দক্ষিণ কোরিয়ার অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নকলের আশঙ্কা বাড়ছে। পরীক্ষায় অসদুপায় ঠেকাতে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির শিক্ষা কর্তৃপক্ষ। বিশেষ করে গোপন ক্যামেরা, স্মার্টফোন এবং এআই-সুবিধাযুক্ত চশমার মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহের নতুন কৌশল নিয়ে উদ্বিগ্ন কর্মকর্তারা।
বৃহস্পতিবার দেশটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা পাঁচ লাখের বেশি শিক্ষার্থীর। এর মাত্র কয়েক দিন আগে হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থীর এআই ব্যবহার করে নকলের ঘটনা সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে।
সোমবার শিক্ষা কমিটির অধিবেশনে শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন বলেন, পরীক্ষায় নকল ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নতুন নিরাপত্তাব্যবস্থা পুরোপুরি কার্যকর করার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি নাকচ করেন তিনি। তাঁর মতে, পরীক্ষা পেছালে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়বে।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা এআই-সুবিধাযুক্ত স্মার্ট চশমা শনাক্ত করতে পারবেন। পাশাপাশি গোপন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিনির্ভর ডিভাইস চিহ্নিত করার বিষয়ে পরীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে।
গোপন ক্যামেরায় প্রশ্ন তুলে এআইয়ের সাহায্যে উত্তর
এআই দিয়ে নকলের বিষয়টি সামনে আসে ৩৪ বছর বয়সী হান ওন-সকের ঘটনায়। জাতীয় হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এই ব্যক্তি গোপন ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে এআইয়ের কাছ থেকে উত্তর সংগ্রহ করেছিলেন বলে স্বীকার করেছেন।
অভিযোগ অনুযায়ী, তিনি শরীরে লুকানো ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নের ছবি ধারণ করতেন। পরে সেই ছবি জেনারেটিভ এআই প্রযুক্তিতে আপলোড করে উত্তর সংগ্রহ করতেন এবং স্মার্টফোনের মাধ্যমে তা দেখতেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
পরীক্ষায় তাঁর অস্বাভাবিক ভালো ফলাফল সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছিল। একটি সংবাদপত্র তাঁর ফলাফলের সঙ্গে এমন এক দৌড়বিদের তুলনা করেছিল, যিনি ১০০ মিটার দৌড় পাঁচ সেকেন্ডেরও কম সময়ে শেষ করতে পারেন।
এর আগে জুন মাসে ইংরেজি ভাষার একটি মানসম্মত পরীক্ষায় এআই-সুবিধাযুক্ত চশমা ব্যবহার এবং অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের রচনা পরীক্ষায় এআইয়ের সাহায্যে নকলের ঘটনাও সামনে এসেছিল।
পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ডিভাইস নিষিদ্ধের পরিকল্পনা
দক্ষিণ কোরিয়ার বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ নামে পরিচিত। দেশটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ভবিষ্যৎ চাকরি, পেশাগত অবস্থান ও সামাজিক মর্যাদার ওপর বড় প্রভাব ফেলে। ফলে এই পরীক্ষাকে ঘিরে প্রশাসনের প্রস্তুতিও থাকে ব্যাপক।
পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রতিবছর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষার দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অফিস শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়, শেয়ারবাজারের লেনদেনের সময় সমন্বয় করা হয়। এমনকি ইংরেজি শোনার পরীক্ষার সময় আকাশপথে উড়োজাহাজ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এবার পরীক্ষায় নকল ঠেকাতে কয়েকটি নতুন ব্যবস্থা বিবেচনা করছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে—
- পরীক্ষার্থীদের কাছ থেকে স্মার্ট ডিভাইস জমা নেওয়া।
- পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার সীমিত করা।
- দেশের প্রায় ১ হাজার ৩০০টি পরীক্ষাকেন্দ্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পরিদর্শক নিয়োগ।
- গোপন ক্যামেরা ও এআই-সুবিধাযুক্ত ডিভাইস শনাক্তে নজরদারি বাড়ানো।
শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিয়ে কাজ করছে। মঙ্গলবার এসব পদক্ষেপের বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
প্রযুক্তি শনাক্তে নতুন পদ্ধতি, রয়েছে সীমাবদ্ধতাও
গোপন ডিভাইস শনাক্ত করতে পরীক্ষার্থীদের হাতা, কলার ও জামার বোতামের অস্বাভাবিক নড়াচড়া পর্যবেক্ষণের বিষয়টি বিবেচনা করছে কর্মকর্তারা। তবে মেটাল ডিটেক্টর, রেডিও সংকেত শনাক্তকারী যন্ত্র এবং তাপীয় ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে বাস্তব প্রয়োগ ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার প্রশ্ন রয়েছে।
এ ছাড়া এআই-সুবিধাযুক্ত ডিভাইস তৈরি করা প্রতিষ্ঠানগুলোকে সেগুলো ব্যবহারের সময় ঝলকানি আলো বা শব্দ তৈরির বাধ্যবাধকতার আওতায় আনা যায় কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রযুক্তির দ্রুত উন্নতির সঙ্গে পরীক্ষায় নকলের পদ্ধতিও বদলে যাচ্ছে। ফলে শুধু প্রচলিত নজরদারি দিয়ে অনিয়ম ঠেকানো কঠিন হয়ে উঠছে। দক্ষিণ কোরিয়ার সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো, শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রেখেই নতুন প্রযুক্তিনির্ভর জালিয়াতি প্রতিরোধ করা।












