বয়স ৫৯। অথচ লেখালেখির জগতে পরিচিত হতে তাঁর জীবনের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেছে। আইরিশ ঔপন্যাসিক লুইস কেনেডি প্রায় ৩০ বছর পেশাদার রাঁধুনি হিসেবে কাজ করেছেন। চল্লিশের দশকের শেষ দিকে এসে প্রথমবারের মতো কথাসাহিত্য লেখার চেষ্টা করেন তিনি। এরপর আন্তর্জাতিক সাহিত্যজগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই লেখক।
উত্তর আয়ারল্যান্ডের দীর্ঘ রাজনৈতিক সংঘাত ‘দ্য ট্রাবলস’-এর পটভূমিতে লেখা তাঁর উপন্যাসে প্রেম, যৌনতা, ব্যক্তিগত স্বাধীনতা, রাজনৈতিক সচেতনতা এবং মানুষের জীবনের বেদনাদায়ক অভিজ্ঞতা পাশাপাশি উঠে এসেছে। লুইস কেনেডির প্রথম উপন্যাস ‘ট্রেসপাসেস’ প্রকাশিত হয় ২০২৩ সালে। সত্তরের দশকের বেলফাস্টে এক ক্যাথলিক নারী ও প্রোটেস্ট্যান্ট পুরুষের প্রেমের গল্প নিয়ে লেখা উপন্যাসটি ২০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। পরে এটি টেলিভিশন ধারাবাহিকেও রূপ নেয়, যাতে গিলিয়ান অ্যান্ডারসন অভিনয় করেন।
এবার প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় উপন্যাস ‘স্টেশনস’। প্রথম বইয়ের তুলনায় নতুন উপন্যাসটি আরও গতিশীল, বিদ্রোহী এবং আবেগঘন। গল্পের কেন্দ্রে রয়েছে রোইসিন নামের এক কিশোরী, যে সহজে অন্যদের সঙ্গে মানিয়ে নিতে পারে না। একসময় তার বন্ধুত্ব হয় রেড নামের এক সমস্যাগ্রস্ত তরুণের সঙ্গে, যে স্থানীয় এক ধনী পরিবারের সন্তান। গল্প সময়ের ব্যবধান পেরিয়ে এগোয়। রোইসিন বড় হয়ে লন্ডনের একটি পরিত্যক্ত ভবনে বসবাসরত রেডকে খুঁজে পায়, আর সেখান থেকে গল্প মধ্যবয়স পর্যন্ত গড়ায়।
দেরিতে শুরু, কিন্তু হারানোর কিছু নেই
এক সাক্ষাৎকারে নিজের লেখক হয়ে ওঠার গল্প জানিয়েছেন লুইস কেনেডি। তিনি বলেন, ৪৭ বছর বয়সের আগে তিনি কখনো কথাসাহিত্য লেখেননি, এমনকি গোপনে লেখালেখির চর্চাও করতেন না। এক বন্ধুর জোরাজুরিতে প্রথমবার একটি লেখালেখির দলে যোগ দেন তিনি। শুরুতে যেতে একেবারেই রাজি ছিলেন না। কিন্তু ওই বন্ধু একপর্যায়ে নিজেই তাঁর বাড়িতে এসে গাড়িতে তুলে নিয়ে যান। কেনেডির মতে, তুলনামূলক বেশি বয়সে লেখালেখি শুরু করাটা তাঁর জন্য বরং সুবিধাজনক হয়েছে। বিশের কোঠায় থাকলে হয়তো আত্মসচেতনতা ও আত্মবিশ্বাসের অভাবে তিনি লিখতে পারতেন না।
রান্নাঘরের অভিজ্ঞতা লেখালেখিতে কাজে এসেছে
প্রায় তিন দশক রাঁধুনি হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর লেখার অভ্যাসেও প্রভাব ফেলেছে বলে মনে করেন লুইস কেনেডি। রান্নার কাজের সময় সকাল ১০টায় কাজে ঢুকে অনেক সময় রাত ১১টা পর্যন্ত থাকতে হতো, মাঝখানে বিশ্রামের সুযোগ ছিল খুব কম। ফলে কাজের চাপ ও সময়সীমা নিয়ে তাঁর মধ্যে আলাদা এক ধরনের সহনশীলতা তৈরি হয়েছে। এ কারণেই নির্ধারিত সময়ের মধ্যে অনেক শব্দ লিখতে পারা তাঁর কাছে কঠিন কিছু নয়।
নিজের কৈশোরের ছায়া রোইসিনের মধ্যে
‘স্টেশনস’ উপন্যাসের কিশোরী চরিত্র রোইসিনের সঙ্গে নিজের কৈশোরের মিল খুঁজে পান লেখক। তাঁর ভাষায়, ওই বয়সে তিনি ছিলেন আত্মকেন্দ্রিক, আবেগপ্রবণ এবং প্রায়ই অন্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তেন। নিজের চারপাশের পরিবেশের বাইরে আরও বড় ও ভালো কোনো জীবনের স্বপ্ন দেখতেন তিনি, রোইসিনের মধ্যেও সেই আকাঙ্ক্ষা রয়েছে। উপন্যাসে মদ্যপানের ভয়াবহ পরিণতিও গুরুত্ব পেয়েছে, কারণ কেনেডির পারিবারিক জীবনেই মদ্যপানের প্রভাব ছিল গভীর। তাঁর পরিবারে পানশালা ছিল এবং চার দাদা-দাদির মধ্যে তিনজনই মদাসক্ত ছিলেন।
দ্য ট্রাবলস নিয়ে নতুন করে আগ্রহ কেন
উত্তর আয়ারল্যান্ডের দীর্ঘ রাজনৈতিক সংঘাত ‘দ্য ট্রাবলস’ নিয়ে বর্তমানে বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাঠকদের আগ্রহ বাড়ছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেনেডি সময়ের ভূমিকার কথা বলেছেন। তাঁর মতে, সত্তর ও আশির দশকে এই সংঘাত নিয়ে অনেক বই প্রকাশিত হলেও পরে বিষয়টি নিয়ে আগ্রহ কমে যায়। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির পর ২৫ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। কেনেডির ধারণা, এই দীর্ঘ ব্যবধানের পর মানুষ আবার সেই সংঘাতের ইতিহাস ও তার মানবিক পরিণতি নিয়ে ভাবতে প্রস্তুত হয়েছে।
দেরিতে লেখালেখি শুরু করলেও লুইস কেনেডির সাহিত্যজগতে প্রবেশ তাই কেবল একজন নতুন ঔপন্যাসিকের আবির্ভাব নয়। এটি ব্যক্তিগত অভিজ্ঞতা, ইতিহাস ও মানুষের জটিল আবেগকে নতুন দৃষ্টিতে তুলে ধরার এক অনন্য যাত্রা।












