সোভিয়েত রাষ্ট্র রাজনৈতিক বিশ্বাসের কারণে তাঁকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে বন্দী করেছিল। পরবর্তী সময়ে পুতিনের ক্রেমলিন সেই পরিচয়কেই তাঁর বিরুদ্ধে ব্যবহার করে।
২০০৪ সালের ১ মে। মস্কোর কেন্দ্রে একসময়ের বিশাল কেজিবি সদর দপ্তরের সামনে জড়ো হয়েছিলেন কয়েক ডজন বিক্ষোভকারী। তাঁদের প্রতিবাদের বিষয় ছিল ‘পুলিশি রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিক সমাজ’ এবং ভ্লাদিমির পুতিনের শাসনামলের কর্তৃত্ববাদ।
সে সময় রুশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছিল ছোট পরিসরের এবং অনেকটাই নীরব প্রকৃতির। ১৯৯০-এর দশকের বিশৃঙ্খলার পর শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া নতুন প্রেসিডেন্টকে অধিকাংশ রুশ নাগরিকই সমর্থন করতেন। তাই লুবিয়ানকা স্কয়ারের ওই সমাবেশ হয়তো বিস্মৃতির আড়ালে হারিয়ে যেত, যদি না সেদিনের একটি বিখ্যাত ছবি তোলা হতো।
ছবিতে দেখা যায়, বেঁটে গড়নের এক নারী। মাথায় বাটির মতো ছাঁটা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। গলায় ঝোলানো হাতে লেখা একটি সাইনবোর্ডে কালো কালিতে লেখা—‘তোমরা সবাই নির্বোধ, তোমাদের সুস্থ করার কোনো উপায় নেই! একমাত্র আমিই বুদ্ধিমান, আমার সাদা পোশাকও বেশ সুন্দর!’
প্রথম দেখায় ছবিটিকে মনে হতে পারে, প্রকাশ্যে দাঁড়িয়ে কোনো খামখেয়ালি নারী অসংলগ্ন কথাবার্তা বলছেন। কিন্তু ছবির সেই নারী আর কেউ নন, তিনি ভ্যালেরিয়া নোভোদভোরস্কায়া—রাশিয়ার ইতিহাসের অন্যতম কিংবদন্তিতুল্য ভিন্নমতাবলম্বী।
বই পড়া থেকে প্রতিবাদী হয়ে ওঠা
১৯৫০ সালে বর্তমান বেলারুশের ভূখণ্ডে জন্ম নোভোদভোরস্কায়ার। বেড়ে উঠেছেন মস্কোতে। ছোটবেলায় তিনি ছিলেন মেধাবী, তবে কিছুটা নিঃসঙ্গ প্রকৃতির। সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব করার চেয়ে বই পড়তেই বেশি আগ্রহী ছিলেন। ঘণ্টার পর ঘণ্টা বইয়ের জগতে ডুবে থাকতেন তিনি।
মাত্র ১৫ বছর বয়সে একদিন সামরিক নিয়োগ কার্যালয়ে গিয়ে ভিয়েতনামে পাঠানোর দাবি জানান নোভোদভোরস্কায়া। তাঁর উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া। এত অল্প বয়সেই তাঁর বিশ্বাস জন্মেছিল, দুর্বল ও নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব। ইতিহাসভিত্তিক উপন্যাসের নায়কদের মতো তিনিও অন্যায়ের বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন।
তাঁর জীবনে বড় পরিবর্তন আসে বাবার দেওয়া আলেক্সান্দর সলঝেনিৎসিনের বই ‘ওয়ান ডে ইন দ্য লাইফ অব ইভান দেনিসোভিচ’ পড়ার পর। স্তালিনের শ্রমশিবিরে বন্দীদের জীবনযাপনের বিবরণ তাঁকে ক্ষুব্ধ করে তোলে। যে ব্যবস্থা তাঁর মাতৃভূমিকে ধ্বংস করেছে, তার বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে তাঁর মনে।
১৯৬৮ সালে সোভিয়েত ট্যাংক যখন প্রাগে প্রবেশ করে, তখন নোভোদভোরস্কায়া সিদ্ধান্ত নেন—এবার তাঁকে কিছু একটা করতেই হবে।
এর এক বছর পর ক্রেমলিনে শত শত অতিথির উপস্থিতিতে মঞ্চস্থ হচ্ছিল ‘অক্টোবর’ অপেরা। লেনিন ও রুশ বিপ্লবের প্রশংসায় নির্মিত এই পরিবেশনার পর্দা ওঠার কিছুক্ষণ আগে গ্যালারি থেকে দর্শকদের ওপর উড়ে আসতে শুরু করে কাগজের টুকরো। সেগুলোতে হাতে লেখা ছিল কমিউনিস্ট পার্টিকে উদ্দেশ করে একটি কবিতা।
কবিতার বক্তব্য ছিল—
‘পার্টি, আজ আমাদের মনে যে ঘৃণা জন্মেছে, তা লালন করার জন্য তুমি যা করেছ এবং করে চলেছ, তার জন্য ধন্যবাদ!’
আরেক অংশে লেখা ছিল—
‘পার্টি, তুমি যা কিছু বিশ্বাসঘাতকতা করে বিক্রি করে দিয়েছ, অপমানিত মাতৃভূমির জন্য তারও ধন্যবাদ!’
কবিতাটি শুধু ক্ষমতাসীন গোষ্ঠী কিংবা স্তালিনের নিপীড়নের সমালোচনা ছিল না। লেনিনের বিপ্লব থেকে শুরু করে ব্রেজনেভের চেকোস্লোভাকিয়া আক্রমণ পর্যন্ত পুরো কমিউনিস্ট ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছিল।
নিরাপত্তারক্ষীরা বিস্মিত হয়ে দেখেন, প্রচারপত্রগুলো ছড়িয়েছেন এক কিশোরী। নোভোদভোরস্কায়া পালানোর কোনো চেষ্টা করেননি। কেজিবির সদস্যরা তাঁকে গ্রেপ্তার করলে তিনি শান্তভাবেই তাঁদের সঙ্গে চলে যান।
রাজনৈতিক ভিন্নমতকে মানসিক রোগ হিসেবে দেখানো
কেজিবি তাঁকে কয়েক দিন ধরে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের লিখিত বিবরণ দেখানো হলে তিনি মনোযোগ দিয়ে তা পড়েন, কয়েকটি বানান ভুল সংশোধন করেন, কিন্তু তাতে স্বাক্ষর করতে অস্বীকার করেন। কেজিবির হেফাজতে থাকাকালেও তিনি কাগজের টুকরোয় সরকারের বিরুদ্ধে লেখা চালিয়ে যান। পরে সেগুলো নিজের কক্ষের জানালা দিয়ে বাইরে ফেলে দিতেন।
কয়েক দিন পর তাঁকে ফরেনসিক মনোরোগ মূল্যায়নের জন্য পাঠানো হয়। সোভিয়েত ইউনিয়নের বহু ভিন্নমতাবলম্বীর মতো তাঁকেও মানসিকভাবে অসুস্থ ঘোষণা করা হয়। তাঁর রোগনির্ণয় করা হয় ‘স্লাগিশ সিজোফ্রেনিয়া’ বা ধীরগতির সিজোফ্রেনিয়া।
চিকিৎসা নথিতে তাঁর মধ্যে ‘সংস্কারবাদী ভ্রান্ত ধারণা’ এবং ‘দার্শনিক চিন্তায় অতিরিক্ত নিমগ্নতা’র কথাও উল্লেখ করা হয়। এরপর তাঁকে বাধ্যতামূলক চিকিৎসার নির্দেশ দিয়ে কাজান শহরের একটি মনোরোগ কারাগার হাসপাতালে পাঠানো হয়।
১৯৫০-এর দশকের শেষ দিক থেকেই সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের মানসিক হাসপাতালে আটকে রাখার প্রচলন ছিল। কমিউনিস্ট পার্টির এক সম্মেলনে নিকিতা ক্রুশ্চেভ প্রকাশ্যেই এই নীতির যুক্তি তুলে ধরেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ‘যারা কমিউনিজমের বিরুদ্ধে লড়াই করে, তাদের মানসিক স্বাস্থ্য নিশ্চয়ই ভালো নয়।’ এ কথা বলার পর সম্মেলনে হাসি ও করতালি পড়েছিল।
এই পদ্ধতি সোভিয়েত শাসকদের জন্য বেশ কয়েকটি সুবিধা তৈরি করেছিল। সরকারের অস্বস্তিকর প্রশ্ন তোলা ব্যক্তিদের বিচার ছাড়াই আটকে রাখা যেত। একই সঙ্গে তাঁদের রাজনৈতিক গ্রহণযোগ্যতাও নষ্ট করা সম্ভব হতো।
কারাদণ্ডের বিপরীতে বাধ্যতামূলক মানসিক হাসপাতালে ভর্তি থাকার কোনো নির্দিষ্ট মেয়াদ ছিল না। চিকিৎসক কিংবা তাঁদের ওপর রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারকারী কর্মকর্তারা যত দিন প্রয়োজন মনে করতেন, তত দিন বন্দীদের আটকে রাখতে পারতেন।
‘স্লাগিশ সিজোফ্রেনিয়া’ রোগনির্ণয়ের ধারণাটি তৈরি করেছিলেন সোভিয়েত মনোরোগ বিশেষজ্ঞ আন্দ্রেই স্নেঝনেভস্কি ও তাঁর সহকর্মীরা। মস্কো স্কুলের মনোরোগবিদ্যার ধারায় তাঁদের ব্যাখ্যায় এটি ছিল সিজোফ্রেনিয়ার একটি সূক্ষ্ম ও ধীরগতির ধরন। এ রোগে সাধারণত হ্যালুসিনেশন বা বিভ্রমের মতো স্পষ্ট মানসিক উপসর্গ দেখা যেত না। বরং সামাজিক পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পারা, কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ কিংবা দার্শনিক ও রাজনৈতিক চিন্তায় অতিরিক্ত মনোযোগ দেওয়াকে এর লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো।
ফলে সরকারের সমালোচকদের সহজেই মানসিক রোগী হিসেবে চিহ্নিত করে হাসপাতালে পাঠানো সম্ভব হতো।
কাজানের ওই হাসপাতালে নোভোদভোরস্কায়াকে দুই বছর বন্দী থাকতে হয়। তাঁর স্মৃতিকথায় তিনি নিজের মতো রোগীদের ওপর চালানো বিভিন্ন নির্যাতনের বিবরণ দিয়েছেন। এর মধ্যে ছিল যন্ত্রণাদায়ক দাঁতের চিকিৎসা এবং ত্বকের নিচে অক্সিজেন প্রবেশ করানো।
ধীরগতির সিজোফ্রেনিয়া রোগীদের অত্যন্ত উচ্চমাত্রায় হ্যালোপেরিডল নামের মনোরোগের ওষুধ দেওয়া হতো। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ছিল অত্যন্ত কষ্টদায়ক এবং কখনো কখনো তা আজীবন থেকে যেত। বন্দীদের মানসিক প্রতিরোধ ভেঙে দিয়ে বাধ্য করার জন্যই এসব পদ্ধতি ব্যবহার করা হতো।
তবে নোভোদভোরস্কায়াকে ভেঙে ফেলা সহজ ছিল না। কাজানের কারাগার হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসেন।
কমিউনিজমের বিরুদ্ধে নিরন্তর লড়াই
১৯৭০-এর দশকে তিনি অসংখ্য প্রবন্ধ লেখেন এবং ‘সামিজদাত’ আন্দোলনে যুক্ত হন। এই আন্দোলনের সদস্যরা নিষিদ্ধ লেখা নিজেরা নকল করে ছড়িয়ে দিতেন। তিনি কয়েকটি গোপন কমিউনিজমবিরোধী আন্দোলনও সংগঠিত করেন।
এর জবাবে কর্তৃপক্ষ তাঁকে বারবার গ্রেপ্তার করে মানসিক হাসপাতালে পাঠায়। কখনো সাধারণ মনোরোগ বিভাগে, কখনো কাজানের মতো বিশেষ কারাগার হাসপাতালে রাখা হতো তাঁকে। বছরের পর বছর ধরে কতবার বন্দী হয়েছেন, একসময় সেই হিসাবও হারিয়ে ফেলেন তিনি।
১৯৮০-এর দশকের মাঝামাঝি মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসার পর পরিস্থিতি কিছুটা শিথিল হতে শুরু করে। নোভোদভোরস্কায়ার মতো ভিন্নমতাবলম্বীরা জনসমক্ষে নিজেদের মত প্রকাশের সুযোগ পান।
১৯৮৮ সালে তিনি বিরোধী দল ডেমোক্রেটিক ইউনিয়ন প্রতিষ্ঠায় সহায়তা করেন। দলটি ছোট থাকলেও এর অস্তিত্বই ছিল সোভিয়েত ব্যবস্থার জন্য এক ধরনের চ্যালেঞ্জ। কারণ সোভিয়েত সংবিধান অনুযায়ী একমাত্র কমিউনিস্ট পার্টিকেই রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল।
নোভোদভোরস্কায়া ও তাঁর দলের সদস্যরা রাস্তায় বিক্ষোভ করতেন, প্রচারপত্র বিলি করতেন এবং নিষিদ্ধ রুশ ত্রিবর্ণ পতাকা ব্যবহার করতেন।
গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের মধ্যেও নোভোদভোরস্কায়া ছিলেন পরিচিত এক উগ্রপন্থী হিসেবে। তাঁদের অনেকেই মনে করতেন, বিদ্যমান ব্যবস্থার ভেতর থেকেই পরিবর্তন আনা সম্ভব। গর্বাচেভের ওপরও তাঁদের অনেকের আশা ছিল।
কিন্তু নোভোদভোরস্কায়া এমন একটি রাষ্ট্রযন্ত্রের সঙ্গে কোনো আপস করতে রাজি ছিলেন না, যাকে তিনি অপরাধমূলক এবং সম্পূর্ণ অবৈধ মনে করতেন। ‘হেইল গর্বাচেভ’ শিরোনামের এক প্রবন্ধে তিনি নতুন নেতার প্রতি নিঃশর্ত প্রশংসা প্রকাশকারীদের কঠোর সমালোচনা করেন।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর যেসব ভিন্নমতাবলম্বীকে একসময় মানসিক রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তাঁদের অবস্থান অনেকটাই বদলে যায়। তাঁদের মধ্যে সবচেয়ে পরিচিত ছিলেন ভ্লাদিমির বুকোভস্কি। ব্রিটেন থেকে নির্বাসন শেষে দেশে ফিরে তিনি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগে যুক্ত হন।
নতুন রাজনৈতিক বাস্তবতায় বুকোভস্কির মতো ব্যক্তিদের রাষ্ট্রের নিপীড়নের শিকার এবং সম্পূর্ণ সুস্থ মানুষ হিসেবে বিবেচনা করা হতে থাকে। কিন্তু নোভোদভোরস্কায়াকে নিয়ে সন্দেহ পুরোপুরি দূর হয়নি। অনেকের মনে প্রশ্ন ছিল—তিনি কি সত্যিই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন?
‘গণতন্ত্রপন্থী উন্মাদ’ পরিচয়ের আড়ালে
নোভোদভোরস্কায়ার মতো আন্দোলনকারীদের নিয়ে জনমনে সন্দেহ ও বিদ্রূপ থেকে ‘দেমশিজা’ শব্দটির প্রচলন ঘটে। ‘ডেমোক্র্যাট’ ও ‘সিজোফ্রেনিয়া’ শব্দের সমন্বয়ে তৈরি এই শব্দটি ব্যবহার করা হতো সংস্কার নিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ ব্যক্তিদের অবজ্ঞা করতে।
এই গোষ্ঠীর মধ্যে ছিলেন রাজনীতিবিদ সের্গেই কোভালিয়ভ এবং পদার্থবিদ আন্দ্রেই সাখারভের স্ত্রী ইয়েলেনা বনর। তবে ‘দেমশিজা’ পরিচয়ের সবচেয়ে পরিচিত প্রতীক হয়ে ওঠেন নোভোদভোরস্কায়া।
বিক্ষোভের ময়দানেই ছিল তাঁর স্বাচ্ছন্দ্য। তাঁর দলের ভোটার ও অর্থ—দুটিই ছিল খুব কম। দলটি কখনো রাশিয়ার পার্লামেন্ট দুমায় একটি আসনও জিততে পারেনি। তবু তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন বিভিন্ন বিক্ষোভে। গলায় প্রতিবাদী সাইনবোর্ড ঝুলিয়ে তাঁকে প্রায়ই দেখা যেত।
শুরুর দিকে বরিস ইয়েলৎসিনের প্রতি তাঁর সমর্থন ছিল দৃঢ়। এমনকি ১৯৯৩ সালে প্রেসিডেন্ট ইয়েলৎসিন যখন পার্লামেন্ট ভবনে ট্যাংক দিয়ে গোলাবর্ষণের নির্দেশ দেন, তখনও তিনি ইয়েলৎসিনের পক্ষেই ছিলেন।
কিন্তু চেচনিয়া যুদ্ধ তাঁর ধৈর্যের শেষ সীমায় পৌঁছে দেয়। বরাবরের মতোই আপসহীন নোভোদভোরস্কায়া চেচনিয়ায় রুশ অভিযানকে পোল্যান্ডে হিটলারের আক্রমণের সঙ্গে তুলনা করেন। এমনকি ‘চেচেন সেনাবাহিনীর বিজয়’ কামনা করতেও তিনি দ্বিধা করেননি।
সময়ের সঙ্গে রাশিয়ার অর্থনীতি ক্রমেই ধনকুবেরদের নিয়ন্ত্রণে চলে যেতে থাকে। সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে জায়গা পান সাবেক কেজিবি কর্মকর্তারা। একদিকে গেন্নাদি জিউগানভের নেতৃত্বাধীন কমিউনিস্টরা, অন্যদিকে ভ্লাদিমির ঝিরিনোভস্কির জাতীয়তাবাদীরা—মধ্যপন্থীরা ক্রমেই কোণঠাসা হয়ে পড়েন। নোভোদভোরস্কায়া নিজেকে প্রায় সবার বিরোধী অবস্থানে দেখতে পান।
তাঁকে প্রায়ই টেলিভিশন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতো। আয়োজকদের প্রত্যাশা থাকত, তিনি বিতর্কিত কিছু বলে দর্শকদের চমকে দেবেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সোভিয়েত বীরদের ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেন এবং রুশ সাহিত্যিক লিও তলস্তয়কে ‘প্রতিভাহীন লেখক’ বলে উড়িয়ে দেন।
তাঁর দৃষ্টিতে কেউই যথেষ্ট যোগ্য ছিলেন না, আর সবাই ছিলেন দুর্নীতিগ্রস্ত।
বছরের পর বছর ধরে নোভোদভোরস্কায়ার পরিচয় দাঁড়ায় ‘দেমশিজা’ হিসেবে। তাঁর বক্তব্যকে গুরুত্বের সঙ্গে না নেওয়ার প্রবণতাও তৈরি হয়। এর পেছনে তাঁর কয়েকটি অদ্ভুত টেলিভিশন উপস্থিতির ভূমিকা ছিল। একটি অনুষ্ঠানে তাঁকে ঝাড়ু দিয়ে কার্টুন চরিত্রকে তলোয়ার চালানো শেখাতে দেখা যায়। অন্য একটি অনুষ্ঠানে তিনি ইটের মতো দেখতে বিশাল আইসক্রিম খেয়েছিলেন।
তাঁর রাজনৈতিক অবস্থানও জনমনে এই ধারণা তৈরিতে ভূমিকা রাখে। তিনি মার্কিন লেখক আইন র্যান্ডের চিন্তাধারা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যক্তিস্বাধীনতাভিত্তিক উদারনৈতিক মতবাদ গ্রহণ করেছিলেন, যা রাশিয়ার বহু মানুষের কাছে ছিল অপরিচিত ও অগ্রহণযোগ্য। প্রতিপক্ষকে হিটলারের সঙ্গে তুলনা করার অভ্যাস তাঁর উগ্র ও অস্থির ব্যক্তিত্বের ভাবমূর্তিকে আরও জোরালো করে।
কৌতুকশিল্পীরা তাঁর চেহারা ও নাসিকাস্বর নিয়ে ব্যঙ্গ করতেন। ধীরে ধীরে তিনি হাস্যরসের বিষয় হয়ে ওঠেন।
পুতিনের উত্থান এবং ‘উন্মাদ’ তকমার রাজনৈতিক ব্যবহার
২০০০ সালে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর উদারপন্থী রাজনীতিকদের মধ্যে তাঁর প্রতি ব্যাপক সমর্থন দেখা যায়। কিন্তু নোভোদভোরস্কায়া পুতিনের কথায় আশ্বস্ত হননি।
একটি বেতার সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছিলেন, ‘স্বৈরশাসক’ পুতিন এবং তাঁর কেজিবি সহযোগীরা শিগগিরই গণতন্ত্র ধ্বংস করে দেবেন। এমনকি গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের মধ্যেও তাঁর এই বক্তব্যকে অতিরঞ্জিত কিংবা সন্দেহপ্রবণতার প্রকাশ হিসেবে দেখা হয়েছিল।
কারণ তখন অনেকের ধারণা ছিল, পুতিন একজন একনিষ্ঠ গণতন্ত্রপন্থী নেতা, যিনি কেবল দেশটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
পরবর্তী বছরগুলোতে পুতিনের সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করে। ২০০৩ সালের শেষ নাগাদ রাশিয়ার সব বড় টেলিভিশন চ্যানেল রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর থেকে সেগুলো সরকারের প্রচারযন্ত্র হিসেবে কাজ করতে থাকে।
শুধু সারাক্ষণ প্রেসিডেন্টের প্রশংসা করাই যথেষ্ট ছিল না। ভোটারদের বোঝাতে হতো, পুতিনের বিকল্প আর কেউ নেই। এ লক্ষ্য পূরণে বিরোধী দল ও নেতাদের অস্থিতিশীল এবং অযৌক্তিক হিসেবে তুলে ধরার কৌশল নেওয়া হয়।
ক্রেমলিনের জন্য নোভোদভোরস্কায়াকে রাশিয়ার উদারনৈতিক আন্দোলনের মুখ হিসেবে প্রতিষ্ঠা করা ছিল সুবিধাজনক। তিনি ছিলেন তীক্ষ্ণ বিতার্কিক এবং পুতিনের গণতান্ত্রিক ভাবমূর্তির আড়ালে লুকিয়ে থাকা কর্তৃত্ববাদী প্রবণতা বুঝতে সক্ষম। কিন্তু তাঁর অদ্ভুত আচরণ এবং ‘দেমশিজা’ পরিচয়ের কারণে ক্ষমতাসীনদের পক্ষে তাঁর বক্তব্যকে নিছক উন্মাদনা বলে উড়িয়ে দেওয়া সহজ হয়ে ওঠে।
২০০৩ সালে প্রচারিত রাজনৈতিক টক শো ‘কে বারিয়েরু!’ বা ‘টু দ্য ব্যারিয়ার!’-এ এই কৌশল চূড়ান্ত রূপ পায়। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সরকারপন্থী প্রচারক ভ্লাদিমির সলোভিয়ভ।
একটি পর্বে নোভোদভোরস্কায়ার মুখোমুখি করা হয় কট্টর জাতীয়তাবাদী রাজনীতিক ভ্লাদিমির ঝিরিনোভস্কিকে। শুরুতেই নোভোদভোরস্কায়া তাঁর প্রতিপক্ষকে হিটলারের সঙ্গে তুলনা করেন। জবাবে ঝিরিনোভস্কি অভিযোগ করেন, নোভোদভোরস্কায়া ‘গণতান্ত্রিক ফ্যাসিবাদের একনায়কত্ব’ প্রতিষ্ঠা করতে চান।
এরপর বিতর্ক দ্রুত চিৎকার-চেঁচামেচিতে রূপ নেয়। নোভোদভোরস্কায়া রাশিয়াকে ‘অশুভের সাম্রাজ্য’ বলে অভিহিত করেন। ঝিরিনোভস্কি তাঁকে দেশ ছেড়ে চলে যেতে চিৎকার করে বলেন। উপস্থাপক সলোভিয়ভ দুজনকে আলাদা রাখার চেষ্টা করেন এবং হতাশার ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলেন।
অনুষ্ঠানটির মাধ্যমে একটি বার্তাই স্পষ্ট করা হয়েছিল—অতি উদারপন্থী কিংবা অতি জাতীয়তাবাদী, কেউই মানসিকভাবে সুস্থ নন। তাহলে পুতিনই একমাত্র ভরসা।
২০০০-এর দশকে রাশিয়ার রাজনৈতিক পরিবেশ আরও কঠোর হয়ে উঠলেও নোভোদভোরস্কায়া একচুলও পিছিয়ে যাননি। তিনি লেখালেখি ও সাক্ষাৎকার অব্যাহত রাখেন। পুতিনকে কখনো ‘দানব’, কখনো ‘অন্ধকারের সত্তা’ বলে আখ্যা দেন।
তিনি আরও অভিযোগ করেন, পুতিনের ক্ষমতা দখলের পথ তৈরি করতে রাশিয়ার নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা সাজিয়েছিল ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি।
সরকারের সমালোচনা করার কারণে বহু আন্দোলনকারী প্রাণ হারালেও নোভোদভোরস্কায়া অক্ষত ছিলেন। কয়েকটি বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ছাড়া তাঁকে বেশির ভাগ সময় নিজের মতো করে কথা বলতে দেওয়া হয়েছিল।
তিনি কি সত্যিই মানসিক ভারসাম্যহীন ছিলেন?
নোভোদভোরস্কায়া কি সত্যিই মানসিকভাবে অসুস্থ ছিলেন? এত বছর পরও এর উত্তর দেওয়া কঠিন।
তাঁর আচরণ দেখে মনোবিকারের কোনো নির্দিষ্ট রোগের মানদণ্ড পূরণ হতো—এমনটা মনে করা কঠিন। তবে তিনি যে অত্যন্ত খামখেয়ালি ও ব্যতিক্রমী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তা অস্বীকার করার উপায় নেই।
উদারপন্থী লেখক আলফ্রেড কোহ তাঁকে কাছ থেকে চিনতেন। তাঁর ভাষায়, নোভোদভোরস্কায়া ছিলেন অসাধারণ মেধাবী, গভীর জ্ঞানসম্পন্ন এবং ‘সম্পূর্ণ উন্মাদ’। চিকিৎসাবিশেষজ্ঞরাও হয়তো একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন এবং তাঁকে সত্যিই মানসিকভাবে অসুস্থ মনে করেছিলেন—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
তবে নোভোদভোরস্কায়াকে নিয়ে প্রচলিত সব বক্তব্য সত্য নয়। ২০০৪ সালের বিখ্যাত ছবিটি পরে সম্পাদিত বা বিকৃত করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু নিজের দেশের মানুষের প্রতি তাঁর অবজ্ঞা ছিল বাস্তব।
তিনি প্রায়ই তিক্তভাবে উপলব্ধি করতেন, রাশিয়ায় যে স্বাধীনতার জন্য তিনি লড়াই করছেন, তার চাহিদা খুবই কম। এক প্রবন্ধে তিনি দাবি করেছিলেন, সর্বোচ্চ পাঁচ শতাংশ রুশ নাগরিক ইউরোপীয় ঐতিহ্যের গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন। বাকিদের তিনি ‘সরীসৃপ, অ্যামিবা ও ইনফুসোরিয়া’ বলে অভিহিত করেছিলেন।
নোভোদভোরস্কায়া কখনো বিয়ে করেননি। সারা জীবন মস্কোতে মায়ের ফ্ল্যাটেই বসবাস করেছেন। ২০১০-এর দশকের শুরুর দিকে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। এর সম্ভাব্য কারণ হিসেবে অতিরিক্ত ওজনের কথা বলা হয়।
রাশিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি তাঁর আজীবন অবিশ্বাস ছিল। ডায়াবেটিসের চিকিৎসায় তিনি বিভিন্ন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতেন। ২০১৪ সালে তাঁর মৃত্যু হলে শেষকৃত্যে হাজার হাজার রুশ নাগরিক অংশ নেন।
ভ্যালেরিয়া নোভোদভোরস্কায়া নিজের জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে। কিন্তু জীবনের শেষ দিকে তিনি প্রায়ই প্রশ্ন তুলতেন, এই লড়াইয়ের আসল অর্থ কী? তাঁর শত্রুরা কি তাঁকে ভুল পথে পরিচালিত করে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে?
তাঁর এমন প্রশ্নের কারণ বোঝা কঠিন নয়। সোভিয়েত ইউনিয়নে তাঁকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে বন্দী করা হয়েছিল। আর পুতিনের শাসনামলে একই পরিচয় ব্যবহার করে তাঁকে টেলিভিশনের পর্দায় তুলে ধরা হয়েছিল।












