নেদারল্যান্ডসে যুগল স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নিয়েছিলেন জান ও এলস। দীর্ঘ দাম্পত্য জীবনের শেষ অধ্যায়ও একসঙ্গে শেষ করতে চেয়েছিলেন তাঁরা। দুজনের শারীরিক ও মানসিক অসুস্থতা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং জীবনের প্রতি নিজেদের উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত। কিন্তু বাবা-মায়ের সিদ্ধান্তের পর তাঁদের একমাত্র সন্তান বাসের জীবনে নেমে আসে গভীর শূন্যতা। একই সময়ে দুজন প্রিয় মানুষকে হারানোর বেদনা তাঁকে এমন একাকিত্বের মুখোমুখি করে, যা ভাষায় প্রকাশ করা কঠিন।
২০২৪ সালের জুনের এক সকালে নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলের একটি নৌবন্দরে রাখা ক্যাম্পারভ্যানের কাছে পৌঁছান বাস। সেখানেই থাকতেন তাঁর বাবা জান ও মা এলস। জীবনের অধিকাংশ সময় তাঁরা কাটিয়েছেন নৌযানে। বয়স সত্তরের কোঠায় পৌঁছানোর পর আর হাউসবোট সামলাতে পারছিলেন না। তাই ইয়ট ও ছোট নৌযানের পাশে রাখা ক্যাম্পারভ্যান হয়ে উঠেছিল তাঁদের নতুন ঠিকানা।
সেদিন বাবা-মাকে নিজের গাড়িতে তুলে স্থানীয় একটি বিশেষ পরিচর্যা কেন্দ্রে নিয়ে যান বাস। সেটিই ছিল তাঁদের জীবনের শেষ যাত্রা। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাঁদের মৃত্যুর জন্য নির্ধারিত ওষুধ প্রয়োগ করেন। পাশাপাশি শুয়ে হাত ধরে শেষবারের মতো একসঙ্গে পৃথিবী ছেড়ে যান জান ও এলস।
নেদারল্যান্ডসে যুগল স্বেচ্ছামৃত্যু আইনসম্মত, তবে তুলনামূলক বিরল।
কেন একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত
জানের দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা এবং এলসের আলঝেইমারজনিত স্মৃতিভ্রংশ তাঁদের এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নেদারল্যান্ডসের অভ্যন্তরীণ নৌপথে দীর্ঘদিন পণ্য পরিবহনের কাজ করতেন জান। বছরের পর বছর ভারী কাজ করার কারণে তিনি দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগছিলেন। অন্যদিকে, এলসের স্মৃতিভ্রংশ ধীরে ধীরে বাড়ছিল।
জান এক দশকেরও বেশি সময় ধরে স্বেচ্ছামৃত্যুর কথা ভাবছিলেন। তাঁর কাছে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা অসহনীয় হয়ে উঠেছিল। এলসও আশঙ্কা করছিলেন, তাঁর স্মৃতিভ্রংশ আরও বাড়লে নিজের জীবনের শেষ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা হারাতে পারেন।
তবে দুজনের সিদ্ধান্ত একেবারে একই রকম ছিল না। বাসের ভাষ্য অনুযায়ী, তাঁর মা সিদ্ধান্তের বিষয়ে অনেক বেশি দৃঢ় ছিলেন। কিন্তু বাবা জান শেষ মুহূর্তে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। গাড়িতে যাওয়ার সময় তিনি ছেলেকে প্রশ্ন করেছিলেন, তাঁরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কি না।
শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত বদলানোর চেষ্টা
বাবা-মায়ের সিদ্ধান্তকে সমর্থন করলেও তাঁদের হারাতে চাননি বাস। তাই মৃত্যুর কয়েক মাস আগে থেকেই তিনি তাঁদের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছিলেন। কখনো বলেছিলেন শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে, কখনো পরের বছর পর্যন্ত সময় নিতে। তাঁর মনে হয়েছিল, বাবার শারীরিক অবস্থা হয়তো আরও কয়েক বছর সামলানো সম্ভব।
কিন্তু মায়ের ক্ষেত্রে অপেক্ষার সুযোগ কম ছিল। আলঝেইমার রোগের অগ্রগতি হলে স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয় মানসিক সক্ষমতা আর থাকবে কি না, তা নিয়ে উদ্বেগ ছিল। শেষ পর্যন্ত বাবা-মায়ের সিদ্ধান্ত মেনে নেন বাস। তাঁদের শেষ যাত্রায় ফ্রিসল্যান্ডের সবুজ প্রান্তর ও খালঘেরা মনোরম পথ ধরে গাড়ি চালিয়ে নিয়ে যান।
বিশেষ পরিচর্যা কেন্দ্রে পৌঁছানোর পর পরিবারের সদস্য ও বন্ধুরা প্রায় দুই ঘণ্টা তাঁদের সঙ্গে সময় কাটান। পুরোনো স্মৃতি স্মরণ করেন, গান শোনেন এবং বিদায় জানান। একপর্যায়ে বাসের মনে হয়েছিল, সবকিছু থামিয়ে বাবা-মাকে নিয়ে সেখান থেকে চলে যাবেন। কিন্তু তিনি তাঁদের সিদ্ধান্ত নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে চাননি।
একসঙ্গে হারানোর শোক ছিল অসহনীয়
চিকিৎসকেরা যখন জান ও এলসকে পাশাপাশি শুইয়ে শেষ চিকিৎসা দেন, তখন তাঁদের হাত পরস্পরের হাতে ছিল। বাবা-মাকে জীবনে খুব কমই প্রকাশ্যে হাত ধরে হাঁটতে দেখেছিলেন বাস। শেষ মুহূর্তে তাঁদের এভাবে পাশাপাশি থাকতে দেখে তাঁর ভালো লেগেছিল। কিন্তু মৃত্যুর পর শুরু হয় তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়।
সাধারণত বাবা-মায়ের একজন মারা গেলে অন্যজনের সঙ্গে স্মৃতি ভাগ করে নেওয়া যায়। দুজনের শোক একসঙ্গে সামলানোরও সুযোগ থাকে। কিন্তু বাসের ক্ষেত্রে সেই সুযোগ ছিল না। একই সময়ে তিনি হারিয়েছেন বাবা ও মা, যাঁদের সঙ্গে নিজের জীবনের সব স্মৃতি জড়িয়ে ছিল। তাঁর কোনো ভাইবোনও নেই। ফলে এই শোক ভাগ করে নেওয়ার মতো পরিবারের আর কেউ ছিল না।
বাস জানান, বাবা-মায়ের মৃত্যুর পর চার থেকে পাঁচ সপ্তাহ ধরে তিনি শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। শরীরে ব্যথা হতো, অসুস্থ বোধ করতেন এবং গভীর একাকিত্ব তাঁকে ঘিরে ধরেছিল। তিনি মনে করেন, বাবা-মায়ের জন্য তাঁদের সিদ্ধান্ত হয়তো সবচেয়ে ভালো ছিল। কিন্তু একই মুহূর্তে দুজনকে হারানোর অভিজ্ঞতা অত্যন্ত কঠিন। অন্যদের জন্য এমন সিদ্ধান্তকে তিনি সহজভাবে সুপারিশ করতে পারেন না।
স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্তে সময় নির্বাচন কতটা কঠিন
নেদারল্যান্ডসে স্বেচ্ছামৃত্যুর ক্ষেত্রে রোগীর অসহনীয় কষ্টের পাশাপাশি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সক্ষমতাও চিকিৎসকদের কাছে প্রমাণ করতে হয়। বিশেষ করে স্মৃতিভ্রংশে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিষয়টি জটিল। কারণ রোগ বাড়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
২০২৪ সালে নেদারল্যান্ডসে স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছিলেন ৯ হাজার ৯৫৮ জন। তাঁদের মধ্যে ৪২৭ জনের স্মৃতিভ্রংশ ছিল। তাঁদের ছয়জনের ক্ষেত্রে রোগটি ছিল গুরুতর পর্যায়ে। একই বছর নেদারল্যান্ডসে যুগল স্বেচ্ছামৃত্যু বেছে নেন ১০৮ জন, অর্থাৎ ৫৪টি দম্পতি।
রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারের বার্ধক্যজনিত রোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা নীতিবিদ রোজমারাইন ফন ব্রুখেমের মতে, স্মৃতিভ্রংশে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই কঠিন মানসিক দ্বন্দ্বে পড়েন। তাঁদের সামনে প্রশ্ন থাকে, এখন সিদ্ধান্ত নেওয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কি না, আবার অপেক্ষা করলে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা হারিয়ে যাবে কি না।
শেষ চিঠিতে সব কথা বলেছিলেন বাস
বাবা-মায়ের মৃত্যুর আগে তাঁদের সঙ্গে কোনো কথা অসম্পূর্ণ থেকে যাক, তা চাননি বাস। তাই নির্ধারিত দিনের দুই দিন আগে তিনি আট পৃষ্ঠার একটি চিঠি লেখেন। ক্যাম্পারভ্যানে গিয়ে বাবা-মাকে পুরো চিঠিটি পড়ে শোনান। সেখানে তাঁদের সঙ্গে কাটানো জীবনের স্মৃতি, ভালোবাসা এবং সবকিছুর জন্য কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।
জান ও এলস সাধারণত আবেগ প্রকাশে খুব একটা অভ্যস্ত ছিলেন না। ছেলেকে ভালোবাসলেও আলিঙ্গন বা মুখে ভালোবাসার কথা বলার প্রবণতা তাঁদের কম ছিল। কিন্তু সেই শেষ রাতে চিঠি শোনার পর বাবা জান ছেলেকে জড়িয়ে ধরেন। বাসের কাছে সেটি হয়ে ওঠে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
বাবা-মায়ের মৃত্যুর পর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই স্মৃতি তাঁর কাছে গভীরভাবে রয়ে গেছে। শেষ পর্যন্ত তাঁর মনে হয়েছে, তাঁদের মধ্যে বলার মতো কোনো কথা আর বাকি ছিল না।












