএ।
যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের মজুতও বাড়বে
প্রাকৃতিক গ্যাসের বাজারেও সরবরাহ বাড়ার পূর্বাভাস দিয়েছে ইআইএ। সংস্থাটির হিসাবে, নভেম্বরের শেষে যুক্তরাষ্ট্রের গ্যাসের মজুত আগের মাসের পূর্বাভাসের তুলনায় প্রায় ৭০ বিলিয়ন ঘনফুট বেশি হতে পারে।
চলতি মাসের শুরুতে আবহাওয়া তুলনামূলক উষ্ণ থাকায় প্রাকৃতিক গ্যাসের দামের ওপর চাপ কমেছে। পাশাপাশি আসন্ন শীত মৌসুমজুড়ে গ্যাসের মজুত প্রত্যাশার চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
নভেম্বর থেকে আগামী মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হেনরি হাব বাজারে প্রাকৃতিক গ্যাসের গড় দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে ২ দশমিক ৮৭ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। গত মাসের পূর্বাভাসের তুলনায় এই দাম ১৬ শতাংশ কম।
তরলীকৃত গ্যাস রপ্তানিতে বড় প্রবৃদ্ধির সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিও বাড়তে পারে। নতুন রপ্তানি সক্ষমতা চালু হওয়া এবং বিদ্যমান স্থাপনাগুলোর সম্প্রসারণের ফলে ২০২৫ সালে দৈনিক প্রায় ১৫ বিলিয়ন ঘনফুট থেকে ২০২৭ সালে তা বেড়ে প্রায় ১৯ বিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে বলে ধারণা করছে ইআইএ।
এতে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের ভূমিকা আরও বাড়বে।
পেট্রোল-ডিজেলের দাম নিয়ে নতুন পূর্বাভাস
বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে আগের তুলনায় কিছুটা বেশি পূর্বাভাস দিয়েছে ইআইএ।
সংস্থাটির ধারণা, ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৫ দশমিক ০৩ ডলার হতে পারে। অক্টোবরের পূর্বাভাসে এই দাম ধরা হয়েছিল ৪ দশমিক ৪৯ ডলার।
একইভাবে পেট্রোলের গড় দাম প্রতি গ্যালনে ৩ দশমিক ৭৩ ডলার হতে পারে, যা আগের পূর্বাভাসের ৩ দশমিক ৫৬ ডলারের চেয়ে বেশি।
ইআইএর মতে, পরিশোধিত জ্বালানির বৈশ্বিক সরবরাহ ২০২৭ সালের শেষ পর্যন্ত তুলনামূলক সীমিত থাকতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্রের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে পূর্বাভাস বাড়ানো হয়েছে।












