ফিলিপ ফ্রিম্যানের সংক্ষিপ্ত ও সাবলীল অ্যারিস্টটল-জীবনীটি মনে করিয়ে দেয়, এই দার্শনিকের চিন্তার জগৎ কীভাবে কাজ করত, সে সম্পর্কে টিকে থাকা তথ্য আমাদের কত সামান্যই বা জানাতে পারে।
অ্যারিস্টটল: দ্য ফার্স্ট টিচার, ফিলিপ ফ্রিম্যান, ইয়েল ইউনিভার্সিটি প্রেস, ১৮.৯৯ পাউন্ড।
খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালে উত্তর গ্রিসের ছোট শহর স্তাগিরায় জন্মগ্রহণ করেন অ্যারিস্টটল। তাঁর বাবা নিকোম্যাকাস ছিলেন প্রতিবেশী মেসিডোনিয়ার রাজা তৃতীয় অ্যামিন্টাসের চিকিৎসক। শৈশবেই তিনি মা-বাবা দুজনকেই হারান। এরপর তাঁর অভিভাবক হন এশিয়া মাইনরের উপকূলীয় শহর আতর্নেউসের প্রক্সেনাস। ১৭ বছর বয়সে প্রক্সেনাস তাঁকে প্লেটোর একাডেমিতে পাঠান। সেখানে তিনি ২০ বছর কাটান। অ্যারিস্টটলের জীবন সম্পর্কে নিশ্চিতভাবে জানা তথ্যের প্রায় সবটুকুই এই কয়েকটি মৌলিক বিবরণের মধ্যে সীমাবদ্ধ।
ফিলিপ ফ্রিম্যানের সংক্ষিপ্ত অথচ গতিময় বইটিতে এসব তথ্যের সঙ্গে মাঝেমধ্যে সতর্ক কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে। যেমন, স্তাগিরার কাছের জলপ্রপাতগুলো কিশোর অ্যারিস্টটলের প্রিয় ভ্রমণস্থল হয়ে থাকতে পারে। শান্ত শৈশবের পর মেসিডোনিয়ার রাজদরবার তাঁর কাছে নিশ্চয়ই ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা। মা-বাবা দুজনকে হারানোর পর তাঁর মনে নিশ্চয়ই হয়েছিল, যেন পুরো পৃথিবী ভেঙে পড়ছে।
ফিলিপের দরবারে আসা এই দার্শনিকের চেহারা সম্পর্কে প্রচলিত বিবরণে বলা হয়, তাঁর পা ছিল সরু, চোখ ছোট, কথা বলার সময় জড়তা ছিল, চুলের ছাঁট ছিল ফ্যাশনদুরস্ত এবং আংটি ও দামি পোশাকের প্রতি ছিল বিশেষ অনুরাগ। তিনি ভালো পরিবারে বিয়ে করেন এবং বেশ সম্পদশালী অবস্থায় মারা যান। তাঁর রেখে যাওয়া উইলে পরিবারের দাসদের নাম ধরে মুক্তি দেওয়ার কথা ছিল; তাঁদের জন্য অর্থ ও সম্পত্তিও বরাদ্দ করেছিলেন। একই সঙ্গে নিজের সঙ্গিনী হারপিলিস ও তাঁদের ছেলে নিকোম্যাকাসের জন্যও উদার ব্যবস্থা রেখে যান। অ্যারিস্টটলের নীতিশাস্ত্রবিষয়ক দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থের একটির নাম ছেলের নামেই—‘নিকোম্যাকিয়ান এথিকস’।
তবে ফ্রিম্যান যখন অ্যারিস্টটলের সঙ্গে তুলনা করে বলেন, সক্রেটিস ছিলেন ‘একজন সাধারণ পাথরকাটা শ্রমিক’, যিনি এথেন্সের বাইরে প্রায় যেতেনই না, তখন দুঃখ হয় যে দার্শনিক সম্পর্কে প্রচলিত হলেও ভুল এই ধারণাটি তিনি বিনা প্রশ্নে পুনরাবৃত্তি করেছেন। প্লেটোর সংলাপগুলোতে সক্রেটিসের বাবাকে পেরিক্লিসের ঘনিষ্ঠ মহলের একজন হিসেবে তুলে ধরা হয়েছে। আর যে পরিবার ছেলেকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পদাতিক সৈনিক হিসেবে তৈরি করতে পারত, তাদের আর্থিক অবস্থা ভালোই ছিল। অ্যারিস্টটলের বিপরীতে সক্রেটিস নিজেই দার্শনিক সাধনার অংশ হিসেবে দারিদ্র্য ও আত্মত্যাগের জীবন বেছে নিয়েছিলেন। কিন্তু অ্যারিস্টটলের জীবনকাহিনিতে তাঁর দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে মনের বিপুল সৃষ্টিশীলতার কোনো সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় না।
ফ্রিম্যান উল্লেখ করেছেন, ১৯২৩ সালে ভের্নার ইয়েগার অ্যারিস্টটলের জীবন থেকে তাঁর দর্শনের বিকাশের সূত্র খুঁজে বের করার যে চেষ্টা করেছিলেন, তা এখনো ‘জটিল বিষয়, যা অধিকাংশ গবেষকের সমর্থন পায় না’। অ্যারিস্টটলের জীবন তাঁর চিন্তাকে কীভাবে প্রভাবিত করেছিল, তা বুঝতে চাইলে হতাশ হতে হবে। তাঁর জীবনের মৌলিক তথ্যগুলো মোটামুটি নির্ভরযোগ্য সাক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত হলেও আরও রঙিন বিবরণ—যেমন তাঁর চেহারা, কথা বলার জড়তা, রসিকতা কিংবা মৃত্যুশয্যার ঘটনা—তেমন নির্ভরযোগ্য নয়। এসব তথ্য এসেছে তাঁর মৃত্যুর বহু শতাব্দী পর সংকলিত বিভিন্ন সূত্র থেকে। এর কিছু অংশে প্লেটোর একাডেমি ও অ্যারিস্টটলের লাইসিয়ামের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার প্রভাবও রয়েছে।
এমনকি ৩৪৭ খ্রিষ্টপূর্বাব্দে প্লেটোর মৃত্যুর পর একাডেমির নেতৃত্ব তাঁর হাতে না গিয়ে প্লেটোর ভাতিজা স্পিউসিপ্পাসের হাতে যাওয়াকে তিনি অপমান হিসেবে নিয়েছিলেন কি না, তা-ও নিশ্চিত করে বলা যায় না। আমরা শুধু জানতে পারি, তিনি আতর্নেউসে ফিরে যান এবং সেখানে একসময় তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক দাস, স্বৈরশাসক হারমিয়াসের দরবারে যোগ দেন।
পারস্যের মহারাজা তৃতীয় আর্টাক্সার্ক্সেসের নির্দেশে হারমিয়াসের ভয়াবহ মৃত্যু হয়। ধারণা করা হয়, মেসিডোনিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পারস্যের বিরুদ্ধে শত্রুতার ইঙ্গিত হিসেবে সন্দেহ করেছিলেন রাজা। ফাঁদে ফেলে হারমিয়াসকে বন্দী করা হয়, নির্যাতন করা হয় এবং শেষ পর্যন্ত ক্রুশবিদ্ধ করা হয়।
বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অ্যারিস্টটল রচনা করেন ‘হিম টু ভার্চু’ বা পুণ্যের বন্দনা। বহু বছর পরও তাঁর ছাত্ররা এটি গাইতেন। এ ছাড়া ডেলফিতে হারমিয়াসের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভের জন্য ক্ষোভমিশ্রিত একটি শিলালিপিও লেখেন তিনি। আমার অনুবাদে সেটির বক্তব্য এমন:
পবিত্র বিধি ভেঙে এই মানুষকে হত্যা করা হলো,
পারস্যের তিরন্দাজ রাজা তাঁকে যুদ্ধে আহ্বান করলেন না,
বর্শার মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখালেন না,
বরং ছলনার ফাঁদে ফেলে কাছে টেনে নিলেন তাঁকে।
কবিতাটির বক্তব্যে প্রচলিত ধর্মীয় ভক্তি ও যুদ্ধংদেহী মনোভাবের ছাপ রয়েছে। অ্যারিস্টটলের মতো ব্যতিক্রমী ও বহুমুখী চিন্তকের কাছ থেকে এমন রচনা প্রত্যাশিত নয়। তবে এর রচয়িতা যে তিনিই, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
পরে অ্যারিস্টটল হারমিয়াসের ভাতিজি ও পালিত কন্যা পিথিয়াসকে বিয়ে করেন। আতর্নেউসে অবস্থানকালে খ্রিষ্টপূর্ব ৩৪৫ সালের দিকে তিনি তাঁর ছাত্র ও বন্ধু থিওফ্রাস্টাসকে নিয়ে কাছের লেসবস দ্বীপে যান। সেখানে সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণার কাজ করেন। গবেষণায় সরাসরি পর্যবেক্ষণ, প্রাণীর দেহচ্ছেদ এবং স্থানীয় জেলেদের অভিজ্ঞতার বিশ্লেষণ—সবই ছিল। এই কাজের ভিত্তিতেই তিনি জীববিজ্ঞানের এক যুগান্তকারী গ্রন্থ ‘হিস্ট্রি অব অ্যানিম্যালস’ রচনা করেন।
বইটি নিয়ে ফ্রিম্যানের সংক্ষিপ্ত অধ্যায়ের শিরোনাম ‘দ্য ইনভেনশন অব সায়েন্স’ বা বিজ্ঞানের উদ্ভাবন। এটি আর্মান্ড মেরি লেরোইয়ের ২০১৫ সালের অসাধারণ বই ‘দ্য লেগুন: হাউ অ্যারিস্টটল ইনভেন্টেড সায়েন্স’-এর শিরোনামের কথা মনে করিয়ে দেয়। মেসিডোনিয়া থেকে এথেন্সে ফিরে অ্যারিস্টটল নিজের শিক্ষাপ্রতিষ্ঠান লাইসিয়াম প্রতিষ্ঠা করেন এবং প্রায় ১২ বছর সেটির পরিচালনার দায়িত্বে ছিলেন।
প্রচলিত ধারণা অনুযায়ী, অ্যারিস্টটল তাঁর ছাত্রদের পাঠ দিতেন স্তম্ভবেষ্টিত বারান্দায় হাঁটতে হাঁটতে। এ থেকেই তাঁর অনুসারীদের নাম হয় ‘পেরিপ্যাটেটিক’—অর্থাৎ যাঁরা হাঁটতে হাঁটতে আলোচনা করেন। তবে কোনো কোনো গবেষক মনে করেন, এই নামের উৎস লাইসিয়ামের ছাউনিযুক্ত হাঁটার পথ ‘পেরিপাতোস’। অবশ্য অ্যারিস্টটলই প্রথম দার্শনিক নন, যিনি এভাবে পাঠদান করতেন।
ফ্রিম্যানের বইয়ের উপশিরোনাম ‘দ্য ফার্স্ট টিচার’ বা প্রথম শিক্ষক। এটি আরবি ‘আল-মুয়াল্লিম আল-আউয়াল’ শব্দবন্ধের অনুবাদ। মধ্যযুগের মুসলিম পণ্ডিতেরা অ্যারিস্টটলকে এই সম্মানসূচক উপাধি দিয়েছিলেন। তবে এর যথার্থ অনুবাদ হতে পারে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ বা ‘প্রধান শিক্ষক’। নবম শতকের দার্শনিক আল-ফারাবিকে দেওয়া ‘আল-মুয়াল্লিম আল-থানি’ বা ‘দ্বিতীয় শিক্ষক’ উপাধিটি স্পষ্ট করে যে, এসব অভিধা ছিল জ্ঞানের উৎস হিসেবে চিন্তাবিদদের অবস্থান বা মর্যাদার মূল্যায়ন। এ ক্ষেত্রে অ্যারিস্টটলের অগ্রগণ্য অবস্থানের প্রতিধ্বনি পাওয়া যায় দান্তের সেই পঙ্ক্তিতে, যেখানে তাঁকে বলা হয়েছে ‘ইল মায়েস্ত্রো দি কোলোর কে সান্নো’—অর্থাৎ ‘যাঁরা জানেন, তাঁদের শিক্ষক’। বইটির শুরুতে এই পঙ্ক্তিটিই উদ্ধৃত করা হয়েছে।
খ্রিষ্টপূর্ব ৩২৩ সালে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর এথেন্সে মেসিডোনিয়াবিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে। এর জের ধরে অ্যারিস্টটলের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয়। অভিযোগের বাহ্যিক কারণ ছিল হারমিয়াসের প্রশংসায় লেখা সেই পুরোনো স্তোত্র। অ্যারিস্টটল এথেন্স ছেড়ে চালকিসে চলে যান। কথিত আছে, যাওয়ার সময় তিনি বলেছিলেন, এথেনীয়দের দর্শনের বিরুদ্ধে দ্বিতীয়বার পাপ করার সুযোগ তিনি দেবেন না।
চালকিসের শুল্ক কর্মকর্তারা নাকি তাঁর মালপত্রের মধ্যে ৭৫টি রান্নার হাঁড়ি পেয়েছিলেন। তবে কেউ কেউ মনে করেন, সেগুলো আসলে ছিল তাঁর বিশাল গ্রন্থাগারের মূল্যবান, লেখাঙ্কিত ব্রোঞ্জের ফলক। চালকিসে যাওয়ার এক বছরের মধ্যেই দীর্ঘদিনের পাকস্থলীর সমস্যায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুশয্যায় তিনি এক হাতে পেটের ওপর গরম তেলভর্তি একটি থলি ধরে রেখেছিলেন, অন্য হাতে ছিল একটি ব্রোঞ্জের বল। উদ্দেশ্য ছিল, ঘুমিয়ে পড়লে বলটি হাত থেকে পড়ে যাবে এবং সেই শব্দে তাঁর ঘুম ভেঙে যাবে; তখন তিনি তেল আবার গরম করতে পারবেন।
যে মানুষ পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ক্ষেত্রে অভূতপূর্ব দক্ষতার পরিচয় দিয়েছিলেন, তাঁর মৃত্যুর গল্পের শেষ দৃশ্যটি তাই এক ধরনের বিদ্রূপাত্মক তাৎপর্য বহন করে। শেষবারের মতো বলটি হাত থেকে পড়ে যাওয়ার পরই যেন থেমে যায় তাঁর জীবন।











