জ্বালানির ঊর্ধ্বমুখী দাম, মধ্যপ্রাচ্যের সংঘাত, দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা উত্তেজনা এবং মিয়ানমারের রাজনৈতিক সংকট—একসঙ্গে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। এসব সংকট মোকাবিলায় অভিন্ন অবস্থান ও সমন্বিত উদ্যোগ নিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বৈঠকে বসছেন জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
শনিবার (১৪ নভেম্বর) শুরু হওয়া এই বৈঠকের মধ্য দিয়ে কয়েক দিনের কূটনৈতিক আলোচনার সূচনা হচ্ছে। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে আসিয়ান শীর্ষ সম্মেলন। এতে যুক্তরাষ্ট্র, চীন ও জাপানসহ বিশ্বের প্রধান শক্তিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন আসিয়ান নেতারা।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আসিয়ানকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জ্বালানির দাম বৃদ্ধি, নিরাপত্তা উদ্বেগ এবং আসন্ন এল নিনো পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত পরিকল্পনা ও কার্যকর সমাধান প্রয়োজন।
জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে অর্থনীতি
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেল আমদানিনির্ভর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও এর সরাসরি প্রভাব মোকাবিলা করছে।
বিশেষ করে ফিলিপাইনসহ কয়েকটি দেশে জ্বালানির বাড়তি দাম সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। পরিবহন, উৎপাদন ও ব্যবসা পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপও তীব্র হচ্ছে।
এই পরিস্থিতিতে আঞ্চলিকভাবে যৌথ তেলের মজুত গড়ে তোলার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।
জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যকে একসঙ্গে এগিয়ে নিতে জাপানের নেতৃত্বাধীন এশিয়া জিরো এমিশন কমিউনিটির একটি সম্মেলনও আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যানিলা সফরও এবারের সম্মেলনে বাড়তি গুরুত্ব পাচ্ছে। তিনি সম্প্রতি ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন। কাতারসহ কয়েকটি দেশের অনুরোধের পর তাঁর এই মন্তব্য জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি তৈরি করেছে।
তবে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনো রয়েছে। এতে তেল সরবরাহ বিঘ্নিত হলে আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতি আরও চাপে পড়তে পারে।
সংঘাতের প্রভাব যে সাধারণ মানুষের জীবনে কতটা গভীর, তার একটি উদাহরণ ফিলিপাইনের ৫০ বছর বয়সী জিপনি চালক লিটো আলবিনো। তাঁর অভিযোগ, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় বেশি সময় কাজ করেও আয় কমে গেছে। তিন সন্তান ও পরিবারের খরচ সামলাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে।
তিনি বলেন, যুদ্ধের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক না থাকলেও এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে।
মিয়ানমার ইস্যুতে আসিয়ানের অবস্থানের পরীক্ষা
জ্বালানি সংকটের পাশাপাশি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতিও আসিয়ান নেতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। গৃহযুদ্ধ ও সহিংসতায় জাতিসংঘের হিসাবে প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৩৫ লাখের বেশি মানুষ।
সংকট সমাধানে আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন নেতারা। এই কাঠামোর মাধ্যমে মিয়ানমারে সহিংসতা বন্ধ, সংলাপ এবং রাজনৈতিক সমাধানের পথ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে সদস্য দেশগুলোর মধ্যে মিয়ানমার প্রশ্নে অভিন্ন অবস্থান বজায় রাখা কঠিন হয়ে উঠেছে। কয়েকটি দেশ সামরিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা নেতৃত্বকে আসিয়ানের শীর্ষ বৈঠক থেকে দূরে রাখার দাবি রয়েছে।
দক্ষিণ চীন সাগরে চুক্তির অগ্রগতি
চীনের সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধও সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে।
এ অঞ্চলে বিরোধপূর্ণ জলসীমায় উত্তেজনা কমাতে দীর্ঘদিন ধরে আচরণবিধি বা কোড অব কন্ডাক্ট চূড়ান্ত করার আলোচনা চলছে। ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডমিনিক জেভিয়ার ইম্পেরিয়াল জানিয়েছেন, আলোচনায় সামগ্রিক অগ্রগতি প্রায় ৭০ শতাংশ।
তবে এর অর্থ চুক্তির ৭০ শতাংশ বিষয়বস্তুতে ঐকমত্য হয়েছে, এমন নয়। বরং পুরো আলোচনাপ্রক্রিয়ার অগ্রগতির হিসাব এটি।
ট্রাম্পের সফর ঘিরে বিক্ষোভের আশঙ্কা
আসিয়ান সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণ ঘিরে ফিলিপাইনে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন শ্রমিক, শিক্ষার্থী ও বামপন্থী সংগঠনগুলো। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ এবং চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা ঘিরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্যাক্স সিলিকা উদ্যোগ বাতিলের দাবিও উঠেছে।
মিয়ানমার ইস্যুতেও সম্মেলন চলাকালে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীরা চান, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিন অং হ্লাইংকে আসিয়ানের নেতাদের বৈঠকে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হোক।
সব মিলিয়ে এবারের সম্মেলন আসিয়ানের জন্য কেবল কূটনৈতিক আলোচনার আয়োজন নয়, বরং জোটটির ঐক্য ও কার্যকর ভূমিকা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সংঘাত এবং পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সদস্য দেশগুলো কতটা অভিন্ন অবস্থান নিতে পারে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।












