ভারতের হায়দরাবাদে কংগ্রেস-সমর্থিত আন্তর্জাতিক সম্মেলন ‘ভারত সামিট’ ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ পাওয়া বিদেশি বক্তাদের একটি বড় অংশকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি কিংবা তাঁদের ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস ও তেলেঙ্গানা রাজ্য সরকার। এ ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ উঠেছে। অন্যদিকে বিজেপির দাবি, সম্মেলনটি ভারতবিরোধী শক্তিকে একত্র করার আয়োজন।
৩১৫ বক্তার মধ্যে ১১৫ জন ভারতে আসতে পারেননি
শুক্রবার (১৩ নভেম্বর) হায়দরাবাদে দুই দিনব্যাপী ভারত সামিটের দ্বিতীয় আয়োজন শুরু হয়। কংগ্রেস সাংসদ শশী থারুরের দাবি, সম্মেলনে আমন্ত্রিত ৩১৫ জন বক্তার মধ্যে ১১৫ জনকে ভারতে আসতে দেওয়া হয়নি। অর্থাৎ মোট বক্তার প্রায় ৩৬ শতাংশ এই সম্মেলনে অংশ নিতে পারছেন না।
এর আগে তেলেঙ্গানা কংগ্রেসের গণমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাংসদ চামালা কিরণ কুমার রেড্ডিও দাবি করেন, ভিসাসংক্রান্ত জটিলতার কারণে আমন্ত্রিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ ভারতে আসতে পারেননি।
তবে ঠিক কতজন বিদেশি প্রতিনিধির ভিসা বাতিল হয়েছে বা প্রবেশে বাধা দেওয়া হয়েছে, সে বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
মোদি সরকারের বিরুদ্ধে কণ্ঠরোধের অভিযোগ
এক সংবাদ সম্মেলনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচক ও ভিন্নমতাবলম্বীদের ভারতে প্রবেশের পথ আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
তিনি বলেন, বিজেপি কেন ভিন্নমতের কণ্ঠস্বরকে এত ভয় পাচ্ছে, তা তাঁর বোধগম্য নয়। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নিজেকে এমন একজন শাসক মনে করেন, যিনি বিরোধী সব কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে পারেন।
রেভান্থ রেড্ডি জানান, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় ইনভেস্ট তেলেঙ্গানা গ্লোবাল সামিটের আগে আন্তর্জাতিক আলোচনার একটি মঞ্চ হিসেবে ভারত সামিট আয়োজন করা হয়েছে।
শনিবার সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর। সেখানে তিনি গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য তেলেঙ্গানা সরকারের নতুন নীতিও প্রকাশ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
হায়দরাবাদকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিতে চায় কংগ্রেস
সম্মেলনে ভারতের পাশাপাশি বিশ্বের ৭০টি দেশের প্রায় এক হাজার মানুষের অংশ নেওয়ার কথা ছিল। জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ বলেন, তেলেঙ্গানার প্রবৃদ্ধি ও উন্নয়ন নিয়ে সম্মেলনে আটটি অধিবেশন রাখা হয়েছে।
তাঁর ভাষায়, বৈশ্বিক আলোচনার কেন্দ্র হিসেবে ডাভোসের পরিচিতি রয়েছে। হায়দরাবাদকেও এমন একটি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে পরিণত করতে চায় রাজ্য সরকার।
বিজেপির পাল্টা অভিযোগ, এটি ভারতবিরোধী সম্মেলন
কংগ্রেসের অভিযোগের জবাবে বিজেপি সম্মেলনটিকে ‘ভারতবিরোধী সম্মেলন’ হিসেবে আখ্যায়িত করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানার বিজেপি নেতা জি কিষান রেড্ডির অভিযোগ, ভারতের সমালোচক শক্তিগুলোকে একত্র করতেই এই আয়োজন করা হয়েছে। সম্মেলন আয়োজনের পেছনে কংগ্রেস নেতৃত্বের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তেলেঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দর রাও রাজ্যের আর্থিক সংকটের মধ্যে এ ধরনের সম্মেলনে বিপুল সরকারি অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, রাহুল গান্ধীকে খুশি করতে রেভান্থ রেড্ডি সরকারি অর্থে ভারতবিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা করছেন।
ভিসা থাকার পরও ভারতে যেতে পারেননি নরওয়ের সাংবাদিক
সম্মেলন ঘিরে বিতর্কের মধ্যে নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে।
সম্মেলনের একজন আমন্ত্রিত বক্তা হিসেবে শনিবার তাঁর গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ভারতীয় ভিসা পাওয়ার পাশাপাশি সফরের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক অনুমোদনও পেয়েছিলেন। কিন্তু ভারতে যাওয়ার আগের দিন তাঁকে জানানো হয়, তিনি দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
লিংয়ের দাবি, নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস তাঁকে জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপরের পর্যায়ের নির্দেশে তাঁর ভিসা বাতিল করা হয়েছে।
তিনি লেখেন, হায়দরাবাদের ভারত সামিটে বক্তা হিসেবে অংশ নিতে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁর যাত্রা বন্ধ হয়ে যায়।
কেন্দ্রের বক্তব্য, ভিসা দেওয়া রাষ্ট্রের সার্বভৌম অধিকার
বিতর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভিসা দেওয়া বা না দেওয়ার বিষয়টি প্রতিটি দেশের সরকারের সার্বভৌম এখতিয়ার।
তবে বিদেশি প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে শশী থারুর প্রশ্ন তুলেছেন, আমন্ত্রিত বক্তাদের প্রবেশে বাধা দেওয়ার আইনি ভিত্তি কী। তাঁর মতে, সম্মেলন শনিবারই শেষ হয়ে যাওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন হলেও ক্ষতিগ্রস্ত বক্তাদের অংশ নেওয়ার সুযোগ আর থাকবে না।
এই বিতর্ক ভারতের গণতান্ত্রিক পরিসর, মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক সম্মেলনে বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।












