ভিএ অ্যান্ড এ জাদুঘরের নতুন প্রদর্শনীতে উঠে এসেছে কনস্টান্টিনোপল থেকে ইস্তাম্বুল হয়ে ওঠার দীর্ঘ ইতিহাস। দেড় হাজার বছরেরও বেশি সময়ের ইতিহাসে ছড়িয়ে থাকা নানা নিদর্শন, শিল্পকর্ম ও স্থাপত্যের খণ্ডচিত্র একত্র করে এখানে তুলে ধরা হয়েছে এমন এক শহরের স্বপ্নময় প্রতিচ্ছবি, যা একসময় দুই বিশাল সাম্রাজ্যের রাজধানী ছিল।
‘কনস্টান্টিনোপল টু ইস্তাম্বুল: ওয়ান সিটি, টু এম্পায়ার্স’ শিরোনামের এই প্রদর্শনী ২০২৭ সালের ৯ মে পর্যন্ত চলবে। লন্ডনের ভিএ অ্যান্ড এ জাদুঘরে প্রবেশের পর দর্শনার্থীদের চোখে প্রথম যে নিদর্শনটি পড়ে, সেটি ষষ্ঠ শতকের একটি মোজাইকচিত্রের খণ্ডাংশ। সম্রাট প্রথম কনস্টান্টাইনের প্রতিষ্ঠিত গ্রেট প্যালেস থেকে উদ্ধার করা হয়েছিল এটি।
মোজাইকের অংশটিতে দেখা যায়, গোঁফওয়ালা মধ্যবয়সী এক ব্যক্তির মুখ। তাঁকে ঘিরে রয়েছে অ্যাকানথাস পাতার অলংকরণ। দুই পাশে সেই নকশা ধীরে ধীরে মিলিয়ে গেছে। একই ছবির ডান দিকে দেখা যায়, হালকা বাদামি রঙের একটি শিকারি কুকুর আনন্দে লাফিয়ে উঠছে অজানা কোনো গন্তব্যের দিকে।
মোজাইকটির প্রকৃত অর্থ কী, কিংবা আদৌ এর কোনো নির্দিষ্ট অর্থ ছিল কি না, তা বোঝার উপায় নেই। তবে এর মধ্যে রয়েছে তীব্র প্রাণশক্তি ও জীবনের স্পন্দন। লোকটির ঠোঁট সামান্য খোলা, যেন এইমাত্র নিঃশ্বাস ছেড়েছেন। কপালে চিন্তার ভাঁজ, গভীর চোখে উদ্বেগের ছাপ। তাঁর দৃষ্টি দর্শনার্থীকে সহজে ছেড়ে যায় না। প্রদর্শনীর এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার পরও সেই চোখের চাহনি মনে গেঁথে থাকে।
পাতা ও ফুলের পুনরাবৃত্তিমূলক বৃত্তাকার নকশার মধ্যে যেন আটকে আছেন মানুষটি। চিরন্তন অথচ বারবার নতুন রূপে আবির্ভূত হওয়া এই শহরের মানবজীবনের জন্য এটি যেন এক নিখুঁত রূপক।
রোমান রাজধানী থেকে বাইজেন্টাইন জৌলুস
প্রদর্শনীটি চারটি ভাগে সাজানো হয়েছে। প্রথম দুটি অংশে তুলে ধরা হয়েছে কীভাবে শহরটি রোমান সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়েছিল এবং পরবর্তী বাইজেন্টাইন যুগে কীভাবে সমৃদ্ধি ও সাংস্কৃতিক জৌলুসের কেন্দ্র হয়ে উঠেছিল। শহরটির স্থাপত্য, ধর্মীয় শিল্পকর্ম এবং রাজদরবারের বিলাসবহুল সামগ্রীতে সেই ইতিহাসের প্রতিফলন দেখা যায়।
শেষ দুটি অংশে রয়েছে অটোমান শাসনামলে কনস্টান্টিনোপলের নতুন উত্থানের ইতিহাস। সে সময় শহরটি হয়ে ওঠে মানুষের সমাগম, শিল্পকলা ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিভিন্ন জনগোষ্ঠী, তাদের সংস্কৃতি ও কারুশিল্প এখানে এসে মিলিত হয়েছিল। পাশাপাশি তুলে ধরা হয়েছে নগরজীবনের দৈনন্দিন অভিজ্ঞতা, ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও সামাজিক রীতিনীতি।
প্রদর্শনীর দেয়ালে বড় করে লেখা তিনটি তারিখ শহরটির ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলো নির্দেশ করে। প্রথমটি ৩৩০ সাল, যখন সম্রাট কনস্টান্টাইন শহরটিকে নিজের সাম্রাজ্যের রাজধানী করেন। দ্বিতীয়টি ১৪৫৩ সাল, যখন অটোমানদের হাতে শহরটির পতন ঘটে এবং এটি তাদের সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়। আর তৃতীয়টি ১৯২২ সাল, প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের ভাঙনের মধ্য দিয়ে যখন শহরটি আর কোনো সাম্রাজ্যের রাজধানী থাকেনি।
তবে বাইজেন্টাইন সাম্রাজ্যের পরাজয় ও ১৪৫৩ সালের বিপর্যয় প্রদর্শনীর ইতিহাসের কেন্দ্রীয় বিষয় হলেও এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার মধ্যেই সেই পরাজয়ের ভয়াবহতা অনেকটা আড়ালে চলে যায়। প্রদর্শনীটি মূলত রাজনৈতিক ক্ষমতার সংঘাত কিংবা যুদ্ধের নির্মম বাস্তবতার চেয়ে ক্ষমতার দৃশ্যমান প্রকাশ, প্রতীক ও শিল্পসৌন্দর্যের প্রতি বেশি মনোযোগ দিয়েছে।
এ কারণেই এখানে স্থান পেয়েছে চতুর্থ শতকের শেষভাগের হিপ্পোড্রোমের একটি ব্রোঞ্জের রথের ফলক। রুপার কারুকাজে তাতে ফুটিয়ে তোলা হয়েছে শিকারের দৃশ্য। রয়েছে কূটনৈতিক উপহার হিসেবে দেওয়া অসাধারণ সব শিল্পকর্মও।
এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সেন্ট লরেন্সের পালিয়াম। রক্তিম লাল রঙের বিশাল রেশমি কাপড়টিতে বিভিন্ন সাধুর জীবনকাহিনি সোনালি ও নানা রঙের সুতোয় সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় ১২৬১ সালে এটি জেনোয়া প্রজাতন্ত্রকে উপহার দেওয়া হয়েছিল। এ ছাড়া ১৭৯৫ সালে ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় জর্জকে উপহার দেওয়া হয়েছিল সোনার তৈরি এক জোড়া পিস্তল। উপহারটি দিয়েছিলেন ব্রিটেনে নিযুক্ত অটোমান সাম্রাজ্যের প্রথম স্থায়ী রাষ্ট্রদূত।
সর্পস্তম্ভের ইতিহাসে সাম্রাজ্যের উত্থান-পতন
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ কনস্টান্টিনোপলের হিপ্পোড্রোমে একসময় স্থাপিত বিখ্যাত সর্পস্তম্ভের মাথার অবশিষ্ট অংশ। ব্রোঞ্জের তৈরি এই অংশটি ছিল স্তম্ভের মাথায় থাকা তিনটি সাপের একটির ওপরের চোয়াল। তিনটি সাপের মাথা একত্র হয়ে একটি সোনার পাত্রের ভিত্তি তৈরি করেছিল।
এই স্তম্ভের ইতিহাসে ধরা পড়ে সাম্রাজ্যিক শহরগুলোর আকর্ষণক্ষমতা এবং তাদের গভীর ঐতিহাসিক উত্তরাধিকারের গল্প।
খ্রিষ্টপূর্ব ৪৭৯ সালে প্লাতাইয়ার যুদ্ধে পরাজিত পারসিকদের বর্ম গলিয়ে স্তম্ভটি তৈরি করা হয়েছিল। প্রথমে এটি ডেলফির অ্যাপোলো মন্দিরের সামনে স্থাপন করা হয়। চতুর্থ শতকে সম্রাট প্রথম কনস্টান্টাইন এটি কনস্টান্টিনোপলের হিপ্পোড্রোমে নিয়ে আসেন।
১২০৪ সালে চতুর্থ ক্রুসেডের সময় ক্রুসেডার বাহিনী শহরটি লুটপাট করলেও কোনোভাবে স্তম্ভটি টিকে যায়। কিন্তু ১৭০০ সালে এটি ভেঙে ফেলা হয় এবং এর বিভিন্ন অংশ হারিয়ে যায়।
শহরটির ইতিহাসে এমন ধ্বংস ও পুনর্গঠন বারবার ঘটেছে। ১৪৫৩ সালের বিপর্যয়ের আগেও অষ্টম ও নবম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যে ধর্মীয় প্রতিমা ও মূর্তি ধ্বংসের প্রবণতা দেখা দিয়েছিল। প্রদর্শনীতে সেই সময়ের একটি বিরল ষষ্ঠ শতকের ভাস্কর্য রয়েছে। এতে যিশুখ্রিষ্টের মুখমণ্ডল আঘাত করে মুছে ফেলা হয়েছে।
আরও রয়েছে একাদশ শতকের একটি অসাধারণ ধর্মীয় পাণ্ডুলিপি। এর প্রান্তে আঁকা ছবিতে দেখা যায়, দুজন প্রতিমাবিরোধী ব্যক্তি যিশুর ছবির ওপর সাদা রং লাগিয়ে সেটি মুছে ফেলছেন। দৃশ্যটি এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেন তাঁরা পাণ্ডুলিপির পাতা থেকেই তাঁর প্রতিচ্ছবি মুছে দিতে হাত বাড়িয়েছেন।
সর্পস্তম্ভের মাথার প্রতীকী রূপান্তরও বেশ তাৎপর্যপূর্ণ। একসময় যুদ্ধজয়ের স্মারক হিসেবে তৈরি এই বস্তু পরে ধর্মীয় উৎসর্গের অংশ হয়েছিল। এরপর আবার সাম্রাজ্যিক ক্ষমতা প্রদর্শনের প্রতীকে পরিণত হয় বিনোদনকেন্দ্র হিপ্পোড্রোমে।
এই রূপান্তরের মধ্য দিয়ে সাম্রাজ্য ও নগরসভ্যতার পরিবর্তনশীল চরিত্র ফুটে ওঠে। ১৪৫৩ সালের আগে ও পরে বহু শতাব্দী ধরে কনস্টান্টিনোপল ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। পূর্ব ও পশ্চিম, ইউরোপ ও এশিয়া, বিভিন্ন জনগোষ্ঠী এবং তাদের পণ্য ও সংস্কৃতির মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করেছে শহরটি।
পূর্ব-পশ্চিমের সংস্কৃতির মিলনকেন্দ্র
প্রদর্শনীর বিভিন্ন নিদর্শনে শহরটির সাংস্কৃতিক আদান-প্রদানের ইতিহাস স্পষ্ট হয়ে ওঠে। বাইজেন্টাইন ধর্মীয় চিত্রকলার রীতিনীতি রুশ অর্থোডক্স গির্জা প্রায় সম্পূর্ণভাবে গ্রহণ করেছিল। চীনের নীল-সাদা চীনামাটির বাসনের নকশা অনুকরণে অটোমান মৃৎশিল্পীরা নানা সামগ্রী তৈরি করতেন। আবার উনিশ শতকে ইউরোপীয়, বিশেষ করে প্যারিসের ফ্যাশনের প্রভাবে শহরটির নারীদের পোশাকেও পরিবর্তন আসে।
অর্থাৎ শহরটি ভৌগোলিকভাবে একটি জায়গায় স্থির থাকলেও এর সাংস্কৃতিক জগৎ ছিল প্রতিনিয়ত পরিবর্তনশীল।
কনস্টান্টিনোপল শুধু অতীতের স্মৃতি ধারণ করেনি, বরং সেই ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেও দিয়েছে। প্রদর্শনীতে রয়েছে হোমারের বিখ্যাত মহাকাব্য ‘ইলিয়াড’-এর সবচেয়ে পুরোনো টিকে থাকা পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি। দশম শতকে সংকলিত এই পাণ্ডুলিপির প্রতিটি পাতায় রয়েছে ২৫ লাইনের কবিতা। তিন দিক ঘিরে রয়েছে ঘন ও জটিল ব্যাখ্যামূলক লেখা। মনে হয়, বিশাল ব্যাখ্যার দেয়াল দিয়ে কবিতাগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করা হয়েছে।
শহরটির নিরাপত্তার জন্য পঞ্চম শতকে নির্মিত থিওডোসিয়ানের বিশাল প্রাচীরের সঙ্গে এই পাণ্ডুলিপির বিন্যাসের এক ধরনের প্রতীকী মিল খুঁজে পাওয়া যায়। দ্বাদশ শতকের কোনো এক সময়ে ইলিয়াডের এই পাণ্ডুলিপিতে নতুন কিছু চিত্র যুক্ত করা হয়। সেখানে হোমারের দেবতা ও বীরদের বাইজেন্টাইন যুগের সমসাময়িক পরিবেশে উপস্থাপন করা হয়েছে। প্রাচীন সাহিত্যকে নতুন সময়ের সঙ্গে যুক্ত করার এটি ছিল আরেকটি প্রয়াস।
এ ছাড়া রয়েছে ১৫৪৬ সালে মুদ্রিত তোরাহর একটি প্রাচীন সংস্করণ। এর হিব্রু মূল পাঠের পাশাপাশি আরামাইক ও জুডিও-পারসিয়ান ভাষায় অনুবাদ এবং ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। শহরের আর্মেনীয় ধর্মীয় নেতার জন্য তৈরি ষোড়শ শতকের আলেকজান্ডারের কাহিনিনির্ভর একটি অসাধারণ চিত্রিত আর্মেনীয় পাণ্ডুলিপিও প্রদর্শনীতে স্থান পেয়েছে।
নগরজীবন, উৎসব ও মানুষের গল্প
কবি ডব্লিউ বি ইয়েটসের ভাষা ধার করে বলা যায়, ইতিহাসের কাদা ও রক্তের জটিল বাস্তবতা প্রদর্শনীতে খুব বেশি জায়গা পায়নি। তবু শহরের রাস্তাঘাটকে মানুষের জীবননাট্যের মঞ্চ হিসেবে দেখানোর একটি বিশেষ প্রচেষ্টা রয়েছে।
প্রদর্শনীর প্রথম দিকের অন্যতম মূল্যবান নিদর্শন হলো বাইজেন্টাইন যুগের পুরো সময়ের মধ্যে পরিচিত একমাত্র রাস্তার দৃশ্যের চিত্র। ছোট হলেও অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি হাতির দাঁতের একটি ফলকে সম্ভবত পঞ্চম শতকের এই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এতে দেখা যায়, সেন্ট স্টিফেনের পবিত্র স্মৃতিচিহ্ন রাখা একটি বাক্স শহরের জনাকীর্ণ স্তম্ভশোভিত রাস্তা দিয়ে বিজয়োল্লাসের সঙ্গে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে।
পরবর্তী সময়ে তৈরি মুক্তার মতো ঝিনুকের অংশ দিয়ে সাজানো আখরোট কাঠের একটি দোলনাও রয়েছে। সুলতানের কন্যার সন্তান জন্মের আনন্দ উদ্যাপনে দোলনাটি শহরের রাস্তায় শোভাযাত্রার মাধ্যমে বহন করা হতো। এ ছাড়া সপ্তদশ শতকের একটি দীর্ঘ চিত্রিত দলিলে সাম্রাজ্যিক শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বিবরণ তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীর শেষ কক্ষে রয়েছে বিংশ শতকের শুরুর দিকের একটি চলচ্চিত্র। সেখানে সাম্রাজ্যের শেষ পর্যায়ের শহরটির বিভিন্ন দৃশ্য দেখা যায়। প্রতিটি দৃশ্যেই মানুষের চলাচল, ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য চোখে পড়ে।
মানচিত্রের বদলে স্মৃতির শহর
তবে ‘কনস্টান্টিনোপল টু ইস্তাম্বুল’ প্রদর্শনীর মধ্যে একটি গভীর বৈপরীত্য রয়েছে। শহরটির সামগ্রিক চিত্র তুলে ধরা কয়েকটি নিদর্শন থাকলেও এর ভৌগোলিক অবস্থান ও বিন্যাস সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া কঠিন।
এর মধ্যে রয়েছে ১৪৮৫ সালে তৈরি ক্রিস্টোফোরো বুন্দেলমন্তির পাণ্ডুলিপিতে সংরক্ষিত শহরের একটি পাখির চোখে দেখা দৃশ্য এবং উনিশ শতকের শুরুর দিকে হেনরি অ্যাস্টন বার্কারের চিত্রকর্ম অবলম্বনে তৈরি একটি বিস্তৃত দৃশ্যপট।
কিন্তু সাম্রাজ্যের বিস্তৃতি কিংবা বিশ্বপরিসরে শহরটির অবস্থান বোঝার জন্য প্রয়োজনীয় বড় কোনো মানচিত্র নেই। প্রদর্শনীতে উল্লেখ করা গুরুত্বপূর্ণ সড়ক, ভবন ও স্থাপনাগুলো কোথায় ছিল, তা চিহ্নিত করার মতো মানচিত্রও অনুপস্থিত। ফলে শহরটি অনেকটাই অদৃশ্য থেকে যায়।
এর পরিবর্তে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে শহরটির একটি স্বপ্নময় প্রতিচ্ছবি। ইতিহাসের বিচ্ছিন্ন স্মৃতি ও শিল্পকর্মের খণ্ডাংশ জুড়ে দর্শককে নিজের কল্পনায় শহরটি নির্মাণ করতে হয়। কোনো ধর্মীয় চিত্রের মুখমণ্ডলের প্রশান্ত দীপ্তি, সপ্তদশ শতকের শুরুর দিকের একটি লোকজ উৎসবে মানুষের আনন্দের জলরং ছবি কিংবা ষোড়শ শতকের গোসলখানার উজ্জ্বল ফুলেল টালির নকশা—এসবের মধ্য দিয়ে ধীরে ধীরে ফুটে ওঠে শহরটির চেহারা।












