ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানের প্রকাশনা জগতের ইতিহাস কেবল কয়েকজন পুরোনো প্রকাশকের নাম কিংবা প্রকাশিত বইয়ের সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এর পেছনে রয়েছে বই বিক্রেতা, পাণ্ডুলিপি লেখক, বাঁধাইশিল্পী, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীদের কয়েক শতকের অবদান। সময়ের সঙ্গে তাঁদের হাত ধরেই বই বাণিজ্যিক পণ্যের গণ্ডি পেরিয়ে জ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে।
ইসফাহানের প্রকাশনা ঐতিহ্যের শিকড় খুঁজে পাওয়া যায় সাফাভি আমলের ঐতিহাসিক বাজার, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইউরোপীয় পর্যটকদের ভ্রমণবৃত্তান্তে। তখনও আধুনিক মুদ্রণশিল্পের বিস্তার ঘটেনি, কিন্তু শহরটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে বইয়ের গুরুত্বপূর্ণ অবস্থান ছিল।
ঐতিহাসিক বাজারে বইয়ের ব্যবসা
সংগ্রাহক ও প্রকাশনা-গবেষক আমির খসরুখিয়ানি বলেন, ইসফাহানে ঠিক কবে বই বিক্রি কিংবা প্রকাশনার সূচনা হয়েছিল, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে ফরাসি পর্যটক জ্যাঁ-বাতিস্ত তাভের্নিয়ে ও জ্যাঁ শার্দাঁর ভ্রমণবৃত্তান্ত এবং নাসরাবাদির সাহিত্যসংকলনে এ শহরের বই ব্যবসার উল্লেখ পাওয়া যায়।
তাভের্নিয়ে নকশে জাহান চত্বরের দক্ষিণ অংশের বর্ণনায় বই বিক্রেতা, বই বাঁধাইকারী ও বাক্স নির্মাতাদের দোকানের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে শার্দাঁ মোল্লা আবদুল্লাহ মাদ্রাসার আশপাশের বাজারের বিবরণে সুগন্ধি, মিষ্টি, ওষুধ ও অলংকারের দোকানের পাশাপাশি বই বিক্রেতাদের উপস্থিতির কথা লিখেছেন।
সাহিত্যিক সূত্রেও বই ব্যবসার প্রাচীন নিদর্শন রয়েছে। নাসরাবাদির সংকলনে মিরেফরান নামে এক কবি-বই বিক্রেতার উল্লেখ পাওয়া যায়। তিনি ইসফাহানে বসবাস করতেন এবং বই বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন। প্রায় দুই শতাব্দী পর ১২৯৬ হিজরি সালে রচিত ‘রোজে রওশন’ গ্রন্থেও মুহাম্মদ রাবি ইসফাহানি নামে আরেক কবি-বই বিক্রেতার পরিচয় পাওয়া যায়।
বই বিক্রি থেকে প্রকাশনায় যাত্রা
ইরানে মুদ্রণশিল্পের বিস্তারের পর ইসফাহানের বই বিক্রেতাদের ভূমিকা বদলাতে শুরু করে। তাঁদের কেউ কেউ বই বিক্রির পাশাপাশি নিজ উদ্যোগে গ্রন্থ মুদ্রণ ও প্রকাশনায় যুক্ত হন।
প্রথম দিকের প্রকাশকদের মধ্যে ছিলেন আগা মুহাম্মদ বই বিক্রেতা। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে ছিল ‘তুহফাতুল ফাতেমিয়া’। ১৩৮২ হিজরি সালে বইটি পাথরে ছাপার পদ্ধতিতে প্রকাশিত হয়।
আগা মুহাম্মদতাকি বই বিক্রেতা ১৩২৯ হিজরি সালে ‘আহাদিসে কুদসি’ প্রকাশ করেন। অন্যদিকে মুহাম্মদ হোসেইন বই বিক্রেতা চিকিৎসাবিষয়ক ‘কানুনচে ফি আল-তিব্ব’সহ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেন।
হাজি শেখ মুহাম্মদ হোসেইন বই বিক্রেতা খুনসারিও ধর্মীয় বই প্রকাশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে ছিল মওলানা রুমির কবিতার ব্যাখ্যা, কোরআনের আয়াতের শব্দসূচি এবং কোরআনের ওপর টীকা।
সাদাত বই বিক্রেতা পরিবারও ইসফাহানের প্রকাশনা ইতিহাসে গুরুত্বপূর্ণ। এ পরিবারের কয়েকজন সদস্য বই বিক্রি, মুদ্রণ ও ধর্মীয় শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন।
আধুনিক প্রকাশনার ভিত্তি গড়ে তোলে যেসব প্রতিষ্ঠান
ইসফাহানের আধুনিক প্রকাশনা ইতিহাসে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর একটি ‘বেহার পাবলিকেশনস’। মুহাম্মদ আলী রুস্তাজাদেহের পরিচালনায় ১৯১০ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। কবি আশেক, মুনেইম, হাতেফ, শাকিব ও সগিরের কাব্যগ্রন্থসহ বিভিন্ন বই প্রকাশ করে তারা। শহরে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ আয়াতসূচিসহ কোরআন প্রকাশের উদ্যোগও নেয় প্রতিষ্ঠানটি।
পরবর্তী সময়ে হাজি সাইয়েদ সাঈদ তাবাতাবাইয়ের পরিচালনায় ‘গুলবাহার’ প্রকাশনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথমে গুলবাহার এলাকায় কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি পরে সেপেহ সড়কে স্থানান্তরিত হয়। ধর্মীয়, নৈতিকতা ও ভাষাবিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রকাশ করে তারা।
এ ছাড়া মসিহ সাকাফি প্রতিষ্ঠিত ‘সাকাফি’ প্রকাশনা ইসফাহানের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখে। তাঁর প্রতিষ্ঠান থেকে ইরানের সাহিত্য ইতিহাস, স্থানীয় কবিদের কাব্যগ্রন্থ এবং ইসফাহানের বিশিষ্ট ব্যক্তিদের জীবনভিত্তিক বই প্রকাশিত হয়। তাঁর প্রতিষ্ঠানে কাজ শেখা অনেক কর্মী পরবর্তী সময়ে নিজেরাই প্রকাশনা ও মুদ্রণ ব্যবসায় যুক্ত হন।
হারিয়ে যাওয়ার ঝুঁকিতে প্রকাশনা ঐতিহ্য
গবেষকদের মতে, ইসফাহানের প্রকাশনা ইতিহাসের বড় চ্যালেঞ্জ হলো পুরোনো বই, প্রকাশনার নথি ও ব্যক্তিগত সংগ্রহের তথ্য হারিয়ে যাওয়া। অনেক বইয়ের সংস্করণ, প্রকাশকের সিল, হাতে লেখা মন্তব্য কিংবা মুদ্রণসংক্রান্ত দলিল এখনো যথাযথভাবে সংরক্ষিত হয়নি।
এই ঐতিহ্য রক্ষায় পুরোনো বই সংগ্রহ, প্রকাশকদের গ্রন্থপঞ্জি তৈরি, মুদ্রণ ও প্রকাশনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্মৃতিচারণ সংরক্ষণ এবং একটি পূর্ণাঙ্গ আর্কাইভ প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে।
ইসফাহানের প্রকাশনা ইতিহাস এখনো অনেকাংশে অনাবিষ্কৃত। সময়মতো এসব নিদর্শন ও তথ্য সংরক্ষণ করা না গেলে শহরটির কয়েক শতকের সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হারিয়ে যেতে পারে।












