চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করতে ২৬ জন বাংলাদেশি সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’-এর দ্বিতীয় আসরে সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এ পুরস্কার পান।
বুধবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশের ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাব যৌথভাবে চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করে। চারটি বিভাগে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।
চার বিভাগে পুরস্কার
প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার পান দুজন, প্রত্যেকে ৫০ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার পান তিনজন, প্রত্যেকে ৩০ হাজার টাকা করে। বিজয়ীদের অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের আরশাদ আলী। দ্বিতীয় পুরস্কার যৌথভাবে পেয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম এবং ডেইলি সানের এ এন এম মহিবুব উজ জামান। তৃতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক সবুজ বাংলার মোরসালিন আহমেদ, ডেইলি সানের রফিকুল ইসলাম এবং কালের কণ্ঠের মো. হাবিবুর রহমান।
আলোকচিত্র ও মাল্টিমিডিয়া বিভাগে প্রথম হয়েছেন দৈনিক দিনকালের বাবুল তালুকদার। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন একাত্তর টেলিভিশনের মো. ইমতিয়াজ আহমেদ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওয়ালিউল বিশ্বাস। তৃতীয় পুরস্কার পেয়েছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের মো. মাহমুদ জামান, নিউজ টোয়েন্টিফোরের কাইয়ুম হাসান রিশাদ এবং ঢাকা পোস্টের মো. আরিফুল ইসলাম।
অর্থনীতি ও কূটনীতি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের আলমগীর স্বপন। দ্বিতীয় হয়েছেন ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম ও জাগো নিউজ২৪-এর এমদাদুল হক তুহিন। তৃতীয় পুরস্কার পেয়েছেন দ্য ক্লাইমেট ওয়াচের ফারুক আহমেদ আরিফ, ডেইলি সানের মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশ টেলিভিশনের মো. ইকবাল হোসেন।
খেলাধুলা, বিনোদন, ভ্রমণ ও অন্যান্য বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন সারাবাংলার ফারহানা হক নীলা। দ্বিতীয় পুরস্কার যৌথভাবে পেয়েছেন রূপালী বাংলাদেশের রুহুল আমিন ভূঁইয়া ও আরটিভির এ আর বাদল। তৃতীয় পুরস্কার পেয়েছেন দেশ রূপান্তরের মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা পোস্টের শাহাদাত হোসেন এবং দ্য ডেইলি স্টারের জারিফ ফাইয়াজ।
এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিবেদনগুলোর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বাধিক দেখা কনটেন্টের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের বিশেষ সংবাদদাতা রেজওয়ান উজ জামান ও ভিডিওগ্রাফার মো. মোকতার হোসেন।
অনুষ্ঠানে যা বললেন অতিথিরা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মো. সারওয়ার আলম, বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়েইন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ।
নিতাই রায় চৌধুরী বলেন, এ পুরস্কার বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে। দায়িত্বশীল গণমাধ্যম দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিও বার্তায় চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের প্রধান সম্পাদক আন শিয়াওইউ অনুষ্ঠানে যুক্ত হতে পেরে সন্তোষ প্রকাশ করেন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানানোর পাশাপাশি আয়োজনে সহযোগিতাকারী সংগঠনগুলোর অবদানের স্বীকৃতি দেন তিনি।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ গুয়াংইউয়ে আনন্দী, বাংলাদেশে চীনা উদ্যোগসমূহের সংগঠনের সভাপতি হান কুন এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের সভাপতি চুয়াং লিফেং উপস্থিত ছিলেন।
আয়োজনে আরও অংশ নেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সংবাদ সংস্থার সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাদের গণি চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটির আয়োজন করে সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। এতে সহযোগিতা করে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠন।












