ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে তৈরি বৈশ্বিক ঘোষণায় সমর্থন দিয়েছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ দেশটি গ্লোবাল রুফটপ সোলার ডিক্লারেশনে সমর্থন জানায়। সেই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পুরোনো লক্ষ্যও আবার নিশ্চিত করেছে সরকার। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে প্যানেল বসাতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।
মঙ্গলবার ঘোষণার সমর্থক সংগঠনগুলোর দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য এসেছে। বিজ্ঞপ্তিটি দিয়েছে গ্লোবাল সোলার কাউন্সিল, সোলার সিটিজেনস ও ক্লাইমেট পার্লামেন্ট। সচিব বলেন, প্রস্তাবিত অর্থায়ন কাঠামোয় প্রয়োজনীয় অর্থের প্রায় ৮০ শতাংশ আসতে হবে আন্তর্জাতিক উৎস থেকে। তিনি বৈশ্বিক অংশীদারদের আহ্বান জানান, সাশ্রয়ী অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও বিনিয়োগ জোগাড়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে।
এই ঘোষণা স্বেচ্ছাভিত্তিক, বাধ্যতামূলক নয়। এটি ‘৩০ কোটি সৌরগৃহ’ উদ্যোগকে সমর্থন করে, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে সৌরবিদ্যুৎ ব্যবহার করা ঘরের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে নেওয়া। অস্ট্রেলিয়া প্রথম স্বাক্ষরকারী দেশ। এরপর যুক্ত হয়েছে কেনিয়া, নাইজেরিয়া, ভানুয়াতু ও বাংলাদেশ। ২১টি দেশের ৩৪ জন আইনপ্রণেতা এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ প্রতিষ্ঠান পিএলএনও এতে সমর্থন জানিয়েছে। স্বাক্ষরকারীরা অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, জ্বালানি ও জলবায়ু নীতিতে ছাদে সৌরবিদ্যুৎকে যুক্ত করা, পরিবার ও সম্প্রদায়ের জন্য সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করা, গ্রিড হালনাগাদ, সবার জন্য সমান সুযোগ এবং স্থানীয় কর্মীদের প্রশিক্ষণে অগ্রাধিকার দিতে সম্মত হয়েছে।
কপ৩১-এর আলোচনায় সভাপতিত্ব করছেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। তিনি বলেন, অনেক দেশে রোদ আছে, জায়গা আছে, চাহিদাও আছে, কিন্তু অর্থ, অবকাঠামো আর দক্ষ কর্মীর অভাবে সুযোগটা কাজে লাগানো যাচ্ছে না। অস্ট্রেলিয়ায় প্রতি তিনটি বাড়ির একটিতে এখন ছাদে সৌরবিদ্যুৎ আছে, যা বিশ্বের সর্বোচ্চ হার বলে জানান তিনি।
বাংলাদেশের ৫ হাজার ৫০০ মেগাওয়াটের লক্ষ্য সরকারের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ২০২৬-২০৩০-এ উল্লেখ করা আছে। ওই কৌশলের লক্ষ্য, দশকের শেষে দেশের বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আনা। তবে লক্ষ্যের তুলনায় বাস্তবতা অনেক পিছিয়ে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে ছাদে সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক ১ মেগাওয়াট। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) অনুমান করে, সরকারি পরিসংখ্যানে অনেক স্থাপনা ধরা পড়ে না বলে প্রকৃত সক্ষমতা ১ হাজার মেগাওয়াটের কাছাকাছি হতে পারে।
অর্থাৎ সরকারি হিসাবের ৪১৮ মেগাওয়াট থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছাতে সামনে আছে প্রায় চার বছরের পথ, আর তার জন্য দরকার বিপুল অর্থ ও লাখ লাখ ছাদের সম্মতি। সচিবের কথা অনুযায়ী, সেই অর্থের বড় অংশ আসতে হবে বিদেশ থেকে।












