মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিপাইন সফরকে কেন্দ্র করে দেশটির রাজধানী ম্যানিলায় যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের সম্ভাব্য আগমনের আগে সোমবার এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।
বিক্ষোভকারীদের মূল ক্ষোভ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ খনিজসম্পদ ও প্রযুক্তি সহযোগিতা উদ্যোগ নিয়ে। তাঁদের অভিযোগ, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও ফিলিপাইনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাঁরা একে নতুন ধরনের ঔপনিবেশিকতা হিসেবে দেখছেন।
বিতর্কের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের আওতায় নিউ ক্লার্ক সিটিতে একটি বিশাল প্রযুক্তি অবকাঠামো নির্মাণের পরিকল্পনা। এই উদ্যোগের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ও ডিজিটাল শিল্পের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করা এবং চীনের ওপর নির্ভরতা কমানো।
গত এপ্রিলে ফিলিপাইন এই উদ্যোগে যুক্ত হওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী, কৃষক, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীরা প্রকল্পটির বিরোধিতা করে আসছেন।
প্রকল্প ঘিরে পরিবেশ ও ভূমি নিয়ে উদ্বেগ
লুজন দ্বীপে একটি সাবেক মার্কিন সামরিক ঘাঁটির কাছে প্রায় চার হাজার একর জমিতে এই প্রযুক্তি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বিক্ষোভকারীদের আশঙ্কা, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় পানি ও বিদ্যুৎসম্পদের ওপর ব্যাপক চাপ তৈরি হবে। প্রতিদিন এতে প্রায় ৯ কোটি লিটার পানি এবং ৩ গিগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হতে পারে। পাশাপাশি কয়েক শ আদিবাসী আয়তা জনগোষ্ঠীর মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।
বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি ভূমি নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, বিনিয়োগকারীরা জমি ৯৯ বছরের জন্য ইজারা নেওয়ার সুযোগ চাইছেন। এ-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি নিউইয়র্কে সালিশি প্রক্রিয়ার মাধ্যমে করার প্রস্তাবও আলোচনায় রয়েছে।
‘ফিলিপাইন বিক্রির জন্য নয়’
সোমবার বিক্ষোভকারীরা আসিয়ান সম্মেলনের নির্ধারিত স্থানের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ট্রাম্প ফিরে যাও, ফিলিপাইন বিক্রির জন্য নয়’ এবং ‘সাম্রাজ্যবাদের পতন হোক’।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে। এতে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বিক্ষোভের আয়োজকেরা পুলিশের অভিযানকে কঠোরভাবে নিন্দা করেছেন। তাঁদের অভিযোগ, এই দমন-পীড়ন সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের শাসনামলে বিরোধী মত দমনের স্মৃতি ফিরিয়ে আনছে। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সামরিক আইন জারির মাধ্যমে দেশ শাসন করেছিলেন মার্কোস সিনিয়র।
বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তাঁরই ছেলে। ২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার নীতি অনুসরণ করছেন।
ট্রাম্পের আগমন ঘিরে নতুন বিক্ষোভের প্রস্তুতি
বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বিরোধী দলের কয়েকজন আইনপ্রণেতাও সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, মানুষের অভিযোগের সমাধান না করে বলপ্রয়োগের মাধ্যমে প্রতিবাদ দমনের চেষ্টা করা হচ্ছে।
ট্রাম্পের সম্ভাব্য আগমনকে সামনে রেখে মঙ্গলবারও নতুন করে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।
এদিকে মঙ্গলবারই আসিয়ান সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ম্যানিলায় যাওয়ার কথা রয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের।
সব মিলিয়ে ট্রাম্পের সফরকে কেন্দ্র করে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের প্রভাব, গুরুত্বপূর্ণ খনিজসম্পদের নিয়ন্ত্রণ, পরিবেশগত ঝুঁকি এবং জাতীয় সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।












