ছোট কুকুরকে কেউ মনে করেন আদরের সঙ্গী, কেউ আবার দেখেন বিরক্তিকর ও অপ্রয়োজনীয় বিলাসিতার প্রতীক হিসেবে। কিন্তু মানুষের সঙ্গে ছোট আকারের কুকুরের সম্পর্কের ইতিহাস কয়েক হাজার বছরের। রাজা-রানি, সম্রাট, সেনাপতি থেকে শুরু করে সাধারণ মানুষ—বিভিন্ন সময়ে মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক মর্যাদা ও সংস্কৃতিতে বিশেষ জায়গা করে নিয়েছে এই ছোট্ট প্রাণীগুলো।
ইতিহাসে ছোট কুকুরের প্রভাব কতটা গভীর, তা বোঝাতে ইতিহাসবিদ স্টেফানি হাওয়ার্ড-স্মিথ লিখেছেন নতুন বই ‘ইয়াপ!’। বইটিতে ছোট কুকুরকে ঘিরে মানুষের ভালোবাসা, বিরক্তি, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং পোষ্য হিসেবে তাদের বিবর্তনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে।
নেপোলিয়নের প্রথম পরাজয় ছিল এক পাগের কাছে!
ছোট কুকুরের প্রতি মানুষের ভালোবাসার ইতিহাসে একটি মজার ঘটনা জড়িয়ে আছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের জীবনের সঙ্গে।
১৭৯৬ সালে বিয়ের রাতে নেপোলিয়ন আবিষ্কার করেন, তাঁর নববধূ জোসেফিন দ্য বোয়ারনে শয়নকক্ষে আগে থেকেই রয়েছে এক সঙ্গী—ফরচুনে নামের একটি পাগ কুকুর। জোসেফিন কুকুরটিকে সরাতে রাজি হননি। এমনকি কুকুরটি নেপোলিয়নের পায়েও কামড় দিয়েছিল।
অথচ ইউরোপের রাজনৈতিক ভাগ্য নির্ধারণে যার এত ক্ষমতা, নিজের বাড়ি থেকে একটি কুকুরকে সরাতে পারেননি তিনি। পরবর্তী সময়ে একজন জীবনীকারের পর্যবেক্ষণে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
প্রাচীন সভ্যতা থেকেই মানুষের ঘনিষ্ঠ সঙ্গী
প্রাচীন গ্রিস ও রোমে ছোট আকারের কুকুরের জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। সাদা রঙের পোমেরানিয়ান-সদৃশ কুকুরও তখন মানুষের পছন্দের তালিকায় ছিল।
রোমানরা তাদের পোষ্য কুকুরের মৃত্যুর পর স্মৃতিফলক বা সমাধিলিপি তৈরি করত। সেখানে প্রিয় প্রাণীর প্রতি ভালোবাসার কথাও লেখা থাকত। এক মালিক তাঁর প্রিয় কুকুর প্যাট্রিসের মিষ্টি স্বভাব, আদুরে চুমু, লেজ নাড়ানো এবং খাবারের প্রতি প্রবল আগ্রহের কথা স্মরণ করেছিলেন।
তবে সে সময় কুকুর নিয়ে মানুষের কিছু অদ্ভুত বিশ্বাসও ছিল। রোমান লেখক প্লিনি দ্য এল্ডারের ধারণা ছিল, পেটব্যথা হলে ছোট কুকুরকে পেটের ওপর রাখলে অসুস্থতা কুকুরটির শরীরে চলে যেতে পারে। এমনকি এতে কুকুরটির মৃত্যুও হতে পারে বলে তিনি মনে করতেন।
রাজপ্রাসাদ থেকে যুদ্ধের ময়দানেও ছোট কুকুর
ছোট কুকুরের উপস্থিতি শুধু রাজকীয় শয়নকক্ষ কিংবা অভিজাতদের বসার ঘরেই সীমাবদ্ধ ছিল না। ইতিহাসের গুরুত্বপূর্ণ ও মর্মান্তিক ঘটনাতেও তাদের দেখা গেছে।
১৫৮৭ সালে স্কটল্যান্ডের রানি মেরি স্টুয়ার্টের মৃত্যুদণ্ড কার্যকরের সময় তাঁর সঙ্গে ছিল একটি ছোট কুকুর। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, কুকুরটি রানির পোশাকের নিচে লুকিয়ে ছিল। মৃত্যুদণ্ডের পরও সেটি সেখান থেকে সরে যায়নি।
ফ্রান্সের রাজা তৃতীয় হেনরিও তাঁর প্রিয় কুকুরগুলোকে বিশেষভাবে ভালোবাসতেন। তিনি গলায় ঝোলানো ঝুড়িতে কুকুর বহন করতেন। ১৫৮৯ সালে এক তরুণ ধর্মযাজক তাঁকে ছুরিকাঘাত করতে এলে তাঁর একটি কুকুর ঘেউ ঘেউ করে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছিল।
আমেরিকার স্বাধীনতাযুদ্ধের সময় জেনারেল চার্লস লিও তাঁর পোমেরানিয়ান কুকুরকে যুদ্ধের সম্মুখসারিতেও নিয়ে যেতেন। অন্যদিকে, দ্বিতীয় আফিম যুদ্ধের সময় ব্রিটিশ সেনারা বেইজিংয়ের সামার প্যালেস থেকে একটি পিকিনিজ কুকুর নিয়ে যায়। পরে সেটির নাম রাখা হয় ‘লুটি’ এবং ব্রিটিশ রানি ভিক্টোরিয়াকে উপহার দেওয়া হয়।
ছোট কুকুর নিয়ে বিদ্রূপ ও সামাজিক বিতর্ক
ছোট কুকুর সব সময় ভালোবাসা ও সম্মানের প্রতীক ছিল না। বিশেষ করে রাজপরিবারের নারীদের মধ্যে ছোট কুকুর পোষার প্রবণতাকে অনেক সময় বিলাসিতা, অপচয় এবং নারীর অহেতুক খেয়াল হিসেবে দেখা হতো।
অভিজাত নারীরা কুকুরকে কোলে নিয়ে ঘুরতেন, তাদের জন্য বিশেষ খাবার ও আরামদায়ক পরিবেশের ব্যবস্থা করতেন। এ কারণে ছোট কুকুরকে অনেকেই অকাজের বিলাসী সঙ্গী হিসেবে বিবেচনা করতেন।
আঠারো ও উনিশ শতকের উপন্যাসেও কুকুর নিয়ে অতিরিক্ত ব্যস্ত মায়েদের নেতিবাচক চরিত্র হিসেবে দেখানো হয়েছে। জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস ‘ম্যানসফিল্ড পার্ক’-এর লেডি বার্ট্রামের কথাই ধরা যাক। নিজের সন্তানদের চেয়ে তিনি তাঁর পাগ কুকুরকে বেশি গুরুত্ব দিতেন।
পাগ থেকে ফরাসি বুলডগ: বদলেছে পছন্দের ধরন
ছোট কুকুরের জনপ্রিয়তা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের ওপর নির্ভর করেছে। আঠারো শতকে পাগ কুকুরের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। আবার বিশ শতকের পঞ্চাশের দশকে পুডল কুকুরের জনপ্রিয়তা বেড়ে যায়।
বর্তমানে ছোট আকারের কুকুরের জনপ্রিয়তা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রে ১৯৯৯ সালের তুলনায় ছোট কুকুরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০২২ সালে ফ্রান্সে জনপ্রিয়তার দিক থেকে ফ্রেঞ্চ বুলডগ বড় আকারের ল্যাব্রাডর রিট্রিভারকেও ছাড়িয়ে যায়।
সন্তান নয়, পোষ্য চাইছে নতুন প্রজন্ম
ছোট কুকুরকে ঘিরে মানুষের আবেগ এখন নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পোষা প্রাণীর পেছনে মানুষের ব্যয় দ্রুত বাড়ছে। চলতি বছর দেশটির মানুষ পোষা প্রাণীর জন্য আনুমানিক ১৬ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করতে পারে। খাবার, খেলনা, পরিচর্যার সামগ্রী ও বিভিন্ন আনুষঙ্গিক পণ্যে এই অর্থ খরচ হচ্ছে।
এখন ছোট কুকুরকে শুধু কোলে নিয়ে ঘোরাই নয়, কেউ কেউ হাতব্যাগে বহন করেন, আবার অনেকে শিশুর মতো বিশেষ গাড়িতে বসিয়ে বাইরে নিয়ে যান।
জনমত জরিপকারী প্রতিষ্ঠান ইপসসের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, নতুন প্রজন্মের মধ্যে সন্তান নেওয়ার তুলনায় পোষা প্রাণীর মালিক হওয়ার আগ্রহ বেশি বলে জানিয়েছেন অনেকে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ছোট কুকুরের অবস্থান শুধু মানুষের পোষ্য হিসেবে নয়, বরং সামাজিক মর্যাদা, পারিবারিক আবেগ এবং জীবনযাপনের সংস্কৃতির অংশ হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। একসময় রাজপ্রাসাদের বিলাসিতা হিসেবে বিবেচিত প্রাণীগুলো এখন আধুনিক নগরজীবনের ঘনিষ্ঠ সঙ্গী। মানুষের ভালোবাসা ও বিরক্তির এই দ্বৈত সম্পর্কই ছোট কুকুরকে ইতিহাসের এক অনন্য চরিত্রে পরিণত করেছে।












