পৃথিবীতে প্রাণের অস্তিত্বের জন্য পানি অপরিহার্য বলে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মনে করে আসছেন। কিন্তু নতুন গবেষণায় উঠে এসেছে ভিন্ন সম্ভাবনা। প্রাণের বিকাশ ও টিকে থাকার জন্য পানির পরিবর্তে সালফিউরিক অ্যাসিডও উপযুক্ত তরল মাধ্যম হতে পারে। এমনকি পৃথিবীর মতো কার্বননির্ভর জীবনের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ধরনের জৈবিক কাঠামোর প্রাণও গড়ে উঠতে পারে অ্যাসিডসমৃদ্ধ কোনো গ্রহে।
যুক্তরাষ্ট্রের গবেষক সারা সিগার ও তাঁর সহযোগীদের সাম্প্রতিক কয়েক বছরের গবেষণায় দেখা গেছে, সালফিউরিক অ্যাসিডে পৃথিবীর জীবনের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু জৈব অণু স্থিতিশীল থাকতে পারে। এই আবিষ্কার সৌরজগতের বাইরে প্রাণের সন্ধানে বিজ্ঞানীদের প্রচলিত ধারণাকে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।
কীভাবে শুরু হলো অ্যাসিড নিয়ে গবেষণা
গবেষণার সূত্রপাত ২০২০ সালে। তখন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কনকর্ডে বসবাসকারী ১৭ বছর বয়সী ম্যাক্স সিগার তাঁর মা, গ্রহবিজ্ঞানী সারা সিগারের সঙ্গে শুক্র গ্রহের পরিবেশ নিয়ে পরীক্ষা শুরু করেন।
শুক্র গ্রহের আকাশ ঘন সালফিউরিক অ্যাসিডের মেঘে ঢাকা। সেখানে অনুসন্ধানযান পাঠানোর সম্ভাবনা বিবেচনা করতে গিয়ে সারা সিগার জানতে চেয়েছিলেন, বিভিন্ন ধাতু ও সিরামিক অ্যাসিডের সংস্পর্শে কতটা টিকে থাকতে পারে।
ম্যাক্স প্রথমে বিভিন্ন উপাদানের রাসায়নিক প্রতিরোধক্ষমতা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পরে নিজেই সালফিউরিক অ্যাসিড দিয়ে পরীক্ষা শুরু করেন। একটি পিঁপড়াকে অ্যাসিডে ফেলার পর সেটি দ্রুত গলে যায়। কিন্তু একটি রডোডেনড্রন গাছের পাতা অ্যাসিডে ডুবিয়েও অক্ষত থাকে। পাতার মোমের মতো আবরণ সেটিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করেছিল।
এই ঘটনা থেকেই মা-ছেলের মনে প্রশ্ন তৈরি হয়—সব জৈব পদার্থ যদি সালফিউরিক অ্যাসিডে নষ্ট না হয়, তাহলে কোনো কোনো জৈব অণু কি এমন পরিবেশে টিকে থাকতে পারে?
ডিএনএর গুরুত্বপূর্ণ উপাদানও টিকে থাকে
পরবর্তী সময়ে গবেষণাটি পরীক্ষাগার পর্যন্ত গড়ায়। সারা সিগার ও তাঁর সহযোগীরা সালফিউরিক অ্যাসিডে বিভিন্ন জৈব অণুর স্থায়িত্ব পরীক্ষা করেন।
২০২৩ সালে তাঁদের গবেষণায় দেখা যায়, ডিএনএর চারটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান—অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন ও সাইটোসিন—সালফিউরিক অ্যাসিডের মধ্যেও অক্ষত থাকতে পারে।
সাধারণত সালফিউরিক অ্যাসিড ডিএনএকে ভেঙে ফেলে। এর কারণ, ডিএনএর কাঠামোয় থাকা চিনি ও ফসফেটের শৃঙ্খল অ্যাসিডের সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গবেষণায় দেখা যায়, ডিএনএর মূল রাসায়নিক উপাদানগুলো নিজেরা তুলনামূলকভাবে স্থিতিশীল।
এ থেকে বিজ্ঞানীরা ধারণা করেন, চিনির পরিবর্তে অন্য কোনো উপাদান দিয়ে তৈরি জিনগত কাঠামো সালফিউরিক অ্যাসিডনির্ভর পরিবেশে কাজ করতে পারে।
পরবর্তী গবেষণায় তাঁরা এমন একটি সম্ভাব্য বিকল্প জিনগত কাঠামোর সন্ধান পান, যেখানে চিনির পরিবর্তে অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল বা পেপটাইড ব্যবহার করা হয়েছে। গত বছর প্রকাশিত গবেষণায় দেখা যায়, এই কাঠামো সালফিউরিক অ্যাসিডে স্থিতিশীল থাকে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত আরেক গবেষণায় দেখা যায়, পেপটাইড অ্যাসিডের মধ্যেও স্থিতিশীল ত্রিমাত্রিক গঠন তৈরি করতে পারে। জীবদেহে জৈব অণুর কার্যকারিতার জন্য এ ধরনের গঠন গুরুত্বপূর্ণ।
পানির বাইরে প্রাণের নতুন সম্ভাবনা
বিজ্ঞানীরা এত দিন প্রাণের সন্ধানে মূলত পানি থাকা গ্রহগুলোকে অগ্রাধিকার দিয়েছেন। কোনো নক্ষত্রের চারপাশে যে অঞ্চলে তাপমাত্রা পানিকে তরল অবস্থায় রাখতে পারে, তাকে বাসযোগ্য অঞ্চল বলা হয়।
কিন্তু সালফিউরিক অ্যাসিডও বিকল্প তরল মাধ্যম হতে পারে বলে গবেষকেরা মনে করছেন। প্রায় ৫০ থেকে ৬৩৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এটি তরল অবস্থায় থাকতে পারে। ফলে পানি তরল থাকার তাপমাত্রার পরিসরের তুলনায় এর কার্যকর তাপমাত্রার সীমা আরও বিস্তৃত।
তবে এখনই পানি অনুসন্ধানের গুরুত্ব কমছে না। গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প শনাক্ত করা তুলনামূলক সহজ। সালফিউরিক অ্যাসিড খুব কম বাষ্পীভূত হওয়ায় দূর থেকে এটি শনাক্ত করা কঠিন।
শুক্র গ্রহেই কি মিলতে পারে প্রমাণ?
গবেষক সারা সিগারের ধারণা, সালফিউরিক অ্যাসিডনির্ভর প্রাণের সন্ধান পৃথিবীর কাছাকাছিও পাওয়া যেতে পারে। শুক্র গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা অত্যন্ত বেশি হলেও ওপরের বায়ুমণ্ডলে অ্যাসিডের ক্ষুদ্র ফোঁটা তুলনামূলক শীতল পরিবেশে ভেসে বেড়ায়। এসব ফোঁটার মধ্যে অণুজীবের অস্তিত্ব থাকতে পারে বলে তিনি ও তাঁর সহযোগীরা সম্ভাবনা দেখছেন।
এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে রকেট ল্যাবের সঙ্গে অংশীদারত্বে শুক্র গ্রহে একাধিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছেন সারা সিগার।
তবে অ্যাসিডনির্ভর প্রাণ কীভাবে শক্তি উৎপাদন করবে কিংবা তাদের গঠন কেমন হবে, তা নিয়ে এখনই নিশ্চিত কোনো ধারণা নেই। পৃথিবীতে সালোকসংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ ও শৈবাল সূর্যের আলো ব্যবহার করে শর্করা তৈরি করে। কিন্তু সালফিউরিক অ্যাসিডে শর্করা দ্রুত ভেঙে যায়। ফলে এমন পরিবেশে প্রাণের শক্তি উৎপাদনের প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
গবেষকদের মতে, প্রাণের অস্তিত্বের জন্য পানি একমাত্র সম্ভাব্য মাধ্যম—এমন ধারণা এখন আর নিশ্চিতভাবে ধরে নেওয়ার সুযোগ নেই। মহাবিশ্বে প্রাণের সন্ধানে সালফিউরিক অ্যাসিডও নতুন অনুসন্ধানের ক্ষেত্র তৈরি করতে পারে।
মহাবিশ্বে প্রাণের সন্ধানে পানির বাইরে নতুন সম্ভাবনা তৈরি করেছে গবেষণা। সালফিউরিক অ্যাসিডেও স্থিতিশীল থাকতে পারে প্রাণের গুরুত্বপূর্ণ জৈব অণু।
পানির বিকল্পে সালফিউরিক অ্যাসিডে প্রাণ
পৃথিবীর বাইরে প্রাণের সন্ধানে এত দিন পানিকেই প্রধান শর্ত হিসেবে বিবেচনা করেছেন বিজ্ঞানীরা। কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে, সালফিউরিক অ্যাসিডেও প্রাণের গুরুত্বপূর্ণ জৈব অণু টিকে থাকতে পারে। তাহলে কি শুক্র গ্রহের অ্যাসিডমেঘেও লুকিয়ে থাকতে পারে অণুজীব?












