ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ, নিরাপদ শিক্ষার পরিবেশ এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে এসব ব্যবস্থার বড় ধরনের ঘাটতি রয়েছে। বিশেষ করে জাতপাতভিত্তিক বৈষম্য, প্রশাসনিক অসহযোগিতা এবং কার্যকর অভিযোগ নিষ্পত্তির অভাব অনেক শিক্ষার্থীর জন্য শিক্ষাঙ্গনকে অনিরাপদ করে তুলছে।
সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বোম্বের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে জাতপাতভিত্তিক বৈষম্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। এ ঘটনা ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সামনে এনেছে।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থীদের আত্মহত্যা বা মানসিক সংকটকে কেবল ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখলে এর পেছনে থাকা প্রাতিষ্ঠানিক দুর্বলতা আড়ালে থেকে যায়। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, সামাজিক বৈষম্য, শিক্ষকদের আচরণ এবং প্রশাসনের ভূমিকা এসব সংকটের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
এই পরিস্থিতি পর্যালোচনার জন্য ভারতের সুপ্রিম কোর্ট ২০২৫ সালে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসিক স্বাস্থ্য সহায়তা এবং বিদ্যমান প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থার কার্যকারিতা যাচাই করাই ছিল এর উদ্দেশ্য।
টাস্কফোর্সের অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এখনো সূক্ষ্ম ও প্রত্যক্ষ—দুই ধরনের জাতপাতভিত্তিক বৈষম্য বিদ্যমান।
শিক্ষাঙ্গনে বৈষম্যের নানা রূপ
জাতীয় টাস্কফোর্সের পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। সংরক্ষিত কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের অপমান করা, সংরক্ষিত আসনে প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি এবং জাতপাতের বৈষম্য নিয়ে কথা বললে হয়রানির শিকার হওয়ার ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে।
এ ছাড়া জাতপাত, শ্রেণি, লিঙ্গ এবং অন্যান্য সামাজিক বৈষম্য নিয়ে নিরাপদ পরিবেশে আলোচনা করার সুযোগ অধিকাংশ প্রতিষ্ঠানে সীমিত।
কিছু প্রতিষ্ঠানে এ ধরনের সমস্যা মোকাবিলায় আনুষ্ঠানিক সেল বা কমিটি থাকলেও শিক্ষার্থীদের বড় অংশ এসব ব্যবস্থার বিষয়ে অবগত নয়। যাঁরা জানেন, তাঁদের অনেকের মধ্যেই এসব প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে আস্থার অভাব রয়েছে।
সমান সুযোগের সেল আছে, কার্যকারিতা নেই
টাস্কফোর্সের প্রতিবেদনে সমান সুযোগ নিশ্চিত করার জন্য গঠিত ইকুয়াল অপরচুনিটি সেলকে (ইওসি) অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সবচেয়ে অবহেলিত সংস্থাগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সংগৃহীত তথ্য অনুযায়ী, ১ হাজার ৪৫৬টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ২৬৪টিতে, অর্থাৎ প্রায় ৮৭ শতাংশ প্রতিষ্ঠানে ইকুয়াল অপরচুনিটি সেল গঠিত হয়েছে।
কিন্তু কাগজে-কলমে এসব সেল প্রতিষ্ঠা করলেই শিক্ষার্থীরা কার্যকর সুরক্ষা পাচ্ছেন, এমন প্রমাণ পাওয়া যায়নি।
ইউজিসির ২০১২ সালের উচ্চশিক্ষায় সমতা প্রতিষ্ঠার বিধিমালার আওতায় মোট ২ হাজার ৪৭৩টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ২ হাজার ৪৩০টি নিষ্পত্তি করা হয়েছে এবং ৪৩টি অভিযোগ তখনো অনিষ্পন্ন ছিল।
তবে প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ অসংগতি তুলে ধরা হয়েছে। ভারতের ১০টি রাজ্য থেকে কোনো অভিযোগ জমা পড়ার তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে ২৫টি রাজ্যে কোনো অভিযোগ অনিষ্পন্ন ছিল না বলে জানানো হয়েছে।
টাস্কফোর্সের পর্যবেক্ষণ অনুযায়ী, আনুষ্ঠানিক অভিযোগের সংখ্যা কম হওয়ার অর্থ বৈষম্য নেই, এমন নয়। বরং শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রশাসনিক প্রতিশোধ, পড়াশোনায় হয়রানি কিংবা ডিগ্রি অর্জনের পথে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কায় অভিযোগ করতে চান না।
সংরক্ষিত কোটার শিক্ষার্থীদের আলাদা করে দেখা
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দৈনন্দিন বিভিন্ন আচরণের মধ্য দিয়েও জাতপাতভিত্তিক বৈষম্য কীভাবে টিকে থাকে, তা উঠে এসেছে সেন্টার ফর পলিসি রিসার্চ ইন হায়ার এডুকেশনের একটি গবেষণায়।
বিহার, দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক ও উত্তর প্রদেশের ১২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ওপর পরিচালিত এ গবেষণাটি জাতীয় টাস্কফোর্সের প্রতিবেদনে উদ্ধৃত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, সামাজিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য পরিচালিত সহায়ক শিক্ষা কার্যক্রমকে অনেক সময় শুধু তফসিলি জাতি ও তফসিলি উপজাতির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কর্মসূচি হিসেবে চিহ্নিত করা হয়।
এ ছাড়া এসব শিক্ষার্থীর শিক্ষাগত সক্ষমতা নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করা এবং প্রকাশ্যে তাঁদের সংরক্ষিত শ্রেণির শিক্ষার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে।
এ ধরনের আচরণ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করে এবং তাঁদের প্রতি বৈষম্যমূলক মনোভাবকে আরও শক্তিশালী করে।
আগের তদন্তেও উঠে এসেছিল একই চিত্র
ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতপাতভিত্তিক বৈষম্যের অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময়ে তদন্ত কমিটি ও কমিশনের প্রতিবেদনেও এ ধরনের ঘটনার উল্লেখ পাওয়া গেছে।
২০০৭ সালে গঠিত থোরাট কমিটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) তফসিলি জাতি ও উপজাতির শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ নথিভুক্ত করেছিল।
শিক্ষাদান, পরীক্ষার মূল্যায়ন, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ, আবাসিক হলের জীবন এবং ক্যাম্পাসের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ উঠে আসে।
কমিটির প্রতিবেদনে দেখা যায়, প্রায় ৬৯ শতাংশ শিক্ষার্থী শিক্ষকদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি বলে জানিয়েছেন। প্রায় ৭২ শতাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠদানের সময় কোনো না কোনো ধরনের বৈষম্যের অভিজ্ঞতার কথা বলেছেন। আর প্রায় ৮৮ শতাংশ শিক্ষার্থী সামাজিকভাবে বিচ্ছিন্ন বোধ করার কথা জানিয়েছেন।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে ইউজিসি উচ্চশিক্ষায় সমতা প্রতিষ্ঠার বিধিমালা প্রণয়ন করে। এতে শিক্ষার্থীদের জাতপাতভিত্তিক বৈষম্য থেকে সুরক্ষা দিতে ইকুয়াল অপরচুনিটি সেল এবং তফসিলি জাতি ও উপজাতিবিষয়ক সেল গঠনের ব্যবস্থা রাখা হয়।
পরবর্তী সময়ে ২০২৬ সালের ইউজিসি বিধিমালায় অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণসহ নতুন কিছু ব্যবস্থা যুক্ত করা হয়। তবে ভারতের সুপ্রিম কোর্ট ওই বিধিমালার কার্যকারিতা স্থগিত রেখেছে।
মানসিক স্বাস্থ্যসেবায় বড় ঘাটতি
জাতপাতভিত্তিক বৈষম্য মোকাবিলার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও বড় ধরনের দুর্বলতা চিহ্নিত করেছে জাতীয় টাস্কফোর্স।
প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ২ হাজার ১১৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬৫ শতাংশে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ নেই।
অন্যদিকে ৭৩ শতাংশ প্রতিষ্ঠানে পূর্ণকালীন মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী নিয়োজিত নেই।
অর্থাৎ, শিক্ষার্থীরা যখন পড়াশোনার চাপ, সামাজিক বৈষম্য কিংবা ব্যক্তিগত সংকটের মধ্য দিয়ে যান, তখন অনেক প্রতিষ্ঠানে তাঁদের জন্য প্রয়োজনীয় পেশাদার সহায়তার ব্যবস্থা থাকে না।
শুধু নিয়ম থাকলেই নিরাপদ হয় না শিক্ষাঙ্গন
জাতীয় টাস্কফোর্সের প্রতিবেদনের মূল পর্যবেক্ষণ হলো, শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিক নীতিমালা ও অভিযোগ জানানোর ব্যবস্থা থাকলেই সেখানে সমান অধিকার নিশ্চিত হয় না। এসব ব্যবস্থা কতটা নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রতিশোধের ভয় ছাড়াই সেগুলোর সাহায্য নিতে পারছেন কি না, সেটিই গুরুত্বপূর্ণ।
শিক্ষাগত চাপ, জাতপাতভিত্তিক বৈষম্য, মানসিক স্বাস্থ্যসেবার ঘাটতি এবং অকার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীদের সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।
বিশেষ করে সামাজিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। তাঁরা একদিকে শিক্ষাগত প্রতিযোগিতার চাপ সামলান, অন্যদিকে সামাজিক পরিচয়ের কারণে বৈষম্য ও বিচ্ছিন্নতার মুখোমুখি হন।
প্রতিবেদনটি স্পষ্ট করে দিয়েছে, উচ্চশিক্ষায় প্রকৃত সমতা প্রতিষ্ঠা করতে হলে শুধু নতুন কমিটি গঠন বা বিধিমালা প্রণয়ন যথেষ্ট নয়। প্রয়োজন কার্যকর অভিযোগ নিষ্পত্তি, নিরপেক্ষ প্রশাসনিক তদারকি, বৈষম্যহীন শিক্ষার পরিবেশ এবং সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা।












