বাংলা ভাষার এআই মডেল তৈরি, সাইবার নিরাপত্তা জোরদার আর প্রযুক্তি গ্রাম গড়তে এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে অর্থায়ন চেয়েছে বাংলাদেশ সরকার। প্রস্তাবিত কর্মসূচির সম্ভাব্য আকার ২৫ কোটি ডলার। এতে দক্ষিণ কোরিয়ার সহ-অর্থায়নের সম্ভাবনাও রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এটি হবে দেশের প্রথম নিজস্ব বাংলা ভাষার এআই মডেল।
এ মাসের শুরুতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিউলে যায়। সেখানে তাঁরা দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলা ভাষার এআই, কম্পিউটিং অবকাঠামো আর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা হয়। এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, এডিবি ও সরকার ২৫ কোটি ডলারের একটি সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করছে। এর আওতায় থাকবে এআই, সাইবার নিরাপত্তা আর প্রযুক্তি গ্রাম।
ঝাং জানান, অর্থায়নের কাঠামো আর বাস্তবায়নের সময়সূচি এখনো তৈরি হচ্ছে। সরকার ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ একটি সমন্বিত অর্থায়ন অনুরোধ জমা দেবে বলে আশা করা হচ্ছে। সাইবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তুতি এগোচ্ছে, এডিবি ২০২৭ সালে এর অনুমোদন চায়। এআই ও প্রযুক্তি গ্রামে বিনিয়োগ ধাপে ধাপে আসতে পারে। তার আগে প্রযুক্তিগত সমীক্ষা, প্রকল্প প্রস্তুতি আর কোরিয়ার সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা শেষ করতে হবে। পুরো প্যাকেজ কবে অনুমোদন হবে, তা এখনো ঠিক হয়নি। কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তবে এআই বিনিয়োগের অর্থায়ন এখনো চূড়ান্ত নয়।
সিউলের আলোচনায় এলজি এআই রিসার্চ ও ফুরিওসাএআইয়ের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা উঠে আসে। বাংলাদেশ বাংলা ভাষার জন্য আলাদা বড় ভাষা মডেল বানানোর কথা বলেছে। সেখানে এলজি এআই রিসার্চের তৈরি এক্সাওয়ান মডেলের মতো আঞ্চলিক মডেল থেকে সহায়তা নেওয়া যেতে পারে। কম খরচে ও কম বিদ্যুতে এআই প্রক্রিয়াকরণের জন্য ফুরিওসাএআইয়ের বিশেষ চিপের ব্যবহারও প্রতিনিধিদল খতিয়ে দেখে। ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো গড়তে নেভারের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনাও আলোচনায় ছিল। প্রস্তাবিত বাংলা ভাষার এআই মডেল সরকারি ও বেসরকারি খাতে তথ্য প্রক্রিয়াকরণ আর ডিজিটাল সেবা দেওয়ার কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।
ঝাংয়ের মতে, স্থানীয় ভাষায় তৈরি এআই স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সরকারি সেবায় কাজে লাগতে পারে। ব্যবসায়ীরাও উৎপাদন, পরিবহন আর বাজার ধরতে সুবিধা পাবেন। কোরিয়ার কোম্পানি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আর প্রযুক্তি গ্রামের অংশীদারিত্বে প্রশিক্ষণ, গবেষণা আর স্টার্টআপ বিকাশ হতে পারে। এডিবি কর্মকর্তারা সিউল সফরকে ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট উদ্যোগের জন্য বিনিয়োগ টানার প্রথম আন্তর্জাতিক প্রচেষ্টা বলেছেন। এই উদ্যোগে ২০ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা বলা হচ্ছে। এডিবি পাঁচ বছরে সর্বোচ্চ ৫০০ কোটি ডলার দিতে প্রতিশ্রুত। বাংলা ভাষার এআই মডেলের এই প্রস্তাব এখন সেই বড় পরিকল্পনার অংশ।












