যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন কয়েকজন প্রেসিডেন্ট রয়েছেন, যাঁদের রাজনৈতিক সম্ভাবনা পূর্ণতা পাওয়ার আগেই থেমে গেছে। তাঁদের একজন জেমস এ গারফিল্ড। মাত্র কয়েক মাস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর আততায়ীর গুলিতে গুরুতর আহত হন তিনি। দীর্ঘ যন্ত্রণার পর তাঁর মৃত্যু হয়। ইতিহাসে ঘটনাটি শুধু একজন প্রেসিডেন্টের হত্যাকাণ্ড নয়, বরং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, মানসিক বিপর্যয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তার এক করুণ অধ্যায়।
গারফিল্ডকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ডেথ বাই লাইটনিং নতুন করে সামনে এনেছে উনিশ শতকের এই বিস্মৃত হত্যাকাণ্ড। চলচ্চিত্রটির চিত্রনাট্যকার মাইকেল ম্যাকোভস্কি মনে করেন, গারফিল্ডের মৃত্যু যুক্তরাষ্ট্রকে একজন সম্ভাবনাময় নেতার কাছ থেকে বঞ্চিত করেছে।
ইতিহাস ও চলচ্চিত্রের মেলবন্ধন
চলচ্চিত্রে গারফিল্ডের চরিত্রে অভিনয় করেছেন মাইকেল শ্যানন। আর তাঁর হত্যাকারী চার্লস গিটোর ভূমিকায় রয়েছেন ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন, যিনি সাকসেশন ধারাবাহিকে টম ওয়াম্বসগ্যানস চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন।

চলচ্চিত্রটির অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে সন্তুষ্ট ম্যাকোভস্কি। তাঁর মতে, সীমিত সামর্থ্যের মধ্যেও তাঁরা অসাধারণ অভিনয়শিল্পীদের যুক্ত করতে পেরেছেন।
গারফিল্ডের জীবনীকার ক্যান্ডিস মিলার্ডও অভিনয়শিল্পীদের কাজের প্রশংসা করেছেন। তাঁর মতে, মাইকেল শ্যানন গারফিল্ডের বুদ্ধিমত্তা, মর্যাদা ও মানবিক গুণাবলি অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন চার্লস গিটোর অদ্ভুত আচরণ, আত্মপ্রবঞ্চনা ও মানসিক বিপর্যয়ের জটিল দিকগুলো পর্দায় জীবন্ত করেছেন।
আততায়ীর স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা
চলচ্চিত্রটির কিছু অংশ ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হলেও কয়েকটি দৃশ্যে নির্মাতারা সৃজনশীল স্বাধীনতা নিয়েছেন।
হোয়াইট হাউসে গারফিল্ডের সঙ্গে গিটোর একমাত্র সাক্ষাৎ বাস্তবে সম্ভবত আনুষ্ঠানিক ও সংক্ষিপ্ত ছিল। কিন্তু চলচ্চিত্রে সেই সাক্ষাৎকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে গিটো প্রেসিডেন্টের কাছে নিজের আকাঙ্ক্ষা, হতাশা এবং জীবনে বড় কিছু হওয়ার ব্যর্থ প্রচেষ্টার কথা তুলে ধরে।
চলচ্চিত্রে গিটোর চরিত্রে ম্যাকফ্যাডিয়েনের সংলাপে ফুটে ওঠে স্বীকৃতি পাওয়ার মরিয়া আকাঙ্ক্ষা। সে গারফিল্ডের কাছে জানতে চায়, কীভাবে তাঁর মতো সফল হওয়া যায়। নিজের জন্যও সাফল্যের দরজা খুলে দেওয়ার আকুতি জানায় সে।

এই দৃশ্যের মধ্য দিয়ে হত্যাকারীর অপরাধের পেছনে থাকা বিকৃত মানসিকতা এবং স্বীকৃতি পাওয়ার অস্বাভাবিক আকাঙ্ক্ষাকে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।
অপরাধীর পেছনের মানুষটিকেও বোঝার চেষ্টা
১৮৮২ সালের ৩০ জুন চার্লস গিটোর ফাঁসি কার্যকর করা হয়। প্রেসিডেন্ট হত্যার মতো ভয়াবহ অপরাধের জন্য তার শাস্তি হলেও চিত্রনাট্যকার ম্যাকোভস্কি চরিত্রটিকে একমাত্রিক খলনায়ক হিসেবে দেখাতে চাননি।
তাঁর মতে, গিটো সমাজে চরম বিচ্ছিন্নতা, প্রত্যাখ্যান ও অবহেলার অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল। তার মানসিক সংকট মোকাবিলায় সহায়তার কার্যকর ব্যবস্থাও ছিল না।
ম্যাকোভস্কির বক্তব্য, গিটোর প্রতি সহানুভূতি দেখানো মানে তার অপরাধকে সমর্থন করা নয়। বরং একজন মানুষের মানসিক বিপর্যয় কীভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, সেটি বোঝার চেষ্টা করা।
গারফিল্ডের হত্যাকাণ্ড তাই কেবল একজন প্রেসিডেন্টের জীবনাবসানের গল্প নয়। এটি এমন এক ঐতিহাসিক ট্র্যাজেডি, যেখানে একজন সম্ভাবনাময় রাষ্ট্রনায়কের জীবন থেমে যায় এবং একজন মানসিকভাবে বিপর্যস্ত মানুষের ব্যক্তিগত হতাশার মূল্য দিতে হয় পুরো একটি দেশকে।














