বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দের কথা। কিন্তু যুক্তরাজ্যের ২৬ বছর বয়সী লর্না পেরির কাছে সেই আনন্দ ক্রমেই ব্যয়বহুল অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। রেস্তোরাঁয় নৈশভোজ, জন্মদিনের আয়োজন, ব্যায়ামের ক্লাস, সংগীত উৎসব কিংবা ছুটি কাটানো—বন্ধুদের সঙ্গে প্রতিটি পরিকল্পনাতেই খরচের চাপ বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত এক বছরে শুধু বন্ধুদের সঙ্গে সামাজিকতা বজায় রাখতেই তাঁর ব্যয় হয়েছে ১১ হাজার পাউন্ডের বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এ প্রকাশিত এক ব্যক্তিগত অভিজ্ঞতাভিত্তিক লেখায় পেরি তুলে ধরেছেন, কীভাবে জেন জি প্রজন্মের মধ্যে বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগের ধরন বদলে যাচ্ছে। আনন্দের জন্য একসঙ্গে সময় কাটানোর বদলে সামাজিকতা অনেকের কাছে এখন বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয় হয়ে উঠেছে।
এক সন্ধ্যার খাবারেই প্রায় ৮৭ পাউন্ড
দক্ষিণ লন্ডনে বন্ধুদের সঙ্গে এক রাতের খাবারের আয়োজনের আগে পেরি কয়েক দিন ধরে রেস্তোরাঁর খাবারের তালিকা দেখেছেন। খাবারের দাম, ওয়াইন, অতিরিক্ত সেবামূল্য—সব হিসাব করে বোঝার চেষ্টা করেছেন, তাঁর ব্যাংক হিসাবে থাকা ঋণসীমা দিয়ে খরচ সামলানো সম্ভব হবে কি না।
শেষ পর্যন্ত মাথাপিছু বিল আসে ৮৭ পাউন্ড। চারজনের মধ্যে একটি বোতল ওয়াইন ভাগ করে খাওয়া এবং দেড় ঘণ্টার নৈশভোজের জন্য এই খরচ তাঁর কাছে মোটেও স্বস্তিদায়ক ছিল না। বরং খাবারের পরও ক্ষুধা রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
পেরির অভিজ্ঞতায়, বন্ধুদের সঙ্গে বাইরে সময় কাটানোর খরচ এখন প্রায়ই ৫০ পাউন্ড ছাড়িয়ে যায়। আগে বাড়িতে বসে এক গ্লাস ওয়াইন কিংবা একসঙ্গে রান্না করে খাওয়ার মতো আয়োজন ছিল সামাজিকতার স্বাভাবিক অংশ। কিন্তু এখন অনেকের বাসায় জায়গার অভাব, অপরিচিত মানুষের সঙ্গে ঘর ভাগ করে থাকা কিংবা বাসস্থানের দুরবস্থার কারণে বন্ধুদের বাড়িতে আড্ডা দেওয়ার সুযোগও কমেছে।
‘সাধারণ’ আয়োজনেও বড় ব্যয়
বন্ধুদের সঙ্গে নিরিবিলি সময় কাটানোর পরিকল্পনাও এখন ব্যয়বহুল। পেরির ভাষ্য অনুযায়ী, সংস্কারধর্মী পিলাটেসের একটি ক্লাসে অংশ নিতে খরচ হয় ৩২ পাউন্ড। আবার বন্ধুদের আয়োজিত নৈশভোজে অংশ নিতে টিকিটের দাম ৬৫ পাউন্ড পর্যন্ত হতে পারে। আয়োজনটি দেখতে ঘরোয়া ভোজের মতো হলেও অংশগ্রহণকারীদের অর্থ দিয়ে সেখানে যেতে হয়, এমনকি নিজেদের পানীয়ও সঙ্গে নিতে হয়।
জন্মদিন উদ্যাপনও আর এক দিনের মধ্যে সীমাবদ্ধ নেই। অনেক ক্ষেত্রে পুরো সপ্তাহজুড়ে চলে আয়োজন। কোথাও এক দিনের ভ্রমণে ২০০ পাউন্ড, আবার সংগীত উৎসবের টিকিটেই খরচ ৮০ পাউন্ড। এর সঙ্গে যাতায়াত ও খাবারের ব্যয় যোগ হয়। ছুটি কাটাতে গেলে প্রতিবার অন্তত দুই হাজার পাউন্ড খরচ হচ্ছে বলেও জানিয়েছেন পেরি।
সামাজিকতা বজায় রাখতে গিয়ে সঞ্চয় শেষ
পেরির হিসাবে, কর, বাড়িভাড়া ও অন্যান্য বিল পরিশোধের পর তাঁর হাতে বছরে থাকে প্রায় ১৩ হাজার ৫০০ পাউন্ড। অথচ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এক বছরেই খরচ হয়েছে ১১ হাজার পাউন্ডের বেশি। ফলে সঞ্চয়ের অবস্থা দুর্বল হয়ে পড়েছে।
এই ব্যয় সামলাতে দৈনন্দিন জীবনে তাঁকে অনেক কিছুতেই কাটছাঁট করতে হচ্ছে। বাসায় খাবার তৈরি করে সঙ্গে নেওয়া, আবহাওয়া যেমনই হোক সাইকেলে যাতায়াত এবং কয়েক বছর ধরে একই পোশাক ব্যবহার করছেন তিনি। বাইরে পানীয়ের খরচ কমাতে কখনো নিজের সঙ্গে মদ নিয়ে যাওয়ার কথাও লিখেছেন।
এখনো বন্ধুদের বিয়ে বা বিয়ের আগের বিশেষ আয়োজনের পর্যায়ে পৌঁছাননি তিনি। কিন্তু বন্ধুদের কথাবার্তায় গ্রিসের দ্বীপে দলবেঁধে ভ্রমণ কিংবা দক্ষিণ ফ্রান্সে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা শুনেই ভবিষ্যৎ ব্যয়ের চিন্তা তাঁকে উদ্বিগ্ন করছে।
সামাজিক মর্যাদার নতুন মাপকাঠি
পেরির মতে, জেন জি প্রজন্মের জীবনে প্রচলিত সাফল্যের চিহ্ন—বিয়ে, বাড়ির মালিকানা কিংবা স্থিতিশীল পেশাগত জীবন—অনেকের কাছেই অধরা হয়ে উঠেছে। এর পরিবর্তে দামি ককটেল, ব্যয়বহুল কনসার্টের টিকিট, সুস্থতা ও শরীরচর্চার আয়োজন কিংবা বিলাসবহুল ভ্রমণ সামাজিক সাফল্য দেখানোর নতুন উপায় হয়ে উঠেছে।
এসব আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাও এই প্রবণতার অংশ। আগে মানুষ আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে ছবি দিত। এখন অনেক ক্ষেত্রে সেই ছবি দিয়ে নিজের আর্থিক সামর্থ্যের একটি ধারণাও তুলে ধরার চেষ্টা চলে।
কিন্তু এই প্রতিযোগিতার চাপের মধ্যেও নিজের আর্থিক সীমাবদ্ধতার কথা খোলাখুলি বলা কঠিন। পেরি লিখেছেন, বন্ধুদের আয় সম্পর্কে অনেকেই জানেন, সবাই প্রায়ই নিজেদের ‘অর্থকষ্টে’ থাকার কথা বলেন। কিন্তু কোনো আয়োজনের খরচ বহন করতে না পারার কথা সরাসরি জানালে বিরক্তিকর বা অনাগ্রহী হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা থাকে। ধীরে ধীরে আমন্ত্রণও কমে যেতে পারে।
ফলে অনেক সময় খরচ বহন করতে না পেরে ব্যস্ততার অজুহাত দেখিয়ে বাড়িতে একা থাকতে হয়। অন্যদিকে বন্ধুদের আনন্দের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে হয়।
বন্ধুত্বের খরচ ও নিঃসঙ্গতার ঝুঁকি
লেখাটিতে পেরি যুক্তরাজ্যের তরুণদের মধ্যে নিঃসঙ্গতার প্রসঙ্গও তুলেছেন। ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চের গবেষণার উল্লেখ করে তিনি জানিয়েছেন, ইংল্যান্ডে এক দশক আগের তুলনায় এখন বন্ধুহীন মানুষের সংখ্যা পাঁচ গুণ বেশি হওয়ার তথ্য উঠে এসেছে।
তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা বৃহত্তর একটি প্রশ্ন সামনে আনে: বন্ধুত্ব ধরে রাখতে যদি নিয়মিত বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়, তাহলে যাঁদের সামর্থ্য কম, তাঁদের সামাজিক জীবন কতটা সংকুচিত হবে? অর্থনৈতিক চাপের কারণে সামাজিক আয়োজন থেকে দূরে থাকা শেষ পর্যন্ত নিঃসঙ্গতাকেও বাড়িয়ে দিতে পারে।
বন্ধুত্বের মূল ভিত্তি একসঙ্গে সময় কাটানো। কিন্তু সেই সময় কাটানোর আয়োজন যখন ব্যয়ের প্রতিযোগিতায় পরিণত হয়, তখন আর্থিক সামর্থ্য সামাজিক সম্পর্কের অংশগ্রহণ নির্ধারণ করতে শুরু করে। পেরির অভিজ্ঞতায়, এই বাস্তবতায় বন্ধুত্বের আনন্দের পাশাপাশি জমছে হিসাবের চাপ এবং বাদ পড়ে যাওয়ার ভয়।












