বড়দিনের উৎসব সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গির্জায় হামলার অভিযোগ তুলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা। ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।
সোমবার বেঙ্গল খ্রিষ্টান কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান কলকাতার বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং। তিনি বলেন, রাজ্যজুড়ে খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা অমূলক নয়।
পরিতোষ ক্যানিংয়ের বক্তব্য, পশ্চিমবঙ্গ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির অঞ্চল। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের পরিবেশে বসবাস করে আসছেন। কিন্তু বড়দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের মধ্যে নিরাপত্তাহীনতার উদ্বেগ আরও বেড়েছে।
তাঁদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই গির্জা ও খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের কার্যকর উদ্যোগ চান তাঁরা।












