উনিশ শতকে মধ্য এশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে যে দীর্ঘ ভূরাজনৈতিক প্রতিযোগিতা গড়ে উঠেছিল, ইতিহাসে তা ‘গ্রেট গেম’ নামে পরিচিত। এই প্রতিদ্বন্দ্বিতার দুই গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ফ্রান্সিস ইয়ংহাজব্যান্ড এবং তাঁর রুশ প্রতিদ্বন্দ্বী ব্রনিস্লাভ গ্রমবচেভস্কি। তাঁদের জীবন ও অভিযান মধ্য এশিয়ায় সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা, দুঃসাহসিক অনুসন্ধান এবং বৃহৎ শক্তিগুলোর ভূরাজনৈতিক ভুল ধারণার এক অসাধারণ প্রতিচ্ছবি।
১৮৮৯ সালের অক্টোবর। ব্রিটিশ সেনাবাহিনীর ফার্স্ট কিংস ড্রাগুন গার্ডসের কর্মকর্তা ক্যাপ্টেন ফ্রান্সিস ইয়ংহাজব্যান্ড তখন পামির পর্বতমালার পাদদেশ ঘেঁষে এগিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ের মতো তখনও অঞ্চলটি ছিল খাড়া উপত্যকা, তুষারাবৃত পর্বতশৃঙ্গ এবং মধ্য এশিয়ার বিস্তীর্ণ উচ্চভূমিতে ঘেরা দুর্গম এক ভূখণ্ড। পশ্চিমে হিন্দুকুশ থেকে পূর্বে চীনের ‘স্বর্গের পর্বত’ পর্যন্ত এবং দক্ষিণে হিমালয় পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল সমসাময়িকদের কাছে পরিচিত ছিল ‘পৃথিবীর ছাদ’ নামে।
উনিশ শতকের শেষভাগে এই অঞ্চল ছিল বর্তমান সময়ের তুলনায় অনেক বেশি দুর্গম ও বিচ্ছিন্ন। ব্রিটিশ ভারতের উত্তর সীমান্তের বহু দূরে অবস্থিত এই ভূখণ্ডে যাতায়াত ছিল অত্যন্ত বিপজ্জনক। বিভিন্ন যাযাবর ও উপজাতীয় দস্যুদল পথচারী এবং বণিকদের ওপর হামলা চালাত। শীতকালে প্রচণ্ড তুষারঝড় ও ভূমিধস পাহাড়ের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসত। খাদ্যসংকট ছিল নিত্যদিনের সমস্যা। রোগব্যাধি ও বিশ্বাসঘাতকতার আশঙ্কাও ছিল সর্বত্র।
পামির অঞ্চলের ক্ষুদ্র রাজ্য ও উপজাতীয় শাসনব্যবস্থাগুলো তখন তিনটি বৃহৎ সাম্রাজ্যের মধ্যবর্তী এক অস্থিতিশীল ভূখণ্ডে পরিণত হয়েছিল। এই তিন শক্তি ছিল ব্রিটিশ সাম্রাজ্য, রুশ সাম্রাজ্য এবং চীনের ছিং সাম্রাজ্য। কঠিন পরিবেশের এই অঞ্চল দুর্বলচিত্ত বা ভীরু মানুষের জন্য ছিল না।
পামিরে এক অপ্রত্যাশিত আমন্ত্রণ
মধ্য এশিয়ার এই দুর্গম অঞ্চলে অভিযান চালানোর সময় ইয়ংহাজব্যান্ড একদিন অপ্রত্যাশিত একটি আমন্ত্রণ পান। তিনি তখন তাগদুমবাশ পামিরের দিকে এগোচ্ছিলেন। এমন সময় স্থানীয় এক কিরগিজ অশ্বারোহী তাঁর কাছে একটি চিঠি নিয়ে আসেন।
তুর্কি ভাষায় লেখা চিঠিটি পাঠিয়েছিলেন ক্যাপ্টেন ব্রনিস্লাভ গ্রমবচেভস্কি। তিনি ছিলেন সুপরিচিত রুশ পর্যটক ও অনুসন্ধানকারী। উত্তর ভারতের লাদাখের উদ্দেশে যাওয়ার পথে তিনি পামির পর্বতমালায় একটি অনুসন্ধান অভিযান পরিচালনা করছিলেন।
চিঠিতে গ্রমবচেভস্কি জানান, তাঁর কসাক সঙ্গীদের নিয়ে তিনি ইয়ংহাজব্যান্ডের অবস্থান থেকে খুব বেশি দূরে নয়, খাইয়ান আকসাই নামের একটি স্থানে তাঁবু ফেলেছেন। তিনি তাঁর ব্রিটিশ প্রতিপক্ষের সঙ্গে দেখা করতে আগ্রহী।
বিষয়টি ইয়ংহাজব্যান্ডকে একই সঙ্গে কৌতূহলী ও উচ্ছ্বসিত করে তোলে। তিনি ফারসি ও ইংরেজি ভাষায় একটি উত্তর পাঠান। তাতে জানান, এত বিখ্যাত একজন অভিযাত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। পরদিন তাঁর সঙ্গে একই স্থানে অবস্থান করার ব্যবস্থাও করবেন।
১৮৮৯ সালের ২৩ অক্টোবর ইয়ংহাজব্যান্ড ও তাঁর সঙ্গীরা খাইয়ান আকসাইয়ে গ্রমবচেভস্কির শিবিরে পৌঁছান। ঘটনাটি ছিল ঐতিহাসিক। ইয়ংহাজব্যান্ড তাঁর ভ্রমণবিষয়ক বই ‘দ্য হার্ট অব আ কন্টিনেন্ট’-এ ১৯০৪ সালে লিখেছিলেন, ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে রুশ ও ইংরেজ অনুসন্ধানী দলের মধ্যে এটিই ছিল প্রথম সাক্ষাৎ। দুই পক্ষেরই একে অপরের সম্পর্কে জানার মতো অনেক কিছু ছিল।
তাঁদের সেই সাক্ষাতের একটি আলোকচিত্র এখনো সংরক্ষিত রয়েছে। ছবিতে দেখা যায়, দুই কর্মকর্তা তাঁদের সঙ্গীদের নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। অভিযানের পোশাক পরা ইয়ংহাজব্যান্ডকে দেখাচ্ছিল দৃঢ়প্রতিজ্ঞ এক ভিক্টোরীয় যুগের অভিযাত্রীর মতো। তাঁর পাশে রুশ সেনা কর্মকর্তার পোশাকে দাঁড়িয়ে থাকা গ্রমবচেভস্কি ছিলেন দীর্ঘদেহী, প্রশস্ত গড়নের এবং ঘন দাড়িওয়ালা।
দুই প্রতিদ্বন্দ্বী, একই সাম্রাজ্যবাদী লক্ষ্য
বাহ্যিক পার্থক্য থাকলেও দুই ব্যক্তির মধ্যে মিল ছিল অনেক। তাঁরা শুধু একই ধরনের দুঃসাহসিক অভিযাত্রী ছিলেন না, বরং ব্রিটিশ ভারত ও রুশ তুর্কিস্তানের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত দুই প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের অনানুষ্ঠানিক প্রতিনিধিও ছিলেন।
তাঁদের সরাসরি ‘গুপ্তচর’ বললে হয়তো তাঁদের ভদ্রলোকসুলভ সম্মানে আঘাত লাগত। কারণ গ্রমবচেভস্কি ও ইয়ংহাজব্যান্ড দুজনেই দাবি করতেন, তাঁদের অভিযানের প্রধান উদ্দেশ্য বিজ্ঞান, জ্ঞান ও সভ্যতার অগ্রগতি।
তবে নিজেদের সাম্রাজ্যের স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করাও যে তাঁদের দায়িত্বের অংশ ছিল, সে বিষয়ে তাঁদের কোনো সংশয় ছিল না। এসব তথ্যের মধ্যে ছিল ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ধরন, স্থানীয় রাজনীতি এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যসংক্রান্ত নানা বিষয়।
ইয়ংহাজব্যান্ড সরাসরি নির্দেশনা পেতেন ভারত সরকারের গোয়েন্দা বিভাগ থেকে। ১৮৮০-এর দশকে সিমলায় এই বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। এর অন্যতম প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল মেজর জেনারেল স্যার চার্লস ম্যাকগ্রেগর। তিনি ভারত রক্ষায় সীমান্তের বাইরে সামরিক হস্তক্ষেপের পক্ষে অবস্থান নেওয়া ‘ফরোয়ার্ড স্কুল’-এর অন্যতম প্রধান সমর্থক ছিলেন।
অন্যদিকে, গ্রমবচেভস্কি পরবর্তী সময়ে গর্ব করে বলেছিলেন, প্রতিটি অভিযানের আগে তিনি রুশ জারের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তাঁর সরাসরি অনুমোদন নিয়েই কাজ করতেন।
দুই অভিযাত্রীর প্রধান লক্ষ্য ছিল একই—স্থানীয় উপজাতীয় নেতা ও শাসকদের সঙ্গে মিত্রতা প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে নতুন রপ্তানি বাজারের পথ খুলে দেওয়া এবং প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের তুলনায় কৌশলগত সুবিধা অর্জন করাই ছিল তাঁদের উদ্দেশ্য।
‘গ্রেট গেম’: মধ্য এশিয়ায় আধিপত্যের লড়াই
এই প্রতিযোগিতার নামই ছিল ‘গ্রেট গেম’। ১৮৪০ সালে ব্রিটিশ অভিযাত্রী আর্থার কনোলি প্রথম এই শব্দবন্ধ ব্যবহার করেন। পরবর্তী সময়ে রুডইয়ার্ড কিপলিংয়ের উপন্যাস ‘কিম’-এর মাধ্যমে শব্দটি ব্যাপক পরিচিতি পায়।
মধ্য এশিয়ায় ক্ষমতা, প্রভাব ও কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্রিটেন ও রাশিয়ার দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাকে বোঝাতেই এই শব্দ ব্যবহার করা হতো।
১৮৫০-এর দশকে রুশ রাষ্ট্রনায়ক কাউন্ট নেসেলরোড এই প্রতিযোগিতাকে আরও কাব্যিক অথচ উদ্বেগজনক একটি নাম দিয়েছিলেন—‘ছায়াদের প্রতিযোগিতা’।
‘গ্রেট গেম’ এবং ‘ছায়াদের প্রতিযোগিতা’—দুটি শব্দবন্ধই এই লড়াইয়ে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত সাহস, দুঃসাহসিকতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতাকে তুলে ধরে।
পারস্যের বণিক, তাতার ঘোড়া ব্যবসায়ী কিংবা মুসলিম ধর্মীয় ব্যক্তির ছদ্মবেশে যারা এশিয়ার গভীরে প্রবেশ করতেন, তাঁদের ঝুঁকি ছিল অপরিসীম। পরিচয় ফাঁস হলে দাস হিসেবে বিক্রি হওয়া কিংবা নির্মম মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা ছিল।
উনিশ শতকজুড়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন আর্থার কনোলিও। মধ্য এশিয়ার বিভিন্ন খানাতকে রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে গিয়ে তিনি বুখারার আমিরের হাতে বন্দি হন এবং পরে তাঁর শিরশ্ছেদ করা হয়।
মরুভূমি, পাহাড়ি গিরিখাত ও ছোট নদীবিধৌত অঞ্চলগুলো যেন অতীতের এসব অভিযাত্রীর স্মৃতিতে ভরপুর ছিল। আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে যাঁদের জীবন অকালে শেষ হয়ে গিয়েছিল, তাঁদের গল্পও এই ভূখণ্ডের ইতিহাসের অংশ হয়ে ওঠে।
তবে এত বিপদ সত্ত্বেও ব্রিটিশদের ‘গ্রেট গেম’ এবং রুশদের ‘ছায়াদের প্রতিযোগিতা’ ধারণার মধ্যে একধরনের ভদ্রলোকসুলভ ক্রীড়াসুলভ মানসিকতাও ছিল। প্রতিপক্ষের প্রতি সম্মান বজায় রেখে কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার একটি আদর্শ তাঁরা ধারণ করতেন।
ইয়ংহাজব্যান্ড তাঁর বইয়ে লিখেছিলেন, ব্রিটিশ ও রুশ কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগতভাবে একে অপরকে পছন্দ করতেন। যেসব দেশের সঙ্গে তাদের কোনো প্রতিযোগিতা ছিল না, সেসব দেশের মানুষের তুলনায় দুই পক্ষের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক সময় ভালো ছিল। তাঁর মতে, তাঁরা সবাই একটি বড় খেলায় অংশ নিচ্ছিলেন এবং সেই বাস্তবতা গোপন করার কোনো প্রয়োজন ছিল না।
দুঃসাহসিক অভিযানের নেপথ্যে সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা
গ্রেট গেমের সবচেয়ে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ইয়ংহাজব্যান্ড ও গ্রমবচেভস্কির মতো তরুণ সেনা কর্মকর্তাদের আধিক্য ছিল। দূরদেশে জীবন বাজি রেখে অভিযান চালিয়ে খ্যাতি, সম্মান ও গৌরব অর্জনের আকাঙ্ক্ষা তাঁদের চালিত করত।
১৮৫৫ সালে জন্ম নেওয়া গ্রমবচেভস্কি ছিলেন পোলিশ অভিজাত পরিবারের সন্তান। ১৮৭০-এর দশকে মধ্য এশিয়ায় রুশ সামরিক অভিযানে অংশ নিয়ে তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন।
অন্যদিকে, ইয়ংহাজব্যান্ডের জন্ম ১৮৬৩ সালে ব্রিটিশ ভারতের সীমান্তবর্তী পাহাড়ি শহর মুরিতে। তাঁর পরিবারেও সামরিক ঐতিহ্য ছিল। ১৮৮৭ সালে মাত্র ২৪ বছর বয়সে তিনি মাঞ্চুরিয়া থেকে হিমালয় পর্যন্ত তখনো মানচিত্রে অচিহ্নিত বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করে এক অসাধারণ অভিযান সম্পন্ন করেন। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি তৎকালীন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন এবং সংস্থাটির মর্যাদাপূর্ণ স্বর্ণপদক লাভ করেন।
১৮৮৯ সালে পামির পর্বতমালায় তাঁদের সাক্ষাতের পেছনে গ্রেট গেমে অংশ নেওয়ার এই উচ্চাকাঙ্ক্ষাই প্রধান ভূমিকা রেখেছিল।
সিমলার গোয়েন্দা বিভাগে এর আগে গ্রমবচেভস্কির ১৮৮৮ সালের পামির অভিযান সম্পর্কে উদ্বেগজনক প্রতিবেদন পৌঁছেছিল। ব্রিটিশ কর্মকর্তাদের ধারণা ছিল, রুশ অভিযাত্রী হুনজার মির সফদর আলী খানের সঙ্গে আলোচনা করেছেন এবং রাশিয়া ইতিমধ্যে ওই স্থানীয় শাসককে নিজেদের আশ্রয় ও সুরক্ষার আওতায় আনার চেষ্টা করেছে।
রাশিয়ার জন্য ওই অঞ্চলের পাহাড়ি গিরিপথগুলোর নিয়ন্ত্রণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যুদ্ধ শুরু হলে এসব পথ ব্যবহার করে ব্রিটিশ ভারতে আক্রমণের নতুন রুট তৈরি করা সম্ভব হতো।
অন্যদিকে, ব্রিটিশদের কাছে সীমান্তবর্তী এই অঞ্চলগুলোতে রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকানো ছিল ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।
এই কৌশলগত স্বার্থই দুই প্রতিদ্বন্দ্বীকে বিপজ্জনক পাহাড়ি পথ পাড়ি দিয়ে পৃথিবীর ছাদে একে অপরের মুখোমুখি করেছিল।
ভদ্রলোকসুলভ আতিথেয়তার আড়ালে যুদ্ধের আলোচনা
১৮৮৯ সালের ২৩ অক্টোবর ইয়ংহাজব্যান্ড যখন খাইয়ান আকসাইয়ে পৌঁছান, তখন ব্রিটেন ও রাশিয়ার সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা সাময়িকভাবে আড়ালে চলে যায়।
দুই কর্মকর্তা একে অপরকে স্বজনের মতো অভ্যর্থনা জানান। ইয়ংহাজব্যান্ডের ভাষায়, এ ছিল একই সঙ্গে রোমাঞ্চকর ও আনন্দদায়ক ঘটনা। তাঁর মতে, এশিয়ার গভীরে দুই ইউরোপীয় মানুষের সাক্ষাৎ সব সময়ই আনন্দের বিষয়।
রুশ শিবিরে পৌঁছানোর পর গ্রমবচেভস্কি তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান। ইয়ংহাজব্যান্ডের স্মৃতিচারণ অনুযায়ী, গ্রমবচেভস্কির আচরণ ছিল বন্ধুত্বপূর্ণ ও প্রাণবন্ত।
কিছুক্ষণ একসঙ্গে হাঁটার পর গ্রমবচেভস্কি তাঁকে নিজের তাঁবুতে রাতের খাবারের আমন্ত্রণ জানান। রুশ ঐতিহ্য মেনে সেখানে স্যুপ ও বিভিন্ন ধরনের মাংসের পদ পরিবেশন করা হয়। সঙ্গে ছিল প্রচুর পরিমাণে ভদকা। দুই কর্মকর্তা ফরাসি ভাষায় কথা বলছিলেন।
ভদকার আসর জমে ওঠার পর দ্রুতই তাঁদের আলোচনা রাজনীতির দিকে মোড় নেয়।
ইয়ংহাজব্যান্ডের ১৯২৪ সালে প্রকাশিত ‘ওয়ান্ডার্স অব দ্য হিমালয়া’ বইয়ের বর্ণনা অনুযায়ী, গ্রমবচেভস্কি ভারতের ওপর রাশিয়ার সম্ভাব্য আক্রমণ নিয়ে বেশ খোলামেলা কথা বলেন।
তিনি জানান, ইংরেজরা হয়তো বিশ্বাস করতে চায় না যে রাশিয়া সত্যিই ভারত আক্রমণের পরিকল্পনা করছে। কিন্তু তিনি নিশ্চিত করে বলতে পারেন, রুশ সেনাবাহিনীর কর্মকর্তারা ভারত আক্রমণের কথা ছাড়া আর কিছুই ভাবেন না।
নিজের বক্তব্যের সমর্থনে তিনি তাঁবুর বাইরে থাকা কসাক সৈন্যদের ডেকে পাঠান। তাঁদের জিজ্ঞাসা করেন, তাঁরা ভারত অভিমুখে অভিযান চালাতে আগ্রহী কি না। সৈন্যরা সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত কণ্ঠে সম্মতি জানায়। ব্রিটিশদের কাছ থেকে ভারতীয় সাম্রাজ্য ছিনিয়ে নিতে তারা প্রস্তুত বলে ঘোষণা করে।
গ্রমবচেভস্কি আরও বলেন, মধ্য এশিয়ায় ব্রিটিশদের কর্মকাণ্ডই রাশিয়ার শত্রুতা বাড়িয়ে তুলেছে। কৃষ্ণসাগর ও বলকান অঞ্চলে রাশিয়ার বৈধ স্বার্থে ব্রিটিশরা ধারাবাহিকভাবে বাধা সৃষ্টি করায় রুশদের এমন অবস্থান নিতে হয়েছে।
ইয়ংহাজব্যান্ডের কাছে এসব অভিযোগ তুলে ধরে গ্রমবচেভস্কি আসলে রাশিয়ার মধ্য এশিয়ায় অবস্থানরত সামরিক কর্মকর্তাদের মনোভাবই প্রকাশ করছিলেন। তুর্কিস্তানে দায়িত্ব পালনকারী সেনা কর্মকর্তা ও জেনারেলদের একটি অংশ এবং সেন্ট পিটার্সবার্গের তাঁদের সমর্থকেরা ব্রিটেনের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য উদ্গ্রীব ছিলেন।
ক্রিমিয়ার পরাজয় থেকে মধ্য এশিয়ায় রাশিয়ার বিস্তার
১৮৫৬ সালে ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটেন ও ফ্রান্সের কাছে রাশিয়ার পরাজয়ের পর গ্রেট গেম আরও তীব্র হয়ে ওঠে।
কৃষ্ণসাগর অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে ব্যর্থ হয়ে রাশিয়া মধ্য এশিয়ায় সাম্রাজ্য সম্প্রসারণের দিকে মনোযোগ দেয়। পারস্য, ককেশাস, ট্রান্স-কাস্পিয়ান অঞ্চল এবং ইউরেশীয় তৃণভূমি পর্যন্ত বিস্তৃত হয় রুশ সম্প্রসারণের নতুন ক্ষেত্র।
১৮৮০-এর দশকের মাঝামাঝি রুশ তুর্কিস্তানের সীমান্ত আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের খুব কাছে পৌঁছে যায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহর থেকে খাইবার ও বোলান গিরিপথের দিকে অগ্রসর হওয়ার পথ তৈরি হতে পারত।
এ নিয়ে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে তীব্র কূটনৈতিক সংকট তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দুই সাম্রাজ্য সাময়িকভাবে যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়।
তবে এসব উত্তেজনা দুই অভিযাত্রীর বন্ধুত্বপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারেনি।
গ্রমবচেভস্কির তাঁবুতে বসে তুষারঝড়ের মধ্যে তাঁদের আলোচনা চলতে থাকে।
রুশ কর্মকর্তা ইয়ংহাজব্যান্ডকে খোঁচা দিয়ে বলেন, চার লাখ সৈন্যের একটি বাহিনী স্থানীয় শাসকদের সহযোগিতা নিয়ে খাইবার ও বোলান গিরিপথ দিয়ে নেমে এসে সমগ্র ভারতীয় উপমহাদেশ দখল করতে পারে।
তিনি আরও দাবি করেন, আফগানিস্তানের আমিরকে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রাজি করানো কঠিন হবে না। ভারতের বিপুল সম্পদ লুট করার সুযোগ দেখালে তিনি সহজেই রাশিয়ার পক্ষে চলে আসতে পারেন।
জবাবে ইয়ংহাজব্যান্ড রাশিয়ার নিজস্ব দুর্বলতার কথা তুলে ধরেন।
তিনি প্রশ্ন করেন, আফগানিস্তানের আমির কি রাশিয়ার মধ্য এশীয় ভূখণ্ডের প্রতি বেশি আকৃষ্ট হবেন না? বুখারা ও সমরকন্দের মতো প্রাচীন ও সমৃদ্ধ শহরগুলোও তো একজন উচ্চাকাঙ্ক্ষী মুসলিম শাসকের কাছে আকর্ষণীয় সম্পদ হতে পারে।
ইয়ংহাজব্যান্ডের দাবি ছিল, উত্তর ভারত সামরিকভাবে যথেষ্ট সুরক্ষিত। বিপরীতে, তুর্কিস্তানে রাশিয়ার বিস্তৃত ভূখণ্ড সামরিকভাবে দুর্বল ও অতিরিক্ত প্রসারিত। এশিয়ায় রুশ সাম্রাজ্যের সবচেয়ে নাজুক অংশ ছিল সেটিই।
পামিরের মানচিত্রে রাশিয়ার গোপন পরিকল্পনা
দুই কর্মকর্তার তর্ক-বিতর্কের একপর্যায়ে ইয়ংহাজব্যান্ড গ্রমবচেভস্কির তাঁবুতে একটি মানচিত্র দেখতে পান। মানচিত্রের একটি অংশ লাল রঙে চিহ্নিত করা ছিল।
চিহ্নিত এলাকাটি ছিল পামিরের একটি ফাঁকা ভূখণ্ড। সেখানে রাশিয়া, ভারত, আফগানিস্তান ও চীনের সীমান্ত কাছাকাছি চলে এলেও একে অপরকে সরাসরি স্পর্শ করেনি।
মানচিত্রটি দেখে ইয়ংহাজব্যান্ডের কাছে স্পষ্ট হয়ে যায়, পামির অঞ্চল নিয়ে সেন্ট পিটার্সবার্গের বিশেষ পরিকল্পনা রয়েছে।
২৫ অক্টোবর দুই দিন একসঙ্গে কাটানোর পর দুই অভিযাত্রী বিদায় নেন।
গ্রমবচেভস্কি তাঁর দিনলিপিতে লেখেন, তাঁরা ভবিষ্যতেও সহযোগিতা ও চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর মতে, ব্রিটিশ অভিযান এবং বিশেষ করে এর সাহসী নেতার ব্যক্তিত্ব তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছিল।
বিদায়ের সময় গ্রমবচেভস্কি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তাঁদের আবার দেখা হবে—হয় শান্তির সময় সেন্ট পিটার্সবার্গে, অথবা যুদ্ধের সময় ভারতের সীমান্তে।
১৮৯০ সালের আগস্টে চীনা তুর্কিস্তানের ইয়ারকান্দে তাঁদের আবার সাক্ষাৎ হয়। এবার গ্রমবচেভস্কি খাইয়ান আকসাইয়ে পাওয়া আতিথেয়তার প্রতিদান দেওয়ার সুযোগ পান। এরপর আর তাঁদের দেখা হয়নি।
তবে দুজনই নিজেদের অভিযান অব্যাহত রাখেন। গ্রমবচেভস্কি রুশ জারের অনুগত কর্মকর্তা হিসেবে চীনে দায়িত্ব পালন করেন এবং রুশ বিপ্লব শুরু হওয়ার আগপর্যন্ত সাম্রাজ্যের সেবা করেন। অন্যদিকে, ইয়ংহাজব্যান্ড সাম্রাজ্যবাদী দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত অনুসন্ধান ও বই লেখার কাজ চালিয়ে যান।
‘গ্রেট গেম’-এর পেছনে ছিল দুই সাম্রাজ্যের ভুল হিসাব
উচ্চ এশিয়ার দুর্গম অঞ্চলে এই দুই অভিযাত্রীর সাক্ষাৎ থেকে কী শিক্ষা পাওয়া যায়?
ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রমবচেভস্কি ও ইয়ংহাজব্যান্ড দুজনেই নিজেদের সাম্রাজ্যের সামরিক ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত নানা ভুল ধারণা পোষণ করতেন। তাঁদের অভিযানকে সমর্থন করা রুশ যুদ্ধপন্থী এবং ব্রিটিশ সামরিক হস্তক্ষেপের পক্ষের কর্মকর্তারাও একই ধরনের ভ্রান্ত ধারণায় আচ্ছন্ন ছিলেন।
রুশ সামরিক কর্মকর্তারা ভারতে ব্রিটিশ শাসনের দুর্বলতাকে অনেক বেশি করে দেখতেন। তুর্কিস্তানে অবস্থানরত রুশ সেনা কর্মকর্তারা ভারত মহাসাগরের উষ্ণ পানিতে নিজেদের জুতা ধোয়ার স্বপ্ন দেখতেন। ভারত আক্রমণের জন্য তাঁরা বিস্তৃত সামরিক পরিকল্পনাও তৈরি করেছিলেন।
১৮৫৭ থেকে ১৮৫৯ সালের ভারতীয় বিদ্রোহের স্মৃতি তখনো রুশদের মনে তাজা ছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জনগণের অসন্তোষ সম্পর্কে বিভিন্ন তথ্য তাঁদের ভারত দখলের স্বপ্নকে আরও উসকে দিত।
১৯০০ সালে বোম্বেতে অবস্থিত রুশ কনস্যুলেট একটি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে। সেখানে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের ‘সবচেয়ে দুর্বল অংশ’ হিসেবে বর্ণনা করা হয়।
প্রতিবেদনে দাবি করা হয়, কোটি কোটি মানুষের গভীর অসন্তোষ ব্রিটিশ শাসনকে এমন এক সাম্রাজ্যে পরিণত করেছে, যার বাহ্যিক শক্তির আড়ালে রয়েছে দুর্বল ভিত্তি।
কিন্তু উনিশ শতকের শেষভাগে ব্রিটিশ ভারত আসলে কতটা দুর্বল ছিল?
১৮৯৮ সালে ডেভিড লিভকিন নামে একজন রুশ গুপ্তচর মূল্যবান পাথরের পারস্যের ব্যবসায়ীর ছদ্মবেশে ব্রিটিশ ভারতে প্রবেশ করেন। সমুদ্রবন্দর মাদ্রাজ দিয়ে ভারতে ঢুকে তিনি হায়দরাবাদের মুসলিম ব্যবসায়ীদের সহায়তায় স্থানীয় গুপ্তচরদের একটি নেটওয়ার্ক গড়ে তোলেন। এই নেটওয়ার্কের মাধ্যমে তিনি ব্রিটিশ ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
তাঁর প্রতিবেদন সেন্ট পিটার্সবার্গে ব্যাপক আগ্রহের সঙ্গে পড়া হয়। তবে তাঁর মূল্যায়ন ছিল রুশ সামরিক কর্মকর্তাদের কল্পনার সম্পূর্ণ বিপরীত।
লিভকিন লিখেছিলেন, ব্রিটিশ আধিপত্য অত্যন্ত সুসংহত। কারণ তাদের শাসনব্যবস্থা ছিল সংগঠনের দিক থেকে অসাধারণ। কোথাও বিদ্রোহ বা স্থানীয় সামরিক অভ্যুত্থান ঘটলেও উন্নত যোগাযোগব্যবস্থা, পরিবহনপথ ও রেলপথের কারণে দ্রুত পর্যাপ্ত সেনা মোতায়েন করে তা দমন করা সম্ভব ছিল।
লিভকিনের এই প্রতিবেদন শুধু রুশ সামরিক কর্মকর্তাদের ভারত দখলের স্বপ্নকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং রাশিয়ার সম্ভাব্য হুমকি সম্পর্কে ব্রিটিশ কর্মকর্তাদের মূল্যায়নও অতিরঞ্জিত ছিল বলে ইঙ্গিত দেয়।
ব্রিটিশদের আশঙ্কা ছিল, রুশ সেনাবাহিনী, মধ্য এশিয়ার উপজাতীয় গোষ্ঠী এবং ব্রিটিশবিরোধী ভারতীয় শক্তিগুলো একজোট হয়ে বড় ধরনের আক্রমণ চালাতে পারে। কিন্তু এসব আশঙ্কা রাশিয়ার বাস্তব সামরিক সক্ষমতাকে অনেক বেশি করে দেখিয়েছিল।
পরবর্তী সময়ে একজন সোভিয়েত কর্মকর্তা কিছুটা বিদ্রূপের সুরে মন্তব্য করেছিলেন, জারের সেনাবাহিনীর জেনারেলরা ভারতীয় বিপ্লবের প্রচারক হয়ে উঠবেন—এমনটা কল্পনা করাও কঠিন।
এমনকি রাশিয়া যদি ভারতে বড় ধরনের বিদ্রোহ উসকে দিতে পারত কিংবা ব্রিটিশবিরোধী ভারতীয় রাজাদের সঙ্গে মিত্রতা গড়ে তুলতে সক্ষম হতো, তবুও রুশ বাহিনীকে ভারতের প্রবেশপথে পৌঁছাতে শত শত, এমনকি হাজার হাজার মাইল দুর্গম ভূখণ্ড পাড়ি দিতে হতো।
সামরিক হুমকির অতিরঞ্জন ও অভিযানের অজুহাত
ইয়ংহাজব্যান্ডের মতো কর্মকর্তারা ব্রিটিশ ভারতের সীমান্তের বাইরে সামরিক হস্তক্ষেপের পক্ষে ধারাবাহিকভাবে যুক্তি তুলে ধরতেন। তাঁরা আন্তরিকভাবেই বিশ্বাস করতেন, ওই অঞ্চলে রাশিয়ার তৎপরতা ব্রিটিশ স্বার্থের জন্য মারাত্মক হুমকি।
তবে তাঁরা এটিও জানতেন, আফগানিস্তান, পামির কিংবা তিব্বতে রাশিয়ার বিপজ্জনক কর্মকাণ্ডের আশঙ্কা তুলে ধরতে পারলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামরিক অভিযানের অনুমোদন পাওয়া সহজ হবে। এর মাধ্যমে তাঁরা নিজেদের দুঃসাহসিক অভিযানের আকাঙ্ক্ষাও পূরণ করতে পারতেন।
সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ও নতুন অঞ্চল অনুসন্ধানের প্রবল আগ্রহ তাঁদের নিজ নিজ সাম্রাজ্যের শাসকদের উদ্বেগকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে দক্ষ করে তুলেছিল।
১৮৯০-এর দশকে ইয়ংহাজব্যান্ড যখন সতর্ক করে বলতে শুরু করেন যে রাশিয়া ভারতীয় সীমান্তের যুদ্ধপ্রিয় পাহাড়ি উপজাতিদের একত্র করে বিশাল ঢেউয়ের মতো ভারতের সমতল অঞ্চলে নামিয়ে আনতে পারে, তখন তিনি নিজের বক্তব্যের রাজনৈতিক প্রভাব সম্পর্কে সচেতন ছিলেন।
একইভাবে, তিব্বতে রাশিয়ার তৎপরতাকে ব্রিটিশদের মধ্য এশীয় অবস্থানের জন্য হুমকি হিসেবে তুলে ধরার সময়ও তিনি জানতেন, এসব বক্তব্য ব্রিটিশ ভারতের প্রভাবশালী নীতিনির্ধারকদের কাছে গ্রহণযোগ্য হবে।
তাঁদের মধ্যে অন্যতম ছিলেন লর্ড কার্জন। তিনি ছিলেন রাশিয়ার প্রতি সন্দেহপ্রবণ এবং সীমান্তের বাইরে সামরিক সম্প্রসারণের প্রবল সমর্থক। ১৮৯৯ সালে তিনি ব্রিটিশ ভারতের ভাইসরয় হন।
নতুন অভিযানের সন্ধানে থাকা ইয়ংহাজব্যান্ড ১৯০৩-১৯০৪ সালে তিব্বতে একটি অভিযান পরিচালনার জন্য কার্জনের সমর্থন চান। তাঁর দাবি ছিল, সেখানে রাশিয়ার কথিত প্রভাব অনুসন্ধান করা প্রয়োজন।
কার্জনের আশঙ্কা ছিল, তিব্বত আরেকটি ‘নতুন আফগানিস্তানে’ পরিণত হতে পারে। ফলে তিনি অভিযানের অনুমতি দেন।
কিন্তু অভিযান যখন তিব্বতের পবিত্র নগরীতে পৌঁছায়, তখন রাশিয়ার সহায়তায় তিব্বতিরা ব্যাপক অস্ত্রসজ্জিত হয়েছে—গোয়েন্দা প্রতিবেদনে করা এমন দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ততক্ষণে অবশ্য ইয়ংহাজব্যান্ডের অভিযান একটি পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসনে পরিণত হয়েছে। এর ফলে কলকাতার ব্রিটিশ সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। ইউরোপের অন্যান্য শক্তি এবং যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম থেকেও এই অভিযানের বিরুদ্ধে তীব্র সমালোচনা আসে।
১৯০৭ সালে গ্রেট গেমের অবসান
তিব্বত অভিযানকেই গ্রেট গেমের শেষ বড় অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
এর কিছুদিন পর ব্রিটেন ও রাশিয়া নিজেদের বিরোধ মীমাংসার উদ্যোগ নেয়। ১৯০৭ সালে দুই দেশের মধ্যে অ্যাংলো-রাশিয়ান কনভেনশন স্বাক্ষরিত হয়।
দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই সাম্রাজ্য এবার মিত্রে পরিণত হয়। পারস্য, আফগানিস্তান ও তিব্বত আর তাদের সাম্রাজ্যবাদী প্রতিযোগিতার প্রধান ক্ষেত্র থাকল না।
ইয়ংহাজব্যান্ড অবশ্য অনুসন্ধান ও ভ্রমণ অব্যাহত রাখেন। পরবর্তী সময়ে তিনি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সভাপতি এবং অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন।
তবে মধ্য এশিয়ার অভিযান তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও জীবনদর্শনেও গভীর পরিবর্তন আনে। একসময় তিনি ধর্মীয় বিশ্বাসের গভীর সংকটে পড়েন। শেষ পর্যন্ত শৈশবের ধর্মপ্রচারমূলক খ্রিষ্টধর্মের বিশ্বাস ত্যাগ করেন।
এরপর বিভিন্ন সময়ে তিনি টলস্টয়ের সরল জীবনদর্শন, প্রাচ্য আধ্যাত্মিকতা এবং মুক্ত ভালোবাসার ধারণার প্রতি আকৃষ্ট হন। ১৯৪২ সালে ৭৯ বছর বয়সে ইংল্যান্ডে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, গ্রমবচেভস্কির জীবনের শেষ অধ্যায় ছিল অনেক বেশি কঠিন।
১৯১৭ সালের রুশ বিপ্লব তাঁর জীবনের গতিপথ বদলে দেয়। বলশেভিকরা ক্ষমতা দখলের পর তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তাঁকে সাইবেরিয়ার একটি কারাগারে পাঠায়।
পরে তিনি নিজের জন্মভূমি পোল্যান্ডে পালিয়ে যেতে সক্ষম হন। চরম দারিদ্র্যের মধ্যেও তিনি নিজের অভিযানের স্মৃতিচারণ ও ভ্রমণবিষয়ক বই লেখায় মনোনিবেশ করেন।
শেষ চিঠিতে পুরোনো প্রতিদ্বন্দ্বীর কাছে সাহায্যের আবেদন
১৯২৪ সালে শয্যাশায়ী ও মৃত্যুর কাছাকাছি অবস্থায় গ্রমবচেভস্কি পামির পর্বতমালায় বহু বছর আগে দেখা সেই ব্রিটিশ কর্মকর্তাকে একটি চিঠি লেখেন।
চিঠিতে তিনি দুঃখ প্রকাশ করে জানান, রাশিয়ার বিপ্লব তাঁর সবকিছু কেড়ে নিয়েছে। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি লেখেন, এখন আর তাঁর কোনো ভ্রান্ত আশা অবশিষ্ট নেই।
গুরুতর হৃদ্রোগের কারণে তিনি ঘর থেকে বের হতে পারতেন না। নিজের লেখা একটি বই প্রকাশের জন্য পুরোনো প্রতিদ্বন্দ্বী ইয়ংহাজব্যান্ডের কাছে প্রকাশক খুঁজে দেওয়ার সহায়তাও চান।
কিন্তু এর কিছুদিন পরই আরেকটি চিঠিতে গ্রমবচেভস্কির মৃত্যুর খবর পৌঁছায়।
তাঁর বইটি আর কখনো প্রকাশিত হয়নি।












