ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে চালানো এ হামলায় তিন সিআরপিএফ সদস্য আহত হয়েছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে কুলগাম জেলার একটি নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালনরত সিআরপিএফ সদস্যদের ওপর হামলা চালায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। গুলি চালানোর পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
আহত তিন জওয়ানকে পার্শ্ববর্তী অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন কর্মকর্তার পেটে গুলি লাগায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের আঘাত গুরুতর নয়। তাঁদের একজনের হাতে গুলি লেগেছে এবং অন্যজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
সিআরপিএফ এক বিবৃতিতে জানিয়েছে, কুলগামে তাদের নিরাপত্তা চৌকিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলাকারীদের আটক করতে অভিযান চলছে। পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হামলার পর নিরাপত্তা জোরদার
ঘটনার পরপরই হামলাস্থলে অতিরিক্ত নিরাপত্তা সদস্য ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়। বিভিন্ন স্থানে নতুন করে তল্লাশিচৌকি বসানো হয়েছে। সাইরেন বাজিয়ে এবং মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কুলগাম জেলা সফর করছিলেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলির সময় তিনি ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না।
পাঁচ মাসে তৃতীয় হামলা
গত পাঁচ মাসে জম্মু ও কাশ্মীরে এটি তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে চালানো হামলা এটি দ্বিতীয়।
গত ২২ জুলাই অনন্তনগর শহরে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসীদের গুলিতে পুলিশ সদস্য আশিক হুসেইন কুরেশি নিহত হন। তিনি অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এর নয় দিন পর, ৩১ জুলাই কুলগাম জেলার কিলাম গ্রামের একটি ইটভাটায় শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ছত্তিশগড়ের এক পরিযায়ী শ্রমিক নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।












