ইন্দোনেশিয়ার বড় শহরগুলোতে দৌড় এখন শুধু শরীরচর্চা নয়, সামাজিক পরিচিতি ও প্রতিযোগিতারও অংশ। কে কত কিলোমিটার দৌড়ালেন, কত দ্রুত দৌড়ালেন কিংবা মাসে কত দূরত্ব অতিক্রম করলেন—এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে তৈরি হচ্ছে নতুন এক প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে জন্ম নিয়েছে অদ্ভুত এক ব্যবসা। নিজের হয়ে অন্যকে দিয়ে দৌড় করিয়ে নিচ্ছেন অনেকে।
ইন্দোনেশিয়ায় জনপ্রিয় হয়ে উঠছে অর্থের বিনিময়ে অন্যের হয়ে দৌড়ানোর সেবা। স্থানীয়ভাবে এটি পরিচিত ‘জাসা জোকি লারি’ নামে। এই সেবায় একজন ব্যক্তি গ্রাহকের হয়ে দৌড়ান এবং তাঁর ফিটনেস অ্যাপের হিসাবে সেই দৌড়ের তথ্য যুক্ত করেন। ফলে দৌড়ানোর পরিশ্রম করেন একজন, কিন্তু অর্জনের কৃতিত্ব পান অন্যজন।
বিশেষ করে যুক্তরাষ্ট্রভিত্তিক ফিটনেস অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্রাভাকে কেন্দ্র করে এই ব্যবসা বিস্তার লাভ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও থ্রেডসে নিয়মিত বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ করছেন দৌড়বিদেরা।
সামাজিক পরিচিতি ধরে রাখতে ভাড়া করা দৌড়বিদ
২৭ বছর বয়সী উদ্যোক্তা আকবরের অভিজ্ঞতা এই প্রবণতার একটি উদাহরণ। সহকর্মীদের সঙ্গে দৌড়াতে তাঁর ভালো লাগে। কিন্তু নিয়মিত দৌড়ানোর মতো সময় ও শক্তি সব সময় থাকে না। কর্মক্ষেত্র ও বন্ধুদের মধ্যে তাঁর পরিচিতি একজন নিয়মিত দৌড়বিদ হিসেবে। সেই পরিচিতি হারাতেও চান না তিনি।
এক বন্ধুর কাছ থেকে স্ট্রাভা জোকি সম্পর্কে জানার পর প্রথমে বিষয়টি হাস্যকর মনে হয়েছিল আকবরের। পরে কৌতূহল থেকে নিজেই এই সেবা নেন। গত দুই বছরে পাঁচ-ছয়বার অন্যকে দিয়ে নিজের হয়ে দৌড় করিয়েছেন তিনি। প্রতিবার দূরত্ব ছিল ১০ থেকে ১৫ কিলোমিটার।
আকবরের ভাষায়, এতে নিজেকে কম অলস মনে হয়। নিয়মিত দৌড়ানোর অভ্যাস পুরোপুরি ছেড়ে না দিলেও নিজের দৌড়বিদ পরিচিতি ধরে রাখতে মাঝেমধ্যে অন্যের সাহায্য নেন তিনি।
প্রতি কিলোমিটারে ২৫ থেকে ৫০ হাজার রুপিয়া
এই ব্যবসায় দৌড়ানোর দূরত্ব ও গতির ওপর নির্ভর করে নির্ধারিত হচ্ছে পারিশ্রমিক।
লিলা নামের ২৭ বছর বয়সী একজন দৌড়বিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের সেবার বিজ্ঞাপন দেন। প্রতি কিলোমিটারে ২৫ হাজার রুপিয়া নেন তিনি, যেখানে প্রতি কিলোমিটার শেষ করতে সময় লাগে ৮ থেকে ৯ মিনিট। দ্রুতগতিতে ৬ থেকে ৭ মিনিটে এক কিলোমিটার দৌড়ানোর জন্য তাঁর পারিশ্রমিক ৫০ হাজার রুপিয়া।
অর্থাৎ ১০ কিলোমিটার দৌড় করাতে গ্রাহককে খরচ করতে হয় আড়াই লাখ থেকে পাঁচ লাখ রুপিয়া।
এক্সে এমন সেবার চাহিদা দেখে লিলা ব্যবসাটি শুরু করেন। পরে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া অনুরোধ সামলাতে একটি দলও গড়ে তোলেন। তাঁর অধিকাংশ গ্রাহক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নতুন দৌড়বিদ। তাঁদের অনেকেরই নির্দিষ্ট দূরত্ব বা দৌড়ের লক্ষ্য পূরণের প্রয়োজন থাকে।
গ্রাহকেরা নিজেদের স্ট্রাভা অ্যাকাউন্টের প্রবেশসংক্রান্ত তথ্য সরবরাহ করেন। এরপর দৌড়বিদেরা সেই অ্যাকাউন্টে প্রবেশ করে গ্রাহকের নামে দৌড়ের তথ্য জমা দেন।
কর্মক্ষেত্রের লক্ষ্য পূরণেও ভাড়া করা হচ্ছে দৌড়বিদ
এই ব্যবসার আরেকটি বড় গ্রাহকগোষ্ঠী অফিস ও কারখানার কর্মীরা। তাঁদের প্রতিষ্ঠানগুলো স্ট্রাভাভিত্তিক দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। কোথাও নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হয়, কোথাও আবার মানচিত্রে নির্দিষ্ট ছবি বা নকশা তৈরি করে এমন পথে দৌড়ানোর চ্যালেঞ্জ থাকে।
রিজকি নামের বিশের কোঠার এক তরুণ কয়েক মাস আগে এ ধরনের সেবা দেওয়া শুরু করেন। তাঁর গ্রাহকেরা মূলত দীর্ঘ কর্মঘণ্টার কারণে দৌড়ানোর সময় পান না। কিন্তু প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য পূরণ করতে হয় বলে অন্যকে দিয়ে দৌড় করান।
রিজকির নির্ধারিত পারিশ্রমিক তুলনামূলক কম। পাঁচ কিলোমিটার দৌড়ের জন্য তিনি নেন ৪০ হাজার থেকে ৬০ হাজার রুপিয়া। ১০ কিলোমিটারের জন্য খরচ ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার রুপিয়া।
তাঁর মতে, অনেক কর্মী সারাদিন কাজ করার পর এতটাই ক্লান্ত থাকেন যে বাড়ি ফিরে আর দৌড়ানোর শক্তি পান না। কিন্তু প্রতিষ্ঠানের কার্যক্রমের অংশ হওয়ায় নির্ধারিত লক্ষ্য পূরণের চাপ থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিযোগিতা বাড়াচ্ছে চাপ
ইন্দোনেশিয়ায় করোনা মহামারির পর দৌড়ের জনপ্রিয়তা বেড়েছে। সাইক্লিংয়ের প্রতি আগ্রহের পাশাপাশি শহুরে তরুণদের মধ্যে দৌড় নতুন করে জনপ্রিয় হয়ে ওঠে।
স্ট্রাভা এই প্রবণতাকে আরও প্রতিযোগিতামূলক করেছে। অ্যাপটিতে ব্যবহারকারীরা নিজেদের দৌড়ের দূরত্ব, গতি ও ব্যক্তিগত রেকর্ড প্রকাশ করতে পারেন। ফলে শরীরচর্চার পাশাপাশি অন্যের সঙ্গে নিজের অর্জন তুলনা করার সুযোগ তৈরি হয়েছে।
ব্যান্ডুংভিত্তিক ক্রীড়াবিষয়ক কনটেন্ট নির্মাতা রিজা মুহাম্মদ মনে করেন, কর্মক্ষেত্রের চাপ ও সামাজিক স্বীকৃতির আকাঙ্ক্ষা—দুটিই এই ব্যবসার চাহিদা বাড়াচ্ছে।
কেউ পুরস্কার পাওয়ার জন্য অন্যকে দিয়ে দৌড় করান। কোনো কোনো প্রতিযোগিতায় মাসে কয়েক শ কিলোমিটার দৌড়ানোর লক্ষ্য পূরণ করলে জুতাসহ বিভিন্ন পুরস্কার পাওয়ার সুযোগ থাকে। আবার কেউ নিজের দৌড়ের গতি ও সক্ষমতা বাস্তবের চেয়ে বেশি দেখাতে চান।
তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কেউ কেউ ম্যারাথনের প্রস্তুতির অংশ হিসেবেও অন্যকে দিয়ে দৌড় করাচ্ছেন।
শরীরচর্চার বদলে তৈরি হচ্ছে ভুয়া অর্জন
বিশেষজ্ঞদের উদ্বেগের জায়গা এখানেই। ম্যারাথনের মতো দীর্ঘ দৌড়ের জন্য শরীরকে ধীরে ধীরে প্রস্তুত করতে হয়। নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের মাধ্যমে সহনশীলতা ও শারীরিক সক্ষমতা বাড়ে। অন্য কেউ সেই দূরত্ব অতিক্রম করলে প্রকৃত দৌড়বিদের শরীরের কোনো প্রস্তুতিই হয় না।
রিজা মুহাম্মদের মতে, দ্রুত দৌড়ানোর সক্ষমতা অর্জন করতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। অন্যকে দিয়ে দৌড় করানো কোনোভাবেই প্রকৃত প্রশিক্ষণের বিকল্প হতে পারে না।
কিছু ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহার করে অস্বাভাবিক দ্রুতগতির দৌড়ের তথ্যও স্ট্রাভায় জমা দেওয়ার অভিযোগ রয়েছে। তবে হৃদস্পন্দন ও গতির তথ্যের অসংগতি দেখে প্রশিক্ষকেরা অনেক সময় এসব অনিয়ম শনাক্ত করতে পারেন।
স্ট্রাভার কঠোর অবস্থান
স্ট্রাভা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপে ভুয়া দৌড়ের তথ্য জমা দেওয়া, কার্যক্রমের তথ্য পরিবর্তন করা, অন্যকে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দেওয়া কিংবা নিজের পরিচয়ে অন্যের অর্জন দেখানো তাদের নীতিমালার লঙ্ঘন।
এ ধরনের অনিয়ম শনাক্ত হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে। ব্যবহারকারীদের কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা ও অ্যাপের বৈশ্বিক সম্প্রদায়ের আস্থা রক্ষার জন্যই এই অবস্থান বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, দৌড়বিদদের একটি অংশ মনে করছে, এ ধরনের প্রতারণা প্রকাশ পেলে সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও রয়েছে। বিশেষ করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় কারও পারফরম্যান্স তাঁর আগের অনুশীলনের সঙ্গে না মিললে সন্দেহ তৈরি হয়।
ইন্দোনেশিয়ায় ভাড়া করা দৌড়বিদের এই ব্যবসা কত দিন টিকবে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ মনে করছেন, এটি সাময়িক প্রবণতা। আবার কেউ বলছেন, কর্মক্ষেত্রের লক্ষ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিযোগিতা যত দিন থাকবে, তত দিন এর চাহিদাও থাকবে।
তবে এই প্রবণতা একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে—শরীরচর্চার উদ্দেশ্য কি সত্যিই সুস্থ থাকা, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অর্জনকে আকর্ষণীয় করে তুলে ধরা?












