কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার প্রযুক্তি শিল্পের ক্ষমতা ও সম্পদের সমীকরণ বদলে দিয়েছে। একসময় তুলনামূলক আড়ালে থাকা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী চিপ নির্মাতারা এখন প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাঁদের সম্পদ বেড়েছে অভাবনীয় গতিতে, বেড়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্ষমতাধর মহলেও তাঁদের গুরুত্ব এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজনীয় শক্তিশালী চিপ তৈরিতে তাঁর দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও কৌশল সিলিকন ভ্যালির প্রযুক্তি শিল্পের চেহারা বদলে দিয়েছে।
হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক ডেভিড ইয়োফির মতে, জেনারেটিভ এআইয়ের উত্থানের আগে সেমিকন্ডাক্টর ব্যবসা খুব বেশি আকর্ষণীয় বলে বিবেচিত হতো না। দ্রুত বিপুল অর্থ উপার্জনের ক্ষেত্র হিসেবেও এই শিল্পের পরিচিতি ছিল সীমিত। কিন্তু ২০২৩ সালে জেনারেটিভ এআইয়ের বিস্ফোরক অগ্রগতি চিপশিল্পকে প্রযুক্তি অর্থনীতির অপরিহার্য কেন্দ্রে নিয়ে আসে।
ইয়োফির ভাষায়, গত তিন বছরে হুয়াং কার্যত রকস্টারে পরিণত হয়েছেন। আর তার সঙ্গে এসেছে তারকাদের মতোই বিপুল জনমনোযোগ।
এনভিডিয়ার উত্থানে সম্পদের নতুন রেকর্ড
৬৩ বছর বয়সী হুয়াংয়ের সম্পদ বৃদ্ধির সবচেয়ে বড় উৎস এনভিডিয়ার শেয়ার। ২০১৭ সালে কোম্পানিটির শেয়ারবাজারে মূলত ভিডিও গেমের জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ চিপের নির্মাতা হিসেবে পরিচিতি ছিল। সে সময় হুয়াংয়ের এনভিডিয়া শেয়ারের মূল্য ছিল প্রায় ৬৫ কোটি ৯০ লাখ ডলার। কিন্তু এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে সেই শেয়ারের মূল্য বেড়ে প্রায় ১৪ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে।
সোমবার শেয়ারের দরপতনের পর হিসাব করেও এই বিপুল সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এমন পর্যায়ে, যা অনেক প্রতিষ্ঠিত সফটওয়্যার ও ইন্টারনেট উদ্যোক্তার সম্পদকেও ছাড়িয়ে গেছে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া ২০১৭ সালেই এক হাজার কোটি ডলারের বাজারমূল্য অতিক্রম করেছিল। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি প্রথম চিপ নির্মাতা হিসেবে এক ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করে। পরবর্তী সময়ে পাঁচ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করা বিশ্বের প্রথম তালিকাভুক্ত কোম্পানিতেও পরিণত হয়।
পুরোনো চিপশিল্পের তারকারা ছিলেন আড়ালে
হুয়াংয়ের আগে সেমিকন্ডাক্টর শিল্পের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্বদের একজন ছিলেন ইন্টেলের সাবেক প্রধান নির্বাহী অ্যান্ডি গ্রোভ। তবে তাঁর শেয়ারের মূল্য কখনো কয়েক শ কোটি ডলারের পর্যায়েও পৌঁছায়নি। ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর ছিলেন এই শিল্পের অন্যতম পরিচিত ধনকুবের।
গ্রোভ, মুর এবং তাঁদের সমসাময়িক অনেক উদ্যোক্তা ব্যক্তিগত জীবনে ছিলেন তুলনামূলক সংযত। দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবন, সাধারণ জীবনযাপন এবং প্রযুক্তিগত উদ্ভাবনেই তাঁদের পরিচিতি বেশি ছিল।
কিন্তু এনভিডিয়ার মতো দ্রুত রাজস্ব ও বাজারমূল্য বৃদ্ধির নজির ইন্টেলও তৈরি করতে পারেনি। এআইয়ের জনপ্রিয় বিভিন্ন ব্যবস্থায় বিপুল পরিমাণ হিসাব-নিকাশের কাজ সম্পন্ন করতে এনভিডিয়ার চিপ ব্যবহৃত হচ্ছে। ফলে কোম্পানিটির ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়েছে।
অন্য চিপ নির্মাতারাও বিপুল সম্পদের মালিক
এআইয়ের উত্থানে শুধু এনভিডিয়া নয়, আরও কয়েকটি সেমিকন্ডাক্টর কোম্পানির সম্পদ বেড়েছে।
এর মধ্যে রয়েছে ব্রডকম। প্রতিষ্ঠানটি এআই ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্কিং চিপ সরবরাহ করে। পাশাপাশি এআইয়ের হিসাব-নিকাশের উপযোগী চিপ নকশায়ও বিভিন্ন কোম্পানিকে সহায়তা করে। ব্রডকমের সহপ্রতিষ্ঠাতা হেনরি স্যামুয়েলির শেয়ারের মূল্য প্রায় ২ হাজার ৬০০ কোটি ডলার।
মেমোরি চিপ নির্মাতারাও এআইয়ের কারণে বড় ধরনের সুবিধা পেয়েছে। বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য এসব চিপ অপরিহার্য। যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে দুই ধরনের মেমোরি চিপ উৎপাদনকারী মাইক্রন টেকনোলজির অবস্থানও উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। একসময় নিয়মিত লোকসানে থাকা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বাজারধসের আগে এক ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছিল।
তবে মাইক্রনের প্রধান নির্বাহী সঞ্জয় মেহরোত্রা কিংবা ব্রডকমের প্রধান হক ট্যান প্রতিষ্ঠাতা পর্যায়ের বিপুল শেয়ারের মালিক নন। প্রকাশ্য তথ্য অনুযায়ী, তাঁদের প্রত্যেকের শেয়ারের মূল্য কয়েক শ মিলিয়ন ডলারের মধ্যে।
সম্পদ, ক্ষমতা ও বিতর্কের নতুন সমীকরণ
চিপশিল্পের নেতারা বরাবরই বিতর্কের বাইরে ছিলেন, এমন নয়। ২০১৮ সালে অধস্তন এক কর্মীর সঙ্গে সম্পর্কের কারণে ইন্টেল তার প্রধান নির্বাহী ব্রায়ান ক্রজানিচকে পদত্যাগে বাধ্য করে।
আবার কিছু উদ্যোক্তা তাঁদের বিপুল সম্পদ প্রদর্শনেও আগ্রহী ছিলেন। অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান জেরি স্যান্ডার্স বেভারলি হিলস ও মালিবুতে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন। তাঁকে কখনো কখনো রোলস রয়েস গাড়িতে চলাচল করতেও দেখা যেত।
গর্ডন মুর জীবনের শেষ দিকে হাওয়াই দ্বীপে প্রায় ১০ হাজার বর্গফুটের একটি বাড়ি নির্মাণ করেছিলেন। তবে তাঁর পরিচিতি বিলাসী জীবনযাপনের জন্য নয়; বরং জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সেমিকন্ডাক্টর উৎপাদন প্রযুক্তির অগ্রগতি নিয়ে করা বিখ্যাত পূর্বাভাসের জন্য।
অন্যদিকে, এনভিডিয়ার অভাবনীয় সাফল্য হুয়াংকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ওয়াশিংটনের প্রভাবশালী ব্যক্তিদের মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। বিপুল সম্পদ ও প্রভাবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং বিতর্কের বিষয়ও সামনে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হুয়াং সম্প্রতি অ্যালিস হুয়াং নামে এক চীনা নির্বাহীর সঙ্গে সম্পর্কের বিষয় স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে ওই নারী চীনা গুপ্তচর। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং এনভিডিয়ার একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এআই বিনিয়োগে মন্দার আশঙ্কা, তবু চিপশিল্পে প্রবৃদ্ধি
সাম্প্রতিক সময়ে এআই ডেটা সেন্টারের হার্ডওয়্যার খাতে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কায় শেয়ারবাজারে কিছুটা মন্দা দেখা দিয়েছে। এর ফলে চিপ নির্মাতাদের সম্পদ ও বিলাসী ব্যয়ের প্রবণতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে বাজারের এই অস্থিরতার মধ্যেও শিল্পটির আয় ও বিক্রির প্রবৃদ্ধি শক্তিশালী রয়েছে। নির্বাহী কর্মকর্তা ও বিশ্লেষকদের ধারণা, বর্তমান প্রবৃদ্ধি অতীতের প্রযুক্তি খাতের চক্রাকার উত্থান-পতনের তুলনায় দীর্ঘস্থায়ী হতে পারে।
গত আগস্টে সেমিকন্ডাক্টর শিল্পের বার্ষিক বিক্রি প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। কিছুদিন আগেও ধারণা করা হয়েছিল, এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ওই মাসে পূর্বাভাস দেয়, ২০২৬ সালে এ খাতের আয় দাঁড়াতে পারে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে, যা ২০২৫ সালের তুলনায় ৯২ শতাংশ বেশি।
গত মাসে সান ফ্রান্সিসকোতে সেমিকন্ডাক্টর শিল্পের বাণিজ্য সংগঠন সেমির বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাহী অজিত মানোচা বলেন, শিল্পটির এমন প্রবৃদ্ধি তিনি আগে কখনো দেখেননি। তাঁর মতে, এটি সেমিকন্ডাক্টর শিল্পের সবচেয়ে রোমাঞ্চকর সময়।












