যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে দেশজুড়ে ডেমোক্র্যাটদের সাফল্যে রিপাবলিকান শিবির যখন বড় ধরনের রাজনৈতিক ধাক্কা সামলাতে ব্যস্ত, তখন ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে ফ্লোরিডা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে রিপাবলিকানদের হাতছাড়া হয়েছে গভর্নরের কার্যালয় ও সিনেটের আসন। কিন্তু ফ্লোরিডায় নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে দলটি। এই ফলকে কেন্দ্র করে অঙ্গরাজ্যটির বিদায়ী গভর্নর রন ডেস্যান্টিস মনে করছেন, জাতীয় পর্যায়ে বিপর্যয়ের মুখেও রিপাবলিকানদের রাজনৈতিকভাবে টিকে থাকার কৌশল শেখার মতো কিছু দৃষ্টান্ত তৈরি করেছে ফ্লোরিডা।
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে ডেস্যান্টিসের। নির্বাচনের ফল প্রকাশের পর তিনি বলেন, ফ্লোরিডা পাশে না থাকলে এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য পরিস্থিতি প্রায় অস্তিত্বসংকটে পরিণত হতো। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মানচিত্রে ফ্লোরিডাই এখন রিপাবলিকানদের শেষ বড় ভরসা।
টেক্সাস ও ওহাইওর মতো ঐতিহ্যগতভাবে রিপাবলিকান-সমর্থিত অঙ্গরাজ্যেও এবার ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ নির্বাচনী সাফল্য পেয়েছে। গভর্নরের কার্যালয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সিনেটের আসনও হাতছাড়া হয়েছে রিপাবলিকানদের। অথচ দেশের জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১০টি অঙ্গরাজ্যের মধ্যে ফ্লোরিডাই একমাত্র জায়গা, যেখানে নতুন নির্বাচিত প্রতিনিধিরা আগামী জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরও গভর্নরের কার্যালয় ও অঙ্গরাজ্যের আইনসভা—উভয় ক্ষেত্রেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ বজায় থাকবে।
তবে ফ্লোরিডাও ডেমোক্র্যাটদের নির্বাচনী অগ্রযাত্রার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত ছিল না। অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ১৫টি আসন বাড়িয়ে রিপাবলিকানদের সুপারমেজরিটি বা দুই-তৃতীয়াংশের বেশি আসনের নিয়ন্ত্রণ শেষ করেছে। অঙ্গরাজ্যের সিনেটেও একটি আসন বেড়েছে তাদের। এমনকি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেওয়া মায়ামি-ডেড কাউন্টিতেও ভোটারদের সমর্থন আবার ডেমোক্র্যাটদের দিকে ফিরেছে।
তারপরও অঙ্গরাজ্যজুড়ে নির্বাচনী লড়াইয়ে জয় ধরে রেখেছে রিপাবলিকানরা। গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড জোলির বিরুদ্ধে ১ দশমিক ৩ শতাংশ ব্যবধানে জয় পেয়েছেন রিপাবলিকান বায়রন ডোনাল্ডস। ডেস্যান্টিসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। অ্যাটর্নি জেনারেল, প্রধান অর্থ কর্মকর্তা ও কৃষি কমিশনার পদেও রিপাবলিকান প্রার্থীরা অল্প ব্যবধানে জয় পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যাঞ্জি নিক্সনকে ৫১ শতাংশের বিপরীতে ৪৮ শতাংশ ভোটে হারিয়েছেন রিপাবলিকান অ্যাশলি মুডি।
ডেস্যান্টিসের মতে, এই ফল শুধু একটি নির্বাচনী বিজয় নয়; বরং প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও কীভাবে একটি দল নিজেদের সমর্থকগোষ্ঠী ধরে রাখতে পারে, তার উদাহরণ। তিনি বলেন, রিপাবলিকানদের আবার ঘুরে দাঁড়াতে দীর্ঘ সময় ও পরিশ্রম প্রয়োজন হবে। এক নির্বাচনী চক্রের মধ্যেই সেই পুনর্গঠন সম্ভব নয়। তবে ফ্লোরিডা দেখিয়েছে, ভালো সময়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি কঠিন সময়েও কীভাবে একটি রাজনৈতিক জোটকে ধরে রাখা যায়।
কেন ফ্লোরিডায় টিকে গেল রিপাবলিকানরা
ফ্লোরিডায় রিপাবলিকানদের সাফল্যের পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনের আগেই ভোটার নিবন্ধনের হিসাবে দলটির বড় ব্যবধান তৈরি হওয়া। প্রচারাভিযান শুরু হওয়ার আগেই ডেমোক্র্যাটদের তুলনায় রিপাবলিকানদের সমর্থকসংখ্যা এত বেশি ছিল যে জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাটদের অনুকূলে পরিস্থিতি গেলেও ফ্লোরিডায় সেই ব্যবধান ধরে রাখার সুযোগ ছিল।
ম্যাসন-ডিক্সন পোলিং অ্যান্ড স্ট্র্যাটেজির ব্যবস্থাপনা পরিচালক ব্র্যাড কোকারের মতে, ফ্লোরিডায় ক্ষমতা ধরে রাখতে রিপাবলিকানরা এমন কোনো গোপন কৌশল প্রয়োগ করেনি, যা অন্য অঙ্গরাজ্যে অনুপস্থিত ছিল। মূল বিষয় ছিল ভোটার নিবন্ধনে আগে থেকে তৈরি করা বড় ব্যবধান। তবে এবারের নির্বাচনে সেই ব্যবধানও শেষ পর্যন্ত বড় পরীক্ষার মুখে পড়েছে।
২০২০ সালের শেষ দিকে ফ্লোরিডায় সক্রিয় নিবন্ধিত ভোটারের হিসাবে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে প্রায় ৯৭ হাজার এগিয়ে ছিল। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। অঙ্গরাজ্যের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, তখন রিপাবলিকানদের এগিয়ে থাকার ব্যবধান দাঁড়ায় প্রায় ১৫ লাখ ৫০ হাজারে।
জনসংখ্যার পরিবর্তনেও বদলেছে ভোটের হিসাব
এই বিশাল ব্যবধান তৈরির পেছনে ফ্লোরিডায় নতুন বাসিন্দাদের আগমন বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অব্রে জুয়েট।
করোনাভাইরাস মহামারির সময় ডেস্যান্টিস ফ্লোরিডাকে কঠোর বিধিনিষেধ থেকে মুক্ত একটি অঙ্গরাজ্য হিসেবে তুলে ধরেছিলেন। তাঁর সেই প্রচারের পর দেশটির বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ ফ্লোরিডায় বসতি স্থাপন করেন। নতুন আসা এসব বাসিন্দার একটি বড় অংশ রিপাবলিকানদের ভোটারভিত্তি শক্তিশালী করতে সহায়তা করেছে।
জুয়েটের মতে, নতুন বাসিন্দাদের আগমনে ফ্লোরিডার ভোটার কাঠামোই বদলে গেছে। ফলে জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাটদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলেও ফ্লোরিডায় রিপাবলিকানদের একটি বাড়তি সুবিধা ছিল। দলটির সমর্থকেরা যদি খুব কম সংখ্যায় ভোট দিতে যেতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু মোটামুটি স্থিতিশীল উপস্থিতি নিশ্চিত করতে পারায় তারা নিজেদের সুবিধা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
প্রচারের অর্থেও বড় ব্যবধান
নির্বাচনী সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল অর্থের জোগান। যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের মতো ফ্লোরিডাতেও নির্বাচনী প্রচারের ব্যয়ে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন।
অঙ্গরাজ্যের নির্বাচনী নথি পর্যালোচনা করে দেখা গেছে, গভর্নর পদে বায়রন ডোনাল্ডসের নির্বাচনী প্রচার ও সংশ্লিষ্ট রাজনৈতিক কমিটি ২৯ অক্টোবর পর্যন্ত ১৬ কোটি ৫০ লাখ ডলারের বেশি ব্যয় করেছে। বিপরীতে ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড জোলির নির্বাচনী প্রচার ও সংশ্লিষ্ট কমিটির ব্যয় ছিল প্রায় আড়াই কোটি ডলার।
সিনেট নির্বাচনেও ব্যয়ের ব্যবধান ছিল। ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী অ্যাশলি মুডির নির্বাচনী প্রচার ১৪ অক্টোবর পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ডলার ব্যয়ের হিসাব দিয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী অ্যাঞ্জি নিক্সনের প্রচারের ব্যয় ছিল ৮১ লাখ ডলার।
ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ক্যাথরিন ডেপালো-গোল্ড মনে করেন, জাতীয় পর্যায় থেকে পর্যাপ্ত অর্থ ও সাংগঠনিক সহায়তা না পাওয়ায় ডেমোক্র্যাটরা ফ্লোরিডায় পিছিয়ে পড়েছে। অন্যদিকে ডোনাল্ডসের প্রচারশিবির মাঠপর্যায়ে ভোটারদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ভালো সংগঠনিক প্রস্তুতি দেখিয়েছে।
তাঁর মতে, রিপাবলিকানরা ফ্লোরিডাকে নিশ্চিত বিজয়ের অঙ্গরাজ্য ধরে নিয়ে বসে থাকেনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ, প্রচারের বিস্তার এবং মাঠপর্যায়ে কর্মীদের সক্রিয়তা বজায় রেখেছিল তারা।
জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি
ফ্লোরিডার নির্বাচনে জীবনযাত্রার ব্যয়ও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছিল। বিশেষ করে বাড়ির মালিকানা, আবাসন ব্যয় ও সম্পত্তি কর নিয়ে ভোটারদের উদ্বেগকে সামনে রেখে প্রচার চালান ডোনাল্ডস।
তরুণ ভোটারদের একটি অংশের আশঙ্কা ছিল, বাড়ির ক্রমবর্ধমান দামের কারণে নিজেদের বাড়ি কেনা তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে বয়স্ক বাড়ির মালিকদের উদ্বেগ ছিল, বাড়ির মালিকানা ধরে রাখার খরচও ক্রমেই বেড়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে ডোনাল্ডসের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি ভোটারদের কাছে গুরুত্ব পেয়েছে বলে মনে করেন ডেপালো-গোল্ড। তাঁর মতে, সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক চাপকে নির্বাচনী প্রচারের কেন্দ্রে নিয়ে আসায় রিপাবলিকানরা সুবিধা পেয়েছে।
সম্পত্তি কর কমানোর উদ্যোগেও ডেস্যান্টিসের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন ভোটাররা অ্যামেন্ডমেন্ট থ্রি নামে একটি প্রস্তাব অনুমোদন করেন। ডেস্যান্টিস-সমর্থিত এই প্রস্তাবের লক্ষ্য ছিল বাড়ির মালিকদের জন্য স্কুলশিক্ষা খাতের বাইরে আরোপিত সম্পত্তি করের ক্ষেত্রে করমুক্ত সুবিধা বাড়ানো।
ডেপালো-গোল্ডের ধারণা, সম্পত্তি কর কমানোর সম্ভাবনা এমন কিছু রিপাবলিকান ভোটারকেও ভোটকেন্দ্রে নিয়ে এসেছে, যারা অন্যথায় ভোট দিতে আগ্রহী নাও হতে পারতেন।
ডেস্যান্টিসও মনে করেন, ব্যালটে অ্যামেন্ডমেন্ট থ্রি থাকার কারণে রিপাবলিকানরা অন্য কয়েকটি অঙ্গরাজ্যের মতো নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়েনি। তাঁর মতে, এই প্রস্তাব ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি করে এবং ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়াতে সাহায্য করেছে।
ডেস্যান্টিসের জনপ্রিয়তা ও ট্রাম্পের ভূমিকা
ফ্লোরিডায় রিপাবলিকানদের সাফল্যের পেছনে ডেস্যান্টিসের ব্যক্তিগত জনপ্রিয়তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্বাচনের আগে তাঁর সমর্থন পাওয়া প্রার্থীরা বাড়তি সুবিধা পেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মঙ্গলবারের নির্বাচনে রাজ্যজুড়ে জয়ী পাঁচজন রিপাবলিকান প্রার্থীকেই সমর্থন জানিয়েছিলেন ডেস্যান্টিস। অক্টোবরের শুরুর দিকে স্টেটসন ইউনিভার্সিটির পরিচালিত এক জরিপে দেখা যায়, ফ্লোরিডার সম্ভাব্য ভোটারদের ৫৫ শতাংশই গভর্নর হিসেবে তাঁর কাজের প্রতি সমর্থন জানিয়েছেন।
বিশেষ করে গভর্নর নির্বাচনে ডোনাল্ডসের জন্য ডেস্যান্টিসের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বিশ্লেষক কোকারের মতে, ওই সময়ে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান কিছু ভোটারের কাছে নেতিবাচক হয়ে ওঠায় ডেস্যান্টিসের সমর্থন ডোনাল্ডসকে বাড়তি সুবিধা দেয়।
প্রাথমিক নির্বাচনের আগে ডোনাল্ডস তাঁর প্রচার বিজ্ঞাপনে ট্রাম্পের সমর্থনকে বিশেষভাবে তুলে ধরেছিলেন। কিন্তু সেপ্টেম্বরে ডেমোক্র্যাট প্রার্থী জোলির বিরুদ্ধে মূল নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর তাঁর প্রচার ওয়েবসাইট থেকে ট্রাম্পের উল্লেখ করা কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ সরিয়ে ফেলা হয়।
পরের মাসে অবশ্য একই দিনে দুটি নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ করেন ডোনাল্ডস। একটি বিজ্ঞাপনে ছিল ট্রাম্পের সমর্থনের কথা, অন্যটিতে তুলে ধরা হয় ডেস্যান্টিসের সমর্থন।
কোকারের ভাষায়, শেষ পর্যন্ত ডেস্যান্টিসই ডোনাল্ডসকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে সাহায্য করেছেন।
জাতীয় রাজনীতির বদলে স্থানীয় ইস্যুতে মনোযোগের পরামর্শ
ফ্লোরিডার নির্বাচনী ফল থেকে ভবিষ্যতের জন্য একটি শিক্ষা নিতে বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, রিপাবলিকানদের এখন জাতীয় পর্যায়ের বিতর্ক ও রাজনৈতিক সংঘাতের পরিবর্তে স্থানীয় মানুষের সমস্যা এবং অঙ্গরাজ্যভিত্তিক ইস্যুতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
কোকারের পরামর্শ, ফ্লোরিডার রিপাবলিকানদের আপাতত জাতীয় রাজনীতির বিতর্ক থেকে দূরে থেকে অঙ্গরাজ্যের মানুষের চাহিদাকে গুরুত্ব দিতে হবে।
ফ্লোরিডার ফলাফল তাই একদিকে রিপাবলিকানদের জন্য রাজনৈতিকভাবে টিকে থাকার একটি উদাহরণ, অন্যদিকে দলটির সামনে নতুন প্রশ্নও তৈরি করেছে। ভোটার নিবন্ধনে বড় ব্যবধান, বিপুল নির্বাচনী অর্থ, আবাসন ও সম্পত্তি করের মতো স্থানীয় ইস্যু এবং জনপ্রিয় গভর্নরের সমর্থন—সব মিলিয়ে দলটি অঙ্গরাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
তবে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের ১৫টি আসন বৃদ্ধি এবং মায়ামি-ডেড কাউন্টিতে ভোটের প্রবণতা বদলে যাওয়ার ঘটনা দেখিয়েছে, ফ্লোরিডাতেও রাজনৈতিক প্রতিযোগিতা জোরালো হয়েছে। ফলে এবারের জয়কে শুধু জাতীয় পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতির ব্যতিক্রম হিসেবে দেখলে অঙ্গরাজ্যটির পরিবর্তিত ভোটার মনোভাবের গুরুত্বপূর্ণ দিকগুলো আড়ালে থেকে যেতে পারে।












