ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ঘিরে দেশটির রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছে, বইটিতে নেহরু-গান্ধী পরিবারের ঐতিহাসিক ভুল এবং কংগ্রেসের বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতাদের দাবি, বইটিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি এবং এর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।
মঙ্গলবার প্রকাশিত ৭৯ বছর বয়সী সোনিয়া গান্ধীর স্মৃতিকথাটির নাম ‘বিলংগিং’। এতে ইতালিতে জন্ম নেওয়া সোনিয়ার ইংল্যান্ডে শিক্ষাজীবন থেকে শুরু করে ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর একটিতে তাঁর অন্তর্ভুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। ইংল্যান্ডে পড়াশোনার সময় নেহরু-গান্ধী পরিবারের উত্তরসূরি রাজীব গান্ধীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের বিয়ে হয়।
২০০৪ সালে সোনিয়া গান্ধী নিজেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে তাঁর পরিবার এখনো কংগ্রেসের নেতৃত্ব ও দলীয় রাজনীতিতে প্রভাব ধরে রেখেছে। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর বিভিন্ন সময়ে প্রায় ৫৫ বছর ভারত শাসন করেছে কংগ্রেস।
স্মৃতিকথাকে ইতিহাস আড়ালের চেষ্টা বলছে বিজেপি
বিজেপির মুখপাত্র সি আর কেশবন এক ভিডিও বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথার নাম ‘বিলংগিং’-এর পরিবর্তে ‘হোয়াইটওয়াশিং’ রাখতে পারতেন। তাঁর অভিযোগ, বইটির মূল উদ্দেশ্য নেহরু-গান্ধী পরিবারের ঐতিহাসিক ভুলগুলোকে হালকাভাবে উপস্থাপন করা এবং কংগ্রেসের গুরুতর অপরাধ আড়াল করা।

এ প্রসঙ্গে কেশবন ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার কথা উল্লেখ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধীর শাশুড়ি ইন্দিরা গান্ধী তাঁর শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার পর ওই দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান।
মানবাধিকারকর্মীদের অভিযোগ, ওই সময় কংগ্রেস সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা নেয়নি। বরং দলটির কয়েকজন নেতা দাঙ্গার হত্যাযজ্ঞ সংগঠনে সহায়তা করেছিলেন।
১৯৮৪ সালের দাঙ্গা নিয়ে সোনিয়ার বক্তব্য
স্মৃতিকথায় সোনিয়া গান্ধী ১৯৮৪ সালের দাঙ্গাকে ‘মর্মান্তিক ও লজ্জাজনক অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, সে সময় কিছু সরকারি কর্মকর্তা সহিংসতার ঘটনা দেখেও নিষ্ক্রিয় ছিলেন, এমনকি কেউ কেউ সহিংসতা উসকে দিয়েছিলেন।
দাঙ্গায় স্বামী রাজীব গান্ধীর সম্পৃক্ততার অভিযোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সোনিয়া। তবে একই সঙ্গে তিনি ওই সময়ের প্রশাসনিক ব্যর্থতা এবং বিচার পেতে বিলম্বের বিষয়টিও স্বীকার করেছেন।
বিজেপির মুখপাত্র কেশবন অবশ্য দাবি করেছেন, সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথায় ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থাকে স্বাভাবিক ও যৌক্তিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন।
জরুরি অবস্থার ঘটনাও আলোচনায়

১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর সরকার ভারতে ২১ মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছিল। ওই সময়ে নাগরিক অধিকার স্থগিত করা হয়, সংবাদমাধ্যমের ওপর সেন্সরশিপ আরোপ করা হয় এবং বিরোধী রাজনৈতিক নেতাদের কারাগারে পাঠানো হয়। ভারতের রাজনৈতিক ইতিহাসে এটি অন্যতম বিতর্কিত অধ্যায়।
স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, জরুরি অবস্থা জারির আগে ইন্দিরা গান্ধী ক্রমেই রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন এবং বিভিন্ন দিক থেকে চাপে ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইন্দিরা জরুরি অবস্থা জারি নিয়ে কখনোই পুরোপুরি স্বস্তিতে ছিলেন না। তবে তৎকালীন রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি এটি অব্যাহত রাখতে বাধ্য হয়েছিলেন বলে মনে করতেন।
নিজের বইয়ের ভূমিকায় সোনিয়া জানিয়েছেন, এটি তাঁর ব্যক্তিগত স্মৃতিকথা। এখানে রাজনীতি এসেছে জীবনের পটভূমি বা কাঠামো হিসেবে।
তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সোনিয়া গান্ধী কোনো প্রতিক্রিয়া জানাননি। কংগ্রেসের একজন মুখপাত্রও রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধে সাড়া দেননি।
অ্যামাজন ইন্ডিয়ার বেস্টসেলার তালিকায় স্মৃতিকথা
কংগ্রেস যখন ভোটার তালিকার বিতর্কিত সংশোধন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, তখনই প্রকাশিত হয়েছে সোনিয়ার স্মৃতিকথা। এই আন্দোলনে দলটির নেতৃত্ব দিচ্ছেন তাঁর ছেলে রাহুল গান্ধী।

২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে চলমান বিক্ষোভকে তাঁর সরকারের অন্যতম বড় রাজনৈতিক সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী বছরের শুরুতে ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ এবং শিখ সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাবে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
স্মৃতিকথাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বইটির পক্ষে ও বিপক্ষে সমানভাবে মতামত দিচ্ছেন পাঠক ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা। এসব প্রতিক্রিয়ায় ভারতের রাজনৈতিক বিভাজনের চিত্রও ফুটে উঠেছে।
দেশটির বিভিন্ন সংবাদপত্রে গত প্রায় অর্ধশতাব্দীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা নিয়ে বইটির বিভিন্ন অংশ প্রকাশ করা হয়েছে।
সোনিয়ার সঙ্গে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার প্রকাশনা নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত হার্পারকলিন্স ইন্ডিয়া বইটি প্রকাশ করে। বইটির পাঠকপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে রয়টার্স যোগাযোগ করলেও প্রকাশনা সংস্থাটি কোনো মন্তব্য করেনি।
বুধবার ১ হাজার ২৯৯ রুপি (প্রায় ১৪ ডলার) দামের বইটি অ্যামাজন ইন্ডিয়ার সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকার শীর্ষে উঠে আসে।












