শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি ২০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুরে দায়িত্ব পালন করছেন ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন বিজিবি সদস্য।
ঢাকার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন
ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকাও রয়েছে এই মোতায়েনের আওতায়।
শিল্পাঞ্চল ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
গাজীপুরে ১৫, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন
গাজীপুরের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা।
অন্যদিকে, নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাত প্লাটুন বিজিবি সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে।
ড্রোন ও ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি
মাঠপর্যায়ে বিজিবি সদস্যদের কার্যক্রম তদারকি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।












