দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম নিরাপদ বিমান চলাচল ব্যবস্থার সুনাম ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক বিমান দুর্ঘটনা, আকাশপথে সংঘর্ষের আশঙ্কা এবং বিমানবন্দরের রানওয়েতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় দেশটির বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিমান চলাচল ব্যবস্থার ওপর বাড়তি চাপ, নিয়ন্ত্রণকর্মীর সংকট এবং নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা ভবিষ্যতে বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত প্রায় ১৬ বছর যুক্তরাষ্ট্রের প্রধান বিমান সংস্থাগুলো প্রায় এক হাজার কোটি যাত্রী পরিবহন করেছে। এই দীর্ঘ সময়ে কোনো যাত্রী বিমান দুর্ঘটনায় প্রাণ হারাননি। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এটি ছিল সবচেয়ে দীর্ঘ দুর্ঘটনামুক্ত সময়।
তবে ২০২৫ সালের ২৯ জানুয়ারি ওয়াশিংটনের পোটোম্যাক নদীর ওপর একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান ঈগলের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে সেই রেকর্ডের অবসান ঘটে। দুর্ঘটনায় উভয় উড়োজাহাজের ৬৭ জন আরোহী নিহত হন।
একের পর এক দুর্ঘটনা ও সংঘর্ষের আশঙ্কা
পোটোম্যাক দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের আকাশপথে একাধিক বিপজ্জনক ঘটনা ঘটেছে। ২০২৫ সালের নভেম্বরে লুইসভিলে ইউপিএসের একটি পণ্যবাহী উড়োজাহাজের ইঞ্জিন খুলে পড়ে। এতে উড়োজাহাজের তিনজন ক্রু এবং মাটিতে থাকা ১২ জন নিহত হন।
২০২৬ সালের মার্চে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় এয়ার কানাডার একটি উড়োজাহাজের সঙ্গে বিমানবন্দরের একটি অগ্নিনির্বাপণ গাড়ির সংঘর্ষ হয়। এতে উড়োজাহাজের দুই পাইলট নিহত হন।
একই বছরের ফেব্রুয়ারিতে সান আন্তোনিওতে একটি পুলিশ হেলিকপ্টার অবতরণের অনুমতি পাওয়া যাত্রীবাহী উড়োজাহাজের গতিপথ অতিক্রম করে। মার্চে বারব্যাঙ্কে একটি টেলিভিশন সংবাদমাধ্যমের হেলিকপ্টারও অবতরণরত উড়োজাহাজের পথে চলে আসে।
এ ছাড়া জুলাইয়ে ফ্লোরিডার পেনসাকোলায় নৌবাহিনীর ব্লু অ্যাঞ্জেলস প্রদর্শনী দলের একটি যুদ্ধবিমান জনসমাগমের খুব কাছ দিয়ে বিপজ্জনকভাবে উড়ে যায়। সেপ্টেম্বরে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি পণ্যবাহী উড়োজাহাজ রানওয়ে অতিক্রম করে পাঁচজন বিমানবন্দরকর্মীর প্রাণহানির কারণ হয়।
এসব ঘটনার কয়েকটি বড় প্রাণহানির দুর্ঘটনায় রূপ নিতে পারত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ধীরগতি
পোটোম্যাক দুর্ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানায়, সংকীর্ণ আকাশপথে হেলিকপ্টার ও যাত্রীবাহী উড়োজাহাজের চলাচলের মধ্যে সমন্বয়হীনতা ছিল দুর্ঘটনার তাৎক্ষণিক কারণ। একই সঙ্গে বিমান নিয়ন্ত্রণকেন্দ্রে কর্মীর ঘাটতি এবং ব্যস্ত বিমানবন্দরগুলোতে অতিরিক্ত উড়োজাহাজ চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।
দুর্ঘটনার পর বোর্ডটি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসনকে ৩৩টি পরিবর্তনের সুপারিশ করে। কিন্তু দুর্ঘটনার দেড় বছরের বেশি সময় পার হলেও এসব সুপারিশের এক-তৃতীয়াংশ বাস্তবায়িত হয়নি। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের চেয়ারম্যান জেনিফার হোমেন্ডি এ অবস্থাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
তাঁর ভাষায়, শুধু সুপারিশ করলেই মানুষের জীবন রক্ষা হয় না, প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
নিয়ন্ত্রক সংস্থায় কর্মী সংকট ও নীতিগত পরিবর্তন
যুক্তরাষ্ট্রের বিমান নিরাপত্তা ব্যবস্থার অন্যতম বড় সমস্যা বিমান চলাচল নিয়ন্ত্রণকর্মীর ঘাটতি। দীর্ঘদিন ধরেই ফেডারেল এভিয়েশন প্রশাসন প্রয়োজনীয়সংখ্যক কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ দিতে হিমশিম খাচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণকর্মীদের দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে। কোনো কোনো সময় একজন কর্মীকেই দুজনের দায়িত্ব পালন করতে হচ্ছে।
ট্রাম্প প্রশাসন ভিডিও গেম খেলায় অভ্যস্ত তরুণদের বিমান চলাচল নিয়ন্ত্রণকর্মী হিসেবে নিয়োগের উদ্যোগ নিয়েছে। সরকারের দাবি, এ ধরনের ব্যক্তিরা একই সঙ্গে একাধিক পর্দার তথ্য পর্যবেক্ষণ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দক্ষ হতে পারেন। তবে এই নিয়োগ কর্মসূচির কার্যকারিতা যাচাই করতে কয়েক বছর সময় লাগবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বিমান নিরাপত্তা নিয়ে কাজ করা কয়েকটি পরামর্শক কমিটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বিমান নিরাপত্তা পরামর্শক কমিটি এবং গবেষণা, প্রকৌশল ও উন্নয়নবিষয়ক পরামর্শক কমিটি রয়েছে। এসব কমিটি বিমান চলাচলের বিভিন্ন ঝুঁকি শনাক্ত ও নিরাপত্তা উন্নয়নে কাজ করত।
রানওয়েতে বিপজ্জনক পরিস্থিতি বেড়েছে
বিমান নিরাপত্তার গুরুত্বপূর্ণ সূচকগুলোর একটি হলো রানওয়েতে উড়োজাহাজের সংঘর্ষের ঝুঁকি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে গুরুতর রানওয়ে অনুপ্রবেশের ঘটনা কমে সাতটিতে নেমেছিল। এর মধ্যে দুটি ছিল সর্বোচ্চ ঝুঁকির শ্রেণিতে এবং পাঁচটি ছিল সংঘর্ষের উল্লেখযোগ্য আশঙ্কাসংবলিত ঘটনা।
কিন্তু ২০২৫ সালে এ ধরনের গুরুতর ঘটনার সংখ্যা বেড়ে ১৪টিতে দাঁড়ায়। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ ঝুঁকির ছয়টি এবং উল্লেখযোগ্য সংঘর্ষের আশঙ্কাসংবলিত তিনটি ঘটনা নথিভুক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল এখনো পরিসংখ্যানগতভাবে অত্যন্ত নিরাপদ। তবে নিরাপত্তার জন্য গড়ে ওঠা বিভিন্ন স্তরের সুরক্ষা দুর্বল হয়ে পড়লে ঝুঁকি বাড়তে পারে। দুর্ঘটনার পর তদন্ত, ত্রুটি শনাক্ত এবং দ্রুত সংশোধনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করাই বিমান চলাচল ব্যবস্থার মূল ভিত্তি।












